একটি শিরোনামকে প্রাসঙ্গিক কিংবা অর্থপূর্ণ করে তোলার চ্যালেঞ্জ মনে হচ্ছে সরকারি দলের সামনে। প্রধানমন্ত্রী সব ছাড়লেও চেয়ার ছাড়তে চান না। ১৯৯৪ সালের ৬ ডিসেম্বর ভোরের কাগজে তৎকালীন বিরোধী দলের নেতার বরাতে মুদ্রিত উক্তি ছিল এটি। অবশ্য ‘দলীয় সরকারের’ অধীনে নির্বাচন না করতে আওয়ামী লীগ মনে হচ্ছে, ধারাবাহিকভাবে তাদের অবস্থান স্পষ্ট করে চলেছে। ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ কথাটি এত দিন নির্দিষ্টভাবে শুধু সুরঞ্জিত সেনগুপ্ত বলতেন। এখন আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও বলছেন। সব শেষে তিনি বললেন, নির্বাচনের দুই-তিন মাস আগে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ নিয়ে আলোচনা হতে পারে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। রাজনীতির পুনরাবৃত্তি ঘটে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা চেয়ার সিটিং খেলা চলছে। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকার কথাটি মেনে নিলেন কেন? ওই সরকার তাকে জেলে পুরেছিল বলে? সেটা শেখ হাসিনা তাঁকে স্মরণ করে দিয়েছেন বলেই? যদিও আপাতদৃষ্টিতে এতে বিএনপির কোনো অবস্থানগত পরিবর্তন বোঝায়নি। কিন্তু তদুপরি, প্রতীকী অর্থে হলেও এটা হয়তো বিএনপির নমনীয়তার আভাস। এমনও নয় যে অন্তর্বর্তীকালীন শব্দটি ক্ষমতাসীন দল অধুনা ব্যবহার করছে। বরং ত্রয়োদশ সংশোধনী বাতিলের পরপরই সুরঞ্জিত সেনগুপ্ত নির্দিষ্টভাবে ‘অন্তর্বর্তীকালীন’ শব্দটি ব্যবহার করেছিলেন। ১৯৯৪ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকারের নিষ্ফল বিকল্প খাড়া করেছিল বিএনপি।অন্তর্বর্তীকালীন ও তত্ত্বাবধায়ক কথাটি কম ক্ষেত্রেই সমর্থক অর্থে ব্যবহার লক্ষ করা যায়। তবে আন্তর্জাতিক রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার সেখানেই গঠিত হয়—যেখানে সাংবিধানিক ধারাবাহিকতায় একটা বিচ্যুতি ঘটে। সেদিক থেকে অন্তবর্তীকালীন শব্দের চেয়ে তত্ত্বাবধায়ক শব্দ অধিকতর গ্রহণযোগ্য হওয়া উচিত। স্যার আইভর জেনিংস ১৯৫৮ সালে লিখেছিলেন, ‘ব্রিটিশ সংসদীয় ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কোনো উল্লেখ দেখা যায় না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বলতে কী বোঝায়—ব্রিটেনবাসীর তা বুঝতে অসুবিধা হয় না।’ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে নির্দিষ্টভাবে নির্বাচনকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারই বলা হয়। ভারতের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো শব্দ নেই। কিন্তু নির্বাচনকালীন সরকারের বৈধতা পরীক্ষা করতে গিয়ে ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচনকালীন সরকারকে মোটেই অন্তর্বর্তীকালীন হিসেবে নয়, তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই স্বীকৃতি দিয়েছেন। ভারতীয় বিশেষজ্ঞ এমভি পাইলির সাম্প্রতিক গ্রন্থ কেয়ারটেকার গভর্নমেন্ট হোয়াট অ্যান্ড হোয়াই? সুতরাং বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার শব্দটির প্রতি হঠাৎ অরুচি আর যইি হোক, জনস্বার্থে নয় বলেই ধরে নিতে হবে। নামকরণ বিতর্ক খুব জরুরি নয়। বিদায়ী সিইসি ড. এ টি এম শামসুল হুদা নির্বাচনকালে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব ইসিকে দেওয়ার কথা বলেছিলেন। এটা স্মরণ করিয়ে দিচ্ছে আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ আজাদের একটি উক্তি। ১৯৯৪ সালের ২৩ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ক্ষমতাহীন প্রধানমন্ত্রীর স্বপদে থাকার প্রস্তাব দিয়ে বিএনপি সংবিধানকে অপমান করেছে।’ সময় টিভিতে এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘নব্বই দিনের জন্য সিইসির হাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ন্যস্ত করলেই তো সমস্যা মিটে যায়!’ কারণ কিন্তু ভোরের কাগজ-এর ওই শিরোনাম। ড. কামালের যুক্তি, মূল ক্ষমতাটা তো একজনের, মানে প্রধানমন্ত্রীর হাতেই থাকে। সাবেক সিইসি আবু হেনা মাছরাঙা টিভিকে কয়েকটি মন্ত্রণালয়ের ক্ষমতা ইসির হাতে ন্যস্ত করার প্রস্তাবকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন। তবে একটি বিষয়ে পরিষ্কার হয়েছে এবং হচ্ছে, ‘বর্তমান ব্যবস্থায়’ দলীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তবে সাবেক সিইসি ড, হুদার মতে কিছু শর্ত মানলে তা সম্ভব। কিন্তু এখনো পর্যন্ত সাবেক ইসি যে প্রস্তাব সরকারের কাছে দিয়ে গেছে, তাতে আমরা মনে করি না যে তাদের বর্ণিত ‘বর্তমান ব্যবস্থা’ এমনভাবে বদলে যাচ্ছে—যাতে দলীয় প্রধানমন্ত্রী নির্বাচনকালে ক্ষমতায় থেকেও কোনো প্রভাব খাটাতে পারবেন না। নতুন সিইসি রকিব উদ্দিন আহমেদ ও তাঁর সহযেগিরা চাইলে জাতির সামনে নতুন কোনো গ্রহণযোগ্য সূত্র দিতে পারেন। কারণ এই টিমে আইন কমিশনের অনারারি সদস্য আবদুল মোবারক আছেন। আইন বিষয়ে তাঁর জানাশোনা, অনুরাগ ও নিষ্ঠা গভীর বলেই জানি। তাঁরা নিশ্চয় দুই বড় দলের ফাঁকিটা ধরতে পারবেন যে এরা উভয়ে এমনভাবে একটা নির্বাচন করতে চান, যাতে ওই ‘চেয়ার’ আগের মতোই পাকাপোক্ত থাকে। ওটা প্রয়োজন হলে ৯০ দিনের জন্য অন্যকে বসতে দেওয়ার ঝুকি নেওয়া চলে; কিন্তু তাই বলে ‘চেয়ার’কে শ্রীহীন কিংবা আমজনতার শরিকানামূলক করা যাবে না। প্রধানমন্ত্রীশাসিত সরকারকে প্রধানমন্ত্রীশাসিত নির্দলীয় কিংবা প্রধানমন্ত্রীশাসিত অন্তর্বর্তীকালীন সরকার করা যাবে। কিন্তু সর্বাবস্থায় প্রধানমন্ত্রীশাসিত রাখতেই হবে। তবে সুরঞ্জিত সেনগুপ্ত এখন যদি দয়া করে তাঁর ‘নির্দলীয় সরকারের’ রূপরেখাটা পরিষ্কার করেন, তাহলে বেঁচে যাই। ২৬ ফেব্রুয়ারি তিনি তাঁর গ্রামে গিয়ে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এর মানে কী। তিনি কিন্তু আমাদের বলছেন, মন্ত্রী মানে সমষ্টিগত, তাঁর কথা ব্যক্তিগত নয়। তিনি যে ‘দায়িত্ব’ নিয়ে বলছেন সে কথাও তিনি অকপটে বলছেন।সবচেয়ে লক্ষণীয় ছিল, সিইসি ড. হুদার বক্তব্যের পর রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিক্রিয়া। তিনি গত ৪ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেছিলেন, সিইসি যথার্থ বলেছেন। শর্তসাপেক্ষে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে। আমি আগেও বলেছি, তত্ত্বাবধায়কের বিকল্প হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা তৈরি করা যেতে পারে। প্রয়োজনে সেটিকে আইনে পরিণত করা সম্ভব। একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ এম কে আনোয়ার স্মরণ করিয়ে দিয়েছেন, সিইসি (ড. হুদা) আগে বলেছিলেন, তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন বলছেন, শর্তসাপেক্ষে দলীয় সরকারের অধীনে হতে পারে। নতুন সিইসির কাছ থেকে এখন আমাদের বুঝতে হবে, তাদের প্রস্তাবিত মন্ত্রণালয়গুলো কী করে নির্বাচনকালে নির্বাচন কমিশন পরিচালনা করবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, চারটি মন্ত্রণালয়ের ওপর কমিশনের কর্তৃত্ব বাড়ানোর জন্য কমিশন যে সুপারিশ করেছে, সেটা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। কমিশনের কাজ নির্বাচন করা। সেটা সংবিধানে বলা আছে। নির্বাহী বিভাগের ওপর তাদের কর্তৃত্ব সংবিধান অনুমোদন করে না। তাই পঞ্চপাণ্ডবের হালনাগাদ অবস্থান পরিষ্কার করাটা জরুরি। এম সাখাওয়াত হোসেন বিদায়বেলায় যুক্তি দিয়ে গেছেন, ‘বর্তমান কমিশন যা করেছে, তাতে ভবিষ্যতে নিরপেক্ষ নির্বাচন করা অসম্ভব হবে না। জোর করে ভোট দেওয়ার দিন শেষ হয়ে গেছে।’ মুহম্মদ ছহুল হোসাইন বলেছেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার আগে তিনটি কারণে দেশ অস্থির ছিল। প্রথমত ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, দ্বিতীয়ত কালোটাকার ব্যবহার, তৃতীয়ত পেশিশক্তির প্রয়োগ। আমরা এই তিনটি শক্তি দূর করার চেষ্টা করছি। যে কারণে সংসদ নির্বাচনসহ পরের সব নির্বাচন সুষ্ঠু হয়েছে।উল্লিখিত বক্তব্যের ভিত্তি রয়েছে। তবে আংশিক। পুরো সত্য দাবি করা হলে তা হাস্যকর হবে। তাঁদের কথার ভিত্তিতে এটা বলা যায় না যে ক্ষমতা হস্তান্তর কিংবা সাধারণ নির্বাচন নিয়ে অঘটনের দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশে এখনো গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ঘটেনি। বরং নতুন করে মুখ দেখাদেখি বন্ধের বাতাস বইছে। কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানেরই এ কথা জোর দিয়ে বলার সময় আসেনি যে তারা নির্বাহী বিভাগকে টেক্কা দিতে পারে। বা যেকোনো অশুভ প্রভাব প্রতিহত করা শুধু তাদের ইচ্ছা-অনিচ্ছার ওপর যথেষ্ট মাত্রায় নির্ভর করে। সামগ্রিকভাবে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তেমন কোনো শক্তি সঞ্চয় করতে পারেনি। দুদক, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন যেভাবে ধুঁকে ধুঁকে চলছে, সেখানে হঠাৎ নির্বাচন কমিশন নামে একটি সাংবিধানিক সংস্থা দাবি করে বসবে, তারা দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে ছাড়িয়ে গেছে—সেটা হতে পারে না। শুধু সার্চ কমিটি দিয়ে ঢুকেছেন বলেই শ্রেষ্ঠত্ব দাবি করা যে যাবে না, সেটা তারা বিলক্ষণ বুঝবেন। এখন যেটা দেখার সেটা হলো, ক্ষমতাসীন দলের ধ্যান-ধারণার বাইরে এসে মৌলিক কী চিন্তাভাবনা তাঁরা হাজির করতে পারেন। ড. কামাল হোসেন আগ্রহভরে বললেন, জার্মানির হামবোল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেরকেল ঢাকা সফর করে গেলেন। তিনি বাংলাদেশ সংবিধানে রাজনৈতিক দলের উল্লেখ শিথিলভাবে থাকার দিকে অঙুলি নির্দেশ করেছেন। সত্যি বলতে কী, বর্জনমুক্ত সংসদ চাই। সে জন্য মার্কিন ক্যাম্পেন ফিন্যান্স অ্যাক্টের মডেলে দলগুলোর হিসাব-নিকাশ ও অভ্যন্তরীণ নির্বাচনের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব দেখাতে হবে ইসিকে।দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—বিদায়ী সিইসির এ ধরনের বক্তব্যকে ক্ষমতাসীন দল তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেনি, এটা চূড়ান্ত বিচারে আমাদের ইসির দুর্বলতাকেই নির্দেশ করে। গলাকাটা পাসপোর্টের মতো দেশে আবারও নির্দলীয় সরকার আসছে! কিন্তু সেটার প্রতিষ্ঠার মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস থাকলেও তা আসলে স্বস্তি নয়, একটা লজ্জা। এই বোধটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কথাটিতে ইতিমধ্যেই মতৈক্য প্রতিষ্ঠিত। ১২ মার্চের বিরোধীদলীয় তামাশা ম্লান করতে সবচেয়ে ভালো হয় রাষ্ট্রপতি যদি এখনই অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নে সংলাপ আহবান করেন। তখন সেখানে প্রধান বিরোধী দলের কাছ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের লিখিত রূপরেখা আশা করব। বিএনপিকে বলতে হবে—কোন প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার-প্রধান নিযুক্ত হবেন। এখন এই দায়িত্ব তাঁদের ওপর বর্তেছে। যদিও ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ বিষয়ে সরকারি দলকেই প্রস্তাব আনতে হবে। আমরা বলব, এ কথা বলা বিরোধী দলের দায়িত্ব হতে পারে না। মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]