প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী সংবিধান ভাঙছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনসচিব পদে একজন কনিষ্ঠের দলবাজি কাকে বলে, সেটার প্রমাণ হলো, উপসচিব (প্রশাসন) হিসেবে তিনি গত সাড়ে তিন বছরে বদলি ও শৃঙ্খলামূলক যে আদেশগুলো লিখেছেন, সেসব। তিনি দিনকে রাত, রাতকে দিন করছেন। তাঁর জন্য সাত খুন মাফ। আইন-কানুন তাঁর পকেটে।দেশের প্রায় ১৬০০ বিচারকের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন আইনসচিব। তিনি তাঁদের বাস্তব ও কর্মজীবনে বিরাট প্রভাব ফেলতে পারেন। সে কারণেই আমরা এই পদে চতুর্থবারের মতো সুপ্রিম কোর্টকে পাশ কাটানোয় উদ্বিগ্ন। এবার সকল সীমা লঙ্ঘন করা হয়েছে।নতুন সচিবের চেয়ে জ্যেষ্ঠ অন্তত ৫০ জন আছেন, যাঁরা ১০ থেকে ১৬ বছর আগে জেলা জজ হয়েছেন, তাঁদের মধ্যে মুক্তিযোদ্ধারাও আছেন। তাঁদের একজনও আওয়ামী লীগের চেতনার ধারক এবং প্রশাসন বোঝেনই না, এমনটা আমরা ধরে নিতে পারি না। এর পরও একটি আজগুবি আদেশ দেখে আমরা হতভম্ব। যাঁকে আইন ভেঙে সচিব করা হলো, মাত্র ৫ দিনের মধ্যে নতুন করে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব ঠিক তাঁকেই দেওয়া হলো কেন? তিনি কি অতিমানব? তাঁর এই ‘থ্রি ইন ওয়ান’ অবস্থাটি সৃষ্টির প্রশাসনিক দায় প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে অবশ্যই নিতে হবে। এটা কার্যত একটি অমার্জনীয় প্রশাসনিক দুর্নীতিও বটে। ১৮ জুন ২০১২ জারি করা দুর্নীতিগ্রস্ত এই আদেশ দেখুন: ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) জনাব আবু সালেহ শেখ মো. জহিরুল হক মহোদয় নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব (প্রশাসন-১)-এর দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’ এটা সন্দেহাতীতভাবে আপিল বিভাগের অবমাননা। কিন্তু তাদের তরফে প্রতিক্রিয়া আমরা জানতে পারি না। সুয়োমোটো রুল দিলেই আমরা খবর ছাপি। এখানে রুল পাই না। বলা হচ্ছে, আলোচ্য ব্যক্তি খুবই দক্ষ ও সৎ। তাহলে প্রশ্ন, দক্ষতা ও সততার সংজ্ঞা কী? মহাহিসাব নিরীক্ষকের কাছ থেকে আমরা জানতে চাই, এই প্রজাতন্ত্রে ‘থ্রি ইন ওয়ান’কে কীভাবে বেতন-ভাতা দেওয়া হবে? সরকারকে বলতে হবে, দলীয় বিশ্বস্ত মানুষের এত যে আকাল, তা তারা গোপন রাখছে কোন দুঃখে?আমরা বহুবার বলেছি, বিচারক বদলি ও শৃঙ্খলামূলক ব্যবস্থার অপব্যবহার ঘটিয়ে বিচারকদের স্বাধীনতার টুঁটি চেপে ধরা হচ্ছে। আর এই কাজটির ঠিকা নিয়েছেন জহিরুল হক। এবার তার দালিলিক প্রমাণ মিলল। অতিরিক্ত সচিব পদে নিয়োগ চেয়ে একটি প্রস্তাব প্রধান বিচারপতির টেবিলে আছে। এখন যাতে সেখানে কেউ ঢুকতে না পারে, সে জন্য এই লখিন্দরের বাসর তৈরি করা হয়েছে। যুগ্ম সচিব-১ বগলদাবা রাখার উদ্দেশ্য, এই শাখা থেকেই বিচারক বদলি ও তাঁদের নিবৃত্ত করা সংক্রান্ত আদেশ ঘটে। ‘বেয়াড়া বিচারকদের’ সামাল দেওয়ার সব দায় এক ব্যক্তির। আইন মন্ত্রণালয়ে বাকশালরাজ কায়েম করতে চান একদা বাকশাল ছাত্রলীগের এই নেতা। বিচার প্রশাসনে আপতত তিনি কবরের নীরবতা নিশ্চিত করেছেন। পরিহাস যে, আইনসচিবসহ ওই তিনটি পদে নিয়োগ কীভাবে হবে, তা বাতলে দিয়ে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সাত সদস্যের আপিল বিভাগ যে মাইলফলক রায় দিয়েছিলেন, তার অন্যতম বিচারক ছিলেন আজকের প্রধান বিচারপতি। তাই যুক্তির খাতিরে বলা যায়, যিনি রায় লিখেছেন, তিনিই তা ভঙ্গ করছেন। স্পিকার একজন বিচারকের আচরণ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন, সে বিষয়েও তিনি কী করেন, তা-ও দেখার বিষয়। আইনসচিব নিয়োগসহ বিচারক বদলির বিষয়ে প্রধান বিচারপতিকে সহায়তা প্রদানকারী জিএ কমিটির অন্যতম সদস্য হলেন স্পিকারের রুলিংয়ের আলোচ্য বিচারক।বলছিলাম ‘থ্রি ইন ওয়ান’ নিয়ে। তিনি বিচারকদের জন্য মূর্তিমান আতঙ্ক। একজন জ্যেষ্ঠ বিচারকের কথায়, তাঁরা প্রকাশ্যে চোখের পানি ফেলতেও ভয় পান। ‘অযোগ্য’ বিচারকের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন কখনো তাঁর মনমতো তৈরি হয় বলেও জনশ্রুতি আছে।হঠাৎ বিচারক বদলির কারণ হিসেবে গোয়েন্দাকাহিনিও শোনা যায়। তবে এর সত্যাসত্য যাচাইসাপেক্ষ হলেও বিচার প্রশাসন থেকে নিয়মনীতি যে লাটে উঠেছে, তা তো আমরা নথিপত্রে প্রমাণ করতে পারি।প্রধান বিচারপতি যে সংবিধান ভাঙছেন, তা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ‘একের ভেতরে তিন’ এবং তাঁর মতো আরও গুটিকয়েক যাঁরা প্রভাবশালী আছেন, তাঁরা প্রকারান্তরে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সৃষ্টি।বিচার দলীয়করণের উপসর্গ দেখুন। ২৩ জুন একটি খাস সরকারি অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রে ঢাকার জেলা জজ মো. আবদুল মজিদ ও সিএমএম বিকাশ চন্দ্র সাহা তোয়াজ করতে বর্তমান সরকারকে ‘গণতান্ত্রিক’ উল্লেখ করেন। জহিরুল হককে তাঁরা ‘সচিব’ লেখেন, দায়িত্বপ্রাপ্ত শব্দটি মুছে দেন। ওই অনুষ্ঠানে আইন মন্ত্রীদ্বয় যোগ দেন।বিচারক সমিতির সভাপতি ঢাকার জেলা জজ ও নতুন আইনসচিব তার মহাসচিব। দুই বছর ধরে সমিতির বার্ষিক সম্মেলন হচ্ছে না। সমিতি এখন শ্বেতহস্তি, সরকারের আজ্ঞাবহ। বিকাশ চন্দ্র সাহা আইনসচিবের সঙ্গে প্রশাসন শাখায় প্রায় তিন বছর ছিলেন। গত ২৪ অক্টোবর এই কলামে লিখেছিলাম, ‘বিচার প্রশাসন ভেঙে পড়ছে!’ সেই লেখার সময় নতুন সচিব ও বিকাশ চন্দ্র সবে পদোন্নতিপ্রাপ্ত হন। তাঁকে চট্টগ্রামে ও সচিবকে স্পেশাল জজ হিসেবে ঢাকাতেই বদলির প্রস্তাব করা হয়। আইনমন্ত্রীর শেষোক্ত প্রস্তাবটি অবৈধ ছিল। কিন্তু প্রধান বিচারপতি তাতে সম্মতি দেন। এমনকি বিদ্যুৎ গতিতে তিনি ফের তাঁকে আইন মন্ত্রণালয়ের উপ সচিব পদেই বসতে দেন। প্রধান বিচারপতি সেদিন আইন-কানুন মানলে আজ তাঁর দায়িত্বপ্রাপ্ত সচিব হওয়া হতো না। বিধি ভেঙ্গে বিকাশ চন্দ্র সাহাও ঠিক উড়ে আসেন ঢাকায়। আমাদের তখনকার প্রতিবাদ ও উদ্বেগে কারও টনক নড়েনি। অথচ আইনসচিব নিয়োগে প্রধান বিচারপতি ও তাঁর সতীর্থরা লখিন্দরের বাসর তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল, কোনো ফাঁক-ফোকর দিয়ে সরকারি সর্প যাতে ঢুকতে না পারে। সর্বজ্যেষ্ঠ, মেধাবীশ্রেষ্ঠ ছাড়া সুপ্রিম কোর্টকে পাশ কাটিয়ে সেখানে কারও প্রবেশ স্বপ্নের বাইরে থাকার কথা। সুপ্রিম কোর্ট রায় দিয়ে আইন সচিব পদটি শূন্য ঘোষণার এবং সরকারের শূন্য রাখার পরিকল্পনা সমর্থনের চতুর্থ বছর চলছে। এটিকে শূন্য রাখতে গিয়ে যুগ্ম সচিবের চারটি ও অতিরিক্ত সচিবের একটি পদও সুপ্রিম কোর্টের সম্মতিতে খালি রাখা হয়েছে। কারণ, আইনসচিব বাছাই করতে বলা হয়েছিল জ্যেষ্ঠতম যুগ্ম সচিব থেকে। সরকার ও সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছেন যে, যুগ্ম সচিব হিসেবেও কাউকে টিকতে দেওয়া হবে না। এভাবে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি খেয়ালখুশীর নজির স্থাপন করেছেন। আইন-কানুন ও সুপ্রিম কোর্টের রায়কে অবহেলা করছেন।দায়িত্বপ্রাপ্ত আইনসচিব নিয়োগের ঘটনায় অন্তত দুটি নির্দিষ্ট আইন ও সুপ্রিম কোর্টের তিনটি রায়ের লঙ্ঘন ঘটে। তাই বলছি আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি সংবিধান ভাঙছেন। তাঁরা তাঁদের পদের শপথ রক্ষা করেননি। ১৭ ফেব্রুয়ারি, ২০০৯ অন্য ৭ বিচারকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বর্তমান প্রধান বিচারপতি ঘোষণা দিয়েছিলেন যে, ২০০১ সালের নীতিমালা যাতে জ্যেষ্ঠতার নীতি স্বীকৃত সেটা রীতিমতো আইন হিসেবে গণ্য হবে। এই নীতিমালা বলেছে, ‘সুপ্রিম কোর্টের পরামর্শ ও সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ অনুযায়ী যে সকল জেলা জজ সিলেকশন গ্রেড প্রাপ্ত হয়েছেন তাঁদের মধ্য থেকে যুগ্ম সচিব / সলিসিটর পদে প্রেষণে নিয়োগ করা হবে।’ এটা বাস্তবে মুখ থুবড়ে পড়লেও সুপ্রিম কোর্ট প্রশাসন নির্বিকার। তবে বর্তমান প্রধান বিচারপতিরই শর্ত ছিল, ‘কোনো ক্ষেত্রে পর্যাপ্তসংখ্যক সিলেকশন গ্রেডপ্রাপ্ত জেলা জজ না থাকলে জ্যেষ্ঠতা, তথা মেধার ভিত্তিতে অন্যান্য জেলা জজগণের মধ্য হতে যথোপযুক্ত কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ করা যাবে।’ তাহলে তিনি তা মানবেন না কেন? না মানতে পারলে আমরা রায়ের পুনর্লিখন চাই। রায়দাতার রায় প্রত্যাখ্যানের বোঝা জাতির জন্য দুঃসহ।মুক্তিযোদ্ধা কর্মকর্তা আবু আহমেদ জমাদার সরকারের বিরাগভাজন নন। সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া তাঁকে যুগ্ম সচিব (মতামত) রাখা হয়েছে। বর্তমান সচিবের চেয়ে তিনি জ্যেষ্ঠ। তাহলে তিনি কী দোষ করলেন? আইন বলছে, ‘কোনো ক্ষেত্রে এইরূপ পদোন্নতির যোগ্য কর্মকর্তা না থাকলে জ্যেষ্ঠ যুগ্ম সচিব ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করবেন।’ এখন ‘ভারপ্রাপ্ত’ শব্দের পরিবর্তে ‘দায়িত্বপ্রাপ্ত’ শব্দ ব্যবহার করে আইন না ভাঙার আনন্দ কি করে নির্মল হতে পারে? আইন ও সুপ্রিম কোর্ট বলছেন, এসব পদে নিয়োগ দিতে হলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করতে হবে। লক্ষণীয় হলো, ২০০৯ সালে বর্তমান প্রধান বিচারপতি যে রায় দিয়েছিলেন, তার মূল ভিত্তি ২০০১ সালের নীতিমালা। সেটি কিন্তু বিএনপি-জামায়াত সরকারের নয়, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর নিজের হাতে তৈরি এবং প্রধানমন্ত্রী শেখ হাসনাির সম্মতিতে জারি করা।নিয়ম করা হয়েছে, ‘কর্মকর্তাগণকে যথাসম্ভব ব্যাচওয়ারি এবং সংশ্লিষ্ট ব্যাচের যথাসম্ভব মেধা তালিকাভিত্তিক পারস্পরিক জ্যেষ্ঠতা বিবেচনাক্রমে প্রেষণে বদলির মাধ্যমে নিয়োগ করা হবে।’ নতুন আইনসচিব ১৯৮৪ সালের ব্যাচের তলানিতে। বিভিন্ন ধাপে এই ব্যাচের কর্মকর্তারা জেলা জজ হন। তিনি হন গত সেপ্টেম্বরে। এই ব্যাচেও উল্লেখযোগ্যসংখ্যক বিচারক আছেন, যাঁদের ছয় বছরের অভিজ্ঞতা আছে।১৯৮৪ সালে মৌখিক পরিক্ষা দিয়ে এরশাদের সামরিক শাসনে রকেট গতিতে বিচারক নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেখানেও মেধার ভিত্তিতে একটি তালিকা হয়। সেই তালিকায় ২৪৫ থেকে ৩৮১ পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা সহকারী জজ হিসেবে যোগ দেন ২২ ফেব্রুয়ারি ১৯৮৪। কিন্তু অপেক্ষার তালিকা কিংবা পরের ব্যাচে পিছিয়ে পড়েন দায়িত্বপ্রাপ্ত সচিব। ১৯৮৪ সালের ১৬ আগস্ট দ্বিতীয় ব্যাচে তিনি নিয়োগ পেয়েছিলেন। আইন বলেছে, সন্তোষজনক সার্ভিস রেকর্ড বিবেচনাক্রমে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমরা দেখব, নতুন দায়িত্বপ্রাপ্ত সচিবের সার্ভিস রেকর্ড কেমন।২০০৫ সালে রাজশাহীর গোদাগাড়ীতে কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। সচিব তখন রাজশাহীর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক। বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৭ জানুয়ারি ২০১১ লক্ষ করেন যে, তারিক আজিজ নামের এক তরুণের ওপর অবিচার করা হয়েছে। তাঁর কাছ থেকে কয়েকটি বই ও সিডি উদ্ধার করা হয়েছে। পুলিশ এজাহারে বলেছে, বইগুলো জিহাদি। অথচ ওই তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে বিস্ফোরক আইনে। আদালত বিস্ময় প্রকাশ করে বলেছেন, বিচারক বই ও সিডিতে কী আছে, তা-ও জানলেন না। অথচ বিস্ফোরক আইনে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। হাইকোর্ট বিভাগ লিখেছেন, ‘আমরা বিচারককে দায়িত্ব পালনে অধিকতর সতর্ক ও বিচারিক মননসম্পন্ন হতে আদেশ দিচ্ছি। এই রায়ের অনুলিপি সংশ্লিষ্ট বিচারকের ডোশিয়ারে রাখতে হবে।’ এমনকি আদালত এহেন জুলুমকে দৃষ্টান্তমূলক বিবেচনায় তা বিচারকদের নজরে নিতে বিচার প্রশাসন প্রশিক্ষক ইনস্টিটিউটে এবং কার্যত তাঁকে পদোন্নতি না দিতে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কাছে প্রেরণ করেন। তাঁর ডোশিয়ার পরীক্ষা করে দেখেছি, সেখানে এই রায়ের উল্লেখ নেই। বিচারপতি মোহাম্মদ মারযিউল হক ও বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস উভয়ে বর্তমান সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারক। তাঁদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৫ মার্চ ২০১২ ওই তারিক আজিজের বিষয়ে আরেকটি মামলার রায় দেন। এতেও তাঁরা বলেন, ‘কেবলমাত্র কিছু বই এবং ক্যাসেট তা জঙ্গি কিংবা ধর্মীয় কিংবা একটি উগ্র সংগঠনের সদস্য হলেই কোনো ব্যক্তিকে বিস্ফোরক আইনের ৬ ধারার আওতায় দোষী সাব্যস্ত করা যায় না।’ আইন সচিব তাই করেছিলেন।২০০২ সালের সংস্থাপন মন্ত্রণালয়ের বিধিমালায় পদোন্নতির ভিত্তি হিসেবে লেখা আছে, সরকারি উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্তি সচিব ও সচিব পদে পদোন্নতি প্রদানের ভিত্তি হবে সংশ্লিষ্ট কর্মকর্তার মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতা। এর মধ্যে সচিব পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে বলা আছে, সংশ্লিষ্ট কর্মকর্তার ‘সমগ্র চাকরিকালীন সময়ের মধ্যে পালনকৃত দায়িত্বের গুরুত্ব ও প্রকৃতি এবং ব্যক্তিগত সুনামসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় বিবেচনা করা হবে। বর্তমান সচিবকে আইন প্রতিমন্ত্রী ১০০-র মধ্যে ৯৯ দিয়েছেন। কিন্তু তাঁর সার্ভিস রেকর্ডে তেমন ভালো কোনো মন্তব্য নেই।এই ‘থ্রি ইন ওয়ান’ ব্যক্তির খুঁটির জোর কোথায়? সুপ্রিম কোর্টের ওই রায়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন, সরকার যাকে ইচ্ছা তাকে আইন সচিব নিয়োগ দেবে। ওই রায়ের পরে আজ পর্যন্ত প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট নয়, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই আমরা চার চার জন দায়িত্বপ্রাপ্ত আইনসচিব পেলাম। এই অবৈধ নিয়োগগুলোর বৈধতা চ্যালেঞ্জযোগ্য। আমরা অবৈধভাবে দায়িত্বপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অসাংবিধানিক নিয়োগ অবিলম্বে বাতিল দাবি করি। (শেষ)মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]