প্রস্তাবিত বেতনকাঠামো যৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য সুপারিশ করতে গঠিত বেতন ও চাকরি কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পেশ করেছে। সুপারিশের বিস্তারিত খুঁটিনাটি জানা না গেলেও মূল বিষয়াদি কমিশন চেয়ারম্যানের বক্তব্য থেকে জানা গেল। কমিশন সুপারিশ করতে বিবেচনায় নিয়েছে ছয় সদস্যের একটি পরিবারের ন্যূনতম মাসিক ব্যয়ের চাহিদা। পাশাপাশি সরকারি চাকরিকে আকর্ষণীয় করে মেধাবীদের টেনে আনতে প্রণোদনামূলক কিছু ব্যবস্থা। কয়েক বছর পরপরই এ ধরনের কমিশন সরকার গঠন করে। তাদের সুপারিশ আবার পর্যালোচনা করা হয় সরকারের সামর্থ্যের আলোকে। এরপর চূড়ান্ত হয় বিষয়টি। বিগত দুটি কমিশনের প্রতিবেদন কার্যকর হয়েছিল ২০০৫ ও ২০০৯ সালে। এবারেরটি হওয়ার কথা ২০১৫ সালের জুলাই মাস থেকে। আগের দুটির মধ্যে ব্যবধান ছিল চার বছর। আর এবারে তা হতে যাচ্ছে ছয় বছর। সুতরাং, বেতন বৃদ্ধির মাত্রাতেও এর ছাপ থাকাই স্বাভাবিক। উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এ বেতনকাঠামো একই সঙ্গে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান ও সরকারি বিশ্ববিদ্যালয়েও কার্যকর হবে।
সরকারি চাকরিতে মেধাশূন্যতার অভিযোগ অনেক দিক থেকে আসে। এটাকে সর্বাংশে সত্য বলে মেনে নেওয়া যায় না। বেশ কিছু মেধাবী কর্মকর্তা এখনো সরকারি চাকরিতে আছেন। আসতেও চান অনেকে। তবে উপযুক্ত বেতন-ভাতার ব্যবস্থা না থাকায় এটা সেরা মেধাবীদের টানতে পারছে না, এ কথা অস্বীকার করার সুযোগ নেই। মেধাবীদের জন্য কর্মক্ষেত্রের প্রসার ঘটেছে; আর ক্ষেত্রবিশেষে তা দেশের সীমানা পেরিয়ে। তাই আগের মতো উঁচু সরকারি চাকরিকে অনেকেই তাঁদের জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গণ্য করেন না। তবু সরকারি চাকরির ক্ষেত্রে মেধার বিকল্প নেই। প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের সামনে এগোতে হলে একটি দক্ষ সরকারকাঠামো দরকার। সে সরকার অবশ্যই রাজনৈতিক নেতৃত্বে পরিচালিত হবে। তবে কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের। তাই সূচনা থেকে তাঁদের টেনে আনা, যথোপযুক্ত প্রশিক্ষণ, সময়োচিত পদোন্নতি ও যথার্থ পদায়নের মাধ্যমে এ ধরনের একটি দক্ষ কাঠামো তৈরি হতে পারে। তবে এর জন্য উপযুক্ত প্রণোদনা হিসেবে বেতন-ভাতাসহ অন্য সুযোগ-সুবিধা দেওয়ার আবশ্যকতা অপরিহার্য।
বেতন ও চাকরি কমিশন যে সুপারিশ করেছে, তা আপাতদৃষ্টিতে আকর্ষণীয়। মনে হতে পারে দ্বিগুণ হয়ে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা। তবে সুপারিশগুলো সর্বাংশে গ্রহণ করা হলেও উপমহাদেশের অন্য দেশগুলো থেকে আমাদের সরকারি চাকরিজীবীদের বেতন কম হবে। তবে বর্তমান অবস্থা থেকে কিছুটা হলেও উত্তরণ ঘটবে এ সুপারিশ বাস্তবায়িত হলে। এই সুপারিশ বিভিন্ন মহল বিভিন্ন আঙ্গিকে দেখছে। তাদের কারও মতে, এভাবে বেতন প্রায় দ্বিগুণ হয়ে গেলে মূল্যস্ফীতি ঘটবে। কেউবা ভাবছেন, এ বেতন বৃদ্ধিও সরকারি কার্যালয়ের কর্মসংস্কৃতিতে ইতিবাচক অবদান রাখবে না। ঘুষ-দুর্নীতিও চলবে আগের মতোই।
প্রায় দ্বিগুণ বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও প্রকৃতপক্ষে কারও বেতনই দ্বিগুণ হয়ে যাবে না। ইতিমধ্যে দেওয়া ২০ শতাংশ মহার্ঘ ভাতা আর ইনক্রিমেন্টগুলো বেতন নির্ধারণের সময় সমন্বয় করা হবে। তখন বেতন বৃদ্ধির শতকরা হার বেশ কিছুটা নিচে নেমে আসবে। কমিশন চেয়ারম্যানের মতে, তা হবে ৬৩ দশমিক ৭ শতাংশ। তবু প্রস্তাবটি যৌক্তিক পর্যায়ে বেতন বৃদ্ধির, এটাকে অস্বীকার করা যায় না। ২০০৫ সালের পর ২০০৯ সালে বেতন বৃদ্ধির হারও ছিল গড়ে প্রায় ৫০ শতাংশ। সব পরিপ্রেক্ষিত বিবেচনায় সুপারিশটি উদারভাবে করা হয়েছে, এমনও বলার সুযোগ নেই। সংগতভাবেই কমিশন সরকারের সামর্থ্যকে বিবেচনায় রেখেছে। দু-একটি তথ্য বিশ্লেষণ করলে এর যৌক্তিকতা সবারই মেনে নেওয়ার কথা। ২০০৯-১০ সালে রাজস্ব প্রাপ্তির প্রাক্কলন ছিল ৭৯ হাজার ৫০০ কোটি টাকা। ২০১৪-১৫ সালে সে প্রাক্কলনের পরিমাণ ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। অর্থাৎ, এ সময়ে সরকারের রাজস্ব আয় বেড়েছে ১৩০ শতাংশ। গত প্রায় এক দশকের অধিককাল অর্থনীতির গড় প্রবৃদ্ধি ৬ শতাংশের কাছাকাছি হচ্ছে। এ বছরে আমাদের উন্নয়ন ও অনুন্নয়ন উভয় খাতে মোট বাজেট আড়াই লাখ কোটি টাকার ৭৩ শতাংশ জোগান দেওয়ার কথা কর ও রাজস্ব থেকে। এসব বিষয় বিবেচনায় নিলে কমিশনের সুপারিশকে যৌক্তিক ও সময়োচিতই বলতে হবে। এতে সরকারের ব্যয় বাড়বে। তবে এ বৃদ্ধি অতি প্রয়োজনীয়। এ ছাড়া বেতন স্কেলের নিচের ধাপগুলোয় যাঁরা আছেন, তাঁদের রেশন-সুবিধা দেওয়ার দীর্ঘদিনের দাবিটি এর সঙ্গে বিবেচনা করা যায়।
প্রশ্ন থাকে, এতে কর্মসংস্কৃতিতে ইতিবাচক প্রভাব পড়বে কি না? হ্রাস পাবে কি না ঘুষ আর দুর্নীতি? এ বিষয়গুলোর সঙ্গে বেতন বৃদ্ধির সম্পর্ক কিছুটা আছে বটে, তবে বেতন বাড়লেই ঘুষ-দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এমনটা বলা যাবে না। ঘুষ নেওয়ার সুযোগ থাকলে আর যারা তা নেয় বা দেয়, তারা যদি রয়ে যায় বিচারের আওতাবহির্ভূত, সে ক্ষেত্রে এটা বন্ধ হওয়ার আশা করা যায় না। তবে উপযুক্ত বেতন পেলে নেহাতই দায় থেকে যারা এ পথে যায়, তাদের যাওয়ার কথা নয়। বেতন বৃদ্ধি চাকরিজীবীদের সরকারি কাজে মনোযোগী ও সক্রিয় হতে প্রণোদনা হিসেবে কাজ করার কথা। সরকার উদারভাবে তাঁদের জন্য করদাতা জনগণের অর্থ ব্যয় করলে তাঁদেরও জনগণের প্রতি অধিকতর সেবা দিতে সক্রিয় হওয়া উচিত।
বেতনের পাশাপাশি আসে পেনশন প্রসঙ্গ। যাঁরা মাসান্তে পেনশন নেন, বেতন নির্ধারণের সময়ে একই সঙ্গে এটাকেও বৃদ্ধির প্রস্তাব করা যৌক্তিক। তবে তা তাঁদের চাহিদার নিরিখে যথেষ্ট বলে মনে হয় না। তাঁরা একসময় দেশকে সেবা দিয়েছেন। এ সেবার স্বীকৃতিই পেনশন। বার্ধক্যে পেনশনের টাকাটা অনেকের কাছে অতি প্রয়োজনীয়। কারও তো গোটা টাকাই ওষুধ আর চিকিৎসকের পেছনে চলে যায়। তাই বিষয়টি মানবিকভাবে দেখা দরকার। যাঁরা পেনশনের টাকা পুরোটা উঠিয়ে সঞ্চয়পত্র কিনেছেন, তাঁরাও অন্যায্য করনীতির স্বীকার। পেনশনের টাকা আয়করমুক্ত। আর সে টাকা একবারে উঠিয়ে পেনশন সঞ্চয়পত্র কিনলে মুনাফায় দিতে হচ্ছে উঁচুহারে আয়কর। প্রকৃতপক্ষে এ মুনাফা তো মাসিক পেনশনই। এ সঞ্চয়পত্র আয়করমুক্ত কিংবা উৎসে ন্যূনতম নিষ্পত্তিযোগ্য করারোপ করার দাবিকে অযৌক্তিক বলা যাবে না। দেশে বহু টাকা আয় করেও কোনো না কোনো কারণ দেখিয়ে আয়করমুক্ত থেকে যাচ্ছে অনেক খাত। বৃদ্ধ পেনশনজীবীদের এ খাত সামাজিক নিরাপত্তাবলয় বিবেচনায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিতে পারে।
এ বেতন-ভাতা নির্ধারণের সঙ্গে আরও কয়েকটি বিষয় প্রাসঙ্গিক রয়েছে। সরকারি নয় এমন কিছু প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সরকার বেতন-ভাতার জন্য অনুদান দেয়। এর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা। কোনো কোনো সময় বেতন স্কেল কার্যকর করতে এসব বিষয় উপেক্ষিত থাকে। বিলম্বিত হয়। এরূপ বিলম্বিত ও শর্তযুক্ত করা ক্ষোভ সৃষ্টি করতে পারে। তাই একই সঙ্গে এসব প্রতিষ্ঠানেও আনুপাতিক হারে বেতন বৃদ্ধির জন্য সরকারের উদ্যোগ নেওয়া যথোচিত হবে।
বেসরকারি খাতের বেতনের সঙ্গে তুলনা করলে সরকারি খাতে প্রস্তাবিত বেতনকাঠামোও অপর্যাপ্ত বলতে হবে। বেসরকারি খাতের মধ্যম সারির অনেক কর্মকর্তা, প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা মন্ত্রিপরিষদের সচিবের প্রস্তাবিত বেতনের সমান বা বেশি বেতন পেয়ে থাকেন। কেউ বলেন, একটির সঙ্গে অপরটির তুলনা চলে না। বেসরকারি খাতে চাকরির নিশ্চয়তা নেই। সেটা অংশত সত্য হলেও সরকারি খাতে বেতন-ভাতা বেসরকারি খাত থেকে এত নিচে থাকলে প্রতিভাবান ব্যক্তিরা এখানে কেনই-বা আসবেন। বেসরকারি খাতের চেয়ে কম মেধাবীদের দিয়ে কি সরকার চলবে? তাই আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। অর্থনৈতিক অবস্থা সুযোগ করে দিচ্ছে ঘুড়ে দঁাড়ানোর। মেধাবীদের সরকারি চাকরিতে আনতে ও টিকিয়ে রাখতে সরকারের সামর্থ্য অনুসারে সব সুবিধা দেওয়া সংগত। বর্তমান বেতন ও চাকরি কমিশন এসব দিক মাথায় রেখে দীর্ঘ সময় নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। এটা বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় সরকারের সামর্থ্যের মধ্যে থাকার কথা। তাই খুঁটিনাটি কিছু পরিবর্তন সাপেক্ষে বেতনকাঠামো অপরিবর্তিতভাবে অনুমোদন যৌক্তিক ও সময়ের দাবি।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]