পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের পাট চুকে গেছে প্রায় মাস খানেক আগে। সরে গেছে এডিবি ও জাইকা। এর পর থেকে এ নিয়ে প্রথম আলোর কয়েকটি শিরোনাম ও খবরের কিছু দিক ও সারসংক্ষেপ বিবেচনায় নিলে এই প্রকল্পের গতি-প্রকৃতি সম্পর্কে কিছুটা আঁচ-অনুমান করা যাবে। বিশ্বব্যাংক অধ্যায় শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা জানলাম, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে চায় সরকার’ (প্রথম আলো, ২ ফেব্রুয়ারি)। আরও জানলাম, নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত থাকলেও প্রয়োজনে মালয়েশিয়া, চীন ও ভারতের আর্থিক সহায়তা নেওয়া হবে। ৪ ফেব্রুয়ারি সংসদে বিবৃতি দিয়ে অর্থমন্ত্রী নিজস্ব অর্থায়নে তিন বছরে পদ্মা সেতু হবে বলে জানালেন। বললেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সেতু বাস্তবায়নের কাজ এই অর্থবছরেই শুরু করবে এবং তিন বছরের মধ্যেই সেতু নির্মাণ সম্পন্ন হবে।’ মাঝে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বাংলাদেশ সফরে এলেন, তখন আমরা জানলাম যে ভারত সরকার পদ্মা সেতু নির্মাণে ২০ কোটি ডলার মঞ্জুর করেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রথম কিস্তির পাঁচ কোটি ডলারের চেকও দিয়ে গেছেন (প্রথম আলো, ১৮ ফেব্রুয়ারি)। এরপর পদ্মা সেতু নির্মাণের জন্য ১৮০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রার মজুত বরাদ্দ রাখার কথা সাংবাদিকদের জানালেন অর্থমন্ত্রী। তিনি বললেন, চীন থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, একমাত্র ভরসা ছিল মালয়েশিয়া, কিন্তু ওদের কাছ থেকে অর্থ নিলে খরচ পড়বে অনেক বেশি (প্রথম আলো, ২৫ ফেব্রুয়ারি)। ‘মালয়েশিয়ার অর্থে সেতু হচ্ছে না’—এই শিরোনামের অপর একটি প্রতিবেদন বলছে, মালয়েশিয়ার কাছ থেকে সেতু নির্মাণের পর বিনিয়োগ করা অর্থ সুদসহ ফেরত দিতে হবে কয়েক গুণ বেশি। এ অবস্থায় মালয়েশিয়ার প্রস্তাব নিয়ে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় (২৭ ফেব্রুয়ারি)।পদ্মা সেতু বানাতে কেউ টাকাপয়সা দেবে বা পাওয়ার কোনো আশা আছে, এমন কোনো ভরসা এই খবরগুলো থেকে আমরা পেলাম না, ভারতে ২০ কোটি ডলার ছাড়া। পদ্মা সেতু ৩০০ কোটি ডলারের একটি বড় প্রকল্প। এ জন্য বৈদেশিক মুদ্রায় দরকার অন্তত ২০০ কোটি ডলার। সম্ভবত সে কারণেই অর্থমন্ত্রী বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাকি ১৮০ কোটি ডলার আলাদা করে রাখার কথা বলেছেন। পদ্মা সেতু নিয়ে এত খবরের ভিড়ে একটি ছোট্ট খবরে যোগাযোগমন্ত্রীর একটি বক্তব্য চোখে পড়েছে। শরীয়তপুরে এক অনুষ্ঠানে তিনি বললেন, ২ মার্চ প্রধানমন্ত্রী পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করবেন। সেই ২ মার্চে প্রধানমন্ত্রী বললেন, ‘আমরা আবারও দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, আপনারা মে মাস নাগাদ ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজে আমাদের পদক্ষেপের সত্যিকার প্রতিফলন দেখতে পাবেন।’ তিনি জানালেন, এ জন্য আগামী চার অর্থবছরে বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা পদ্মা সেতু নির্মাণে ব্যয় হবে। ধাপে ধাপে এ কাজ শেষ করা হবে। পদ্মা সেতুতে অর্থায়নের জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে, বিদেশি কোনো দেশ বা দাতাদের সহায়তা পাওয়া না গেলে নিজস্ব অর্থায়নেই এই সেতু নির্মিত হবে।যোগাযোগমন্ত্রীর বক্তব্যে আমরা ধরে নিয়েছিলাম যে ২ মার্চ পদ্মা সেতুর ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বক্তব্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। কিন্তু তেমন কিছু আমরা পেলাম না, সংশয়ও দূর হলো না। একদিকে তিনি নিজস্ব অর্থায়নের কথা বলেছেন, অন্যদিকে বলেছেন যে অর্থ জোগাড়ের চেষ্টা চলছে। পদ্মা সেতু শুধু বাংলাদেশের জন্যই নয়, যেকোনো দেশের বিবেচনাতেই একটি বড় প্রকল্প। এ ধরনের প্রকল্প শুরুর জন্য আর্থিক নিশ্চয়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখনো বিদেশি কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত না হয়ে এবং বছর বছর বাজেট থেকে অর্থ বরাদ্দ দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন কতটুকু বাস্তবসম্মত—এ প্রশ্ন থেকেই যাচ্ছে। আর দুই মাসের মধ্যে টেন্ডার-প্রক্রিয়া সম্পন্ন করার যে কথা প্রধানমন্ত্রী বললেন, সেটাই বা কীভাবে সম্ভব?যেকোনো বড় প্রকল্পের কাজ শুরুর জন্য এর পুরো অর্থ কোথা থেকে ও কীভাবে আসবে এবং খরচ হবে (টেকনিক্যাল ভাষায় যাকে পূর্ণাঙ্গ ‘ফিন্যান্সিয়াল ক্লোজ’ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে) তা চূড়ান্ত করা অবশ্য করণীয় একটি বিষয়। এখনো যেখানে অর্থ জোগাড়ের চেষ্টা চলছে; দেশের অর্থ, না বিদেশের অর্থ—এটাই চূড়ান্ত হয়নি, তখন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই প্রকল্পের টেন্ডার-প্রক্রিয়া কীভাবে আগামী ‘দুই মাসের মধ্যে’ শেষ করা যাবে, তা বুঝতে আমরা অক্ষম। যেকোনো প্রকল্পের ক্ষেত্রে এই ‘ফিন্যান্সিয়াল ক্লোজ’ হচ্ছে সহজ ভাষায়, সব আর্থিক নথিপত্র চূড়ান্ত করা (the date when all financial documents are executed and conditions precedent have been satisfied or waived)। এসব চূড়ান্ত হওয়ার আগে পদ্মা সেতু নিয়ে এগিয়ে যাওয়ার যে কথা বলা হচ্ছে, তা কতটা বাস্তবসম্মত, তা জানতে চেয়েছিলাম সাবেক সচিব ও ‘ফিন্যান্সিং লার্জ প্রজেক্টস’ গ্রন্থের সহরচয়িতা এম ফাওজুল কবির খানের কাছে। তিনি বললেন, ‘আমাদের মনে রাখা জরুরি যে পদ্মা সেতুর মতো বড় স্থাপনা নির্মাণে সক্ষম ঠিকাদারি প্রতিষ্ঠানের সংখ্যা সারা বিশ্বে ১০টির বেশি হবে না। তার মধ্যে এই এশিয়া অঞ্চলে কাজ করতে আগ্রহী হবে—এমন প্রতিষ্ঠানের সংখ্যা বিবেচনায় নিলে এই সংখ্যা হয়তো পাঁচ হবে। এ ধরনের কোনো প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নেওয়ার আগে বিবেচনা করে দেখবে যে প্রকল্পের পুরো অর্থের নিশ্চয়তা আছে কি না। পদ্মা সেতুর টেন্ডারে অংশ নিতে কাগজপত্র তৈরি করতেই যেকোনো প্রতিষ্ঠানের ১০ থেকে ১৫ মিলিয়ন ডলার খরচ হবে। ফলে নিশ্চিত না হয়ে টেন্ডারে অংশ নেওয়ার ঝুঁকি কেউ নেবে বলে মনে হয় না।’পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ, এ নিয়ে বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহার, বাংলাদেশের অনুরোধে আবার ফিরে আসা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশ্নবিদ্ধ তদন্ত, অভিযুক্ত মন্ত্রীকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে বিশ্বব্যাংকের আপত্তি ও সব শেষে বিশ্বব্যাংক থেকে বাংলাদেশের সরে আসা—এই বিষয়গুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদ্মা সেতু প্রকল্পের ব্যাপারে এক আস্থাহীন পরিস্থিতি তৈরি করেছে। জোড়াতালি দিয়ে অর্থ জোগাড় করে এত বড় প্রকল্প বাস্তবায়ন যেমন দুঃসাধ্য একটি কাজ, তেমনি এই যে আস্থাহীনতার অবস্থা তৈরি হয়েছে, সেটাও এক বড় বাধা। যেকোনো বড় নির্মাতা প্রতিষ্ঠান এখানে কাজ করতে আগ্রহী হওয়ার আগে এই বিষয়গুলো বিবেচনায় নেবে, বিশেষ করে দুর্নীতির অভিযোগ। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো প্রতিষ্ঠানের এই প্রকল্প থেকে সরে যাওয়ার বিষয়টি নানা প্রশ্ন হয়েই ঝুলে থাকবে। বাংলাদেশ যদি শুরু থেকেই নিজেদের অর্থে এই সেতু বানানোর পথ ধরত, তবে বিষয়টি সহজ হতো, এসব প্রশ্ন উঠত না। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিদেশ থেকে অর্থ জোগাড়ের চেষ্টা-তদবির করে শেষ পর্যন্ত নিজের অর্থে সেতু নির্মাণের ঘোষণা বড় কোম্পানিগুলোকে সন্দেহের মধ্যেই ফেলে দেবে। আবার ফাওজুল কবির খানকে উদ্ধৃত করি, ‘কোনো প্রতিষ্ঠানের বোর্ডে যখন বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পের টেন্ডারে অংশ নেওয়ার প্রস্তাব উঠবে, তখন খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টিও আলোচিত হবে যে এই প্রকল্প থেকে বিশ্বব্যাংক, এডিবি বা জাইকার মতো প্রতিষ্ঠানগুলো কেন সরে গেল কেন!’এসব কারণে বড় ও যোগ্য কোনো প্রতিষ্ঠানের পদ্মা সেতুর ব্যাপারে আগ্রহী হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। অথচ পদ্মা সেতু যে ধরনের প্রকল্প, এর নদীশাসনসহ মূল সেতু নির্মাণের কাজে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বড় সেতু নির্মাণ বা এ ধরনের কাজে অভিজ্ঞতা নেই—এমন কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বে সাম্প্রতিক সময়ে নির্মাণকালে ও নির্মাণ-পরবর্তী সেতুধসের বিভিন্ন ঘটনা বিবেচনায় নিলে আমাদের সাবধানী হতেই হবে। একমাত্র চীনেই ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের আগস্ট পর্যন্ত বছর খানেক সময়ে ছয়টি বড় সেতুধসের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার জন্য নির্মাণসামগ্রীর নিম্নমান, যথাযথ নির্মাণ প্রকৌশল পদ্ধতি না মানা ও দুর্নীতিকে দায়ী করা হয়েছে। বহদ্দারহাট ফ্লাইওভার ট্র্যাজেডির কথা নিশ্চয়ই এখনো আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি।নিজেদের অর্থে সেতু বানাতে গেলে একদিকে আমাদের যেমন অর্থের চাপ নিতে হবে, তেমনি এই বড় প্রকল্পটি বাস্তবায়নের চাপও নিতে হবে। যদি ধরেও নিই যে যোগ্য ও দক্ষ কোনো প্রতিষ্ঠানকেই আমরা পাচ্ছি আমাদের পদ্মা সেতু নির্মাণের জন্য, তারপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, সেই প্রতিষ্ঠানটিকে যথাযথভাবে তদারক করা। এটা এক বড় চ্যালেঞ্জ। এর আগে আমাদের এ ধরনের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে বঙ্গবন্ধু যমুনা সেতু। সেখানে বিশ্বব্যাংক ও এডিবির মতো প্রতিষ্ঠান জড়িত থাকায় তদারকির কাজটি সহজ হয়েছে, কারণ শুধু অর্থের জোগান নয়, এ ধরনের কাজ তদারকির কারিগরি দক্ষতা তাদের রয়েছে। এখন এই কাজটি যদি নিজেদের করতে হয় তবে এ ক্ষেত্রে আমাদের সক্ষমতা কতটা রয়েছে সেটাও বাস্তবসম্মতভাবে বিবেচনা করে দেখতে হবে।প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে আমাদের ‘আশ্বস্ত’ হতে বললেন ঠিকই কিন্তু বাস্তবতা তো আমাদের আশ্বস্ত হতে দিচ্ছে না! এ কে এম জাকারিয়া: সাংবাদিক।[email protected]