প্রথম বিতর্কের প্রভাব রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিতর্ক শুরুর আগে হিলারি ও ট্রাম্প l ছবি: রয়টার্স
প্রথম বিতর্ক শুরুর আগে হিলারি ও ট্রাম্প l ছবি: রয়টার্স

বিতর্ক শুরুর আগে যে বিতর্কটা শুরু হয়, তার বিষয় ছিল এ রকম, আজ ট্রাম্পের কোন রূপ দেখা যাবে—উসকানিমূলক ট্রাম্পকে? যিনি অনেকটা অপ্রত্যাশিতভাবে এক ডজনের বেশি শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়েছেন। নাকি প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে? যিনি সাম্প্রতিক কয়েক সপ্তাহে বাগাড়ম্বরের রাশ টেনে ধরেছেন। তিনি সম্প্রতি আরও একটি রাজনৈতিক বিস্ময়ের জন্ম দিয়েছেন, সেটি হলো, সাম্প্রতিক জরিপে তাঁর জনপ্রিয়তা হিলারি ক্লিনটনের জনপ্রিয়তার প্রায় সমান হয়ে গেছে।

তবে শেষমেশ আসল ট্রাম্পেরই দেখা মিলল। এই বিতর্কের নির্ধারিত সময় ছিল ৯০ মিনিট, কিন্তু বিতর্ক সে কালপরিধিও ছাপিয়ে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায়। আধুনিক সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক বিতর্কে ট্রাম্প ও হিলারি পরস্পরের প্রতি তীব্র বাক্যবাণ ছোড়েন। ট্রাম্প হিলারিকে রাজনীতির ভাড়াটে ঘোড়া হিসেবে আখ্যা দেন, যিনি জাতিকে খুব বিপজ্জনকভাবে ভুল পথে পরিচালিত করেছেন। হিলারি আবার এসব খারিজ করে বলেন, ‘এসবই শব্দ, শব্দহুল।’ বিতর্কের সময় তিনি হিলারির কথার মাঝে বারবার হস্তক্ষেপ করেছেন। কখনো কখনো আবার ফোঁস ফোঁস করে অধৈর্য দেখিয়েছেন।

হিলারি ট্রাম্পকে প্রশ্নসাপেক্ষ ব্যবসায়ী হিসেবে আখ্যা দেন, যাঁর হাতে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিন্তু তথ্য খুব বেশি নেই। তাঁর অর্থনৈতিক নীতিকে হিলারি বারবার ‘ট্রাম্প কথিত চুইয়ে পড়া’ নীতি হিসেবে আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট ওবামার জন্মস্থান নিয়ে প্রশ্ন তোলায় হিলারি ট্রাম্পকে বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত করেছেন। আর নিরীক্ষার সময় ট্যাক্স রিটার্ন প্রকাশ না করে তিনি কী লুকাতে চেয়েছেন, সে প্রশ্নও হিলারি তুলেছেন।

বিতর্কের সঞ্চালক এনবিসি টিভির লেস্টার হল্ট বিতর্কের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছেন, কিন্তু তাতে তিনি তেমন একটা সফল হতে পারেননি। ওদিকে ট্রাম্প ইসলামিক স্টেটের উত্থানের জন্য হিলারির সমালোচনা করেছেন। হিলারি উত্তর দেন, ‘মনে হচ্ছে, আজ সন্ধ্যায় সবকিছুর জন্যই আমাকে দায়ী করা হবে।’ তিনি যোগ করেন, ‘কেন নয়?’ তখন হিলারি বলেন, ‘আরও কিছু খ্যাপাটে শব্দ উচ্চারণ করে বিতর্কে যোগ দিন।’

আগে থেকেই লোকে ধারণা করছিল, হিলারি হয়তো নিজেকে খুব পছন্দনীয় মানুষ হিসেবে উপস্থাপন করবেন। কিন্তু তিনি পাল্টা আঘাতকারী হিসেবে আবির্ভূত হন। তা সত্ত্বেও ট্রাম্পের কাছে মনেহয়েছে, হিলারি যত না রেগে কথা বলেছেন, তার চেয়ে মজা করেছেন বেশি। তিনি কিছু হাসির খোরাক সৃষ্টি করেছিলেন। আর ট্রাম্প আরও বেশি পরিমিত আচরণ করবেন—এ নিয়ে সব জল্পনাকল্পনা সত্ত্বেও তিনি আগের মতোই তীব্রভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন। সত্যতা পরীক্ষাকারীদের (ফ্যাক্ট চেকার) কিছু দাবি তিনি একদম খোলামেলাভাবে অস্বীকার করেছেন, যার একটি হচ্ছে তিনি ইরাক আগ্রাসন সমর্থন করেছিলেন।

হিলারি প্রথম প্রশ্ন থেকেই যুক্তরাষ্ট্রকে এমন একটি দেশ হিসেবে বর্ণনা করতে থাকেন, যার সমস্যা আছে কিন্তু তা সত্ত্বেও উন্নতি করছে। এ ছাড়া তিনি স্বকীয় ভঙ্গিতে দুই মিনিটের উত্তরে ডজন খানেক নীতিগত প্রস্তাব বুলেট পয়েন্ট হিসেবে হাজির করেন, যার মধ্যে অবকাঠামো, বিনিয়োগ থেকে শুরু করে উচ্চতর ন্যূনতম মজুরি, নারীর সমমজুরি ও ঋণবিহীন কলেজশিক্ষার প্রসঙ্গও ছিল।

হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের যে জাঁকজমকপূর্ণ মিলনায়তনে এ বিতর্ক আয়োজন করা হয়েছিল, তা হোয়াইট হাউসের সঙ্গে তুলনা করা যায়। সেখানে ছিল এক গাঢ় নীল রঙের ব্যাকড্রপ, যার ওপর সাদা বর্ণের লেখা ফুটে উঠছিল। আর ছিল এক উড়ন্ত সোনালি ইগলের ছবি, যেটি দুই প্রার্থীর মাথার ওপর দিয়ে যেন উড়ে যাচ্ছিল। কিন্তু উদ্বোধনী ফোরামের পরিবেশটা ছিল একদম যুদ্ধংদেহী।

আধুনিক সময়ের আর কোনো প্রেসিডেন্ট নির্বাচনই প্রথাগত প্রজ্ঞাকে এতটা অস্বীকার করেনি, যার শেষটা হলো এভাবে—রাজনীতিতে নব্য দীক্ষিত একজন সাবেক রিয়েলিটি টিভি তারকা সাবেক এক প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে গেলেন, যিনি এমন এক পরিবারের সদস্য, যে পরিবার ডেমোক্র্যাটদের নীতিনির্ধারণ করে। আর কোনো প্রেসিডেনশিয়ালবিতর্কের জন্য মানুষএতটা উত্তেজনা নিয়ে অপেক্ষা করেনি।

প্রচারণা পর্বে এই প্রথমবার তাঁরা মুখোমুখি হলেন, পাশাপাশি দাঁড়ালেন। যুদ্ধের আগেই প্রাক্‌-বীক্ষণে ট্রাম্প টুইটারে হিলারিকে খোঁচা দিয়েছেন। মাধ্যমটি তিনি রাজনৈতিক অস্ত্র হিসেবে ভালোভাবেই ব্যবহার করছেন। তিনি বলেন, ‘আমার শোচনীয় দলটিই আজ বিকেলের বিতর্কের জন্য টুইটার অ্যাকাউন্ট দেখাশোনা করবে।’ হিলারি আগে বলেছিলেন, ট্রাম্পের সমর্থকদের অর্ধেকই শোচনীয়। এ কথার দিকে ইঙ্গিত করেই তিনি এ কথা বলেন।

ওদিকে হিলারিও একই সময়ে টুইট করছিলেন, ‘ট্রাম্প গত সপ্তাহে ৩১টি ডাহা মিথ্যা কথা বলেছেন।’ ইতিহাসে দেখা যায়, প্রথম বিতর্ক কোনো প্রার্থীকে জেতাতে বা ডোবানোর ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করে। গত ১১টি নির্বাচনের আগেটেলিভিশন বিতর্ক হয়েছে। নয়বারই দেখা গেছে, এ বিতর্ক প্রচারণার গতিপথ বদলে দিয়েছে। ১৯৬০ সালে প্রথম বিতর্ক জিতে জন এফ কেনেডি নির্বাচনে জয়ী হন। ১৯৮০ সালে রোনাল্ড রিগ্যানের বেলায়ও সেটা হয়েছিল। ১৯৮৮ সালে মাইকেল ডুকাকিস ও ২০০০ সালে আল গোর প্রথম বিতর্কে হেরে নির্বাচনে হারেন।

এই বিতর্কের প্রভাব বেশি অনুভূত হয় তখন, যখন ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, যখন প্রার্থীরা কিছু একটা প্রমাণ করার জন্য নির্বাচনে দাঁড়ান। যখন প্রতিদ্বন্দ্বিতা হয় হাড্ডাহাড্ডি ও তরল। অর্থাৎ ঠিক এবারের প্রচারণার মতো।

অনুবাদ: প্রতীক বর্ধন, ইউএসএ টুডে থেকে নেওয়া।

সুসান পেজ: ইউএসএ টুডের ওয়াশিংটন ব্যুরোপ্রধান।