প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যাঁরা ডোনাল্ড ট্রাম্পকে তারস্বরে চিৎকার করে টেলিপ্রম্পটার দেখে ভাষণ পড়তে দেখেছেন, তাঁরা সম্ভবত এখনো ঘুমের মধ্যে ভয়ে জেগে ওঠেন। যে আমেরিকার চিত্র ট্রাম্প সে ভাষণে উপস্থিত করেন, তাতে এই দেশের প্রতিটি শহরে লাখ লাখ অবৈধ অভিবাসী ওত পেতে বসে আছে কাউকে খুন বা ধর্ষণ করতে। সব বড় শহরে আইনশৃঙ্খলাব্যবস্থা ভেঙে পড়েছে। কালো মানুষেরা পুলিশের ওপর হামলা করতে বন্দুক নিয়ে ঘুরছে। পাশাপাশি দারিদ্র্য বেড়ে গেছে, রাস্তাঘাটের এমন হতদরিদ্র অবস্থা যে কখন কোন সেতু ভেঙে পড়ে তা বলা অসম্ভব। এর ওপর রয়েছে আইএস। কখন, কোথায় যে তারা হামলা করবে, তা কেউ জানে না। কেউ আমেরিকাকে ভয় করে না, কেউ তাকে সম্মান করে না।
বানিয়ে বলছি না। নিউইয়র্ক টাইমস-এর রক্ষণশীল ভাষ্যকার ডেভিড ব্রুকস সে ভাষণ শোনার পর ট্রাম্পের নাম দিয়েছেন ‘ডার্ক নাইট’। অর্থাৎ বিভীষিকার রাজপুত্র। এ যেন সত্যিকার আমেরিকা নয়, এক ভীষণ ভয়ের হলিউডি ফিল্ম। ট্রাম্পের আমেরিকায় এখন মধ্যরাত্রি, গহন-ঘন এক আঁধার চারদিকে থিকথিক করছে। তবে ভয় পাবেন না, পরিত্রাণের উপায় আছে। তবে সে জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। কারণ, এ দেশের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা তাঁর চেয়ে কেউ বেশি ভালো জানেন না। তাঁর চেয়ে অধিক বুদ্ধিমান কেউ নেই, তাঁর চেয়ে অধিক সফল কোনো মানুষও নেই। সবকিছু তুড়ি মেরে তিনি এমনভাবে উড়িয়ে দেবেন যে আগামী বছর ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই সব একেবারে সুনসান ঠিক হয়ে যাবে।

আপনারা ভাবতে পারেন লোকটা পাগল নাকি? কিন্তু মজা কী জানেন, সিএনএনে তাঁর ওই ভাষণ শোনার পর প্রতি দশজনের ছয়জন বলেছেন, এই লোককেই তাঁরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। দুই মাস আগেও যদি আমাকে কেউ বলত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট, তাহলে হেসে উড়িয়ে দিতাম। এখন হাসার বদলে ভীতি আমাকে গ্রাস করেছে। সত্যি সত্যি এই লোক যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে?

ট্রাম্প খুব ভেবেচিন্তে ভীতি ও ত্রাসের এই চিত্রটি আমেরিকার মানুষের সামনে হাজির করেছেন। এই ত্রাসের ছবি এঁকেই তিনি ১৬ জন বাঘা বাঘা রাজনীতিককে কুপোকাত করে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন ছিনিয়ে নিয়েছেন। এ কাজে তাঁর হাতে ছিল মাত্র তিনটি তাস: অবৈধ অভিবাসন, অসম বাণিজ্য ও ইসলামি সন্ত্রাস। তিনি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি দেশের সোয়া কোটি অবৈধ অভিবাসীকে বহিষ্কার করবেন। চীন বা মেক্সিকো এখন ওবামা-হিলারির দুর্বল নেতৃত্বের কারণে এ দেশের ওপর অসম বাণিজ্য চুক্তি চাপিয়ে দিয়েছে, তিনি তা বদলে দেবেন। আর হ্যাঁ, আইএস যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তার কারণও প্রেসিডেন্ট ওবামা ও হিলারি ক্লিনটনের নতজানু পররাষ্ট্রনীতি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ামাত্রই ট্রাম্প আইএসের নাম-গন্ধ মুছে ফেলবেন।

একদল লোক তাঁর প্রতিটি কথা বেদবাক্য বলে মেনে নিয়েছে। এরা মুখ্যত এ দেশের রক্ষণশীল শ্বেতাঙ্গ নাগরিক। অধিকাংশই
পুরুষ, স্বল্পশিক্ষিত, মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত। গত ১৫ বছরে অব্যাহত অর্থনৈতিক মন্দাবস্থায় তাদের পকেট ফাঁকা হয়ে এসেছে, পিঠ
দেয়ালে ঠেকেছে।

এ কথা ঠিক, অর্থনীতির বিশ্বায়নের চাপে আমেরিকার বিপুলসংখ্যক মিল-কারখানা বন্ধ হয়ে গেছে, একসময় সেসব কারখানায় কাজ করে ভদ্রভাবে বাঁচা যেত। এখন সেগুলোর কাজ চলে গেছে বিদেশে, কম খরচে মোটর গাড়ি থেকে আলপিন—সবই বিদেশে উৎপাদিত হচ্ছে। একসময় কয়লাখনিতে চাকরির অভাব ছিল না, এখন সেসব খনি লাটে উঠেছে। এসব মানুষ, যাঁরা একসময় ভাবতেন ‘আমেরিকান ড্রিম’ তাঁদের হাতের মুঠোয়, তাঁদের অধিকাংশই এখন মন্দাবস্থার শিকার। ডোনাল্ড ট্রাম্প এই মানুষগুলোকে নিশানা করেছেন। যদি এঁরা দল বেঁধে তাঁকে ভোট দেন, আগামী বছর ২০ জানুয়ারি তিনি নির্ঘাৎ হোয়াইট হাউসে সদলবলে প্রবেশ করবেন।

অধিকাংশ নির্বাচনী পণ্ডিত অবশ্য মনে করেন, শুধু শ্বেতাঙ্গদের ভোটে ট্রাম্পের জয়লাভ অসম্ভব। দেশের মোট ভোটারদের এক-পঞ্চমাংশ হয় আফ্রিকান-আমেরিকান, নয় হিস্পানিক। এদের ২০-৩০ শতাংশ যদি তাঁকে ভোট না দেন, তাহলে তাঁর জেতা অসম্ভব। কৃষ্ণাঙ্গদের মধ্যে ট্রাম্পের সমর্থক ৫ শতাংশের কম, হিস্পানিকদের মধ্যে বড়জোর ১০ শতাংশ। সে কারণেই ভাবা হচ্ছে ট্রাম্পের পক্ষে জেতা অসম্ভব। তাহলে?

আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় সর্বাধিক ভোট পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না। জর্জ বুশ আল গোরের চেয়ে কম ভোট পেয়েও প্রেসিডেন্ট হয়েছিলেন। কারণ, প্রেসিডেন্ট হতে হলে দরকার কমপক্ষে ২৭০টি ‘ইলেক্টরাল কলেজ ভোট’। নির্বাচনের দিন ভোটাররা যদিও তাঁদের নিজ নিজ পছন্দ অনুযায়ী প্রার্থীর পক্ষে ভোট দেন, কিন্তু আসলে তাঁদের ভোটের মাধ্যমে ঠিক হয় কোন প্রার্থী মোট ৫৩৮টি ইলেক্টরাল কলেজ ভোটের কতটি পেলেন। জনসংখ্যার ভিত্তিতে প্রতিটি রাজ্যের জন্য ইলেক্টরাল কলেজ ভোটের সংখ্যা আগে থেকেই নির্ধারিত আছে। শুধু নেব্রাস্কা ও মেইন ছাড়া আমেরিকার সব অঙ্গরাজ্যেই যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান, নির্ধারিত ইলেক্টরাল কলেজ ভোটের সবগুলোই তাঁদের খাতায় জমা হয়। কেবল ওই দুই রাজ্যে আনুপাতিক হিসাবে ইলেক্টরাল কলেজ ভোট নির্ধারিত হয়।

আমেরিকার কোন রাজ্যে কে কতটা ইলেক্টরাল কলেজ ভোট পেতে পারেন, তার একটা মোদ্দা হিসাব আমাদের জানা আছে। রেজিস্ট্রিকৃত ভোটার সংখ্যায় ডেমোক্র্যাটরা তাঁদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানদের চেয়ে এগিয়ে। অধিকাংশ নগর-প্রধান রাজ্যসমূহে (যেমন নিউইয়র্ক বা ক্যালিফোর্নিয়া) ডেমোক্র্যাটদের প্রাধান্য রয়েছে, ফলে এসব ‘নীল’ রাজ্যে হিলারি সব ইলেক্টরাল ভোট ছিনিয়ে নেবেন, এমন একটা ধারণা করা যেতে পারে। দক্ষিণের ও মধ্য-পশ্চিমের ‘লাল’ রাজ্যসমূহে, যেখানে রিপাবলিকানদের প্রাধান্য, সেখানে ট্রাম্প জিতবেন, তাও আমরা ভাবতে পারি। কিন্তু শুধু ‘নীল’ ও ‘লাল’ রাজ্যসমূহের ভোটে ২৭০টি ইলেক্টরাল ভোট বাক্সে তোলা কঠিন। এ জন্য দরকার পড়বে নীল নয়, লাল নয় এমন ‘পাটকেলে’ রাজ্যসমূহে নির্বাচনী বিজয়।

ডোনাল্ড ট্রাম্প হিসাব করে দেখেছেন, তিনি যদি শ্বেতাঙ্গ ভোটারদের খুব বড় সংখ্যাকে নিজের পক্ষে টানতে পারেন, তাহলে ফ্লোরিডা, ওহাইও ও ভার্জিনিয়ার মতো না নীল-না লাল রাজ্যগুলোতে জেতা তাঁর পক্ষে অসম্ভব হবে না। কিন্তু এ জন্য তাঁকে এই রাজ্যগুলোর তিন-চতুর্থাংশ শ্বেতাঙ্গ ভোট পেতে হবে। শুধু তা-ই নয়, মোট শ্বেতাঙ্গ ভোটারের তিন-চতুর্থাংশ যাতে ঘরে বসে না থেকে নির্বাচনের দিন ভোট দিতে যায়, সেটাও নিশ্চিত করতে হবে। রোনাল্ড রিগ্যানের পক্ষে সে অসম্ভব কাজ সম্ভব করা গিয়েছিল। ট্রাম্প তেমন একটা ম্যাজিকের অপেক্ষায় আছেন। শুধু ‘পাটকেলে’ রাজ্য নয়, শ্বেতকায় ভোটার যদি অস্বাভাবিক সংখ্যায় তাঁকে ভোট দেন, তাহলে পেনসিলভানিয়া, উইসকনসিন ও নিউ হ্যাম্পশায়ারের মতো ‘নীল’ রাজ্যেও ট্রাম্প সব ইলেক্টরাল ভোট বাগিয়ে নিতে পারেন।

কাজটা খুব সহজ নয়। নিউইয়র্ক টাইমস সাম্প্রতিক সময়ে নেওয়া প্রায় ৩০০ জনমত জরিপের ভিত্তিতে যে মডেল নির্মাণ করেছে, তাতে ইলেক্টরাল কলেজ ভোটের হিসাবে হিলারি ক্লিনটনের বিজয়ের সম্ভাবনা ৭৬ শতাংশ। কিন্তু তার মানে এই নয়, ট্রাম্পের পক্ষে জেতা অসম্ভব। ‘লাল’ রাজ্যগুলো ছাড়া ট্রাম্প যদি আর পাঁচ-ছয়টি ‘নীল’ বা ‘পাটকেলে’ রাজ্য জিততে পারেন, তাহলেই অঙ্কটা বদলে যায়।

ট্রাম্প এ সম্ভাবনা মাথায় রেখেই ভীতির চিত্রটি এঁকেছেন। তাঁর লক্ষ্য, পেনসিলভানিয়া বা উইসকনসিনের সাদাদের মনে ভয় ঢোকানো। অভিবাসন ও সন্ত্রাসবাদ এসব রাজ্যের শ্বেতাঙ্গ নাগরিকদের চোখে একটি দৈনন্দিন বাস্তবতা।  প্রতিটি মানুষ এখন সহিংসতার ‘টার্গেট’, ঠিক এই চিত্রই ট্রাম্প এ দেশের শ্বেতাঙ্গদের মাথায় ঢোকাতে চান। ওবামা ও হিলারিকে তিনি শুধু দুর্বল নন, কার্যত এই পরিস্থিতির জন্য দায়ী বলে অভিযুক্ত করেছেন। সে জন্য চোখ-কান বুজে মিথ্যা বলতেও তাঁর আপত্তি নেই। বস্তুত, ওবামা আমলে মার্কিন নগরসমূহে বড় ধরনের অপরাধের পরিমাণ গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্নে। অবৈধ অভিবাসনের পরিমাণও হ্রাস পেয়েছে। কিন্তু ট্রাম্পের কথা থেকে এই সত্য ছবিটি মিলবে না। পুলিশের হাতে কালো মানুষ দেদার মরছে, সে কথা তিনি ঘুণাক্ষরেও উল্লেখ করবেন না।

ট্রাম্প নিজেকে আমেরিকার শ্বেতাঙ্গদের কাছে তাদের ত্রাতা হিসেবে উপস্থিত করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকাকে তিনি আগের গৌরবময় অবস্থায় ফিরিয়ে নেবেন। তাঁর স্লোগান, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। সবাই না হোক, অনেকেই বিশ্বাস করেছে।

কেউ কেউ ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন, তার একটা যৌক্তিক কারণ আছে। হিটলার জার্মানির অর্থনৈতিক মন্দাবস্থার সময় তাদের মনে একদিকে প্রবল জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলেছিলেন, অন্যদিকে জার্মানির সব সংকটের জন্য ইহুদি ও অন্যান্য জাতিগোষ্ঠীকে দায়ী করে প্রবল ঘৃণার আগুন ছড়িয়েছিলেন। হিটলারের মতো হাস্যকর একজন ক্লাউন কখনো ক্ষমতা দখল করবে, এ কথা কেউ ভাবেনি। একই কথা আমরা ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধেও ভেবেছিলাম। ইতিহাস কিন্তু আমাদের ভিন্ন শিক্ষার কথা বলে।

হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।