প্রার্থীজট, কিন্তু আইন করবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদমাধ্যম এক মাসের বেশি সময় ধরে লম্বা লম্বা ফিরিস্তি দিচ্ছে কোন সংসদীয় আসনে কে প্রার্থী হচ্ছেন। মনোনয়ন ফরম বিক্রি শেষে জানা গেল, প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির ফরম সংগ্রহ করেছেন চার যোগ চার আট হাজারের বেশি মনোনয়নপ্রত্যাশী। সব দল মিলিয়ে মনোনয়ন ফরম বিক্রির মোট সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। সংসদে আসন ৩০০টি। গড়পড়তা আসনে খায়েশ ৪০ জনের। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য সুবাতাস ও সুখবর।

মনোনয়নপ্রত্যাশীরা কী বলছেন? সংবাদমাধ্যমে যা দেখেছি ও শুনেছি তার মূল কথা হলো, সবাই নিজ নিজ এলাকায় উন্নয়নের জন্য কাজ করবেন। রাস্তা বানাবেন, ব্রিজ তৈরি করবেন। তাঁদের উন্নয়নচিন্তায় স্কুল-কলেজ আছে, আছে তরুণদের চাকরি দেওয়ার আশ্বাস ও প্রতিশ্রুতি, মাদকমুক্ত এলাকা গড়ে তোলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাসহ বহু প্রতিশ্রুতি। তার সঙ্গে অস্বাভাবিকভাবে থাকছে নিজ নিজ নেতাদের হাত শক্ত করা, নেতাদের ‘সিট’ উপহার দেওয়া ইত্যাদি ইত্যাদি। মোটাদাগে এলাকার উন্নয়ন করাই তাঁদের প্রধান প্রতিশ্রুতি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এলাকার ভোটারদেরও কথা শোনানো হয়েছে প্রায় অভিন্ন সুরে: যে প্রার্থী এলাকার উন্নয়ন করবেন, তাঁকেই আমরা ভোট দেব। তাঁরা সৎ ও যোগ্য প্রার্থীর কথা, মাদক-চাঁদাবাজি খেদানোর কথা বলছেন তাঁরা। এই গেল মনোনয়নপ্রত্যাশী ও ভোটারদের কথা। উভয় পক্ষের প্রধান কথা উন্নয়নই। কিন্তু এই অধম চেঁচায় সংবিধান সংবিধান বলে। এই বয়সে বদভ্যাসটি ত্যাগ করা দুষ্কর।

২
উন্নয়ন শব্দটি সংবিধানে আছে চারটি অনুচ্ছেদে। বিস্তারিত আপাতত নিষ্প্রয়োজন। সংবিধান ১১টি ভাগে বিভক্ত, অনুচ্ছেদ আছে ১৫৩টি। যেমন তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকারের কথা। চতুর্থ ভাগে আছে নির্বাহী বিভাগের কথা। নির্বাচন কমিশনের কথা বলা আছে সংবিধানের সপ্তম ভাগে ১১৮-১২৬ অনুচ্ছেদে। অর্থাৎ নির্বাচন-সংক্রান্ত অনুচ্ছেদ আছে ৯টি।

১১টি ভাগের মধ্যে সবচেয়ে বড় হলো পঞ্চম ভাগ, শিরোনাম আইনসভা। সংবিধানের ৬৫-৯৩ অনুচ্ছেদ পর্যন্ত এর ব্যাপ্তি। সংবিধানের মোট ১৫৩টি অনুচ্ছেদের মধ্যে আইনসভা দখলে রেখেছে ২৮টি অনুচ্ছেদ, যা সংবিধানের প্রায় এক-পঞ্চমাংশ। এই ২৮টি অনুচ্ছেদে ‘উন্নয়ন’ বা তৎসম্পর্কীয় কোনো দায়িত্ব বা কর্মকাণ্ড আইনসভার ওপর ন্যস্ত করা হয়নি।

হায় রে কী ভীষণ ভুল! প্রার্থী-ভোটার সবাই চান এলাকার উন্নয়ন। কিন্তু সংবিধান নিশ্চুপ। কিছু একটা করতেই তো হয়।

৩
আপনি এলাকার উন্নয়ন করতে চান, ভালো কথা। বয়স হয়েছে এদিক-সেদিক, ছোটখাটো কিছু অভিজ্ঞতাও হয়েছে। তদুপরি শিক্ষকতার একটা বদভ্যাস হয়েছে বহু বছরে। তাই গোসসা না করলে এলাকার উন্নয়নের কিছু পথ বাতলে দিতে পারি।

শুধু নিজের এলাকা না, সারা দেশের উন্নয়ন করতে চাইলে প্রথম পথ হচ্ছে বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার-কর্মচারী হওয়া। কৃষিতে অবদান রাখতে হলে বিসিএস (কৃষি) ক্যাডার হওয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য মোক্ষম পথ হলো বিসিএস (পুলিশ)। অবশ্য বিসিএস পরীক্ষার ঝক্কিঝামেলা না পোহাতে চাইলে কনস্টেবল, গ্রাম পুলিশ, আনসার হয়তোবা সাব-ইন্সপেক্টর—ওই পথেও হাঁটতে পারেন। মোদ্দা কথা, সরকারের যা উন্নয়ন কার্যক্রম, তা সম্পাদিত হয় সরকারি কর্মচারীদের দ্বারা।

সরাসরি সরকারি কর্মচারী হতে না চাইলে দ্বিতীয় পথ হলো ওয়াসা, ডেসা, পেট্রোবাংলা, পর্যটন করপোরেশনের মতো বোর্ড, কর্তৃপক্ষ বা অথরিটিতে চাকরি জোগাড় করা। আপনার এলাকার জনগণ তাদের ভাগ্য উন্নয়নের জন্য যাতে সহজে ঋণ বা অর্থ পেতে পারে, সেটা নিশ্চিত করতে আপনি চাকরি ধরতে পারেন সোনালী, কৃষি, রূপালী ইত্যাদি সরকারি ব্যাংকে। নিজেরও টু পাইস হতে পারে। তৃতীয় পন্থা হলো পেশাজীবী—যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, অর্থনীতিবিদ বা নিদেনপক্ষে আইনজীবীও হতে পারেন। জনসেবা হবে, কিছু কামাই হবে। নামের আগে বুক ফুলিয়ে একটা পদবিও ব্যবহার করতে পারবেন। যেমন ইঞ্জিনিয়ার অমুক, অ্যাডভোকেট তমুক ইত্যাদি। নামের আগে পদবি ব্যবহারের খায়েশটা এমন দ্রুতগতিতে এগোচ্ছে যে অনেকেই পদবি ছাড়া নিজেদের হয়তো ন্যাংটা মনে করছেন। ইদানীং ভিজিটিং কার্ড পেয়েছি, যেখানে লেখা আছে, অমুক নির্বাচনে প্রার্থী ছিলেন। হয়তো এবারের ১২ হাজারের অনেকেই নামের পেছনে ‘মনোনয়নপ্রত্যাশী’ শব্দটি পদবি না হলেও নিজের পরিচয় হিসেবে ব্যবহার শুরু করবেন।

চতুর্থ পথ হলো ব্যবসা-বাণিজ্য করে টাকাপয়সা আয় হওয়ার পর নিজের এলাকায় স্কুল-কলেজ, হাসপাতাল, পাঠাগার, খেলাধুলাসহ বিভিন্ন জনসেবামূলক কাজে অর্থ জোগান দিতে পারেন। মাইরি বলছি, এলাকার লোকজন খুব খুশি হবে। কাজটা অবশ্য কঠিন। বেশ কিছু টাকা হলে ঢাকায় প্রথমেই যেকোনো গোছের একটা ফ্ল্যাট, তারপর তথাকথিত অভিজাত এলাকায় দুই থেকে তিন হাজার বর্গফুটের অ্যাপার্টমেন্ট। সেই সঙ্গে গাড়ির সংখ্যা ও সাইজ-বর্ধন। তার পরের ধাপে মালয়েশিয়ায় সেকেন্ড হোম অথবা কানাডায়। এত কিছু করে এলাকার উন্নয়নকাজে অর্থ জোগান দেওয়া তো সহজ কাজ নয়। তবে নিজের নামে অথবা মা-বাবার নামে একটা স্কুল-কলেজ, নিদেনপক্ষে মাদ্রাসার চেষ্টাও করতে পারেন। আরও কিছু পথ আছে। আজকাল এনজিওর লাইনও ধরতে পারেন।

উন্নয়নবার্তা আপাতত এই পর্যন্তই থাক।

৪
তাহলে সাংসদদের কাজ কী? আইনসভা বা সংসদ-সংক্রান্ত প্রথম অনুচ্ছেদ ৬৫তে বলা আছে ‘...প্রজাতন্ত্রের আইন-প্রণয়নের ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত হইবে।’ সাংসদদের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। কে সংসদে থাকবেন না থাকবেন, সংসদের অধিবেশন কখন হবে, কে আহ্বান করবেন, ফ্লোর ক্রসিং ও আরও অন্যান্য বিধান আছে ৬৫-৭৯ অনুচ্ছেদে। ৮০ অনুচ্ছেদ শুরু হয়েছে ‘আইনপ্রণয়ন ও অর্থ-সংক্রান্ত পদ্ধতি’ শিরোনামের পরিচ্ছেদে, যেখানে সর্বমোট ১৩টি অনুচ্ছেদ আছে। আইনসভা-সংক্রান্ত পঞ্চম ভাগে কেউ ‘উন্নয়ন’ শব্দটি খুঁজে পেলে তা অনুগ্রহ করে এই অধমকে জানালে বাধিত হব।

সাংসদেরা আইন প্রণয়ন ছাড়াও যেটা করতে পারেন সেটা হলো, সরকার ঠিকমতো কাজ না করলে মন্ত্রী, সচিব, ইঞ্জিনিয়ার, পুলিশের মহা-মহা কর্মচারীকে ডেকে বকাঝকা করা। অর্থাৎ জবাবদিহি করা। এই ধরেন, একটা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পরিকল্পনা ছিল ২০১৮ সালের ডিসেম্বরে। সময়মতো কাজটা কেন শেষ হলো না, কে দায়ী, কার গাফিলতি, কার অদক্ষতা ইত্যাদি সব ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে তলব করতে পারে সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি। রাস্তা খোঁড়া বা ইট গাঁথা সাংসদের কাজ নয়। যারা এই কাজ করছে, তাদের ওপর তদারকি করা সাংসদদের কাজ। তবে সাংসদ যদি চিফ ইঞ্জিনিয়ারের পিছু পিছু দৌড়ান নিজ এলাকার রাস্তার জন্য তদবির করতে, তাহলে তো চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে বকাঝকা করা যাবে না।

সাংসদেরা সংসদে বসে কী কথাবার্তা বলেছেন, তা বই আকারে ছাপা হয়। দুনিয়ার অন্য সব দেশে এই বইগুলো কিনতে পাওয়া যায়। দুই বছর ধরে চেষ্টা করছি, কিন্তু আমাদের সংসদ এই বইগুলো জনগণকে দেয় না। স্পিকারের কাছে দরখাস্ত করে, অনুমতি নিয়ে সংসদ যখন চলে না, তখন শুধু সংসদের পাঠাগারে গিয়ে বসে পড়তে হবে।
আরেকটা কাজ সাংসদেরা করতে পারেন না, সেটা হলো সরকারের সঙ্গে কোনো ব্যবসা-বাণিজ্য। দেশে বড় বড় ব্যবসায়ীর সরকারের সঙ্গে কিছু না কিছু ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে। যেমন পাওয়ার প্ল্যান্ট কোম্পানির ডিরেক্টর, তাঁর কোম্পানির বিদ্যুৎ বিক্রি করেন সরকারের কাছে। অতএব এই ব্যবসার সঙ্গে জড়িত থাকলে আপনি সাংসদ হওয়ার অযোগ্য। গার্মেন্টস ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে বিভিন্ন প্রণোদনা পেয়ে থাকেন, তাঁরাও বাদ।

আর আমাদের অর্থাৎ ভোটারদের দায়িত্ব হবে সবকিছু বিবেচনা করে, বুঝেশুনে ভোট দেওয়া। যাঁর যেটা কাজ না, তিনি তা আইনগতভাবে করতে পারেন না। বেআইনি প্রতিশ্রুতিতে আমাদের আকৃষ্ট হওয়া ঠিক হবে না।

ড. শাহদীন মালিক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইনের শিক্ষক