নিরাপত্তার দোহাই দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তথা তাদের সীমানার মধ্যে বহিরাগত ব্যক্তিদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, তাকে স্বেচ্ছাচারী পদক্ষেপ হিসেবেই বিবেচনা করতে হবে। ৫ জুলাই প্রাধ্যক্ষ কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হলেও সেটি জনগণকে জানানো হয়েছে ৯ জুলাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে জঙ্গি ছায়া আবিষ্কারের পর।
যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব ছিল সেখানকার শিক্ষক, শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তারা নতুন নতুন তত্ত্ব ও তথ্য উদ্ভাবন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি অবরুদ্ধ এলাকায় পরিণত করতে চাইছে। কর্তৃপক্ষের হুকুমনামায় বহিরাগতদের প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হলেও বর্তমান পরিস্থিতিতে এর প্রকৃত লক্ষ্য যে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, সে বিষয়ে সন্দেহ নেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আদেশ শুধু অনৈতিক ও অযৌক্তিক নয়, প্রচলিত আইনেরও পরিপন্থী। সংশ্লিষ্টদের মনে রাখা দরকার, বিশ্ববিদ্যালয় লৌহবেষ্টনীর জায়গা নয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞান ও সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে বাইরের শিক্ষাব্রতী ও সংস্কৃতিসেবীরাও আসেন। উপাচার্য মহোদয় প্রবেশপথে যে নিরাপত্তাচৌকি বসানোর কথা বলেছেন, সেটিও কতটা বাস্তবসম্মত তাও ভেবে দেখার বিষয়। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে বিশাল এলাকাজুড়ে, তার মধ্যে একাধিক গণসড়ক, অফিস ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার আছে। সেসব স্থানে যঁারা যাবেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তঁাদের জন্য কীভাবে পাসের ব্যবস্থা করবে? কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা সংবাদ সম্মেলনে হামলা চালিয়ে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা তা পণ্ড করে দেওয়ার পর দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চলছে। সংবাদ সম্মেলন পণ্ড করার প্রতিবাদ করতে গিয়েও আন্দোলনকারীরা শহীদ মিনারে দ্বিতীয় দফায় নিগৃহীত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো যুক্তি দেখাবে, ক্যাম্পাসে ও শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে যেকোনো নাগরিকের অবাধ চলাচল ও শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকার আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলায় আক্রান্ত ব্যক্তিদের ঠিকুজি না খুঁজে তাদের ওপর যারা লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল, তাদের নাম-পরিচয় জানার চেষ্টা করুক। এই হামলাকারীদের চিহ্নিত ও ব্যবস্থা নেওয়া গেলে শিক্ষক-শিক্ষার্থী কারও নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্বিগ্ন থাকতে হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জবরদস্তির সংস্কৃতি চলছে দীর্ঘদিন থেকেই। যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের ছাত্রসংগঠনই সবকিছু নিয়ন্ত্রণ করে। কে হলে থাকবে কে থাকবে না, সেই সিদ্ধান্তও নিয়ে থাকেন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনটির নেতা-কর্মীরা, যাঁদের কারও কারও ছাত্রত্ব আগেই শেষ হয়ে গেছে। কর্তৃপক্ষ দলান্ধ না হয়ে খোলা চোখে তাকালে দেখতে পেত, আক্রান্ত আন্দোলনকারীদের দ্বারা নয়, আক্রমণকারী ছাত্রলীগ নামধারীদের হাতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেওয়ার কারণে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের মধ্যরাতে বের করে দিতেও কর্তৃপক্ষ দ্বিধা করেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে দিতে চাচ্ছে না, কিন্তু বৈধ সব শিক্ষার্থীর প্রবেশ, হলে থাকা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে পারবে কি?
বিশ্ববিদ্যালয় বন্দিশিবির নয়, মুক্ত জ্ঞানচর্চা ও জ্ঞান তৈরির স্থান। এর আগে নিরাপত্তার দোহাই দিয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সংগঠনগুলোর কার্যক্রম রাত আটটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। প্রতিবাদের মুখে সেই আদেশ তারা বহাল রাখতে পারেনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই অন্যায় ও স্বেচ্ছাচারী আদেশও প্রত্যাহার করতে হবে। নিরীহ আন্দোলনকারীদের বিষয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সব শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে সেখানে কারও প্রবেশাধিকার রহিত কিংবা নিরাপত্তাচৌকি বসানোর প্রয়োজন হবে না।