
আওয়ামী লীগ, বিএনপিসহ বড় দলগুলোর সঙ্গে যেসব দল জোট করেছে, তাদের প্রকৃত শক্তি গত ১০ বছরে যাচাই হয়নি। ফলে তারা কতটা কার ভোটে প্রভাব ফেলতে পারবে, তা বোঝা মুশকিল।
তবে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, কিছু নির্দিষ্ট অঞ্চলে এইচ এম এরশাদের জাতীয় পার্টির (জাপা) শক্তি আছে। একদিকে জোটে থাকা আবার সমঝোতার বাইরে ১৪৫ আসনে জাপার উন্মুক্ত প্রার্থী দেওয়ার ফলে জটিলতা সৃষ্টি হতে পারে। ভোটারদের অনেকে বিভ্রান্ত হবেন।
আর জাপার নেতৃত্ব কখন কী করে, সেটা আগে থেকে ধারণা করা কঠিন। ফলে ভোটের দিনের পরিবেশ–পরিস্থিতির ওপর লাভ–ক্ষতি নির্ভর করবে। ভোট যদি মোটামুটি সুষ্ঠু হয়, তাহলে জাপার জন্য আওয়ামী লীগ বা জোটের প্রার্থীদের ক্ষতি হতে পারে।
জোটের শরিকদের বিপুল সংখ্যায় প্রার্থী হওয়ার কারণে কেনাবেচার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। যেখানে মনোনয়ন নিয়ে বাণিজ্য হয়, সেখানে প্রার্থী বসানো বা পক্ষে রাখার জন্য টাকাপয়সার লেনদেনের সুযোগ তো থাকছেই। এ ছাড়া ভোটের দিন বুথ দখলের একটা চেষ্টা থাকে। এজেন্ট কেনাবেচাও একটা সাধারণ ঘটনা।
এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার