প্রত্যাশা থেকে বাংলাদেশ অনেক দূরে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে বাংলাদেশ স্বাক্ষর করে ১৯৯৮ সালে। চার বছর পরপর প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও ২০ বছরে বাংলাদেশ কোনো প্রতিবেদন দেয়নি। জেনেভায় জাতিসংঘ দপ্তরে নির্যাতনবিরোধী কমিটির ৬৭তম অধিবেশনে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করা হবে আজ ও কাল। অধিবেশনে বাংলাদেশ সরকারের দেওয়া প্রাথমিক প্রতিবেদন এবং মানবাধিকার ফোরাম বাংলাদেশ–এর প্রতিবেদনের সংক্ষেপিত ভাষ্য এখানে প্রকাশিত হলো।

১৯৯৮ সালের ৫ অক্টোবর বাংলাদেশ ইউনাইটেড নেশনস কনভেনশন অ্যাগেইনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্টে (আনক্যাট) অন্তর্ভুক্ত হতে সম্মত হয়। এর কতটা বাংলাদেশ ইতিমধ্যে প্রতিপালন করেছে, তা ২০১৯ সালের জুলাই মাসে জাতিসংঘের কমিটি অ্যাগেইনস্ট টর্চার (ক্যাট) কনভেনশন পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। সে অনুসারে বাংলাদেশি নাগরিক, সংগঠন ও অংশীজনদের ২০টি কোয়ালিশনের পক্ষে পর্যালোচনার জন্য এই প্রতিবেদন পেশ করা হচ্ছে।

১৯৭২ সাল থেকেই বাংলাদেশ তার সংবিধানে বলেছে, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর অমানুষিক লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না কিংবা কারও সঙ্গে অনুরূপ ব্যবহার করা যাবে না।

বিশেষ করে নিরাপত্তা হেফাজতে রাখার সময় এবং গ্রেপ্তার বা অন্তরীণ–পরবর্তী হেফাজতে রেখে জবানবন্দি নেওয়ার ক্ষেত্রে অনুরূপ আচরণ করা যাবে না।

গত ২০ বছরে যেসব ঘটনা বিরাট আইনি লড়াই ও বিতর্কের সৃষ্টি করেছে, তার মধ্যে রয়েছে ১৯৯৮ সালে নিরাপত্তা হেফাজতে বিশ্ববিদ্যালয়ছাত্র রুবেলের মৃত্যু, ২০০৩ সালের তথাকথিত অপারেশন ক্লিনহার্ট ভিকটিমদের মৃত্যু এবং ২০১১ সালে লিমনকে গুলি করা ও ২০১৯ সালের শাহাদাতের ওপর নির্যাতন চালানো।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুবেল হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ১৫টি নির্দেশনা দিয়েছিলেন। এর লক্ষ্য ছিল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যাতে ক্ষমতার অপব্যবহার না করেন, সেটি নিশ্চিত করা।

২০১৩ সালে বাংলাদেশে নির্যাতনবিরোধী আইন প্রণয়ন করা হয়। কিন্তু প্রতিকারের বিধানগুলো নিয়মমাফিক অনুসরণ করা হয় না। নির্যাতনবিরোধী আইন প্রণয়নের পর ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের মে পর্যন্ত ১ হাজার ৩৩৫ ব্যক্তি কথিতমতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছে ক্রসফায়ার, নির্যাতন কিংবা বন্দুকযুদ্ধ। ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের মে পর্যন্ত বিচারাধীন কিংবা দোষী সাব্যস্ত হওয়া ৩৪৮ জন কয়েদি কারা হেফাজতে মারা গেছেন।

বাংলাদেশের বিদ্যমান আইন ও তার প্রয়োগের মধ্যকার এই যে ব্যবধান এবং নির্যাতনবিরোধী কার্যক্রমের আন্তর্জাতিক ও জাতীয় মানের মধ্যকার এই যে ব্যবধান, সেই বাস্তবতাকে সামনে রেখেই অংশীজনদের পক্ষ থেকে এই প্রতিবেদন (স্টেকহোল্ডার্স রিপোর্ট অন আনক্যাট) প্রস্তুত করা হয়েছে।

সংবিধান ছাড়াও অন্য অনেক আইনে নির্যাতনকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। ২০০৩ সালে ‘নির্যাতন’ কথাটি শেষ পর্যন্ত নির্যাতনবিরোধী আইনের ২(৬) ধারার আওতায় বিধিবদ্ধভাবে সংজ্ঞায়িত করা সম্ভব হয়েছে। এই বিধান যদি নির্যাতনবিরোধী আইনের ১৩ ধারার সঙ্গে মিলিয়ে পড়লে দেখা যাবে, সেখানে অপরাধ কী, তা বিশদভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে এমনকি ‘নির্যাতনের’ মধ্যে কোনো বেসরকারি ব্যক্তির দ্বারা সংঘটিত অপরাধকেও ‘নির্যাতন’ বলা হয়েছে। যে ক্ষেত্রের নির্যাতনে কোনো সরকারি কর্মকর্তার কোনো ইন্ধন বা সংশ্লিষ্টতা নেই, তাঁকেও নির্যাতনের সংজ্ঞায় আনা হয়েছে। এত দূর পর্যন্ত যাওয়া মানে আন্তর্জাতিক বাধ্যবাধকতার বাইরে চলে যাওয়া। নির্যাতন রোধে এতটা ব্যাপকতা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। কিন্তু বাস্তবে তা যেভাবে প্রয়োগ করা হচ্ছে, তা প্রত্যাশা থেকে বহু দূরে। এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই আইন প্রণয়নের দুই বছরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং ডিটেকটিভ ব্রাঞ্চকে (ডিবি) ওই আইনের বাইরে রাখার দাবি তুলেছেন। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এ রকম একটি দুর্ভাগ্যজনক উদ্যোগের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে নিরাপত্তা হেফাজতে নির্যাতন পরিস্থিতি আইন পাসের পরে মোটেও পরিবর্তিত হয়নি, বরং সরকারি কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রয়ে গেছে।

তবে ওই আইনে নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড কী, তা সংজ্ঞায়িত করা হয়নি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে একেবারেই আইনের বাইরে রাখা হয়েছে।

নির্যাতনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, বাংলাদেশের এমন অন্যান্য আইনের মধ্যে রয়েছে, ১৮৬০ সালের দণ্ডবিধি, ১৯৮৯ সালের ফৌজদারি কার্যবিধি, ১৮৬১ সালের পুলিশ আইন ও ১৯৭৬ সালের ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ। কিন্তু বাস্তবে নির্যাতনের অভিযোগের ক্ষেত্রে প্রতিকার প্রদানে এসব আইনের আওতায় পদক্ষেপ নেওয়ার দৃষ্টান্তের সংখ্যা নগণ্য।

উপরন্তু, সিআরপিসিতে একজন ম্যাজিস্ট্রেটকে তাঁর হেফাজতে একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের সুযোগ করে দেওয়া হয়েছে। এই ব্যবস্থা রিমান্ড হিসেবে পরিচিত। রিমান্ডে থাকাকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে তাঁর আইনজীবীর উপস্থিতি ছাড়াই তাঁকে জিজ্ঞাসাবাদের একচেটিয়া ক্ষমতা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে।

অথচ নিরাপত্তা হেফাজতে থাকাকালীন অধিকাংশ নির্যাতনের ঘটনা রিমান্ডে নেওয়ার সময়ই ঘটে থাকে। এ রকম জিজ্ঞাসাবাদকালে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেই বিষয়ে বিদ্যমান কোনো আইন বা কোনো গাইডলাইন সরকার তৈরি করে দেয়নি। যাঁরা জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের কাউকেই এ রকম কিছু অনুসরণ করতেও হয় না। বিধিবিধানের এই অনুপস্থিতির কারণে জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত কর্মকর্তারা নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের সুযোগ পেয়ে যাচ্ছেন। বাংলাদেশে জিজ্ঞাসাবাদের সময় এমন সব পদ্ধতি ব্যবহার করা হয়, যা নির্যাতনের সমতুল্য এবং পুলিশ নিয়মিতভাবে সেই উপায়গুলো অনুসরণ করে থাকে। নিরাপত্তা হেফাজতে নিরাপত্তার সুরক্ষা হিসেবে আইনজীবী ও স্বাস্থ্যকর্মীর সাহায্য নেওয়া এবং গ্রেপ্তার বিষয়ে তথ্য জানার অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু নিয়মিতভাবে এসব সুরক্ষা অগ্রাহ্য করা হয়ে থাকে।

বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে। কিন্তু এখনো তা স্বাধীন হয়নি। বিশেষ করে অধস্তন আদালতের ক্ষেত্রে বিচারক এবং ম্যাজিস্ট্রেটগণ কথিতমতে খুবই সামান্য স্বাধীনতা ভোগ করেন এবং তাঁরা নির্বাহী বিভাগের অভিপ্রায় পূরণে দায়িত্ব পালন করে থাকেন। আর সরকারি কৌঁসুলি নিয়োগের প্রক্রিয়ায় ব্যাপকভাবে রাজনৈতিকীকরণ ঘটেছে। নিম্ন আদালতের কার্যপ্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করে থাকে এবং সেই হস্তক্ষেপের ভিত্তি অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক। বিচারকদের পদোন্নতি এবং কর্মস্থল নির্ধারণে আনুকূল্য প্রদান করা হয় এবং সেখানে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিচারকাজকে ব্যবহার করার ঘটনা ঘটছে। শুনানি মুলতবি করা, অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়া, রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার—সবই ব্যাপকভাবে ঘটছে। তবে উচ্চ আদালত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করে থাকেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আদেশ দিয়ে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এটাই অনুভূত হয়েছে যে বিচার বিভাগ নাগরিকদের, বিশেষ করে রাজনৈতিক কর্মীদের অধিকার সুরক্ষায় যথাযথ ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা যখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, তখন জাতীয় মানবাধিকার কমিশনকে খুব জোরালো ভূমিকা পালন করতে দেখা যায় না।

সুপারিশ

১. নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ), ২০১৩ আইনে নির্যাতনের সংজ্ঞায় পরিবর্তন আনা। লিঙ্গভিত্তিক সহিংসতা যেমন যৌন হয়রানি এবং অন্যান্য সহিংসতাকে নির্যাতনের সংজ্ঞার আওতায় আনা।

২. নির্যাতনবিরোধী আইনে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ যেভাবে সংজ্ঞায়িত আছে, তাতে সংশোধনী আনা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্নীতি দমন
কমিশন এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে নির্যাতনবিরোধী আইনে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা

৩. বিদ্যমান নির্যাতনবিরোধী আইনকে সংবিধান এবং আনক্যাটের সঙ্গে সংগতিপূর্ণভাবে সংশোধন করে নিষ্ঠুরতা, অমানবিকতা এবং লাঞ্ছনাকর আচরণকে যথাযথভাবে সংজ্ঞায়িত ও অপরাধ হিসেবে গণ্য করা।

৪. নির্যাতনবিরোধী আইনে নিরাপত্তা হেফাজত বলতে কী বোঝায়, তার সংজ্ঞা স্পষ্ট করা

৫. নির্যাতনবিরোধী আইনে ভিকটিম যখন নিরাপত্তা হেফাজতে থাকবে, তখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে পরিষ্কারভাবে ‘নির্যাতন’–এর সংজ্ঞার আওতায় আনা। আইনে ক্ষতিপূরণের বিধান বাধ্যতামূলক করতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে যে ভিকটিম এবং তাদের পরিবারের সদস্যরা সেখানে প্রতিকার চাইতে পারবে।

৬. নির্যাতনবিরোধী আইনে এমন একটি বিধান অন্তর্ভুক্ত করতে হবে, যাতে তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পারলে কী হবে, তার উল্লেখ থাকতে হবে।

৭. সাক্ষীদের সুরক্ষায় নির্যাতনবিরোধী আইনে একটি বিধান সন্নিবেশ করতে হবে

 ৮. আনক্যাটের ৫(১) ধারার সঙ্গে সংগতিপূর্ণ করে দেশের বাইরের (এক্সট্রা টেরিটরিয়াল) অধিক্ষেত্র, বিশেষ করে জাহাজ ও বিমানকে নির্যাতনবিরোধী আইনের আওতায় আনতে হবে।

৯. নির্যাতনবিরোধী আইনে অভিযুক্ত ব্যক্তিদের আপিল করার ক্ষেত্রে একটা সময়সীমা বেঁধে দিতে হবে।

১০. আইনের আওতায় বিধি প্রণয়ন করতে হবে।

১১. সুপিরিয়র বা কমান্ড রেসপনসিবিলিটির বিধানের সন্নিবেশ ঘটিয়ে আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে নির্যাতনবিরোধী আইনে কাস্টমারি আন্তর্জাতিক আইনের প্রতিফলন ঘটাতে হবে।

১২. সরকারি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে নির্যাতনবিরোধী আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

১৩. সরকারি কর্মকর্তাদের সচেতন করতে হবে যে নির্যাতন প্রতিরোধ ও অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার রয়েছে এবং তাদের মানবাধিকার শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।

১৪. গ্রেপ্তার ও অন্তরীণ হওয়া ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্ট বিচারক, সরকারি কর্মকর্তা, প্রসিকিউটর, ফরেনসিক চিকিৎসক, মেডিকেল স্টাফ এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের স্টাফ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে হবে।

১৫. রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্‌করণের পূর্ণতা দিতে হবে।

১৬. জাতীয় মানবাধিকার কমিশনের মতো ওয়াচডগ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। তাদের পর্যাপ্ত সম্পদ এবং সদস্যদের সামর্থ্য বৃদ্ধি করতে হবে, যাতে তারা স্বাধীন এবং কার্যকরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে।

১৭. জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার অন টর্চার এবং সিআইডিটিপির পক্ষ থেকে যে বাংলাদেশ সফরের অনুরোধ বাংলাদেশের বিবেচনাধীন রয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে।

১৮. কথিত নির্যাতন বিষয়ে অনুসন্ধান চালাতে একটি স্বাধীন তদন্ত কমিশন প্রতিষ্ঠা করা। তাদের কাজ হবে কনভেনশন সই করা থেকে যত নির্যাতন ঘটেছে, সেই বিষয়ে তদন্ত করা এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের প্রতিকার দিতে যথাযথ সংস্কারের সুপারিশ করা।

ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ