৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় খন্দকার সুফি সালেক ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভেতর-বাহির’ নামে একটি নিবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি বিভ্রান্তি দূর করার কথা বলে এমন সব কথা বলেছেন, যা প্রযুক্তির কুহক তৈরি করে বিভ্রান্তি আরও বাড়াবে বলেই মনে হয়। তাঁর কথাগুলো নানাভাবে আগে বলা হয়েছে, তার জবাবও দেওয়া হয়েছে নানান সময়।
তারপরও যে কথাগুলো তিনি বলেছেন, চলুন একে একে সেগুলো যাচাই করা যাক। প্রথম কথা দূরত্ব বিষয়ে, যেটা তাঁরা বহুবার বলেছেন। তাঁদের এই দূরত্ববিষয়ক আলাপে প্রথমেই যেটা বোঝা যায়, তাঁরা প্রযুক্তি বিষয়ে কিছু বুঝলেও বুঝতে পারেন, তবে সুন্দরবন বোঝেন না। সুন্দরবন একটা জীবন্ত প্রাকৃতিক সত্তা, যা তার আশপাশের অঞ্চল থেকে বিচ্ছিন্ন নয়। বিশেষত, সুন্দরবনের নদ-নদী ও খালগুলো তার প্রাণরেখা (লাইফ লাইন)। সুন্দরবন পুরোটাই এই জলাভূমিনির্ভর বন, সে কারণেই একে বলা হয় বাদাবন। এগুলো দূষিত হলে গোটা সুন্দরবনই দূষিত হবে। আর রামপাল বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে পশুর নদের মাত্র ২০০ মিটার দূরে। অর্থাৎ পশুর নদ ও তার সঙ্গে যুক্ত হওয়া অন্যান্য খালের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র তৈরির ফলে ক্ষয়ক্ষতি সবদিকেই ছড়িয়ে পড়বে। আর এ রকম বিদ্যুৎকেন্দ্র হলে কী ঘটে, তার উদাহরণ যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফায়েত্তি কাউন্টিতে আছে। সেখানে প্রায় রামপালের আকারের একটা বিদ্যুৎকেন্দ্র করা হয়েছিল, এখানে যেসব আশ্বাস দেওয়া হচ্ছে, ঠিক সে রকম আশ্বাস দিয়েই। কিন্তু বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর দেখা গেল, ৪৮ কিলোমিটার পর্যন্ত পেকান, ওকসহ বিভিন্ন উদ্ভিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু যখন তা জানা গেল, তত দিনে অনেক দেরি হয়ে গেছে। এই বন অপেক্ষাকৃত সরল বাস্তুতন্ত্রের—সুন্দরবনের মতো জল-স্থল-লোনা পানি-মিঠা পানি ইত্যাদির ভারসাম্য রক্ষা এবং জটিল বাস্তুতন্ত্রের সমাহার সেখানে নেই। ফলে এ ধরনের প্রকল্প সুন্দরবনের কাছে চালু হলে এর ভয়াবহ পরিণতি চিন্তাও করা যায় না।
দ্বিতীয়ত, তিনি সুপার ক্রিটিক্যাল ও আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির প্রথম পাঠ পড়িয়ে সুপার/আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে যে দূষণ কম হয়, সেটা বলেছেন। কিন্তু অন্য পদ্ধতির তুলনায় সেটা কতটা কম, তা উল্লেখ করেননি। কেন করেননি? কারণ, আসলে পার্থক্য খুব বেশি নয়। তারপর সেখানে সুপার না আলট্রা সুপার কোন প্রযুক্তি ব্যবহৃত হবে, সেটাও তিনি পরিষ্কার করেননি। ‘আমার দৃষ্টিতে তেমন পার্থক্য নাই’ বলে ফাঁক রেখে দিয়েছেন। একইভাবে আলট্রা সুপার ক্রিটিক্যালের পরেও যে প্রযুক্তি এসেছে, তা নিয়ে কোনো কথা বলেননি। রামপাল প্রকল্পে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা এখন সেকেলে প্রযুক্তিতে পরিণত হয়েছে। সুপার ক্রিটিক্যালের পর আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি এসেছে। তারপর এসেছে অ্যাডভান্সড আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। এর সঙ্গে দূষণ কমানোর অন্যান্য প্রযুক্তিযুক্ত আইজিসিসি বা ইন্টিগ্রেটেড গ্যালিফিকেশন কম্বাইন্ড সাইকেল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে দুটি কয়লাবিদ্যুৎকেন্দ্রে কার্বন ক্যাপচার ও সিকুয়েস্ট্রেশন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। অথচ রামপাল করা হচ্ছে পুরোনো সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে। ফলে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি মিথ্যাচার।
সুপার, আলট্রা সুপার প্রযুক্তি দূষণ দূর করতে পর্যাপ্ত না হওয়ার ফলেই আরও নতুন নতুন প্রযুক্তির উদ্ভব ঘটে। যেগুলোর উল্লেখ আমরা আগেই করেছি এবং সব ধরনের প্রযুক্তি ব্যবহার করার পরও কয়লাবিদ্যুৎ কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কমায় সামান্যই। যেটুকু থেকে যায়, তা-ও সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি। এরপর আসা যাক নাইট্রোজেন ও সালফার দূর করার প্রযুক্তি প্রসঙ্গে। যেখানে তিনি একেবারেই গড় কথাবার্তা বলে কোনো ক্ষতি হবে না বলছেন। সালফার দূর করতে এফজিডি, আর নাইট্রোজেন দূর করতে লো নক্স বার্নার ও ইএসপি ব্যবহারের কথা বলা হচ্ছে। এসসিআর ব্যবহারের গুরুত্বকে খাটো করে উল্লিখিত প্রযুক্তিতেই কাজ হবে বলার চেষ্টা করেছেন তিনি। আসলেই কি তাই?
আসলে নাইট্রোজেন অক্সাইডের মাত্রা কমানো যেতে পারে কিন্তু দূর করা যায় না। সব নিয়ন্ত্রণপদ্ধতি সুচারুভাবে অনুশীলন করলে ৫০ থেকে ৯০ শতাংশ কমানো সম্ভব। সে ক্ষেত্রে কেবল বার্নারের পরিবর্তন যথেষ্ট নয়, পরবর্তী সময়ে পোস্ট কমবাশন টেকনোলজি, যেমন এসসিআর ব্যবহার করতে হয়।
আর যে প্রযুক্তির উল্লেখ তিনি করেছেন তা হলো, কমবাশন টেকনোলজি। অন্যদিকে এসসিআর বা এসএনসিআর আসলে পোস্ট কমবাশন টেকনোলজি। কমবাশন প্রক্রিয়ায় সামান্যই নাইট্রোজেন অক্সাইড নিয়ন্ত্রণ করা যায়, ফলে পোস্ট কমবাশন নিয়ন্ত্রণ জরুরি হয়ে দাঁড়ায়। কোম্পানি যে ধরনের বার্নার ব্যবহার করবে, সেই বার্নার ব্যবহার করে ৮৭ শতাংশ পর্যন্ত নাইট্রোজেন অক্সাইড কমবে বলে দাবি করছে ইআইএ। ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি এবং কিছু কয়লা কোম্পানির যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণায় যে বার্নারের কথা কোম্পানি বলছে, তার নাইট্রোজেন অক্সাইড কমানোর হার ৩৭ শতাংশ। অর্থাৎ কোম্পানির দাবির চেয়ে অনেক কম। ৮৭ শতাংশ হ্রাস করা যাবে ধরে তারা বলছে, এটা গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকবে।
সুন্দরবন অঞ্চলে ৪৮ মাইক্রো গ্রাম/কিউবিক মিটার যে ঘনত্ব ধরা হচ্ছে, তা এখন সুন্দরবনে যে মাত্রায় নাইট্রোজেন অক্সাইড আছে, তার দ্বিগুণের বেশি (১৮ মাইক্রো গ্রাম)। কিন্তু এই হ্রাস করার ক্ষমতা যদি ৩৭ শতাংশ হয়, (যা অন্য বহু গবেষণায়ও সমর্থিত) তাহলে তা এমনকি লোকালয়ের নিঃসরণকে আদর্শ ধরে ৮০ মাইক্রো গ্রামের যে সহনীয় মাত্রা ধরা হয়েছে, তার চেয়েও প্রায় ৩ গুণ বেশি। আসল ঝামেলাটা তৈরি হয়েছে সুন্দরবনকে সংরক্ষিত বনাঞ্চলের আদর্শে না মেপে লোকালয়ের মাপকাঠিকেই তার জন্য গ্রহণযোগ্য ধরায়।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সালফার ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের গুরুত্বপূর্ণ উৎস, যা অ্যাসিড-বৃষ্টি ও ধোঁয়াশা সৃষ্টি করে। নাইট্রোজেনের অক্সাইডগুলো গ্রিনহাউস গ্যাস ও জৈব যৌগের সঙ্গে বিক্রিয়া করে ধোঁয়াশা সৃষ্টি করে, যা উদ্ভিদের প্রাণ ধ্বংস করে। উদ্ভিদকে রোগ ও ঋতুর হেরফেরের ক্ষেত্রে অধিক নাজুক করে। অ্যাজমা, শ্বাসতন্ত্রের ক্ষয়, অকালমৃত্যু ইত্যাদির মাধ্যমে মানুষের ওপর এটা বিরাট স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে।
যখন সালফার ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড পানি, অক্সিজেন ও বাতাসের অন্যান্য রাসায়নিকের সঙ্গে মেশে, তখন অ্যাসিড-বৃষ্টি হয়। এই বিষ আকাশ থেকে বৃষ্টির আকারে একটা বিরাট এলাকাজুড়ে পড়তে পারে, যা উদ্ভিদ ও মাছের মৃত্যু ঘটায়। বনভূমির ক্ষেত্রে এটা উদ্ভিদের সরাসরি ক্ষতি করতে পারে, আবার মাটির পুষ্টিক্ষয় করেও তা করতে পারে।
অন্যদিকে সালফারের দূষণ কমানোর যেসব ব্যবস্থা এবং তার পরিমাণ কমানোর জন্য ধৌতকরণ, পানিতে সেই দূষণ ছড়িয়ে দেয়। এফজিডি পদ্ধতিতে বা স্ক্র্যাবারে যে সালফার বা অন্যান্য উপাদান ধরা পড়ে, তা পানির মাধ্যমে পরিবহন করা হয়, যা আশপাশের অঞ্চলে পানিদূষণ বাড়ায়। নর্থ ক্যারোলিনায় অধিবাসীদের অধিক দূষিত পানি পাওয়ার পরিপ্রেক্ষিতে ডিউক ইউনিভার্সিটি পরিচালিত এক গবেষণায় দেখা যায়, সেখানে এফজিডি ব্যবহারের পর পানির দূষণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এ ছাড়া তিনি উন্নতমানের কয়লা ব্যবহারের কথা বলেছেন, অথচ সেটা এখনো নিশ্চিত নয় এবং আমরা ভারতের পত্রপত্রিকায় তাদের নিম্নমানের কয়লা বাংলাদেশে রপ্তানির সম্ভাবনার কথা দেখছি।
এ ছাড়া তিনি চরম বিষ মার্কারির কী হবে, তা নিয়ে কোনো কিছুই বলেননি। কোল স্লারির দূষণের কী হবে, কয়লা পরিবহন ও ওঠানামা করানোর সময় দূষণের কী হবে, সেগুলোর কোনো উল্লেখ করেননি। অন্যদের বিরুদ্ধে তিনি গুজব সৃষ্টির অভিযোগ করেছেন কিন্তু তাঁর নিবন্ধটি আসলে সত্যানুসন্ধান নয়, আসলে গুজব সৃষ্টির হাতিয়ার।
আবুল হাসান: পরিবেশ গবেষক।