প্রারম্ভিকের যত্নে সুন্দর হবে শিশুর ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিসেফের সহযোগিতায় রোববার রাজধানীর প্রথম আলো কার্যালয়ে ‘শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। বৈঠকে প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ অন্যরা। ছবি: সাবিনা ইয়াসমিন
ইউনিসেফের সহযোগিতায় রোববার রাজধানীর প্রথম আলো কার্যালয়ে ‘শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। বৈঠকে প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ অন্যরা। ছবি: সাবিনা ইয়াসমিন

ভ্রূণ অবস্থা থেকে ছয় বছর বয়স পর্যন্ত শিশুর প্রারম্ভিক বিকাশ কাল। এ সময়ে যেভাবে শিশুর যত্ন নেওয়া হবে, সেভাবেই গড়ে উঠবে তার ভবিষ্যৎ। তাই শিশুর সুষ্ঠু ও স্বাভাবিক শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় বিকাশের জন্য প্রয়োজন যথাযথ যত্ন। গর্ভাবস্থায় মায়ের জন্য যেমন বাড়তি খাবারের ব্যবস্থা করতে হবে, তেমনি নজর রাখতে হবে তাঁর মানসিক প্রশান্তির দিকে। শিশুর জন্মের পর প্রতিটি স্তরে যেন যথাযথ যত্ন, পুষ্টি ও শিক্ষা পায়, সেটিও নিশ্চিত করতে হবে।

আজ রোববার প্রথম আলো আয়োজিত ‘শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ইউনিসেফের সহযোগিতায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এর আয়োজন করা হয়। গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

আলোচনায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শিশুরা বাংলাদেশের বিশাল সম্পদ। তাদের হেলায় ফেলে রাখা যায় না, তাদের যত্ন করতে হয়। তবে এই বিশাল দায়িত্ব শুধু সরকারের হাতে ছেড়ে দিলে হবে না। কারণ, বিপুলসংখ্যক শিশুর সুরক্ষা সরকারের একার পক্ষে সম্ভব হয় না। তিনি শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য মায়ের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভ্রূণ অবস্থা থেকে যত্ন দরকার। এ সময় বাড়তি ও পুষ্টিকর খাবারের পাশাপাশি মায়ের প্রশান্তি প্রয়োজন। মায়ের ওপর যাতে কোনো ধরনের নির্যাতন না হয়, সে দিকে নজর রাখতে হবে। গর্ভাবস্থায় মায়ের ওপর নির্যাতন হলে শিশুদের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে।

শিশুর প্রারম্ভিক বিকাশে সরকারের নানা পদক্ষেপ সম্পর্ক প্রতিমন্ত্রী বলেন, সরকার ডে-কেয়ার সেন্টার নিয়ে নতুন করে চিন্তা করছে। এ বিষয়ে নীতিমালা হতে যাচ্ছে যেখানে ডে-কেয়ার চালানোর জন্য লাইসেন্স নিতে হবে। এ ছাড়া শিশু প্রতিপালনের জন্য শিশুর জন্মের পর থেকে ছয় বছর বয়স পর্যন্ত মায়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য ৩৬ হাজার প্রশিক্ষক তৈরির পরিকল্পনা সরকারের আছে। তিনি বলেন, সবাই বিচ্ছিন্নভাবে এই বিষয়ে কাজ করছে। সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে কীভাবে সমন্বিতভাবে কাজ করা যায়, সরকার সেটা ভাবছে।

বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন বলেন, শিশুর যত্নে বাবাকে সচেতন হতে হবে। শিশুর প্রারম্ভিক বিকাশে বাবাকে যুক্ত করতে হবে; কারণ বাবা মাকে যত্ন করে, প্রতিবেশীর সঙ্গে শিশুর পরিচয় করিয়ে দেয়, প্রকৃতি চিনিয়ে দেয়। শিশুর প্রারম্ভিক বিকাশের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন যেখানে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানকে (এনজিও) একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয় নিয়ে কাজ করবেন এমন স্বেচ্ছাসেবক তৈরির পাশাপাশি বুকলেট তৈরি করে বিতরণ করতে হবে। শিশুকে বহুত্ববাদ শেখাতে হবে। ভাসমান মা-শিশু থেকে শুরু করে সমাজের সব মা-শিশু যাতে সেবা পায়, সে জন্য এক ছাতার নিচ থেকে সমন্বিত উদ্যোগগুলো চালিয়ে যেতে হবে।

উপসচিব ও বাংলাদেশ শিশু একাডেমির শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক সুলতান আলম বলেন, ২০১৩ সালে শিশুর প্রারম্ভিক বিকাশ নীতিমালা হয়। বর্তমানে পাহাড়ি এলাকা, চা-বাগানসহ অনগ্রসর এলাকায় তাঁরা মা-শিশুর সুরক্ষায় কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।

ইউনিসেফের এডুকেশন ম্যানেজার মোহাম্মদ মোহাসিন বলেন, বাংলাদেশে শিশুর প্রারম্ভিক বিকাশের ব্যাপারে নীতিমালা আছে। তবে শুধু নীতিমালা থাকলে হবে না, সব পক্ষকে এক হয়ে এখন কাজ করতে হবে। কোন বয়সের শিশুর কী সামর্থ্য থাকা উচিত, তার একটি মানদণ্ড তৈরি করা হচ্ছে। শিশুকে শুধু লেখাপড়া শেখালেই হবে না, সামগ্রিক বিকাশের ক্ষেত্র তৈরিই শিশুর প্রারম্ভিক বিকাশের মূল লক্ষ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক নাজমুল হক বলেন, শিশুদের জন্য খেলাটা সবচেয়ে বড় শিক্ষা। প্রাক-প্রাথমিক পর্যায়ে শিশুদের ৬০-৭০ শতাংশ সময় খেলতে দিতে হবে। খেলার মাধ্যমেই বিজ্ঞান, মূল্যবোধসহ সবকিছু শেখানো যায় শিশুকে। অথচ তাদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।

আইইআর-এর অধ্যাপক তারিখ আহসান বলেন, এখন ভালো শিক্ষক যিনি সুন্দর করে শিশুকে মুখস্থ করাতে পারেন আর ভালো ছাত্র যে প্রশ্ন না করে সবকিছু মুখস্থ করে নেয়। এতে করে ভালো মানের যন্ত্রমানব ছাড়া আর কিছু পাওয়া যাবে না। শিশুকে তার মতো করে বেড়ে উঠতে দিতে হলে পুরোনো দৃষ্টিভঙ্গি, চর্চা ও ধারণায় পরিবর্তন এনে নতুনভাবে ভাবতে হবে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী জেনা হামাদানী বলেন, শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আবেগীয় বিকাশের সঙ্গে নৈতিক ও আধ্যাত্মিক বিকাশও জরুরি। একটা ভালো জাতি গড়ে তোলার জন্য এটা খুবই দরকার।

আইসিডিডিআরবির বিজ্ঞানী ফাহমিদা তোফায়েল বলেন, গর্ভাবস্থা থেকে শিশুর ছয় বছর বয়স পর্যন্ত বিভিন্ন পর্যায়ের যত্নের ধরন আলাদা। এর কোথাও পুষ্টি, স্বাস্থ্য বা শিক্ষাজনিত ঘাটতি হলে একটা পর্যায়ের পর আটকে যায় শিশু।

আগা খান ফাউন্ডেশন বাংলাদেশের শিশুর প্রারম্ভিক বিকাশের উপদেষ্টা মো. গোলাম মোস্তফা বলেন, শিশুর প্রারম্ভিক বিকাশের জন্য প্রয়োজন—গর্ভাবস্থায় মায়ের পুষ্টি, চিকিৎসা ও প্রশান্তি নিশ্চিত করা, জন্মের ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো, ছয় মাস বয়স থেকে স্বাভাবিক খাবারে অভ্যস্ত করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষার সমন্বিত যত্ন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ছিলেন ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথের শিশুরোগ বিশেষজ্ঞ ও অধ্যাপক ওয়াহিদা খানম, ফুলকির নির্বাহী পরিচালক সুরাইয়া হক, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইন বাংলাদেশর পরিচালক এস এম সাইদুর রহমান মাশরেকি, গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাস, ব্র্যাকের শিক্ষা কার্যসূচির কার্যসূচি প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব এডুকেশন প্রোগ্রাম মুরশীদ আকতার, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়াসের উপাধ্যক্ষ কাজী আফরোজা সুলতানা প্রমুখ।