যেসব জাতি চিন্তা ও মননে খাঁটিত্ব অর্জন করতে পেরেছে, তাদের শিক্ষার্থীরা সানন্দে শিক্ষা লাভ করে, পরীক্ষার্থীরা মন থেকে পরীক্ষা দিতে চায় বলে কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে বা হতে পারে বলে ভাবেই না। কিন্তু বাংলাদেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া বিরল ঘটনা নয়। বিষয়টি ইংরেজ ঐতিহাসিক লর্ড ম্যাকলের শিক্ষাবিষয়ক ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি অনুসরণে বিসিএস পরীক্ষা থেকে শুরু করে নিচ দিকে গড়াতে গড়াতে পঞ্চম শ্রেণির শিশুদের প্রাথমিক সমাপনী পরীক্ষা পর্যন্ত নেমে এসেছে।
প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় কষ্ট পেয়ে জনপ্রিয় লেখক-শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ‘দোহাই, আমাদের শিশুদের ক্রিমিনাল বানাবেন না’ শিরোনাম দিয়ে হৃদয়ের আর্তি পেশ করেছেন কর্তৃপক্ষের কাছে (যুগান্তর, ২৭/১১/১৪)। তিনি জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন কমিটির সদস্য হিসেবে প্রাথমিক সমাপনী পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। আরেক জনপ্রিয় কথাশিল্পী আনিসুল হক ‘চুপ! প্রশ্নপত্র ফাঁস হয়নি!’ শীর্ষক ব্যঙ্গ নিবন্ধের শেষভাগে প্রাথমিক সমাপনী ও জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন (প্রথম আলো, ২৮/১১/১৪)। এই ধারার তৃতীয় নিবন্ধটিতে (চরণ ঢাকলেই, ‘ধরণী আর ঢাকিতে নাহি হবে’, প্রথম আলো, ৩০/১১/১৪) অধ্যাপক কাবেরী গায়েন কবিগুরুর ‘জুতা আবিষ্কার’ কবিতার দিকে ইঙ্গিত করে প্রশ্নপত্র ফাঁস রোধে কিছু করণীয় বাতলে দিয়েছেন।
লেখাগুলোর প্রতিটিতে লেখকদের প্রশ্নাতীত দেশপ্রেম ও প্রকৃত শিক্ষার প্রতি পরম অনুরাগ প্রকাশ পেয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষা ও শিক্ষার্থীদের এবং পরিণামে সমগ্র জাতির যে অপূরণীয় ক্ষতি হয়, তা অনুধাবন করে পূর্ণ আন্তরিকতা, পরম সততা ও নিষ্ঠা এবং পবিত্র চিন্তা নিয়ে এগোতে হবে; তাহলে কাজটি কঠিন হলেও অসাধ্য থাকবে না। অনেকে ইউরোপ-আমেরিকার উদাহরণ টেনে প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন, দাবি জানিয়েছেন। কিন্তু একজন শিক্ষা গবেষক হিসেবে আমি পরীক্ষাগুলো তুলে দেওয়ার পক্ষে নই। প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য তো নয়ই, আনন্দের সঙ্গে শিশু-কিশোরদের শিক্ষালাভ নিশ্চিত করার জন্যও এসব পরীক্ষা তুলে দেওয়ার দরকার নেই। জরুরি প্রয়োজন পরীক্ষাকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করে ফলাফল, বিশেষ করে জিপিএ-৫-এর পেছনে ছোটাছুটি বন্ধ করা। প্রাথমিক সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেলে তা যে কোথাও বেচে কিছু কেনা যাবে না, তা বোঝা কঠিন বিষয় নয়। তাহলে কি পরীক্ষায় ভালো ফলাফল চাইবেন না শিক্ষক, শিক্ষার্থী আর তাদের অভিভাবকেরা?
অবশ্যই ভালো ফলাফল চাইবেন; কিন্তু জিপিএ-৫-এর পেছনে দৌড়াতে গিয়ে পঞ্চম আর অষ্টম শ্রেণির শেষভাগে নতুন পাঠ্য বিষয় পড়া বাদ দিয়ে শুধু পূর্বপঠিত বিষয়ের প্রশ্নোত্তর আর কোচিংয়ে সময় নষ্ট করতে হবে কেন? স্বাভাবিকভাবে নতুন নতুন পাঠ্য বিষয় পড়ে গেলেই পরীক্ষায় ফলাফল ভালো হওয়ার কথা।
বিশ্বের সব দেশের শিক্ষাব্যবস্থায় তিনটি প্রধান স্তর হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা। প্রতিটি স্তরের শিক্ষায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। প্রাথমিক শিক্ষা ওপরের দুই স্তরের শিক্ষার ভিত রচনা করে বলে এই স্তরে ভিতটা মজবুত করা এবং কতটা মজবুত হলো, তার গ্রহণযোগ্য মূল্যায়ন প্রয়োজন।
ইউরোপ-আমেরিকার বিদ্যালয় প্রশাসন নিজেদের শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান ও মূল্যায়নে যে নির্ভরযোগ্যতা অর্জন করেছে। তাই জাপান, চীন, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো অপেক্ষাকৃত উন্নত এশীয় দেশগুলোতেও ষষ্ঠ শ্রেণির প্রাথমিক শিক্ষা শেষে সমাপনী পরীক্ষা হয়। উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুর অবস্থানকালেই জেনেছি, সেখানে প্রাইমারি স্কুল লিভিং এক্সামিনেশন (পিএসএলই) শিক্ষার্থীদের নিজ বিদ্যালয়েই অনুষ্ঠিত হয়; ষষ্ঠ শ্রেণির শিশুদের দূরবর্তী বিদ্যালয়ে পাঠিয়ে পরীক্ষার খাঁটিত্ব প্রমাণ করতে হয় না। বাংলাদেশেও প্রাথমিক সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে পারে; পরীক্ষাকে খাঁটি রাখার জন্য পরীক্ষকদের অন্য বিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া দরকার। বাংলাদেশ যখন প্রাথমিক শিক্ষাস্তরকে বিশ্বের অধিকাংশ দেশের মতো অন্তত ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করতে পারবে, তখন বিশ্বে খুব কম প্রচলিত জুনিয়র স্কুল/সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষাটি তুলে দেওয়া যাবে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধকল্পে সুনির্দিষ্টভাবে কী কী করা যায়? আন্তরিকতা, সততা ও নিষ্ঠা এবং পবিত্র চিন্তা নিয়ে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার কথা আগেই বলা হয়েছে। প্রথমে দেখতে হবে শিক্ষা বিভাগের কোনো স্তরে কারও মাথায় এমন বাজে চিন্তা ঢুকে আছে কি না যে প্রশ্নপত্র ফাঁস হওয়া তেমন খারাপ কিছু নয়; বরং এ কাজ করে কিছু অর্থ উপার্জন সম্ভব এবং পরীক্ষায় বেশি ভালো ফলাফল দেখানো যেতে পারে (একটি অসম্ভব কল্পনা!)। জাতিবিনাশী এরূপ জঘন্য চিন্তা কারও মাথায় থাকলে তা এই মুহূর্তে ঝেড়ে ফেলতে হবে।
পরবর্তী কাজ হবে প্রশ্ন প্রণয়ন, মডারেশন, কম্পিউটার কম্পোজ, মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণের মতো প্রাথমিক উৎসের প্রতিটি স্তরের সঙ্গে সংশ্লিষ্ট জনবল মনোবৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নিয়োগদান। ফেসবুক, ই-মেইল, মোবাইল মেসেজিং ফাঁস হওয়া প্রশ্নপত্রের গৌণ উৎস বলে জানা যায়। সুতরাং এসব মাধ্যম যদি কোনোভাবে (যেমন কম্পিউটার কম্পোজার বা ট্রেজারির পাহারাদারের কাছ থেকে) প্রশ্নপত্র ফাঁসের প্রাথমিক উপায় হিসেবে ব্যবহৃত হয় শুধু তাহলেই এসব বন্ধ করা প্রশ্নপত্র ফাঁস রোধের একটি উপায় হিসেবে বিবেচিত হতে পারে।
জাতির সামনে অনুসরণীয়-অনুকরণীয় জীবিত মডেলের অভাব বাংলাদেশের জন্য একটি চরম দুর্ভাগ্য। দেশের কলুষিত সামাজিক পরিবেশে চরিত্র ঠিক রাখা পরম নীতিমানদের জন্যও কঠিন হতে পারে। তাই কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে কোন পয়েন্টে কার মাধ্যমে সেটি ঘটেছে, তা বিচার বিভাগীয় তদন্তে উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে পরে এ কাজের সঙ্গে জড়িত কারোর আর চারিত্রিক স্খলন না ঘটে।
ড. আবদুস সাত্তার মোল্লা: শিক্ষা গবেষক এবং ওএসডি, মাউশি অধিদপ্তর।
[email protected]