প্রশাসনের উদ্যোগে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শুক্রবার ‘ধর্ষণের শিকার ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার!’ খবরটিতে চোখ আটকে গেল। জানা গেল, রংপুরে ধর্ষণের শিকার মেয়েটি যখন বিচার পাচ্ছিল না, তখন স্কুল কর্তৃপক্ষ তার পাশে তো দাঁড়ায়ইনি, উল্টো প্রধান শিক্ষক তাকে বলে দেয়, সে যেন আর স্কুলে না আসে। একপর্যায়ে খবরটি জানাজানি হয়ে গেলে রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার হস্তক্ষেপ করেন। এরপর মেয়েটি আবার স্কুলে যাওয়া শুরু করে। ধর্ষকও গ্রেপ্তার হয়। অথচ এত দিন পুলিশ তার টিকিটিও ছুঁতে পারেনি। 

এই ঘটনা উল্লেখ করলাম এটা বোঝানোর জন্য যে মাঠপর্যায়ে প্রশাসন উদ্যোগী ভূমিকা পালন করলে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব। এমন উদ্যোগী ভূমিকা পালন করতে যদি আইনি বাধা না থাকে, তাহলে তা করলে ক্ষতি কী? ক্ষতি তো নেই, বরং তাতে বহু মানুষ উপকৃত হবে, ঠিক যেমন হয়েছে এই মেয়ে। জেলা প্রশাসক তো চাইলে চুপচাপ থাকতে পারতেন, কিন্তু তিনি তা থাকেননি। কথা হচ্ছে, জেলা প্রশাসক পদাধিকার বলে যা করতে পারেন, অন্যদের পক্ষে তা করা সম্ভব নয়। ফলে তারা একটু উদ্যোগী হলে সহজেই অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে।
তবে শুধু রংপুরের জেলা প্রশাসকই নন, সম্প্রতি আমরা এমন আরও কয়েকজন পুলিশ ও ক্যাডার কর্মকর্তার কথা শুনেছি, যাঁদের উদ্যোগের কারণে অনেক মানুষ উপকৃত হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানও তেমন নজির স্থাপন করেছেন। গত বছর প্রথম আলোয় প্রকাশিত এক সংবাদ থেকে (‘জীবনের নতুন ঘাটে’) জানা যায়, সাভারের বেদেপল্লি মাদকের স্বর্গরাজ্যে পরিণত হলে পুলিশ তৎপর হয়ে ওঠে। কিন্তু তারা নানা কারণে বেদেপল্লিতে ঢোকার সুযোগ পায় না। তখন এসপি হাবিবুর রহমান এক ব্যতিক্রমী উদ্যোগ নেন। তিনি বেদেপল্লির লোকজনের সঙ্গে আলোচনায় বসেন। বেদেরা নিজেদের দোষ স্বীকার করে নেন। বেদে সরদার বলেন, তাঁরা সমাজের সঙ্গে মিশে সহজ-স্বাভাবিক পেশা নিতে পারছে না। তিনি কথা দেন, স্বাভাবিক পেশা ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারলে মাদক ব্যবসা ছেড়ে দেবেন। এরপর হাবিবুর রহমান তাঁর অধস্তন কর্মকর্তাদের নিয়ে কাজ শুরু করে দেন—কীভাবে এই বেদেদের স্বাভাবিক পেশায় নিয়ে আসা যায়। তিনি বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এ সময় এগিয়ে আসে ব্র্যাক। তারা পুলিশের সহায়তায় বেদে সম্প্রদায়ের লোকজনকে ভিন্ন পেশায় দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু করে। এরপরই বদলে যেতে শুরু করে বেদেদের জীবন।
এ ছাড়া রাজশাহীর সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) শাহাদত হোসেনের মাটির মায়া (এসি ল্যান্ডের ‘মাটির মায়া’) উদ্যোগের কথাও আমরা জানি। তিনি নিজ উদ্যোগে ভূমি অফিসকে জনবান্ধব ও সেবামূলক করে তুলেছেন, যেটি এখন মডেল হিসেবে গণ্য হচ্ছে। আবার কখনো কখনো স্রেফ নৈমিত্তিক কাজ করেও প্রশাসনিক কর্মকর্তারা মানুষের উপকার করতে পারেন। এ বছর যে দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া গেল, তার পেছনে প্রশাসনিক কর্মকর্তাদের বড় ভূমিকা রয়েছে। আমরা এখন সবাই জানি, গত কয়েক বছরে প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখা সম্ভব হয়েছে বলে এ মাছের উৎপাদন বেড়েছে। আর সেটা নিশ্চিত করতে মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা যে উদ্যোগী ভূমিকা পালন করেছেন, তার খবর আমরা কয়জন রাখি। সম্প্রতি ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী প্রথম আলোয় এ নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন (‘ভ্রাম্যমাণ আদালতের সাফল্য’)।
প্রশাসনের ব্যাপারে দেশের মানুষের অভিজ্ঞতা সুখকর নয়। সরকারি দপ্তর থেকে সেবা পাওয়া একরকম হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গেছে। তাই এ রকম ইতিবাচক খবর আমাদের আশাবাদী করে তোলে। গত বছর প্রশাসনিক কর্মকর্তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রসঙ্গে একটি কলাম লিখেছিলাম। তখন এক প্রশাসনিক কর্মকর্তা প্রতিবাদ করে আমাকে বার্তা পাঠিয়েছিলেন, সবাই এ রকম নয়। হ্যাঁ, আমরাও চাই, সবাই যেন ও রকম না হয়।