প্রশ্ন, প্রশ্নপত্র ও শিক্ষকের দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ন্যায়বিচার কী?’—এথেন্সের কোনো এক জমজমাট বাজারে এক বিখ্যাত পণ্ডিতের পথ আটকে তাঁকে এই প্রশ্ন করে সক্রেটিস কি ওই ব্যক্তির কাছ থেকে ন্যায়বিচারের সংজ্ঞা শিখতে চেয়েছিলেন? অবশ্যই না। ওই প্রশ্ন ছিল তাঁর বহুল আলোচিত সক্রেটিক পদ্ধতিতে তর্ক-বিতর্ক শুরু করার একটি অজুহাত মাত্র। ওই প্রশ্ন দিয়ে তিনি তাঁর নিজের, প্রতিপক্ষের এবং চারপাশে ভিড় করে থাকা মানুষজনের ন্যায়বিচার সম্পর্কে এলোমেলো ধারণাকে স্পষ্ট ও সুসংহত করেছেন। ‘কিমাশ্চর্যম?’—সবচেয়ে আশ্চর্যের বিষয় কী? যুধিষ্ঠির যখন যক্ষের এই প্রশ্নের উত্তর দেন, আমরা অনুধাবন করি, আমরা তো জানতাম যে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য ‘মৃত্যু’কে আমরা ভুলে থাকি; কিন্তু কই, এই প্রশ্ন শোনার আগে বিষয়টি তো কখনো এত স্পষ্টভাবে ধরা দেয়নি।

বলা বাহুল্য, এই ধরনের প্রশ্ন করা উত্তর দেওয়ার চাইতেও গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে প্রশ্নটাই মুখ্য হয়ে ওঠে, উত্তর হয়ে যায় গৌণ। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের শেষ কবিতার (প্রথম দিনের সূর্য) দুটো স্তবকে একই প্রশ্ন (কে তুমি?) দুবার করেছেন, কোনো উত্তর দেননি। তিনি নিশ্চয়ই উপলব্ধি করেছিলেন যে ওই প্রশ্ন পাঠকের বোধে যে গভীর সত্যের উন্মোচন করে, উত্তর দিলে তার অনেকটাই ঢেকে যাবে। এই ধরনের প্রশ্ন হচ্ছে শিল্পের মতো।

শিল্পী যেমন তাঁর শিল্পকর্ম দিয়ে যা আমরা প্রতিনিয়ত দেখি বলে দেখি না, তা আবার নতুন করে চমৎকারভাবে আমাদের চোখের সামনে হাজির করেন, তেমনি একজন ভালো প্রশ্নকর্তাও তাঁর প্রশ্নের মাধ্যমে তাঁর নিজের এবং উত্তরদাতার মনের মধ্যে লুকিয়ে থাকা অস্পষ্ট ধারণাগুলোকে স্পষ্ট ও সংহত করেন, এবং ক্বচিৎ-কখনো একেবারে নতুন ধারণারও অবতারণা করে ফেলেন। এ কারণেই সক্রেটিস বলেছিলেন, ছাত্রদের নতুন কিছু শেখানো শিক্ষকের দায়িত্ব নয়। ছাত্র আগে থেকেই সব জানে। সে শুধু জানে না যে সে জানে। শিক্ষকের কাজ হচ্ছে, এই ধরনের প্রশ্ন করে তাকে সেটা জানিয়ে দেওয়া। সক্রেটিস সারা জীবন সেই চেষ্টাই করে গেছেন।

ভালো প্রশ্নকর্তা ও উত্তরদাতার মধ্যে পার্থক্য নির্ণয় করতে গিয়ে একটি অসাধারণ মন্তব্য করেছেন ঔপন্যাসিক নাগিব মাহফুজ। তাঁর মতে, কোনো মানুষ যখন কোনো প্রশ্নের উত্তর দেন, তখন তাঁর বুদ্ধিটাই কেবল পরিমাপ করা যায়, কিন্তু তিনি যখন প্রশ্ন করেন, তখন তাতে তাঁর জ্ঞানের গভীরতা প্রতিফলিত হয়।

এখন প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ের প্রশ্ন কেমন হওয়া উচিত? প্রশ্নকর্তা নিশ্চয়ই ছাত্রের কাছ থেকে কিছু জানার জন্য বা তাকে ফেল করানোর জন্য প্রশ্ন করবেন না। তিনি প্রশ্ন করবেন মূলত দুটো কারণে। প্রথমত, তাঁর ছাত্র এত দিন কী শিখল বা তিনি কী শেখাতে পারলেন, তা যাচাই করার জন্য এবং দ্বিতীয়ত ছাত্রের চিন্তা ও সৃজনশীলতাকে সংহত, পরিশীলিত ও উজ্জীবিত করার প্রয়োজনে।

আমাদের দেশে, এমনকি সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হওয়ার পরও, সাধারণ শিক্ষকেরা প্রশ্নপত্রকে কেবলই জ্ঞান যাচাই করার মাধ্যম হিসেবে বিবেচনা করে আসছেন। কেউ কেউ, এমনকি অনেক বুদ্ধিজীবীও মনে করেন, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হলো ছাত্রকে ফেল করানো। প্রশ্নপত্র সম্পর্কে এ রকম ধারণা নিয়ে প্রশ্ন করতে বসলে প্রশ্নের মান কেমন হবে, তা সহজেই অনুমেয়। আর কেউ যদি ভালো প্রশ্নপত্র তৈরি করতে না পারেন, তাহলে ধরে নেওয়া অমূলক হবে না যে তিনি ভালো পড়াতে বা উত্তরপত্র মূল্যায়ন করতে পারেন না।

কিন্তু সমস্যা হলো, ভালো প্রশ্ন করা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে প্রশ্ন করারই সুযোগ পাচ্ছেন না শিক্ষকেরা। শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট ও কঠিন নির্দেশ থাকা সত্ত্বেও বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এখন বাজার থেকে প্রশ্নপত্র কেনার প্রবণতা বাড়ছে। শিক্ষকস্বল্পতা, আর্থিক অক্ষমতা, প্রশ্নের গোপনীয়তা রক্ষা ইত্যাদি নানা কারণ বা অজুহাত দেখিয়ে তাঁরা প্রশ্ন কেনাবেচা চক্রের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। ফলে সৃজনশীল বিষয়ে তিন, সাত বা বড়জোর বারো দিনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা প্রশ্ন না করতে করতে একসময় প্রশ্ন করার ক্ষমতা হারিয়ে ফেলছেন, মরচে পড়ে যাচ্ছে সৃজনশীল পদ্ধতি সম্পর্কে তাঁদের ধারণায়। ভুলে যাচ্ছেন সংশ্লিষ্ট পাঠদান পদ্ধতি। ফলে উত্তরপত্র মূল্যায়ন করার সময় পরীক্ষার্থীদের প্রতি আর সুবিচার করতে পারছেন না।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা যেসব সমস্যার কথা বলে প্রশ্ন কিনে ফেলেন, সেসব সমস্যা যে নেই, তা নয়। যেমন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষক আছেন সাকল্যে দুজন, কিংবা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর বরইতলি উচ্চবিদ্যালয়ে ৬৯৯ শিক্ষার্থীর জন্য মাত্র পাঁচজন শিক্ষক উদয়াস্ত পরিশ্রম করছেন।

এই রকম কঠিন সমস্যার সহজ সমাধান অবশ্যই প্রশ্নপত্র কিনে ফেলা। তবে সামান্য একটু কষ্ট করলে অন্যভাবেও সমস্যাগুলোর সমাধান করা যায়। যেসব স্কুলের প্রশ্ন করার মতো আর্থিক সামর্থ্য বা শিক্ষকবল নেই, সেই ধরনের কয়েকটি স্কুল মিলে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সহায়তায় একটি সাধারণ প্রশ্ন তৈরি করে পরীক্ষা নিতে পারেন। তাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশটি হয়তো হুবহু মানা হবে না, কিন্তু প্রত্যেক শিক্ষক প্রশ্ন করার সুযোগ পাবেন।

এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে প্রত্যেক শিক্ষককে প্রশ্ন প্রণয়ন করার সুযোগ করে দেওয়া বা তাঁকে প্রশ্নপত্র তৈরি করতে বাধ্য করা। তাঁকে মনে করিয়ে দিতে হবে, তাঁর কার্যপরিধির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রশ্নপত্র তৈরি করা। প্রশ্ন তৈরি করতে করতেই তিনি একদিন উন্নত মানের প্রশ্নপত্র প্রণয়নে পারঙ্গম হয়ে উঠবেন, শ্রেণিকক্ষে তাঁর পাঠদান ফলপ্রসূ হবে, যথাযথ হবে তাঁর উত্তরপত্র মূল্যায়ন।

অনেকেই এখন এমন অভিযোগ করেন যে আমাদের দেশের ছাত্ররা একসময় ছিল ‘শিক্ষার্থী’, তারপর প্রাতিষ্ঠানিক বিদ্যাশিক্ষার পরিধি কমাতে কমাতে তাদের প্রথমে ‘পরীক্ষার্থী’ এবং পরে আরও সংকীর্ণ করে তাদের একেবারে ‘নম্বরার্থী’ বানিয়ে ফেলা হয়েছে। তাতে কোনো দোষ নেই, যদি নম্বর পাওয়ার সঙ্গে সঙ্গে সে শিক্ষাও পায়, অর্থাৎ নম্বর ও শিক্ষা যদি সমার্থক হয়ে ওঠে।

পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থায় প্রায় সমস্ত কার্যক্রম যেহেতু প্রশ্নকে ঘিরেই আবর্তিত হয়, সেহেতু একজন ছাত্র শুধুই নম্বরার্থী হবে, নাকি নম্বরার্থী হওয়ার সঙ্গে সঙ্গে সে শিক্ষার্থীও হয়ে উঠবে, তা নির্ভর করবে প্রশ্নের মান ও ধরনের ওপর।

মোদ্দা কথা, আমাদের শিক্ষার গুণগত মান অনেকটা নির্ভর করছে প্রশ্নের মানের ওপর। কিন্তু ভাড়া করা প্রশ্নকর্তা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। ফলে বর্তমান নম্বরার্থীদের শিক্ষার্থীতে পরিণত করতে চাইলে প্রত্যেক শ্রেণিশিক্ষকের ভালো প্রশ্নকর্তা হয়ে ওঠার কোনো বিকল্প নেই

গোলাম ফারুক: ফলিত ভাষাতত্ত্ববিদ, গবেষক ও শিক্ষক।