প্রথম আলোর দর্পণে—

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর জন্মদিন চলে গেল কয়েক দিন আগে। এক যুগ পেরিয়ে আরও দুটি বছর। সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। ১৯৯৮ সালে বাজারে এসেছিল পত্রিকাটি। পাঠকের হাতে পৌঁছেছিল একটি নতুন মাত্রার, নতুন স্বাদের কাগজ। শুরুর দিন থেকেই প্রথম আলো তখনকার অন্য দৈনিকগুলোর চেয়ে ছিল আলাদা। সেই স্বাতন্ত্র্য আজও বজায় রেখেছে পত্রিকাটি।দেশের সাংবাদিকতায় ইতিবাচক মনোভাব নিয়ে আরও একটি বছর পার হয়ে এল প্রথম আলো। আমরা যারা প্রবাসী, তাদের জন্য দেশের খবরের কাগজ পড়া অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। প্রযুক্তির এই চরম উৎকর্ষের দিনে অনেকেই আর কাগজ-কলম ব্যবহার করেন না। কম্পিউটার ইন্টারনেট সব সুবিধা এনে দিয়েছে একেবারে নাগালে। একটা মুঠোফোনই এখন অনেক প্রয়োজন মিটিয়ে ফেলতে সক্ষম। কিন্তু তার পরও এক কাপ গরম চা নিয়ে খবরের কাগজ হাতে করে বসার আমেজই তো আলাদা। ইউরোপে দিনের প্রথম আলো গায়ে মেখে প্রথম আলো হাতে নিয়ে চায়ে চুমুক দেওয়ার সুযোগ নেই। কিন্তু প্রযুক্তি যে সুযোগটি দিয়েছে, সেটাই বা কম কী? দেশে সবাই যখন গভীর ঘুমে, আমরা তখন ঘরে বসে দেখছি দেশের খবরের কাগজ। এবং অতি অবশ্যই প্রথম গন্তব্য প্রথম আলো।প্রবাসী হলেও আমি তো দেশেরই সন্তান। জন্ম ও বেড়ে ওঠা যে দেশে, সেই দেশের খবর তো সবার আগেই জানতে চাই। সেই জানার তৃষ্ণা প্রতি মুহূর্তে মেটাচ্ছে প্রথম আলো। পত্রিকাটির ওয়েব সংস্করণ প্রথম পাঠ্য শুধু নয়, অবশ্যপাঠ্য। প্রতিদিনের রুটিনের অংশ। ওখানে চোখ না বুলিয়ে যেমন রাতে বিছানায় যাওয়া হয় না, তেমনি প্রথম আলোর ওয়েব সংস্করণ দেখেই দিনের শুরু। সারা দিনে কাজের ফাঁকে দেশের খবর জানতে ল্যাপটপ খুলে প্রথম আলোর ওয়েব সংস্করণে চোখ রাখা। টাটকা খবর জানার নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে প্রথম আলো ওয়েব সংস্করণ।বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস অনেক পুরোনো হলেও সে ইতিহাস একেবারেই অমসৃণ নয়। অনেক চড়াই-উতরাই পার হয়ে আজকের একটি অবস্থানে দাঁড়িয়েছে আজকের সংবাদপত্র। আজকের দিনের প্রাতিষ্ঠানিক রূপ পেতে বাংলাদেশের সংবাদপত্রকে পাড়ি দিতে হয়েছে অনেক বন্ধুর পথ। সাংবাদিকদের স্বীকার করতে হয়েছে অনেক ত্যাগ। আজকের দিনে যে প্রাতিষ্ঠানিক সংবাদপত্র আমরা দেখতে পাই, বলতে গেলে, তার শুরু স্বাধীনতা-উত্তরকালে বা তার কিছু আগে। তখন থেকেই ধীরে ধীরে সংবাদপত্র প্রাতিষ্ঠানিক রূপ নিতে শুরু করে। এ সময়ে সংবাদপত্রের প্রসার ঘটে বেশ কিছু মেধাবী ও সম্ভাবনাময় তরুণ সংবাদকর্মীর এ পেশায় আসায়। পেশা হিসেবে সাংবাদিকতার ভিত্তি শক্ত করার কাজেও প্রথম আলো বিশেষ ভূমিকা রেখেছে।দেশে আমার অনেক সাংবাদিক বন্ধু আছেন। তাঁদের কাছ থেকে পাওয়া খবরে জানতে পারি, সাংবাদিকদের সামাজিক নিরাপত্তার প্রতিও প্রথম আলো পালন করেছে দায়িত্বশীল ভূমিকা। একই সঙ্গে প্রথম আলোর সামাজিক-রাজনৈতিক ভূমিকাও আমার কাছে অসাধারণ মনে হয়েছে। দেশে যখন রাজনৈতিক বিরোধ সংঘাতে রূপ নেয়, লক্ষ্যভ্রষ্ট হয় গণতন্ত্র, তখন সংবাদপত্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। প্রথম আলো সেই দায়িত্ব পালন করছে প্রকাশের প্রথম দিন থেকেই। তাদের এই ইতিবাচক ভূমিকা অবশ্যই ধন্যবাদার্হ। সংবাদপত্র সমাজের দর্পণ। প্রথম আলোতে প্রতিফলিত হয় সমাজ। আজকের দিনে সংবাদপত্র পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু ভূমিকা রেখে থাকে। এই সামাজিক দায়িত্ব পালনের কাজে প্রথম আলো সফল। সাংবাদিকতার পাশাপাশি দুর্গত মানুষের ত্রাণ ও পুনর্বাসন, অ্যাসিডদগ্ধ নারীদের পুনর্বাসন, মাদক ও এইডসবিরোধী সচেতনতা সৃষ্টি ইত্যাদি সামাজিক কর্মকাণ্ড পরিচালনাসহ বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশের তরুণ প্রজন্মকে সেবামুখী করার কাজেও প্রথম আলোর ভূমিকা প্রশংসনীয়। বাংলাদেশের সংবাদপত্র প্রাতিষ্ঠানিক হতে পেরেছে, কিন্তু যেসব সামাজিক কার্যক্রম বাংলাদেশের কয়েকটি পত্রিকা গ্রহণ করেছে, সেটা প্রতিষ্ঠান গড়ে ওঠার সূচনাচিহ্ন বলে মনে করা যেতে পারে। আর এসব ক্ষেত্রে দৈনিক প্রথম আলো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করেছে।প্রথম আলো আজকের সাফল্যের পথ ধরে আরও অনেকটা পথ পাড়ি দেবে—এই আশা করি। প্রথম আলোর জন্য এই শুভকামনা। এম নজরুল ইসলামঅস্ট্রিয়া[email protected]