প্রবৃদ্ধির পাশাপাশি বৈষম্য বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমরা জেনে আনন্দিত হই, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমবিকাশমান। এখন এ হার ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। ফলে অনেকেরই আয় বাড়ছে, কর্মসংস্থান হচ্ছে। ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান চাহিদা দেশের শিল্প আর ব্যবসাকেও করছে চাঙা। দেশের অর্থনীতি চাঙা হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতিও হচ্ছে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ধনী-দরিদ্রের ব্যবধান ক্রমেই বেড়ে চলেছে।
একটি বাংলা দৈনিকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এ দেশের ১০ শতাংশ লোক এক-তৃতীয়াংশ সম্পদের মালিক। আর বিবেচনাহীন শুল্ক ও করনীতির কারণে রাষ্ট্রের কোষাগারে বড় যাঁরা জোগানদার, তাঁরা দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণি। সরকারের রাজস্ব আয় প্রধানত পরোক্ষ করের ওপর নির্ভরশীল। ২০১৫-১৬ সালে প্রায় দেড় লাখ কোটি টাকা রাজস্ব আহরণে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক থেকে আয়ের অনুপাত মোটা দাগে যথাক্রমে ৩৪, ৩৫ ও ২৯ শতাংশ। ভ্যাট ও শুল্ক পরোক্ষ কর। এটা চাপে মূলত ভোক্তার ঘাড়ে। ভোক্তাদের মধ্যে দারিদ্র্যসীমার নিচের মানুষেরাও আছেন। তাঁদেরও সয়াবিন, কেরোসিন তেল, দেশলাইয়ের মতো সামগ্রী কম হলেও কিনতে হয়। আর এর সবগুলোতে রয়েছে ভ্যাট এবং কোনো কোনোটিতে আমদানি শুল্ক। আয়কর নীতি এমনভাবে করা, যাতে প্রকৃতপক্ষে মধ্যবিত্ত শ্রেণির মাঝেই সর্বোচ্চ হার বহাল থাকে। বিত্তশালীরাও এ হারেই কর দিচ্ছেন। তা ছাড়া, তাঁদের জন্য রেয়াত বহুবিধ। দেশের ধনিক শ্রেণি মূলত তৈরি পোশাকশিল্পের সঙ্গেই জড়িত। পোশাক রপ্তানিকালে নস্যি পরিমাণ কর নিয়ে নিষ্পত্তিকৃত বলে গণ্য হয়। ক্রমবিকাশমান মৎস্য খাতের অবস্থাও একই রকম। এ অবস্থা চলছে অনেক খাতেই। সুতরাং আয়কর বাবদ তাদের অবদান খুব কম, এমনটা বলা চলে।
আয়করের হিসাবটা একটু তলিয়ে দেখলে সুস্পষ্ট হবে এ দেশের ধনিক শ্রেণি কীভাবে উচ্চ আয়ের বেড়াজাল মধ্যবিত্তের মাঝেই সীমিত রেখেছে। বছরে আড়াই লাখ টাকার ওপর আয় হলেই কর। আর সাড়ে ১৭ লাখের ওপর হলে তা ২৫ শতাংশ। সাড়ে ৪৭ লাখ টাকার ওপর হলে ৩০ শতাংশ। এটাই সর্বোচ্চ। অথচ সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে অধিক আয়ের লোকদের ৫০ শতাংশ করারোপ করা যৌক্তিক। এমনটা আছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। করমুক্ত আয়সীমাও সেখানে অনেক বেশি। যুক্তরাষ্ট্রে ৯ হাজার ২২৫ ডলার আর যুক্তরাজ্যে ১১ হাজার পাউন্ড। ভারতের অবস্থা অনেকটা আমাদের কাছাকাছি। তবে সেখানে দরিদ্র শ্রেণির জন্য একটি জোরালো নিরাপত্তাবলয় রয়েছে। তা সত্ত্বেও সে দেশে আয়বৈষম্য আমাদের চেয়ে বেশি বলে মনে করা হয়। ইউরোপের দেশগুলো এবং যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সেখানকার মানুষের আয়ের অনুপাতে খুবই কম। কম দামে তাঁরা কিনতে পারেন চাল, রুটি, চিনি, মুরগি, ডিম, দুধ ও দুগ্ধজাত পণ্য। উৎপাদক পর্যায়ে ভর্তুকি দিয়ে আর বাজার নিবিড় তদারকির মাধ্যমে তারা ভোক্তাদের এ সুযোগ নিশ্চিত করছে।
প্রশ্ন আসে, ঢাকায় মাসে এক লাখ টাকা আয়ের লোককে আমরা কোন শ্রেণিতে ফেলব? উচ্চমধ্যবিত্ত বলার সুযোগ নেই। একটি গাড়ি রাখারও সামর্থ্য নেই তাঁদের। বাড়িভাড়া, চিকিৎসা, সন্তানদের লেখাপড়া সবকিছু মিলিয়ে একধরনের টানাটানিতেই চলে তাঁদের সংসার। অথচ বছরে আয়কর দিতে হয় ১ লাখ ২৫ হাজার টাকা। তাঁরাও আয়ের একটি ধাপের জন্য ২০ শতাংশ কর দেন। বছরে এ শ্রেণির লোকদের গড় আয়কর ১ লাখ ২৫ হাজার টাকা। অর্থাৎ মাসে ১০ হাজার টাকার ওপর। প্রাতিষ্ঠানিক কাঠামোয় যাঁরা আয় করেন, তাঁদের কর ফাঁকি দেওয়ার সুযোগই নেই। অপ্রাতিষ্ঠানিক খাতে বহু টাকা আয় করেও সরকারকে কর দিচ্ছেন না, এমন আছেন অনেক।
বর্তমানে চালু অর্থনৈতিক ব্যবস্থায় মধ্যবিত্ত শ্রেণি কার্যত বিলুপ্ত হতে চলেছে। এদের একটি ক্ষুদ্র অংশ উচ্চবিত্ত কিংবা উচ্চমধ্যবিত্তের কাতারে স্থান নিচ্ছেন। আর অনেকেই যাচ্ছেন নিম্নবিত্তের কাতারে। অথচ মধ্যবিত্ত শ্রেণি একটি সমাজের অতি গুরুত্বপূর্ণ অংশ। এটি
যত বিস্তৃত ও সমৃদ্ধ হয়, তত শক্তিশালী হয় সে সমাজের ভিত। স্থিতিশীল থাকে সমাজব্যবস্থা। সমৃদ্ধি হয় টেকসই। আর এ ধরনের একটি সমাজব্যবস্থা গড়তে আবশ্যক সুশাসন। দেশের শাসনব্যবস্থায় যাঁরা থাকেন, তাঁরা এসব বিষয় বিবেচনায় না নিলে সামাজিক অস্থিতিশীলতাসহ নানা সমস্যার আশঙ্কা থাকে। তবে যাঁরা এটা করবেন, তাঁদের শ্রেণি চরিত্র এখানে অতি গুরুত্বপূর্ণ।
আমাদের রাষ্ট্রের প্রকৃতি গণতান্ত্রিক। এখানে জাতীয় সংসদে শ্রেণিগত প্রতিনিধিত্ব বিবেচনায় নিলে দেখা যাবে স্বাধীনতার আগে ব্যবসায়ীদের অনুপাত ছিল ১০ শতাংশের নিচে। ১৯৭৯ সালে তা হয়ে যায় ২৮ শতাংশ। এখন ৫০ শতাংশে দাঁড়িয়েছে। তাদের শ্রেণি চরিত্রের প্রভাব রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হবে, এটা স্বাভাবিক। আর তা হচ্ছেও। তাঁরা যেহেতু রাজনীতি নিয়ন্ত্রণের মূল ভূমিকায়, তাই রাষ্ট্রের কর রাজস্ব নির্ধারণসহ অন্যান্য আর্থিক সুবিধা নিজেদের অনুকূলে নেওয়ার ব্যবস্থা সহজেই করতে পারেন। ফলে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ধনী ও দরিদ্রের আয়ের অনুপাত। বিষয়টির অশুভ প্রভাব সমাজে পড়তে শুরু করেছে। পূর্বে উল্লিখিত বাংলা দৈনিকটিতে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে ১৯৮০-৯০ সালে দেশে গড় প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৭ শতাংশ। গিনি সহগ ছিল শূন্য দশমিক ৩ শতাংশ। ২০০১-১০ সময়কালে প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ হলে সে গিনি সহগ দাঁড়ায় শূন্য দশমিক ৪৫। এখন এটা আরও বাড়ার কথা। গিনি সহগের মান ১ হলে ধরে নিতে হয় বৈষম্য চরমে পৌঁছেছে। এখনই ব্যাপক পদক্ষেপ না নিলে বৈষম্য সেদিকেই যাবে। উল্লেখ্য, গিনি সহগ ধারণাটি ইতালির পরিসংখ্যানবিদ ও সমাজবিজ্ঞানী কোরাদো গিনি ১৯১২ সালে দিয়েছেন। এটা এখনো প্রাসঙ্গিক।
রাষ্ট্রের ধনিক শ্রেণি কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকায় রয়েছে। তবে দুর্বল শাসনব্যবস্থার জন্য নিজেদের স্বার্থে বঞ্চিত করছে জনগণকে। ব্যক্তি ও সামষ্টিক উভয় দিক দিয়ে এটা প্রযোজ্য। শাসনব্যবস্থায় তাদের ব্যাপক প্রভাব। তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানির সঙ্গে জড়িত ব্যক্তিদের সংগঠন বিজিএমইএ ভবন প্রসঙ্গটি এখানে আলোচিত হতে পারে। এখানে জমি নেওয়া থেকে শুরু করে নির্মাণ—সব স্তরেই একাধিক আইন লঙ্ঘন করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট এটাকে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন। আর এ জন্য ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের একতরফা দোষও বোধ হয় দেওয়া যায় না। এর সঙ্গে সহযোগী ছিলেন রাজনৈতিক নেতারাসহ সরকারি কর্মকর্তারা। এ বেআইনি কাজের কোনো স্তরে কেউ আপত্তি করেছেন, এমনটা আমরা শুনিনি। ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী ফলকে আমাদের দুজন নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম আছে। তাঁরা জমির প্রকৃত মালিকানা কিংবা আইনকানুন বিষয়ে এতটা ধারণা না–ও রাখতে পারেন। তবে তাঁদের ঘিরে তো একদল সরকারি কর্মকর্তা থাকেন। থাকেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবেরা। বেআইনি বিষয়টি থেকে কেউ কি দায়মুক্তি পান? সুপ্রিম কোর্টের নির্দেশে র্যাং গস ভবন ভাঙা হয়েছে। ভাঙা হবে বিজিএমইএ ভবন। এ ধরনের কত স্থাপনা আছে তার বিহিত করবেন কারা? এটা তো সরকারের নির্বাহী বিভাগের নৈমিত্তিক দায়িত্ব। এ ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কিংবা সচেতন সহযোগিতায় জনগণের সম্পদ চলে যাচ্ছে ব্যক্তিবিশেষ বা গোষ্ঠীর হাতে, এতে কোনো সন্দেহ নেই। এগুলোও সে বৈষম্য সৃষ্টিতে ভূমিকা রেখে চলেছে।
তবে আশার কথা, বাংলাদেশ সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করছে ক্রমবর্ধমান হারে। অন্যান্য সামাজিক নিরাপত্তাবলয়েরও বিকাশ ঘটছে। সামাজিক খাতে বাংলাদেশের এ বিনিয়োগ দক্ষিণ এশিয়ায় উল্লেখ করার মতো। তবে এর সুফল ভোগ করতে হলে সুশাসন নিশ্চিত করতে হবে। শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বাড়লেও শিক্ষার মান নিম্নমুখী। স্বাস্থ্য খাতে বিনিয়োগের যথাযথ সুফলও জনগণ ভোগ করছে না। অন্যান্য সামাজিক নিরাপত্তাবলয়েরও বণ্টনব্যবস্থায় বড় গলদ রয়েছে। এগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারলে আয়বৈষম্য কমে যাবে বলে আশা করা যায়। তবে দুর্ভাগ্যজনকভাবে কর ও জিডিপির অনুপাত আমাদের দেশে খুবই কম। বর্তমানে মাত্র ১০ দশমিক ৩ শতাংশ। আয়বৈষম্য কমাতে হলে এটাও আরও বেশ কিছু বাড়ানো দরকার। আর আয়কর খাত ঢেলে সাজিয়ে প্রকৃত উচ্চ আয় ভোগীদের থেকে যৌক্তিক পরিমাণে আয়কর আদায় করা উচিত।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]