সম্প্রতি অনুষ্ঠিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠকের আগে তেমন একটা আশাবাদ ছিল না। এমনকি ভারতীয় সরকার মোদির হোয়াইট হাউস সফরকে ‘নো ফ্রিল’ সফর হিসেবে আখ্যা দেয়। তা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশের নেতাদের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি হয়েছে। এতে বোঝা যায়, গণতন্ত্রের সেই শক্তি আছে, যার বলে সে চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করতে পারে।
ভারত-মার্কিন সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও সম্প্রতি এতে সন্দেহের অবকাশ তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের উদ্বেগের কারণ হচ্ছে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি। ওদিকে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মকর্তাদের কারণে মার্কিন কর্মীরা চাকরি হারাচ্ছেন। ট্রাম্প আবার অভিযোগ করেছেন, ভারত প্যারিস জলবায়ু চুক্তি থেকে সহায়তা হিসেবে শত শত কোটি ডলার হাতিয়ে নিয়েছে।
অন্যদিকে ভারত ট্রাম্প প্রশাসনের বিচ্ছিন্নতাবাদী মনোভাবের কারণে উদ্বিগ্ন হয়ে পড়ছে। বিশেষ করে এশিয়া থেকে তাদের প্রত্যাবর্তন ভারতের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এই ধারণার কারণে এমন আশা ফিকে হয়ে গেছে যে ভারত ও যুক্তরাষ্ট্র পরস্পরকে নির্ভরযোগ্য কৌশলগত সহযোগী হিসেবে বিবেচনা করে যাবে। কিন্তু ওয়াশিংটনে মোদি ও ট্রাম্পের রসায়নটা বেশ সহজই মনে হলো। তাঁদের মধ্যে সমন্বয়ের তেমন অভাব দেখা যায়নি। অর্থাৎ এ ক্ষেত্রে ট্রাম্পের মধ্যেও ব্যত্যয় দেখা গেল, শুরুর দিকে নানা হাঙ্গামা করলেও মোদির সঙ্গে তিনি বেশ ভালোই ছিলেন। তাঁদের মধ্যকার দৃশ্যমান বন্ধুতার চেয়েও যৌথ ঘোষণাটি গুরুত্বপূর্ণ। এতে বোঝা যায়, এই দ্বিপক্ষীয় সম্পর্কটি কেন এতটা মূল্যবান।
নানা কারণে ভারত যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও গুরুত্বপূর্ণ অর্থনীতি। বিশ্বের সবচেয়ে বড় মধ্যবিত্ত শ্রেণির বাস সেখানে। শিগগিরই বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হতে যাচ্ছে সে। এ ছাড়া ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ বৈশ্বিক জাহাজ যোগাযোগের পথ। এশিয়ার গণতন্ত্রের গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে কাজ করে ভারত। এসব কারণে ১৯৯০-এর দশকে ভারতে এই মর্মে দ্বিদলীয় এক বিরল মতৈক্য গড়ে ওঠে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে হবে। কিন্তু তারা সব সময় যুক্তরাষ্ট্রের নীতিপ্রণেতাদের মনোযোগ পাওয়ার মতো যোগ্যতা দেখাতে পারেনি। মোদির সাম্প্রতিক সফরের পর মনে হতে পারে, ট্রাম্প প্রশাসনের জমানায় ব্যাপারটা সে রকম নয়। কারণ, ট্রাম্প প্রশাসনকে মনে হয়েছে, তারা এশীয় নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায়।
মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন এটা বুঝে গেছে যে এশিয়ায় ক্ষমতার পালাবদলে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। আত্মবিশ্বাসী ভারত যুক্তরাষ্ট্রের নিরাপত্তাবলয়ের গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। তারা উদীয়মান চীনের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হতে পারে। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত বা পরিবেশ রক্ষার জন্য নয়, তার সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে চীনের সিদ্ধান্ত এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা যেন বিঘ্নিত না করে।
এই স্বীকৃতির ব্যাপারটা নতুন প্রতিরক্ষা চুক্তিতে প্রতিফলিত হয়েছে, চুক্তিটি তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক বৈঠকে বিষয়টি ঘোষিত হয়েছে। একই সঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রি ও মহড়া বাড়ানোর পরিকল্পনা, ভারত মহাসাগরে সহযোগিতা বাড়ানো ও গত বছরের সাইবার-নিরাপত্তা চুক্তি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রকাশ্য বিবৃতিতে দেখা গেছে, উভয় পক্ষই এই ক্ষেত্রে যৌক্তিক নীতি প্রণয়ন করে এগোতে চায়। উত্তপ্ত দক্ষিণ চীন সাগর নিয়ে তারা পরিষ্কার আলোচনা না করলেও ভবিষ্যতে সেটা করতে হবে।
সন্ত্রাসবাদ প্রতিরোধে মোদি ও ট্রাম্প অতিরিক্ত স্বচ্ছতা ও সংহতি দেখিয়েছেন। তাঁরা উভয়েই আহ্বান জানিয়েছেন, এই অঞ্চলে পাকিস্তান যেন নিজ অঞ্চলে সন্ত্রাসের অভয়ারণ্য ধ্বংসে আরও কিছু করে। পাকিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন কিছুটা কমলে শুধু দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিরই উন্নতি হবে তা নয়, এতে আফগানিস্তানের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিরও উন্নতি হবে, যেখানে যুক্তরাষ্ট্র তার দীর্ঘতম যুদ্ধে লিপ্ত রয়েছে।
মোদি ও ট্রাম্প উভয়েই জাতীয়তাবাদী নেতা, তাঁরা উৎপাদন খাতনির্ভর অভ্যন্তরীণ প্রবৃদ্ধির পক্ষপাতী। কিন্তু আধুনিক বৈশ্বিক সাপ্লাই চেইনে আরও অনেক কিছু করার সুযোগ আছে। উভয়ের জন্য লাভজনক ক্ষেত্র খুঁজতে হলে দ্বিপক্ষীয় সম্পর্কের অর্থনৈতিক দিকটা নিয়ে নতুন করে ভাবতে হবে। দেখা যাচ্ছে, উভয় দেশেই কর্মী দক্ষতা ও বিদ্যমান কর্মসংস্থানের মধ্যে সমন্বয়হীনতা আছে। ফলে শ্রমিকের প্রশিক্ষণ ও যোগ্যতা নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার সুযোগ আছে। এর সঙ্গে ট্রাম্প প্রশাসনের কাছে বিতর্কিত একটি ইস্যু আছে: ভারতের প্রযুক্তি খাত কীভাবে এইচ-১বি ভিসা ব্যবহার করছে, যেটা উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
ভারত ও যুক্তরাষ্ট্র এসব বিষয়ে ভিন্নতা কাটিয়ে উঠতে পারলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তারা পরস্পরের কাছ থেকে শেখার অনেক সুযোগ পাবে। উদাহরণ হিসেবে বলা যায়, ই-কমার্স ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি বাড়ানো যায়। অবকাঠামোগত অপ্রতুলতাও গভীরতর সহযোগিতার আরেকটি সুযোগ। ভারত ও যুক্তরাষ্ট্র জাপান ও সিঙ্গাপুরের মতো দেশকে সঙ্গে নিয়ে উদ্ভাবনী কায়দায় সম্পদ কাজে লাগাতে পারে, যার লক্ষ্য হবে ভবিষ্যৎ অর্থনীতির গতি বাড়াতে যোগাযোগের সূত্র ও নগরকেন্দ্রের উন্নয়ন। ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ ও মোদির ‘মেক ইন ইন্ডিয়া’র মধ্যে মিল আছে। এর জন্য দরকার সৃজনশীলতা, ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং সবচেয়ে বেশি দরকার হলো কৌশলগত লক্ষ্য। উভয় নেতাকেই বড় চিত্রটিতে নজর দিতে হবে। অর্থাৎ উৎপাদনশীলতা, প্রতিযোগিতা ও উদ্ভাবনের দিক থেকে কীভাবে পারস্পরিক সুবিধা অর্জন করা যায়।
সফলতার জন্য মার্কিন সরকারের সব পর্যায়ের অংশগ্রহণ প্রয়োজন, মন্ত্রিপরিষদ থেকে কূটনীতিক পর্যন্ত। প্রথম ধাপ হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে দক্ষিণ এশিয়াবিষয়ক গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দিতে হবে।
বিদ্যমান নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ট্রাম্প জমানায় মার্কিন-ভারত সম্পর্কের প্রত্যাশাতীতভাবে শক্তিশালী শুরু হয়েছে। উভয় পক্ষই আরেক পক্ষের ভবিষ্যৎ সমৃদ্ধিতে কাজ করার আগ্রহ দেখিয়েছে, শুধু চুক্তি করা নয়। এবার কঠিন কাজ শুরু হবে, সেটা হলো যৌথ কৌশলগত লক্ষ্য নির্ধারণ ও ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
টমাস আর পিকেটিং: ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত।
আত্মা ত্রিবেদি: যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক ভারতবিষয়ক কর্মকর্তা।