
এই দেশ প্রতিষ্ঠার জন্য মানুষ যুদ্ধ করেছে, লাখ লাখ মানুষ হত্যা করেও কোটি কোটি মানুষের লড়াই থামাতে পারেনি দেশি-বিদেশি শত্রুরা। সেই সাহস আর চেতনার ওপরই বারবার দেশের জন্য, মানুষের অধিকারের জন্য এবং প্রাণ, প্রকৃতি ও সম্পদের জন্য যুদ্ধ করতে দেখি এই দেশের মানুষকে। কিশোর-তরুণ-বৃদ্ধ, নারী-পুরুষ, জাতি-ধর্মনির্বিশেষে কেউ পিছিয়ে থাকে না।
এই ধারারই একটি বড় দৃষ্টান্ত ফুলবাড়ী গণ-অভ্যুত্থান। আজ ২৬ আগস্ট ঐতিহাসিক ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের এক যুগ (২০০৬-২০১৮) পূর্তি হচ্ছে। জীবন দিয়ে মানুষের ঐক্য ও অবিরাম প্রতিরোধ দেশকে রক্ষা করেছে, দিয়েছে নতুন দিশা। কিন্তু চক্রান্ত এখনো চলছে, মিথ্যা মামলা দিয়ে আন্দোলনের নেতাদের হয়রানি করা হচ্ছে। তবে ভরসার বিষয়, প্রতিরোধও জারি আছে। সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্পের বিরুদ্ধে সারা দেশের মানুষের প্রতিবাদ-প্রতিরোধ এই শক্তিকে আরও বিস্তৃত করেছে।
কী ছিল ফুলবাড়ী প্রকল্পে, যার বিরুদ্ধে জনগণকে জীবন দিতে হয়েছে, ১২ বছর পরও একটানা প্রতিরোধ জারি রাখতে হচ্ছে? এই প্রকল্প অনুযায়ী বাংলাদেশের জন্য শতকরা মাত্র ৬ ভাগ রয়্যালটি দিয়ে নবগঠিত অনভিজ্ঞ একটি বিদেশি কোম্পানি এশিয়া এনার্জি (এখন নাম জিসিএম) ৬ থানাজুড়ে বিস্তৃত কয়লাখনির পুরো স্বত্ব লাভ করতে চেয়েছিল। শতকরা ৮০ ভাগ কয়লা রপ্তানি করে মুনাফা নিশ্চিত করবার আয়োজন করেছিল। সুন্দরবন পর্যন্ত রেললাইন নির্মাণ করে সুন্দরবন বিপর্যস্ত করে সেই কয়লা রপ্তানি হতো, তার আয় পুরোটাই পেত কোম্পানি। আর সেই রেললাইন নির্মাণের খরচ জোগাতে হতো বাংলাদেশের ভাগের সেই ৬ শতাংশ রয়্যালটি থেকে! উন্মুক্ত খনির মাধ্যমে তিন ফসলি এবং বাংলাদেশের শস্যভান্ডার বলে পরিচিত অঞ্চল ধ্বংস করে কয়লাসম্পদও নিয়ে যেত লুটেরা গোষ্ঠী। কয়েক লাখ মানুষকে উদ্বাস্তু হতে হতো। দেশের আবাদি জমি, পানিসম্পদ ও মানুষের সর্বনাশ করে শতকরা মাত্র ৬ ভাগ রয়্যালটি দিয়ে দেশের কয়লা বিদেশে পাচারের এই প্রকল্পকেই ‘উন্নয়ন প্রকল্প’ বলে ঢোল পেটানো হয়েছিল।
কোনো বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও বাংলাদেশের ফুলবাড়ী কয়লাখনি দেখিয়ে এশিয়া এনার্জি (জিসিএম) লন্ডনে শেয়ারব্যবসা করছে প্রায় ১৩ বছর ধরে। এর মধ্যে চারটি সরকার ক্ষমতায় থেকেছে, কোনো সরকারই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। এ পর্যন্ত বিভিন্ন সরকারের উদ্যোগে বেশ কয়টি কমিটি করা হয়েছে। ড. নুরুল ইসলামের নেতৃত্বে কমিটি করা হয়েছিল ২০০৬ সালে, ২০০৭ সালে আবদুল মতিন পাটোয়ারীর নেতৃত্বাধীন এবং ২০০৮ সালে সেটির পর্যালোচনা কমিটি, ২০১১ সালের মোশাররফ হোসেন কমিটি। বিভিন্ন ধরনের চাপ ও কূটকৌশল থাকা সত্ত্বেও কোনোটিই এশিয়া এনার্জির ফুলবাড়ী কয়লা প্রকল্পের পক্ষে দাঁড়ানোর যুক্তি পায়নি।
ফুলবাড়ী, সুন্দরবনসহ বিভিন্ন জনগুরুত্বসম্পন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ রকম প্রশ্ন আমরা প্রায়ই শুনি যে ‘আপনারা কয়লা উত্তোলন করতে দিচ্ছেন না, গ্যাস উত্তোলন করতে দিচ্ছেন না। কয়লাভিত্তিক বিদ্যুতের বিরোধিতা করছেন, পারমাণবিক বিদ্যুতের বিরোধিতা করছেন। তাহলে বিদ্যুৎ কীভাবে হবে? উন্নয়ন কীভাবে হবে?’ কেউ কেউ প্রশ্নবাণ নিক্ষেপ করেন, ‘আপনারা আসলে কী চান? আপনারা তো সবকিছুরই বিরোধিতা করেন। আপনারা টিকফার বিরোধিতা করেন, তেল-গ্যাস নিয়ে চুক্তির বিরোধিতা করেন, গ্যাস রপ্তানির বিরোধিতা করেন, উন্মুক্ত খনির বিরোধিতা করেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করেন, রেন্টাল ও কুইক রেন্টালের বিরোধিতা করেন, বিশ্বব্যাংকের বিরোধিতা করেন, ট্রানজিটের বিরোধিতা করেন। বাংলাদেশকে আসলে আপনারা কোথায় নিতে চান?’ আমি এসব ভদ্রলোকের উদ্দেশে বলি, আপনারা প্রশ্নটা আরও সংক্ষেপে এইভাবে করতে পারতেন যে ‘আপনারা কেন জনগণের সম্পদ ডাকাতি, দুর্নীতি, অস্বচ্ছতা আর জনবিরোধী তৎপরতার বিরোধিতা করেন? কেন প্রাণ, প্রকৃতি, দেশকে বিপন্ন করবার প্রকল্পের বিরোধিতা করেন?’
হ্যাঁ, আমরা এগুলোর বিরোধিতা করি। আমরা এগুলোতে না বলি, কেননা আমাদের মধ্যে জনগণের পক্ষে এক প্রবল হ্যাঁ-র শক্তি আছে। আমরা চাই, দেশের সব সম্পদ জনগণের, তার মালিকানায় তার স্বার্থে এগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা চাই, দেশের সীমিত সম্পদ কতিপয় দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে রপ্তানির নামে পাচার না হোক। এর শতভাগ দেশের কাজে লাগুক। আমরা চাই, বর্তমানের জন্য ভবিষ্যৎকে ধ্বংস করা যাবে না। আমরা চাই, দেশের উন্নয়ন নীতির কেন্দ্রে থাকবে মানুষ, কতিপয় গোষ্ঠীর মুনাফা নয়। উন্নয়নের নামে যখন দেশের প্রধান আশ্রয় সুন্দরবনকেও ধ্বংস করার আয়োজন চলে, তখন আমাদের দায়িত্ব সুন্দরবন রক্ষা করা।
জনবিধ্বংসী উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত জনবিরোধী রাজনীতি, স্বৈরতন্ত্রী ক্ষমতা। উন্নয়নের মুলা ঝুলিয়েই বিভিন্ন কালের ক্ষমতাসীনেরা বারবার ভয়ংকর প্রকল্প নিয়ে এসেছে। মার্কিন কোম্পানির মালিকানায় দেশের গ্যাস-সম্পদ ভারতে রপ্তানির জন্য একসময় শোরগোল তুলেছিল সরকারের মন্ত্রী, আমলা, কনসালট্যান্ট, বিশ্বব্যাংক, এডিবি, বিভিন্ন দূতাবাস। এরা সবাই মিলে হইহই করছিল এই বলে যে দেশ গ্যাসের ওপর ভাসছে, অতি শিগগির এই গ্যাস রপ্তানি না করলে দেশের সর্বনাশ হবে। রপ্তানি করলে দেশ উন্নয়নে ভরে যাবে। তখন দেশের ব্যবসায়ীদের কতিপয় নেতা মার্কিন কোম্পানির কমিশনভোগী হিসেবে এই প্রচারে যোগ দিয়েছিলেন। এমন প্রচারও হয়েছিল যে গ্যাস রপ্তানি না করলে মার্কিন বাজারে গার্মেন্টস প্রবেশ বন্ধ হয়ে যাবে, গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে এবং বেকার হয়ে পড়বে লাখ লাখ মানুষ। আমরা তখন এই প্রবল আওয়াজের বিরুদ্ধে না বলেছিলাম, জনগণ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং গ্যাস রপ্তানির ভয়াবহ আয়োজন পরাস্ত হয়েছিল। এটা হয়েছিল বলে দেশে এখনো গ্যাস আছে, বাতি জ্বলে, কারখানা চলে, ব্যবসা চলে, সিএনজির কারণে ঢাকা শহরে এখনো শ্বাস নেওয়া যায়। যদি তখন এই গ্যাস রপ্তানি হতো, তাহলে আজ অর্ধেক বিদ্যুৎও উৎপাদন করা সম্ভব হতো না।
যারা তখন এই গ্যাস রপ্তানির জন্য লম্ফঝম্ফ করছিল, তারাই কয়েক বছর পর শুরু করল বিদেশি আনাড়ি কোম্পানির মাধ্যমে উন্মুক্ত খনি আর কয়লা রপ্তানির পক্ষে প্রচার। উত্তরবঙ্গে গ্যাস না দিয়ে বিদেশে রপ্তানি করতে চেয়েছিল যারা, তারাই প্রচার করতে থাকল উন্মুক্ত খনি ছাড়া উত্তরবঙ্গের উন্নয়নের, বিদ্যুতায়নের আর কোনো পথ নেই! তাদেরই কেউ কেউ এখন সুন্দরবনবিনাশী প্রকল্পের পক্ষে ভাড়া খেটে যাচ্ছে।
বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে, কিন্তু তার জন্য নিজেদের গলাকাটার প্রস্তাব মানুষ কেন গ্রহণ করবে? গত বছরের ২২ জুলাই জাতীয় কমিটির প্রস্তাবিত মহাপরিকল্পনায় বিদ্যুৎ সমস্যা সমাধানের যে রূপরেখা দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট হয় যে সমাধান খুবই সম্ভব। এ কারণে ফুলবাড়ী, রামপাল, রূপপুর, বাঁশখালীর মতো প্রাণ, প্রকৃতি, সম্পদ ধ্বংসকারী ঋণনির্ভর প্রকল্প দরকার নেই। জাতীয় সক্ষমতার ওপর দাঁড়িয়ে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে সমাধানের যে পথনকশা জাতীয় কমিটি থেকে প্রস্তাব করা হয়েছে, তা সারা দেশে সুলভে, নিরবচ্ছিন্ন, পরিবেশবান্ধব বিদ্যুৎ জোগান দিতে সক্ষম।
তাই এই বছরে দাবি উঠেছে, দুর্নীতির দায়মুক্তি আইন ও সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প বাতিল করে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সব প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। মন্ত্রী ও জ্বালানি উপদেষ্টাদের ভূমিকা তদন্ত করে জ্বালানি অপরাধীদের বিচারের সম্মুখীন করতে হবে। ফুলবাড়ী নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জাতীয় সক্ষমতার বিকাশের মাধ্যমে শতভাগ গ্যাস দেশের কাজে লাগাতে হবে। সারা দেশে সুলভে সার্বক্ষণিক গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করতে জাতীয় কমিটির প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
আনু মুহাম্মদ অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অথনীতি বিভাগের অধ্যাপক
anu@juniv. edu