প্রবৃদ্ধির হার বাড়ছে কিন্তু বৈষম্য কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

১০ ফেব্রুয়ারি পরিকল্পনামন্ত্রী দাবি করেছেন ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার প্রকৃতপক্ষে ৬ দশমিক ৫৫ শতাংশ হয়েছে, ৬ দশমিক ৫ শতাংশ নয়। এখন বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১৩১৬ ডলার, মানে আগে ঘোষিত ১৩১৪ ডলারের চেয়ে
দুই ডলার বেশি। অন্যদিকে অর্থমন্ত্রী ঘোষণা দিয়ে চলেছেন যে ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশে পৌঁছাবেই।
মাথাপিছু জিডিপি কিংবা জিডিপির প্রবৃদ্ধির হার বাংলাদেশের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সুসংবাদ বহন করছে। অতএব, সরকার রাজনৈতিকভাবে এর ফায়দা তুলবে, সেটাই স্বাভাবিক। কিন্তু, আমি আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য সম্পর্কে আবারও দেশবাসীর

দৃষ্টি আকর্ষণ করছি। অর্থমন্ত্রী মহোদয়ও স্বীকার করেছেন যে দেশের আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য হ্রাসে এখনো তেমন সাফল্য অর্জিত হয়নি।
সম্প্রতি অক্সফাম সুইজারল্যান্ডের দাভোসে অবস্থিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে উপস্থাপিত একটি গবেষণা প্রতিবেদনে দাবি করেছে, বিশ্বের অর্ধেক জনসংখ্যা, মানে ৩৬০ কোটি মানুষের কাছে যে সম্পদ রয়েছে, তার সমপরিমাণ সম্পদ রয়েছে শীর্ষ ৬২ জন ধনাঢ্য ব্যক্তির কাছে। মাত্র দুই বছর আগে তারা বলেছিল, ৮৫ জন শীর্ষ ধনী ব্যক্তির কাছে বিশ্বের অর্ধেক সম্পদ জমা হয়ে গেছে। গত দুই বছরে সম্পদ বণ্টনের বৈষম্য বৃদ্ধি দ্রুততর হওয়ায় এখন ব্যক্তির সংখ্যা কমে ৬২ জনে দাঁড়িয়েছে। আরেকটি পরিসংখ্যান জানান দিচ্ছে, বিশ্বের ধনাঢ্য ১ শতাংশ জনগণের কাছে বাকি ৯৯ শতাংশ জনগণের সম্মিলিত আয় ও সম্পদের চেয়ে বেশি আয় ও সম্পদ পুঞ্জীভূত হয়ে গেছে। এই অবিশ্বাস্য আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য বৃদ্ধির প্রবণতা যে তথাকথিত ‘মুক্তবাজার অর্থনীতির’ ছদ্মবেশধারী পুঁজিবাদের অবশ্যম্ভাবী পরিণতি, সেটা কিছুদিন আগে স্মরণ করিয়ে দিয়েছেন ফরাসি অর্থনীতিবিদ টমাস পিকেটি। সে জন্যই তাঁর আলোড়ন সৃষ্টিকারী বই ক্যাপিটাল ইন দ্য টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি বেস্ট সেলারের মর্যাদা অর্জন করেছে।
পিকেটি কার্ল মার্ক্সের কঠোর সমালোচক হওয়া সত্ত্বেও তাঁর বইয়ের শেষে এসে স্বীকার করেছেন, এই ক্রমবর্ধমান আয় ও সম্পদবৈষম্যের মূল কারণ যেহেতু বিশ্বের মোট আয় বণ্টনে শ্রমিকের ভাগ দিন দিন কমে গিয়ে পুঁজিপতিদের হিস্যা বেড়ে যাওয়ার প্রবণতা, তাই রাষ্ট্র যদি শক্ত হাতে আয় পুনর্বণ্টনের দায়িত্ব পালন না করে, তাহলে মানবজাতি চরম বিপদে পড়বে। পিকেটি উপসংহারে প্রস্তাব করেছেন, একটি শক্তিশালী বিশ্ব সংস্থাকে সারা বিশ্বের ধনাঢ্য পুঁজিপতিদের ওপর করারোপের ক্ষমতা দিয়ে ওই ‘গ্লোবাল ট্যাক্সের’ রাজস্ব দিয়ে বিশ্বের দেশে দেশে আয় পুনর্বণ্টনে নানা ব্যয়ের ব্যবস্থা গড়ে তোলা হোক।
এই প্রস্তাবটি বর্তমানে অবাস্তব ঠেকলেও দেশের ধনাঢ্য পুঁজিপতি ও সক্ষম করদাতাদের কাছ থেকে কর ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আহরণ করে কার্যকর আয় পুনর্বণ্টন ব্যবস্থা গড়ে তুলেছে ইউরোপের কল্যাণ রাষ্ট্রগুলো। সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি ও ডেনমার্ক এ ব্যাপারে উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে জিডিপির প্রায় ৩৫-৪০ শতাংশ আয়কর এবং প্রোপার্টি ট্যাক্সের মাধ্যমে সংগ্রহ করে তা ব্যয় করা হচ্ছে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, বেকার ভাতা, পরিবেশ সংরক্ষণ এবং আয়-পুনর্বণ্টনমূলক অন্যান্য খাতে। বোঝা যাচ্ছে, রাষ্ট্রকে শক্ত হাতে ‘বৈষম্য নিরসনকারী প্রবৃদ্ধি’ অর্জনের কৌশল অবলম্বন করতে হচ্ছে ওসব দেশে। অথচ মুক্তবাজার অর্থনীতির ধ্বজাধারী যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোতে গত ৩৫ বছরে আয় ও সম্পদবৈষম্য বিপজ্জনকভাবে ক্রমবর্ধমান।
এটা প্রশংসনীয় যে বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে ৬ শতাংশের বেশি হারে জিডিপির প্রবৃদ্ধি অর্জন করে চলেছে এবং এই হার ক্রমবর্ধমান। অবশ্য ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছর ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৮ শতাংশে উন্নীত করার কথা বলা হলেও ৭ শতাংশেও পৌঁছানো যায়নি। বিএনপি এটাকে সরকারের ব্যর্থতা বলে গলাবাজি করলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না করতে পারার পেছনে তাদের দায়ও কম নয় । ২০১৩ সালে এবং ২০১৫ সালের প্রথম তিন মাসে বিএনপি-জামায়াতের যে প্রাণঘাতী তাণ্ডব পুরো দেশকে ভয়ংকর পরিস্থিতিতে নিক্ষেপ করেছিল, যার মূল শিকার ছিল সাধারণ মানুষের পাশাপাশি দেশের অর্থনীতি।
এতত্সত্ত্বেও দেশে যে ২০১৪-১৫ অর্থবছরে ৬ দশমিক ৫৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার অর্জিত হয়েছে, তাকে মোটেও খাটো করে দেখা যাবে না। তবে যে কথাটা জোর দিয়ে বলা প্রয়োজন তা হলো, দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের তাণ্ডব যদি কমানো যেত তাহলে জিডিপি প্রবৃদ্ধির হার কমপক্ষে আরও ১ শতাংশ বেশি হতো। ২০০৯ সালে ক্ষমতাসীনদের বিরুদ্ধে যে অভিযোগ অনায়াসেই করা যায় তা হলো, দুর্নীতি ও পুঁজি লুণ্ঠন কমানোর ব্যাপারে সরকারের সদিচ্ছা কিংবা কঠোর দৃষ্টিভঙ্গি আজও পরিলক্ষিত হচ্ছে না। মন্ত্রী, সাংসদ, অন্যান্য নেতা-কর্মী বা তাঁদের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত আমলা ও ঠিকাদার-ব্যবসায়ীদের দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের দায়ভার সরকারকেই নিতে হবে।
বিশ্বব্যাংকের দৃষ্টিভঙ্গির সঙ্গে তাল মিলিয়ে আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০১০-২০১৫) উন্নয়ন দর্শন ঘোষিত হয়েছিল ‘দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি কৌশল’ অবলম্বন করা হবে। ওই পরিকল্পনা প্রণয়নে দিকনির্দেশনা প্রদানের জন্য গঠিত ‘প্যানেল অব ইকোনমিস্টস’-এর অন্যতম সদস্য ছিলাম আমি। আমার অবস্থান ছিল বিশ্বব্যাংকের ওই কৌশল একটা ফাঁকিবাজির নামান্তর, ওতে হবে না। আমাদের দেশের জন্য সরাসরি বৈষম্য নিরসনকে উন্নয়নের দর্শন হিসেবে গ্রহণ করতে হবে, কারণ ১৯৭৫ সাল থেকে এ দেশের সরকারগুলো ‘মুক্তবাজার অর্থনীতির’ ডামাডোলে শরিক হয়ে ব্যক্তি খাত ও বাজারীকরণকে আঁকড়ে ধরার ফলে এ দেশে আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য বেড়ে বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে।
ওয়াকিবহাল মহলের অজানা থাকার কথা নয় যে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে বা খানা আয় ও ব্যয় জরিপ মোতাবেক এ দেশের আয়বৈষম্য পরিমাপক গিনি সহগ ২০০৫ সালে শূন্য দশমিক ৪৬৭ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং ২০১০ সালের একই জরিপে ওই সহগ শূন্য দশমিক ৪৬৫-এ রয়ে গেছে। তার মানে ওই পাঁচ বছরে আয়বৈষম্য আর না বাড়লেও কমানো যায়নি। (২০১৫ সালের হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের ফল এখনো পাওয়া যায়নি)। কোনো দেশের গিনি সহগ শূন্য দশমিক ৫ অতিক্রম করলে ওই দেশকে ‘উচ্চ আয়বৈষম্যের দেশ’ হিসেবে চিহ্নিত করা হয়। আমরা তার কাছাকাছি পৌঁছে গেছি। ২০১০ সালের উপাত্ত মোতাবেক এ দেশের ১০ শতাংশ ধনী ব্যক্তি দেশের ১০ শতাংশ দরিদ্র জনগোষ্ঠীর ১৮ গুণ বেশি আয় ও সম্পদের মালিক। ১৯৭০ সালে পাকিস্তানে ২২টি কোটিপতি পরিবারের কথা বলা হতো, যারা রাষ্ট্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের শিল্প-বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল। ওই ২২ পরিবারের মধ্যে দুটো পরিবার ছিল পূর্ব পাকিস্তানের, এ কে খান ও ইস্পাহানি (অবাঙালি)। ওই বাংলাদেশেই বাংলাদেশ ব্যাংকের হিসাব মোতাবেক ২০১৫ সালে কোটিপতির সংখ্যা ৫৭ হাজার অতিক্রম করেছে। গত ২৬ জানুয়ারি ২০১৬ তারিখে অর্থমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছেন, দেশে এক কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট রয়েছে লক্ষাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যে একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছে গিয়ে পুঞ্জীভূত হয়ে যাওয়ার বিপৎসংকেত পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে সরকারের কি কোনো করণীয় নেই?
তারা কি ভুলে গেছে, বাংলাদেশ সাংবিধানিকভাবে একটি ‘গণপ্রজাতন্ত্র’ এবং ২০১০ সালের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের মাধ্যমে সংবিধানে এই রাষ্ট্রের চারটি মূল নীতির মধ্যে আবার সমাজতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে? তাই বৈষম্য নিরসনকারী প্রবৃদ্ধিকেই দেশের উন্নয়নের মূল দর্শন হিসেবে গ্রহণ করতে হবে এবং প্রতিটি উন্নয়ন পরিকল্পনায়, বাজেটে সুস্পষ্ট নীতি ও কর্মকৌশল ঘোষণা করতে হবে, প্রতিবছর গিনি সহগকে কতখানি কমিয়ে আনা হবে। ব্রাজিল, নিকারাগুয়া, এল সালভাদর, বলিভিয়া ও চিলির সরকারকে ওই সব দেশে আয় পুনর্বণ্টনের মূল এজেন্টের ভূমিকা পালনে এখন বাধ্য করা হচ্ছে। বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্য খাতের বাজারীকরণ হলো আয়বৈষম্য বৃদ্ধির সবচেয়ে ক্ষতিকর ব্যবস্থা। বাংলাদেশে ১৯৭৫ সালের পর এই দুটো ব্যবস্থাকেই এগিয়ে নিয়ে গেছে সরকারগুলো। তৃতীয় ডাইমেনশনটি হলো ব্যাংকিং ব্যবস্থা এবং চতুর্থটি হলো সরকারি রাজস্ব ও ব্যয় ব্যবস্থা। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সরকারি ব্যয়কে জিডিপির ১ দশমিক ৭৭ শতাংশে নামানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বাস্থ্য খাতের সরকারি ব্যয়ও জিডিপির শূন্য দশমিক ৭ শতাংশে নেমে গেছে। আর এ দেশের দারিদ্র্য সৃষ্টির সবচেয়ে বড় যে কারখানা সে কৃষি খাতেও সরকারি ব্যয় বরাদ্দ কমানোর ব্যবস্থা করা হয়েছে!
টমাস পিকেটির ক্যাপিটাল ইন দ্য টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি বইটিতে যে হাইপোথিসিসটি বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত দিয়ে প্রতিষ্ঠা করা
হয়েছে তা হলো, রাষ্ট্র যদি অত্যন্ত কঠোরভাবে আয় ও সম্পদ পুনর্বণ্টনকারীর ভূমিকা পালন না করে, তাহলে উন্নত-অনুন্নত নির্বিশেষে বিশ্বের সব দেশে আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য বাড়তে বাড়তে দ্রুত বিপজ্জনক স্তরে পৌঁছে যাবে। সাইমন কুজনেৎস যে একপর্যায়ে উন্নত দেশগুলোতে বৈষম্য আর বাড়বে না বলে তত্ত্ব দিয়েছিলেন, সেই ‘ট্রিকল ডাউন তত্ত্বকে’ পুরোপুরি বাতিল করা হয়েছে পিকেটির বইয়ে। পিকেটি মনে করেন, প্রগতিশীল আয়কর ব্যবস্থা, সম্পত্তি কর ব্যবস্থা ও বিশ্বব্যাপী পুঁজির ওপর ‘গ্লোবাল ট্যাক্স’ বসানোর মাধ্যমে এই আসন্ন মহাবিপদ ঠেকানোর প্রয়োজনকে সামনে নিয়ে আসতে হবে। পিকেটি ইউরোপীয় কল্যাণ রাষ্ট্রগুলোকে এ ব্যাপারে তাঁর আদর্শ মনে করেন।
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ‘বৈষম্য নিরসনকারী প্রবৃদ্ধি কৌশল’ কেন গ্রহণ করছেন না?
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।