সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বিপরীতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ঘটনাকে দৈনিক প্রথম আলো যথার্থভাবেই রিপোর্ট করেছে ‘অবিশ্বাস্য, কিন্তু সত্য’ শিরোনামে।
নির্বাচনের অব্যবহিত পূর্বে টিভিতে দুই প্রার্থীর মধ্যে যখন লাইভ বিতর্ক হচ্ছিল, তখন আমি ওই দেশে। হিলারি যখন একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন আচমকা ট্রাম্প তাঁকে উদ্দেশ করে বলে উঠলেন, ন্যাস্টি ওম্যান; যেটা সম্পূর্ণ রুচিবহির্ভূত। মনে মনে ভাবতে লাগলাম, এরপর ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া সুদূরপরাহত। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, তাঁর দেশবাসী তাঁকেই প্রেসিডেন্ট পদে অভিষিক্ত করেছে। এখানে স্মরণ করা যায়, ১৯৭১ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইন্দিরা গান্ধীকে উদ্দেশ করে ‘দ্যাট ওম্যান’ বলাতে আমরা তার জোর নিন্দা জানিয়েছিলাম।
সে যা-ই হোক, টেক্সাসের অধিবাসী লিজ কার্পেন্টার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ১৩ জন প্রেসিডেন্টের অধীনে স্পিচ রাইটিং ও গণসংযোগের কাজ করে অবসরে গেছেন। ২০০৮ সালে অস্টিনের গণপাঠাগারে তাঁর লেখা স্টার্ট উইথ আ হিউমার গ্রন্থের সঙ্গে আমার পরিচয় ঘটে। সেই বইয়ে হোয়াইট হাউসের বর্ণনা দিতে গিয়ে তিনি মজা করে লিখেছিলেন, বাড়িটি যদি ভাড়া দেওয়া হতো, তাহলে পত্রিকায় বিজ্ঞাপন বেরোত: ৪ বছরের জন্য ইজারায় প্রাপ্তিযোগ্য ১৮ একর জমির ওপর অবস্থিত, ১৩২টি কক্ষ, ২১টি বাথরুম, ৬৯টি টয়লেট, ১টি কুকুরের ঘর...ইত্যাদি ইত্যাদি এবং সে সময় আমি যথারীতি এই কলামের পাঠকদের জ্ঞাতার্থে উপস্থাপনও করেছিলাম। এবারে হাফ-প্রাইস বুকশপ থেকে কিনে নিয়ে এসেছি তাঁর গ্রন্থটি, এতে তিনি জর্জ ওয়াশিংটন থেকে জর্জ ডব্লিউ বুশ—তাঁর ভাষায় জর্জ ফার্স্ট থেকে জর্জ ওয়ার্স্ট—পর্যন্ত প্রেসিডেন্টদের হিউমারের ওপর আলোকপাত করেছেন।
>আব্রাহাম লিংকনকে প্রায়ই এই প্রশ্নও করা হতো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া তিনি কতটা উপভোগ করছেন। প্রত্যুত্তরে তিনি বলতেন, আপনারা সেই মানুষটির গল্প শুনেছেন কি, যাকে আলকাতরা মাখিয়ে পালকশোভিত করে ট্রেনযোগে নিয়ে যাওয়া হচ্ছিল?
এখানে উল্লেখ্য, হিউমার হচ্ছে স্রষ্টাপ্রদত্ত সেই গুণ যেটা উদ্দীপনার প্রবৃদ্ধি, কল্পনার প্রযুক্তি, দিবসের উজ্জ্বলতা বৃদ্ধি ও অন্ধকারাচ্ছন্ন সময়কে সহনীয় করতে সর্বাধিক উপযোগী। তাই তো লিজ কার্পেন্টার তাঁর গ্রন্থের মুখবন্ধে বলেছেন যে তিনি ব্যক্তিগত ও পেশাগতভাবে ১৩ জন মার্কিন প্রেসিডেন্টকে জেনেছেন এবং তিনি এমন একজনকেও পাননি যিনি একটুখানি ‘হা হা হা’ চান না। তাঁর ভাষায়, প্রজাতন্ত্রের প্রারম্ভকালে জর্জ ওয়াশিংটন কখনো মিথ্যে বলেননি বটে (বাল্যে তাঁর পিতার প্রিয় চেরিগাছ কাটার উপাখ্যানটি স্মর্তব্য), কিন্তু তিনিও মাঝেমধ্যে হিউমার করতেন। আর আব্রাহাম লিংকন তো হিউমারকে প্রকোষ্ঠে আবদ্ধ অবস্থা থেকে একেবারে বাইরে বের করে নিয়ে এসেছেন।
তা যাকগে। ওই পুস্তকের আলোকে আমি এই কিস্তিতে মাত্র দুজন মার্কিন প্রেসিডেন্টের হিউমার উপস্থাপন করব, পরে অন্যদের ব্যাপারে আলোকপাত করা যাবে। প্রথমে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের কথা ধরা যাক। কাকতালীয়ভাবে তিনিও ছিলেন ট্রাম্পের মতো রিপাবলিকান পার্টির সদস্য। তাঁর সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি প্রেসিডেন্ট পদে অভিষিক্ত না হলেও কেবল হিউমার তথা রম্য উপাখ্যানের উদ্ভাবক হিসেবেই বিশ্বে বরেণ্য হয়ে থাকতেন। তাঁকে নাকি গৃহযুদ্ধ চলাকালে একবার জিজ্ঞেস করা হয়েছিল, যুদ্ধক্ষেত্র থেকে এত হতাহত হওয়ার সংবাদ আসার মধ্যে তিনি কৌতুক করেন কী করে। উত্তরে অশ্রুবিগলিত চোখে তিনি বলেছিলেন, ওই ক্ষুদ্র কৌতুকগুলো (জোকস) না বললে দেশের গুরুদায়িত্ব বহন করা আমার পক্ষে সম্ভব হতো না।
আব্রাহাম লিংকনকে প্রায়ই এই প্রশ্নও করা হতো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া তিনি কতটা উপভোগ করছেন। প্রত্যুত্তরে তিনি বলতেন, আপনারা সেই মানুষটির গল্প শুনেছেন কি, যাকে আলকাতরা মাখিয়ে পালকশোভিত করে ট্রেনযোগে নিয়ে যাওয়া হচ্ছিল? জনতার মধ্য থেকে একজন তাঁকে জিজ্ঞেস করল, তিনি ব্যাপারটি কতটা উপভোগ করছেন। তদুত্তরে তিনি বলেছিলেন যে ব্যাপারটির সঙ্গে সম্মানের প্রশ্ন জড়িত না থাকলে সে বরং হেঁটে যাওয়াই পছন্দ করত।
আর প্রেসিডেন্ট হওয়ার পর লিংকনের কাছে অনেকেই চাকরিপ্রার্থী হতেন। তো সে সময় একবার তাঁর গুটিবসন্ত হলে পরে রোগটি অত্যন্ত ছোঁয়াচে বিধায় তিনি তাঁর অধীন কর্মচারীদের বললেন, ‘চাকরিপ্রার্থীদের তাড়াতাড়ি আসতে বলো; কারণ, বর্তমানে আমার কাছে এমন কিছু আছে, যা আমি তাদের সবাইকে দিতে পারি।’ এবং ওই যে বহুল কথিত ও বিজ্ঞজনোচিত কথা—আপনি সবাইকে কিছুকালের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু সবাইকে সর্বকালের জন্য বোকা বানাতে পারবেন না, সেটাও তো প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মুখ থেকেই মূলত নিঃসৃত।
আরও আছে। প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতন্ত্রের শ্রেষ্ঠতম সংজ্ঞাসংবলিত বিখ্যাত গ্যাটিসবার্গ ভাষণ দিতে সেখানে যাওয়ার কালে জেনারেল ফ্রাই তাঁকে তাড়া লাগালে তিনি বলেছিলেন, ‘আমার অবস্থা হয়েছে ইলিনয় শহরের সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিটির মতো, যাকে স্থানীয় পুলিশ কর্মকর্তা যখন বধ্যভূমিতে নিয়ে যাচ্ছিলেন, তখন দর্শকদের তাড়াহুড়ো করে সেই স্থানের দিকে এগোতে দেখে সে বলেছিল, “বাছারা, তোমাদের তাড়াহুড়োর কোনো দরকার নেই, আমি বধ্যভূমিতে না পৌঁছানো পর্যন্ত তামাশাটা জমবে না।”’ এটা লিজ কার্পেন্টারের বইয়ে অন্তর্ভুক্ত করা হয়নি, আমি অন্যত্র পেয়েছি।
লিংকনের ফিরিস্তি আর না বাড়িয়ে অপর একজন মার্কিন প্রেসিডেন্ট লিওন বেইন জনসনের দিকে মনঃসংযোগ করা যাক। ইনি প্রেসিডেন্ট জন এফ কেনেডির উত্তরসূরি ও স্বীয় ললাটের বলিরেখার জন্য ছিলেন বিখ্যাত। প্রেসিডেন্ট কেনেডির সময়ে তিনি তখন ভাইস প্রেসিডেন্ট। একবার তৎকালীন পাকিস্তানে সরকারি সফরে এসে তাঁকে দেখতে আসা করাচির রাস্তার পাশে উটসহ দণ্ডায়মান উটচালক বশিরের সঙ্গে গাড়ি থেকে নেমে কথা বলে ও তাকে দাওয়াত দিয়ে মার্কিন সরকারের অতিথি হিসেবে নিয়ে গিয়ে রীতিমতো হট্টগোল বাধিয়ে ফেলেছিলেন বেইন জনসন। এটাও মিসেস কার্পেন্টার তাঁর পুস্তকে অন্তর্ভুক্ত করেননি। বোধ করি ব্যাপারটা তাঁর কাছে ততটা আকর্ষণীয় ঠেকেনি বলে। কিন্তু আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের কাছে ঘটনাটা ছিল রীতিমতো অভাবনীয়।
উপরন্তু একবার তাঁর এক উচ্ছ্বসিত প্রশংসাসূচক পরিচিতি শেষে প্রেসিডেন্ট জনসন নাকি বলেছিলেন, ‘আমার খুব ইচ্ছে হচ্ছে, আমার মা ও বাবা যদি আজ এখানে উপস্থিত থেকে আমার এই পরিচিতিটা শুনতেন। আমার বাবা এটা উপভোগ করতেন আর আমার মা এটা বিশ্বাস করতেন।’
এক রাতে জন এফ কেনেডি তাঁর ভাইস প্রেসিডেন্ট জনসন ও জনৈক ক্যাবিনেট মন্ত্রীকে বলেছিলেন, ‘সেদিন রাতে আমি স্বপ্নে দেখলাম, ঈশ্বর আমার শয়নকক্ষে এসে আমাকে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করে বলছেন, “জন কেনেডি, আমি এতদ্দ্বারা তোমাকে যুক্তরাষ্ট্র ও বহির্বিশ্বের প্রেসিডেন্ট নিযুক্ত করলাম।”’ জনসন তখন বলে উঠলেন, ‘এটা খুবই চমকপ্রদ। কেননা, গত রাতে আমিও একই স্বপ্ন দেখেছি এবং আমি আপনাদের দুজনের কাউকেই নিযুক্তি প্রদানের কথা স্মরণ করতে পারছি না। আমার সৌভাগ্য, আমি অস্টিনের লিওন জনসন জাদুঘর ও ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল—দুটোই দেখে এসেছি।’
বরেণ্য ব্যক্তিদের হিউমারে শুধু হাসির খোরাকই নয়, শিক্ষণীয় বিষয়ও থাকে বইকি!
আতাউর রহমান: রম্যলেখক৷ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক৷