ব্রাজিলের এক তরুণী এসেছেন ছুটে, এক বাঙালি যুবকের প্রেমের টানে। অনলাইনে পরিচয়। তারপর প্রেম। তারপর ব্রাজিলিয়ানের ছুটে আসা এই দেশে। মাত্র সেদিন সেই খবর পাঠ করলাম, বিয়ের ছবিও দেখলাম। কালকে আবারও খবর: প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন এক থাই-কন্যা। বিয়ে করেছেন ভালোবাসার মানুষটিকে। গতকাল বুধবার নাটোরের আদালতে বিয়ের কাজটি সম্পন্ন করেন তাঁরা। এই দম্পতি হলেন থাইল্যান্ডের সুপুত্তো ওরফে ওম ওরফে সুফিয়া খাতুন এবং বাংলাদেশের অনিক খান।
সাত দিন আগের খবর, বড়লেখার গ্রামীণ ঐতিহ্য আর ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিয়ে করেছেন আমেরিকার সুন্দরী ইমা রহমান।
বাঙালি যুবকের প্রেমের টানে এ দেশে এসে বিয়ে করেন ওই নারী। পেশায় স্কুলশিক্ষিকা। বিয়ের আনন্দ শেষে আজ নিজ দেশে ফিরে যাচ্ছেন ইমা রহমান। (চ্যানেল টোয়েন্টিফোর নিউজ অনলাইন)
বাঙালি যুবকেরা বেশ প্রেমিক হয়ে উঠেছে, যেমন তেমন প্রেমিক নয়, আন্তর্জাতিক প্রেমিক। সেটা কি ইন্টারনেটের প্রসারের কারণে? বাঙালি যুবকের মেমসাহেব বধূ নিয়ে আসার ঘটনা আজকেই প্রথম নয়, আগের আমলে তা অনেকই ঘটেছে, কিন্তু তেমনটা ঘটাবার জন্য বাঙালিদের সমুদ্র পাড়ি দিতে হয়েছিল। জাপানে গিয়ে দেখি, জাপানি মেয়েদের কাছে পাত্র হিসেবে বাঙালি ছেলেদের খুবই কদর। কারণ, জাপানি পুরুষেরা নাকি স্বামী হিসেবে অতটা ভালো নয়, বাঙালিরা নাকি স্বামী হিসেবে ভালো। থাই কনে সুপুত্তোও বলেছেন, ‘থাইল্যান্ডের সমাজে বহুবিবাহ একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। আমি এটা পছন্দ করি না। তাই বিয়ে করছিলাম না। হঠাৎ করে ফেসবুকে বাংলাদেশের অনিকের সঙ্গে পরিচয় হয়। ওর সরলতা আমাকে মুগ্ধ করে।’
হঠাৎই মাথায় প্রশ্ন এল, আমাদের জনসংখ্যার কত ভাগ ছেলে, কত ভাগ মেয়ে? নারী বেশি না পুরুষ বেশি? দেখতে পাচ্ছি, আমাদের দেশে নারীর সংখ্যা বেশি। সামগ্রিকভাবেও বেশি, প্রেম-বিয়ের বয়সীদের মধ্যেও নারীর সংখ্যা বেশি। আর আমাদের দেশের যুবকেরা যে হারে বিদেশে যাচ্ছেন, তাতেও দেশে মেয়েদের সংখ্যা বেশি হওয়ার কথা। কাজেই আমাদের ছেলেরা মেয়ে পাচ্ছে না বলে বিদেশি বধূ নিয়ে আসছে, ঘটনা নিশ্চয়ই তা নয়। তাহলে ঘটনা কী? ঘটনা হলো, প্রেমের এই ফাঁদ পাতা জীবনে কে কোথায় ধরা পড়ে, কে জানে। তাহলে বাঙালি মেয়েরা কি বিদেশিদের সঙ্গে অনলাইনে প্রেম করে না, কেবল ছেলেরাই করে। আমরা অন্তত একটি ঘটনার কথা জানি, বাঙালি মেয়ের প্রেমে পড়ে এক আমেরিকান যুবক চলে এসেছিলেন বাংলাদেশে, বিয়ে করে বউ নিয়ে তিনি আমেরিকায় ফিরেও গেছেন। এখন অনলাইনে দেখছি, এমন ঘটনা অনেকই আছে—আয়ারল্যান্ডের তরুণ, বরিশালের তরুণী; ফরাসি বর, বাঙালি বধূ। এমনকি আমাজনেও আছে বাঙালি বধূ।
কত কিছুই ঘটছে প্রেমের ফাঁদ পাতা ভুবনে, তার কতটাই-বা আমরা জানি। কিন্তু দুটো কাহিনি এখানে উল্লেখ করতে ইচ্ছা করছে। একটা পড়েছি পবিত্র সরকারের বই কথা আর কাহিনিতে। ঢাকার এক ভদ্রলোক বিয়ে করেছিলেন কলকাতার এক মেয়েকে। ধানমন্ডিতে তাঁদের বাসা। পবিত্র সরকার তাঁদের বহুদিনের বন্ধু ছিলেন। তাঁরা সুখে-শান্তিতেই দিন কাটাচ্ছিলেন। ভদ্রলোকের অসুখ হলো। ভুলে যাওয়া রোগ। তিনি সবকিছু ভুলে গেলেন। তখন তাঁর স্ত্রী তাঁকে রবীন্দ্রনাথের লেখা পড়ে শোনাতে লাগলেন। পড়তে গিয়ে কোথাও ভুল হলে ভদ্রলোক নড়ে উঠতেন। কথা বলার শক্তি তাঁর ছিল না। কিন্তু মুখের অভিব্যক্তিতে বোঝা যেত, ভুলটা তিনি ধরতে পারছেন। এটা টের পেয়ে ভদ্রমহিলা তাঁর নির্বাক ভাবলেশহীন স্বামীকে নিয়মিত রবীন্দ্রনাথ পড়ে শোনাতেন, ইচ্ছা করে দু-একটা ভুল করতেন, এটা করতেন থেরাপি হিসেবে।
আরেকটা কাহিনি নুনকি একটি তারার নাম বইয়ে পড়া। প্রথমা থেকে কিছুদিন আগে বেরিয়েছে বইটা। ক্যাপ্টেন শামস উজ জামান হলেন এর লেখক। মেরিন ইঞ্জিনিয়ার এই লেখক তাঁর ক্যাডেট জীবন থেকে শুরু করে বিভিন্ন জাহাজে চাকরির অভিজ্ঞতার গল্প এত সুন্দরভাবে লিখেছেন যে এই বই হাতে নিয়ে আমি শেষ না করে ছাড়তে পারিনি। আর শেষ করে স্তব্ধ হয়ে বসে ছিলাম।
লেখকের সহপাঠী আর সহকর্মী ছিলেন আবুজা। তাঁরা মেরিন একাডেমি থেকে বেরিয়ে কলকাতায় একই জাহাজে চাকরি শুরু করেন। সেই জাহাজে ক্যাপ্টেন ছিলেন মালহোত্রা। জাহাজে তখন ক্যাপ্টেনের দুই কিশোরী মেয়ে নীলাঞ্জনা আর দিউতিনিও ছিল। নীলাঞ্জনার সঙ্গে আবুজার ভাব হয়ে যায়। আবুজা নীলাঞ্জনাদের শিমলার বোর্ডিং স্কুলে গিয়ে হাজির হতেন। বলতেন, আমেরিকা থেকে এসেছি, নীলাঞ্জনার কাজিন হই। এভাবে এই অবাঙালি মেয়েটি একদিন দিল্লি থেকে কলকাতায় চলে আসে। তারপর বেনাপোল হয়ে ঢাকা। আবুজাদের বাড়ি ছিল পুরান ঢাকায়, দক্ষিণ কাটারায়। সেই বাসায় নীলাঞ্জনা বধূ হিসেবে ওঠে, আবুজার মায়ের চুলের উকুন বেছে দেয়, কোমরে কাপড় গুঁজে কলতলায় কাপড় কাচে। সেখান থেকে তারা চলে যায় অস্ট্রেলিয়ায়। বহু বছর পরে আবুজার মাথা এলোমেলো হয়ে যায়। আবুজা-নীলাঞ্জনার একটা মেয়ে আছে, নাম নুনকি। তখন আবুজাকে একটা স্বাস্থ্যসদনে রাখা হয়। নীলাঞ্জনা তাঁর কাছে যায়। আবুজা স্ত্রীকে চেনেন না। মেয়েকে চেনেন না। তখন দিল্লি থেকে বড় জামাই গিরিধারী বাবুকে পাঠিয়ে নীলাঞ্জনার বাবা-মা তাঁদের মেয়ে আর নাতনিকে ভারতে ফিরিয়ে আনেন।
রিহ্যাব সেন্টারে স্বামী-স্ত্রীর শেষ দেখার বিবরণটা বই থেকে উদ্ধৃত করি: ‘ওরা বেশি সময় থাকেনি ওখানে। মি. গিরিধারী নুনকিকে আবুজার কোল থেকে নিজের কোলে নিয়েছেন। নীলাঞ্জনা হাতব্যাগ খুলে ছোট একটা স্টেইনলেস স্টিলের কৌটা বের করেছে। আবুজা বেসনের নাড়ু খেতে পছন্দ করে। কৌটার ভেতরে কতগুলো বেসনের নাড়ু। নীলাঞ্জনা কৌটাটা আবুজার কোলের ওপর রেখে খুব জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। তারপর কাঁদতে কাঁদতে দৌড়ে গাড়িতে উঠে গাড়ির দরজা বন্ধ করে দিয়েছে।
‘নুনকিকে কোলে নিয়ে গিরিধারী বাবু নীলাঞ্জনার পিছু পিছু গাড়িতে উঠলেন।’
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।