প্রধানমন্ত্রী, শান্তিটা বাংলাদেশেও দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতে সরকারের সাফল্য ও জনগণের ভোগান্তিপ্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে বেশ জোরের সঙ্গেই বিদ্যুৎ খাতে তাঁর সরকারের বিশাল সাফল্য দাবি করেন। তিনি বলেছেন, সরকারের সুষ্ঠু পরিকল্পনা, অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার কারণেই এবারের রোজা ও ঈদে মানুষ লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে রেহাই পেয়েছিল। তাঁর এ বক্তব্য পুরোপুরি বেঠিক নয়। অন্যান্য বছরের সঙ্গে তুলনা করলে এবার রোজা ও ঈদে বিদ্যুতের উৎপাদন রেকর্ড ছাড়িয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেখানেই থেমে থাকেননি। এরপর তিনি যা বলেছেন, তার অর্থ দাঁড়ায়: একদা এ দেশে যে লোডশেডিং ছিল, সে কথা যাতে মানুষ ভুলে না যায়, সে জন্য তিনি সকালে এক ঘণ্টা ও রাতে এক ঘণ্টা করে লোডশেডিং করার নির্দেশ দিয়েছেন পিডিবিকে। এ ধরনের কথাবার্তা জনগণের প্রতি সরাসরি অবজ্ঞা। অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী এসব কথা বললে লঙ্কাকাণ্ড ঘটে যেত। কিন্তু আমাদের দেশের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীদের বক্তব্যে জনমনে খুব একটা প্রতিক্রিয়া দেখা যায় না। তাদের গা-সওয়া হয়ে গেছে। ক্ষমতায় থাকতে নেতা-নেত্রীরা যা অবশ্যকর্তব্য মনে করেন, বিরোধী দলে গেলে তা-ই পরিত্যাজ্য। আবার বিরোধী দলে থাকতে যা অত্যন্ত লোভনীয়, বিরোধী দলে গেলে সেটাই হয় অসূয়া ও অপছন্দের।প্রধানমন্ত্রী দেশবাসীকে লোডশেডিংয়ের স্মৃতি না ভোলার সুপরামর্শ দিয়ে জাতিসংঘে চলে গেলেন, দেশে এখন কত ঘণ্টা লোডশেডিং চলে, একবার তার খোঁজ নিলে দেখতে পেতেন, পিডিবির কর্মকর্তারা দিনে অন্তত চার-পাঁচ ঘণ্টা লোডশেডিং করছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বিদ্যুৎ খাতে উন্নয়নের যে ফিরিস্তি দিয়েছেন, তার সঙ্গে বাস্তবের মিল কতটা আছে বা আদৌ আছে কি না, সেটা বিচার করবে জনগণ। বিদ্যুতে সরকারের অভাবনীয় সফলতা সত্ত্বেও চট্টগ্রামের কারখানাগুলো দিনে ১২ ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে গ্যাসের অভাবে। গত বৃহস্পতিবার দৈনিক সমকাল ‘বিদ্যুৎ উৎপাদনে ধস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ‘গত ৪ আগস্ট রেকর্ড উৎপাদিত হয় ছয় হাজার ৩৫০ মেগাওয়াট। রমজান মাসজুড়ে উৎপাদিত হয়েছে গড়ে সাড়ে ছয় হাজার মেগাওয়াটের বেশি। গত ২০ আগস্ট ঈদের পর থেকেই উৎপাদন কমতে শুরু করে। গতকাল (বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটায় উৎপাদিত হয়েছে মাত্র পাঁচ হাজর ৩২০ মেগাওয়াট। অর্থাৎ উৎপাদন কমেছে এক হাজার মেগাওয়াট। পিডিবির হিসাবেই গতকাল লোডশেডিং ছিল এক হাজার ২৩০ মেগাওয়াট। বাস্তবে এই পরিমাণ দুই হাজার মেগাওয়াটের বেশি।’ প্রতিবেদনে আরও বলা হয়, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল দিনে দুই ঘণ্টা পর পর বিদ্যুৎ চলে যায়। রাতেও লোডশেডিং থেকে রেহাই মেলেনি।’ (সমকাল, ২৭ সেপ্টেম্বর ২০১২)।এর কারণটা কী? প্রধানমন্ত্রী যে বললেন, লোডশেডিংয়ের স্মৃতি যাতে মানুষ মনে রাখে, সে জন্য দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ তিনি দিয়েছেন। এখন দিনে চার-পাঁচ ঘণ্টা লোডশেডিং হচ্ছে, সেটি কার নির্দেশে? যেখানে দেশের অর্ধেক মানুষ বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত, সেখানে এ ধরনের কথাবার্তা তাদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। প্রধানমন্ত্রী বলেছেন, রোজার এক মাসে মানুষকে পর্যাপ্ত বিদ্যুৎ দিয়েছেন, তাঁদের রোজা রাখতে বা নামাজ পড়তে কষ্ট হয়নি, খুবই ভালো কথা। কিন্তু রোজার পরই লোডশেডিংয়ের অসহনীয় অত্যাচার শুরু হলো কেন? দিনে কেন এক হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন কমে গেল? বিদ্যুৎ দপ্তরে এখন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা থাকলেও এর পূর্ণ মন্ত্রী প্রধানমন্ত্রী স্বয়ং। সে ক্ষেত্রে বিদ্যুৎ খাতের সাফল্যের কৃতিত্ব যেমন তিনি দাবি করতে পারেন, তেমনি ব্যর্থতার দায়ও তাঁকে নিতে হবে। একটা কথা মনে রাখা প্রয়োজন। বিএনপি ক্ষমতা ত্যাগ করেছে ২০০৬ সালে। এখন ২০১২ সাল। ছয় বছর পর বিএনপি বিদ্যুৎ খাতে কিছু করেনি, সেই পুরোনো রেকর্ড বাজালে মানুষ আশ্বস্ত হবে না। এই রেকর্ডটি ২০০৯-১০ সালে যথার্থ ছিল। গত পৌনে চার বছরে সরকার ভাড়াভিত্তিক কিছু কেন্দ্র স্থাপন ছাড়া বিদ্যুৎ খাতে কতটা অগ্রগতি সাধন করেছে? প্রায় সবগুলো বড় বিদ্যুৎ প্রকল্পই তো মাঝপথে থেমে আছে। কেবল পদ্মা সেতু নয়, বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের অর্থায়নও আটকে আছে। আগামী শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা না হয় তুলমানমূলক কম হবে। কিন্তু পরবর্তী গ্রীষ্মের মৌসুমে? অধিকাংশ ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাবে। বড় কেন্দ্রগুলো উৎপাদনে যাওয়ার সম্ভাবনা কম। যান্ত্রিক ত্রুটির কারণে পুরোনো কেন্দ্রগুলোর অবস্থা শোচনীয়।তা হলে কি সরকারের দিনবদল নিষপ্রদীপ মহড়ার মধ্যেই চলবে? প্রধানমন্ত্রীর শান্তির মডেল ও বাংলাদেশপ্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউইয়র্কে। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বিশ্বব্যাংক, আইএমএফ থেকে শুরু করে খোদ জাতিসংঘের সংস্কার দাবি করেছেন। তাঁর এ দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের যাঁরা কর্তাব্যক্তি, আমেরিকা নামের যে ক্ষমতাধর দেশটি পেছন থেকে কলকাঠি নাড়ছে, তারা কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা আদৌ আমলে নেবে? আমরা হলফ করে বলতে পারি, নেবে না। বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকার যে ক্ষমতা, আমাদের জাতীয় প্রেক্ষাপটে আওয়ামী লীগপ্রধান ও বিএনপিপ্রধানের ক্ষমতা তার চেয়ে একটুও কম নয়। আওয়ামী লীগ ও বিএনপিতে দলীয় সংস্কারের দাবি করেছিলেন দুই দলের অনেক জাঁদরেল নেতা। কিন্তু শেখ হাসিনা ও খালেদা জিয়া তা আমলে নেননি। প্রধানমন্ত্রী, এখন সংস্কারকাজটি ঘর থেকেই শুরু করতে পারেন। তারপর আমেরিকা, জাতিসংঘ ও বিশ্বব্যাংককে বলতে পারব, আমরা সংস্কার করেছি, তোমরাও করো। জাতিসংঘ সাধারণ পরিষদ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশনে নীতিনির্ধারণী ভাষণ দিয়েছেন। ‘পিস কিপিং এ ওয়ে ফরোয়ার্ড টুয়ার্ডস সাসটেইনেবল পিস অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক অধিবেশনে সভাপতির ভাষণে তিনি টেকসই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রকে শান্তি বিনির্মাণে ভ্রাতৃত্ব আরও দৃঢ় করে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রায় দেড় শ কোটি মানুষ এখনো সংঘাতপূর্ণ দেশগুলোতে বসবাস করছে। উন্নয়ন রিপোর্ট ২০১১ অনুযায়ী, নিম্ন আয়ের দেশগুলো এর থেকে বেরিয়ে আসতে পারছে না। অথবা সংঘাতের কারণে এমডিজি বা মিলিয়ন ডেভেলপমেন্ট গোলস অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। টেকসই শান্তি ও উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ সব সময়ই জাতিসংঘের সব শান্তি উদ্যোগের পাশে রয়েছে।প্রধানমন্ত্রীর এ বক্তব্য নিয়ে তাত্ত্বিক বিতর্কে যাব না। আসলেই কি জাতিসংঘ বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ নিতে পেরেছে? তা হলে আফগানিস্তানে কেন বিদেশি আগ্রাসন চলছে? কেন ইরাক রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে? আত্মরক্ষার জন্য পশ্চিমা দেশগুলো বা ইসরায়েল পারমাণবিক অস্ত্র বানাতে পারলে ইরান কেন পারবে না? যেকোনো দুটি দেশের যুদ্ধ কিংবা দেশের অভ্যন্তরে গৃহযুদ্ধ অবসানে শান্তিরক্ষী বাহিনী পাঠানো টেকসই শান্তির লক্ষণ নয়। যথার্থ শান্তি হলো, এসব দেশে যুদ্ধ ও গৃহযুদ্ধ হওয়ার কারণগুলো দূর করা। এ কাজ করার মুরোদ ও সাহস কোনোটাই জাতিসংঘের নেই। বিশ্ব শান্তি মডেলের প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের স্বপ্ন হলো একটি গণতান্ত্রিক, মুক্ত এবং সাম্যের সমাজ। আমরা চাই একটি জনগণের স্বর্গ, যেখানে জনগণের কণ্ঠস্বর শোনা হবে এবং মর্যাদা পাবে। আমরা এমন একটি বিশ্বসমাজ চাই, যেখানে সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ায় জনগণ থাকবে চালকের আসনে।’ (সূত্র: শেখ হাসিনার ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগের ক্রোড়পত্র, ২৮ সেপ্টেম্বর, ২০১২)। শেখ হাসিনার এ শান্তির মডেলের সঙ্গে কেউ দ্বিমত করবেন না। পৃথিবীর কোনো শান্তিকামী মানুষই সংঘাত-সংঘর্ষ চায় না, যুদ্ধ চায় না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এ সত্যটি আরও বেশি জরুরি। এখানে রাজনৈতিক সংঘাত-সংঘর্ষ, হিংসা-বিদ্বেষ ও সন্দেহ-অবিশ্বাসের কারণে সাধারণ মানুষের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পদে পদে মানুষের শান্তি বিঘ্নিত হচ্ছে। শান্তি বিঘ্নিত হচ্ছে দারিদ্র্য, অপুষ্টি, অশিক্ষার কারণেও। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর গভীর আগ্রহের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, শান্তিটা বাংলাদেশের জন্যও দরকার। কীভাবে আসবে সেই শান্তি? শান্তির অন্যতম শর্ত সমঝোতা, সংলাপ। কিন্তু আমাদের রাজনীতিতে সেটি পুরোপুরি অনুপস্থিত। দুই দলেই একে অপরের বিরুদ্ধে রণ-হুংকার ছাড়ছে। প্রধানমন্ত্রী যখন জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ববাসীকে শান্তির ললিত বাণী শোনাচ্ছেন, তখন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্র আহ্বান নিয়ে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগের সাংসদ আবদুল লতিফ বিশ্বাসের অনুসারীরা লঙ্কাকাণ্ড বাধিয়েছেন। মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা আবদুল লতিফের ওপর হামলা চালান। তাঁর দাবি, ‘মহিউদ্দিন চৌধুরী ছাত্রলীগ ও যুবলীগ নামধারী সন্ত্রাসী দিয়ে আমার ওপর হামলা চালিয়েছেন।’ তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিকার চাইবেন বলে জানিয়েছেন। অন্যদিকে মহিউদ্দিনের সমর্থকেরা বলেছেন, ‘সাংসদ লতিফ বিশ্বাস ভাড়াটে লোক দিয়ে জনরোষ থেকে বাঁচতে এ ঘটনা ঘটিয়েছেন।’এটি বিএনপি বা জামায়াতের কেউ করলে আওয়ামী লীগের নেতারা বলতেন, দেশের শান্তি ও গণতন্ত্র নস্যাৎ এবং যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু এখন তাঁরা কী বলবেন? মহিউদ্দিন চৌধুরী বা লতিফ বিশ্বাস দুজনই শেখ হাসিনার দিনবদল ও শান্তির মডেলের সমর্থক।চট্টগ্রামের ঘটনাটি বিচ্ছিন্ন নয়। যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আছে, সেখানেই নানা অঘটনের সৃষ্টি।আবদুল লতিফ বিশ্বাস প্রধানমন্ত্রীর কাছে প্রতিকার চেয়েছেন। তিনি জাতিসংঘ থেকে ফিরে এলে কী করেন, আমরা তার অপেক্ষায় থাকব। তিনি বিশ্বব্যাপী শান্তির যে মডেল দিয়েছেন, বিশ্বনেতারা তা আমলে আনবেন কি না, জানি না। কিন্তু দেশের ভেতরে তাঁর অনুসারী আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা যে আমলে নেবেন না, তা নির্দ্বিধায় বলতে পারি।  সোহরাব হাসান: কবি, সাংবাদিক। sohৎ[email protected]