আজকালকার ছেলেমেয়েরা কোনো কিছুতেই অবাক হয় না। কিন্তু রবীন্দ্রনাথের ছেলেবেলার মতো আমরা বড় হয়েছিলাম প্রাচুর্যবিহীন নারীবর্জিত জগতে। তাদের জন্য কতগুলো গল্প বলি, আসলে তা পড়ে মজা পাব আমরা বড়রা। কারণ, এটা আমাদের সবার জীবনেরই প্রায় অভিন্ন গল্প।
আমার জীবনের প্রথম কোল্ড ড্রিংকস খাওয়ার গল্পটা করি। আমি তখন পড়ি ক্লাস নাইনে। তার মানে ১৯৭৯ সাল। রংপুর শহরে তখন ফ্রিজ ছিল কম। কোকাকোলা, পেপসি এই জাতীয় জিনিস তখনো আমাদের শহরে ব্যাপকভাবে প্রচলিত হয়নি। আমরা রংপুর জিলা স্কুলের ক্লাস নাইনের ছেলেরা যাব পিকনিক করতে। রংপুর থেকে মাইল বিশেক দূরে কাউনিয়ায় তিস্তা নদীর ওপরে রেলসেতু। সেই তিস্তা নদীর ধারে আমাদের পিকনিক স্পট। যানবাহন হিসেবে পাওয়া গেল একটা ট্রাক। আমাদের বন্ধু রাজ ভীষণ বড়লোকের ছেলে। ওদের গাড়ি আছে, ট্রাক আছে। সেই ট্রাকে করে আমরা ক্লাস নাইনের কুড়ি-বাইশ জন ছেলে চললাম তিস্তা অভিমুখে।
আমার খুব ভালো বন্ধু ছিল স্বপন। স্বপন বলল, ‘জানো, পিকনিকে সেভেন আপ খাওয়াবে।’
আমি খুবই উদ্বিগ্ন, সেভেন আপ! মুশকিল তো। এর আগে তো কোনো দিনও খাইনি।
স্বপন বলল, হ্যাঁ। এই সব সেভেন আপ, পেপসি, কোকাকোলা এই সবে নাকি খুব ঝাঁজ। খেলে খালি ঢেকুর ওঠে। নাক-চোখ বন্ধ হয়ে আসে?
‘কী বলো? তাহলে উপায়।’
‘ওরা তো সব বড়লোকের ছেলেপুলে। ওরা তো রেগুলার খায়। আমরা তো খাই নাই। প্রথমবার খেতে ধরে না জানি কী ঝামেলায় পড়ি।’
‘ঝামেলা হতে পারে নাকি! তাইলে খাব না।’
‘না খেলে ওরা বলবে গান্ডু। গাঁইয়া।’
‘আচ্ছা আগেই খাব না। ওরা আগে খাবে। তারপর আমরা একটু একটু করে খেতে থাকব। কোনো বিপদ হলে আর খাব না।’
খুব ভয়ে ভয়ে আমরা দুই বন্ধু, স্বপন আর আনিসুল, আমাদের বাকি বন্ধুদের সঙ্গে ট্রাকে উঠে রংপুর থেকে কাউনিয়ার উদ্দেশে রওনা হলাম।
সেই দিনটার কথা আমার আজও মনে পড়ে। খুব উজ্জ্বল রোদেলা দিন ছিল। আমরা তিস্তা নদীর পাড় ধরে একটা শিমুলগাছের নিচে
গিয়ে আশ্রয় নিলাম। সেখানে পাড়টা উঁচু, আর গাছের নিচে বড় বড় কালো কালো পাথরখণ্ড। বাঁধের এক পাশে নদী বয়ে যাচ্ছে, আরেক পাশে সরষেখেত।
তারপর এল সেই ভয়াবহ মুহূর্তটি। প্যাকেটে করে বিরিয়ানি নিয়ে যাওয়া হয়েছিল। দুপুরবেলা সেই বিরিয়ানি খাওয়ার পরে সবাই একটা করে সেভেন আপ পাচ্ছে। এরই মধ্যে রোদে সেই সেভেন আপের বোতল গরম চায়ের কাপের চেয়েও গরম হয়ে উঠেছে। সবাই একটা করে বোতল পাচ্ছে। আমিও পেলাম। স্বপনও পেল।
আমার বোতলের পুরোটা আমি খাইনি। গরম সেই পানীয়টা খেতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল। স্বাদটা ছিল ভীষণ অচেনা। আর ঢেকুরের কথা কী বলব!
সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আজই শেষ। আর কোনো দিন এই সব ছাইপাঁশ খাব না।
তবে জীবনের আরও অনেক প্রতিজ্ঞার মতো এটাও আমি ধরে রাখতে পারিনি।
প্রথম চায়নিজ খাওয়া...
আমার বড় ভাই তখন রংপুর মেডিকেল কলেজে পড়েন। আমি তাঁর বছর পাঁচেকের ছোট। স্কুলে পড়ি। আমি ছিলাম শুকনো কাঠি। আমার সব পাঁজরের হাড় বেরিয়ে থাকত। আমার বড় ভাইকে মেডিকেলের পড়া মুখস্থ করার সময় সামনে একটা জীবন্ত মানুষকে দাঁড় করিয়ে রাখতে হতো। হাড্ডিতে চক দিয়ে দাগ এঁকে এঁকে তিনি পড়তেন। তাঁদের নাকি পরীক্ষাও হতো এইভাবেই। একটা লোক থাকত সামনে। তার হাড়হাড্ডিগুলো পরীক্ষার্থীদের শনাক্ত করতে হতো।
আমার ভাইয়ের মডেল হলাম আমি। আমি শার্ট খুলে হাড্ডিসার শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকি। উনি আমার হাড্ডিগুলোতে চক বোলান আর বিড়বিড় করে ইংরেজিতে কী সব বলেন। এর বিনিময়ে তিনি কথা দিলেন, তাঁর পরীক্ষার শেষে আমাকে চায়নিজ খাওয়াবেন। রংপুর শহরে তখন প্রথম চায়নিজ রেস্টুরেন্ট হয়েছে। বলাকা আবাসিক হোটেলের নিচে ছিল সেই রেস্টুরেন্ট। এটা রংপুর শহরের বেতপট্টির কাছে।
আমরা চায়নিজ খেতে গেলাম। এর আগে আমিও চায়নিজ খাইনি, আমার ভাইও খাননি। তিনি মন দিয়ে মেন্যু পড়লেন। তারপর অর্ডার দিলেন একটা ভেজিটেবল। এক বাটি ভেজিটেবল এল। তখন বুঝিনি, এখন বুঝতে পারছি, তাতে ছিল পেঁপে আর কর্ন পাউডার। আমার কাছে জিনিসটা মনে হয়েছিল ভাতের মাড়ে কয়েকটা বিবর্ণ সবজির টুকরা। সেই জিনিস প্লেটে নিলাম দুজন। কাঁটা চামচ দিয়ে বহুত কোশেশ করে দুজনেই সেটা অতি কষ্টে গলাধঃকরণ করলাম এবং সিদ্ধান্ত ব্যক্ত করলাম, চায়নিজ খেতে খুবই বিস্বাদ। এর চেয়ে খারাপ খাবার আর জগতে নাই।
প্রথম টিভি দেখা
রংপুর শহরে একটাও টেলিভিশন ছিল না। ১৯৭৮ সালের পরে রংপুরে একটা টেলিভিশন সম্প্রচার কেন্দ্র হলো। তারপর এখানে-ওখানে একটা-দুটা করে টেলিভিশন আসতে লাগল। ওই টেলিভিশন সেন্টার ছিল (এখনো আছে) রংপুরের এখনকার বাস টার্মিনালের কাছে, রামপুরা গ্রামে। ঢাকা ও রংপুরের একটা মিল হলো, উভয় শহরের টেলিভিশন কেন্দ্রটি রামপুরায় অবস্থিত। সেই টেলিভিশন সেন্টারের ভেতরে থাকত আমাদের একজন ক্লাসমেট। তার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। তাঁর ছিল বদলির চাকরি। বাবার পোস্টিং রংপুরে হওয়ায় ওই ছেলেও রংপুরে এসেছে আর আমাদের ক্লাসে ভর্তি হয়েছে।
এ-কানে ও-কানে ছড়িয়ে পড়ল আমাদের ওই বন্ধুর সঙ্গে টেলিভিশন সেন্টারে ঢুকতে পারলে টিভি দেখা যাবে। আমাদের ভেতরে প্রচণ্ড উত্তেজনা। টেলিভিশন জিনিসটা দেখতেই হবে। আমরা কয়েকজন বন্ধু মিলে সলাপরামর্শ করে দিনক্ষণ ঠিক করলাম। তারপর একদিন বিকেলে সাইকেলে করে আমরা গিয়ে হাজির হলাম রামপুরা টিভি সম্প্রচার কেন্দ্রের দরজায়। বন্ধুকে খবর দেওয়া হলো। আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হলো।
বন্ধুটির নিজের বাসায়ও টিভি ছিল না।
টিভি কেন্দ্রের ভেতরে যে মনিটর ছিল, সে আমাদের সেখানে নিয়ে গেল। আমরা অবাক হয়ে দেখলাম, ছোট্ট একটা পর্দায় বড় বড় গাড়িঘোড়া, গাছপালা সব ধরে যাচ্ছে। কী আশ্চর্য। কী আশ্চর্য।
প্রথম মোবাইল ফোন দেখা
প্রথম মোবাইল ফোন দেখেছি ১৯৯০-এর দশকে, ভোরের কাগজ-এর প্রকাশক সাবের হোসেন চৌধুরীর হাতে। এরপর ফোন নিলেন অভিনেতা হুমায়ুন ফরীদি। সেই ফোন দেখতে ওয়্যারলেস সেটের চেয়েও বড়। দাম দেড় লাখ কি দুই লাখ। তাতে কেউ কল করলে ইনকামিং চার্জ কেটে নেওয়া হতো। আমার সামনেই অভিনেতা আফজাল হোসেন ফোন করলেন তাঁকে, ল্যান্ডফোন থেকে। ফরীদি ভাই বললেন, ‘আফজাল, একটু পরে ল্যান্ডফোন থেকে কথা বলি?’ আফজাল ভাই বিস্মিত, ‘মোবাইল ফোন নিয়েছিস, ল্যান্ডফোন থেকে কথা বলবি কেন?’ ফরীদি ভাই বললেন, ‘আরে, আমার বিল উঠছে না?’
সেই বাংলাদেশ আজ কত দূর এগিয়ে গেছে। এখন আমার মোবাইল ফোনে টেলিভিশন, আমি নিউইয়র্কে বসে মোবাইল ফোনে শ্রীলঙ্কা-বাংলাদেশ খেলা দেখলাম। রেডিয়ান্ট টিভির কর্তারাই উত্তর আমেরিকায় প্রথম আলোর ছাপা পত্রিকা বের করছেন, নর্দার্ন লাইটস মিডিয়া থেকে। তাঁরা আমার ফোনে অ্যাপ ভরে দিলেন। আমি দেশে-বিদেশে সবখানে দেশি চ্যানেল মোবাইল ফোনে দেখতে পাব। কী কাণ্ড! অথচ টিভি দেখতে একদিন আমাকে কত দূর পথ পাড়ি দিতে হয়েছিল!
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।