প্রথমত, প্রার্থী হিসেবে এবং এখন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প মানুষের হাতে চাঁদ-তারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কীভাবে তা অর্জন করা যায়, সে বিষয়ে তিনি ন্যূনতম ইঙ্গিতও দেননি। ফলে তিনি সমালোচনার মুখে পড়েছেন। বস্তুত, মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে এটা পরিষ্কার, প্রেসিডেন্ট প্রকৃত অর্থে মানুষের আশাহত করার শিল্পের শিক্ষক।
আমাদের বলা হয়েছে, মঙ্গলবার রাতে তাঁকে সংযমী ও প্রেসিডেন্টসুলভ মনে হয়েছে। তিনি প্রকৃত অর্থে যা করেছেন তা হলো, টেলিপ্রম্পটারে বক্তৃতার যে টেক্সট ভেসে উঠছিল, সেটা শুধু পড়েছেন। আবোলতাবোল কথা বলেননি। তবে মার্কিনরা একটি কারণে উল্লসিত বা অন্তত স্বস্তি পেতে পারেন যে, সেদিন ট্রাম্প বক্তব্য শুরু করেছেন সেমিটীয় বিরোধী আক্রমণ ও হুমকির নিন্দা করে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই যা বাড়ছে। কিন্তু এটা বলতে তিনি দায়িত্ব নেওয়ার পর বেশ খানিকটা সময় নিয়ে ফেললেন। আবার ক্যাপিটলে এই বক্তব্য দেওয়ার ঘণ্টাখানেক আগে তিনি কয়েকজন সরকারি কৌঁসুলিকে বলেছেন, এই সেমিটীয় বিরোধী হামলাগুলো এমন মানুষেরা করে থাকতে পারেন, যাঁরা চান ‘অন্যরা খারাপ হোক’ (অন্য কথায়, ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ)।
সেদিনের বক্তৃতার একপর্যায়ে রিপাবলিকান আইনপ্রণেতারা দাঁড়িয়ে চাটুকারের মতো ট্রাম্পের প্রশংসা করেছেন। ট্রাম্প ঘোষণা দিলেন, তিনি সেই দেশের মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রে অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধ করবেন, যেখানে ‘যথাযথভাবে ভেটিং বা যাচাই করা যাবে না’। এই কথা শুনে ওই রিপাবলিকানরা হই হই করে উঠলেন। এটা ট্রাম্পের ধ্রুপদি চমকবাজি, তিনি সমস্যা আবিষ্কার করেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন। ব্যাপারটা হচ্ছে, শরণার্থীরা বিনা বাধায় মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারে না। যাচাই-বাছাই শেষ করতেই দুই বছর লেগে যায়। আর ৯/১১-এর পর ওই সাতটি দেশের কোনো নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে মারাত্মক সন্ত্রাসী হামলা চালায়নি, যে দেশগুলোর নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ট্রাম্প যদি অভিবাসন নিয়ে কিছু নাও করেন, তাহলে তিনি তালিকা থেকে ‘অনিয়ন্ত্রিত প্রবেশ’ বাদ দিতে পারেন। কারণ, যুক্তরাষ্ট্রে সে জাতীয় কিছু হচ্ছে না বা তা কখনো হয়নি। ট্রাম্পের নেতৃত্বে কাল্পনিক কিছু ঘটবে না। এই জামানায় বিগ ফুট নামের মার্কিন লোককাহিনিতে প্রচলিত কাল্পনিক বড় ও রোমশ প্রাণীর মতো কোনো প্রাণী ক্যাপিটল রোটুন্ডা ভবনে পায়ের ছাপ ফেলে যেতে পারবে না।
বক্তৃতায় ট্রাম্প ঘোষণা করেন, তিনি ‘আইএসকে ধ্বংস করার লক্ষ্যে পরিকল্পনা করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন’—এ কথা শোনার পর রিপাবলিকানরা দায়িত্বশীলতার সঙ্গে চেঁচিয়ে তাঁর প্রতি অনুমোদন ঘোষণা করেন। দৃশ্যত, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ওবামার বেলায় এটা কখনো ঘটেনি।
এরপর তিনি নির্বোধের মতো আত্মসন্তুষ্টি নিয়ে ঘোষণা করেন, সুপ্রিম কোর্টের জন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, ‘যিনি আমাদের সংবিধান রক্ষা করবেন’। একদম উদার থেকে শুরু করে একদম রক্ষণশীল পর্যন্ত সুপ্রিম কোর্টে সব বিচারক সংবিধান সমুন্নত রাখতেই কাজ করেন। ফলে এর অন্যথা বলাটা হাস্যকর ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, বিচারকেরা দেশের মূল আইন কীভাবে ব্যাখ্যা করেন।
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ৪ কোটি ৩০ লাখ মানুষকে রেশনে খাদ্য সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ দেশটির এই পরিমাণ মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। এই সত্য লজ্জাকর, কিন্তু ট্রাম্প প্রকৃত অর্থে এ ব্যাপারে কিছু করার প্রতিশ্রুতি দেননি। ট্রাম্প আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গালিগালাজ করতে পারেন। তিনি অপরাধের হার কমিয়ে আনারও প্রতিশ্রুতি দিতে পারেন। কারণ, অপরাধ একভাবে না একভাবে কমে আসছেই। সম্প্রতি ট্রাম্প যুক্তরাষ্ট্রের অপরাধ নিয়ে মিথ্যাচার করেন। কিন্তু সত্য হলো, যুক্তরাষ্ট্রে অপরাধের হার এখন ঐতিহাসিকভাবে কম। দুই-এক বছরের মধ্যে তিনি এই সংখ্যাটা নিয়ে গর্ব করবেন।
মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জাতীয় ঐক্য নিয়ে অনেক কথা বলেছেন। যদিও আমার সন্দেহ, তিনি যেটা বোঝাতে চেয়েছেন তা হলো, আমাদের সবাইকে তাঁর রাজনীতি ও দর্শনের পেছনে জড়ো হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্যক্তি ট্রাম্পের পেছনে আমাদের জড়ো হতে হবে।
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘ক্ষুদ্র চিন্তা করার সময় শেষ’ হয়ে এসেছে। সম্ভবত, তিনি পূর্বসূরির ছোট চিন্তা বলতে বোঝাতে চেয়েছেন: স্বাস্থ্যসেবার সংস্কার, বর্ণবাদ ও দারিদ্র্য মোকাবিলা, সব মার্কিন নাগরিককে ভালোবাসার মানুষকে বিয়ে করার অধিকার দেওয়া ও প্রেসিডেন্ট বুশের আমলে যে মিত্রেরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাদের কাছে টানা। তিনি আরও বলেছেন, এটা এমন একসময়, যখন আমরা ‘ছোট ছোট যুদ্ধ পেছনে’ ফেলে এসেছি। কিন্তু এই ছোট যুদ্ধ প্রকৃত অর্থে কোনগুলো তা তিনি বলেননি। তিনি কি পুরুষ সমকামীদের বিয়ের অধিকার বোঝাতে চেয়েছেন, নাকি নারী সমকামী ও লৈঙ্গিক পরিচয় বদলে যাওয়া মানুষের বিয়ের অধিকারের কথা বুঝিয়েছেন? নাকি ব্যাপারটা এ রকম যে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য তাঁর দলের সদস্যদের সঙ্গে রুশদের যোগসাজশের কথা বলেছেন? অথবা সব আধুনিক প্রেসিডেন্টের মতো তিনি কর রিটার্ন প্রকাশের কথা বলেছেন?
অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
অ্যান্ড্রু রোজেনথাল: মার্কিন সাংবাদিক।