প্রয়োজন সমন্বিত উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে মেডিকেল মাইক্রোবায়োলজি বিভাগের খ্যাতনামা অধ্যাপক কেভিন কোমবসের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) ভাইরাসের টিকা বা ওষুধ আবিষ্কারের একটি প্রকল্পে কাজ করার সুযোগ হয়েছিল। তাই পেশাগত দায়িত্ববোধ ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থেকে এ বিষয়ে লিখতে বসা। সাম্প্রতিক সময়ে দেশে, বিশেষ করে ঢাকায় চিকুনগুনিয়ার ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। পত্রপত্রিকার তথ্যমতে, আক্রান্ত ব্যক্তির সংখ্যা ঢাকায় প্রতি ১১ জনে ১ জন।

চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। এডিস মশা দ্বারা চিকুনগুনিয়া ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে চার দিনের মধ্যে আকস্মিক জ্বর শুরু হয়। এর সঙ্গে অস্থিসন্ধিতে ব্যথা করতে থাকে, যা কয়েক সপ্তাহ, মাস বা বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই রোগে মৃত্যুঝুঁকি প্রতি ১০ হাজারে ১ জন বা এর চেয়েও কম। তবে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে এই রোগের জটিলতা তুলনামূলক বেশি।

বিশেষজ্ঞদের মতে, চিকুনগুনিয়ার কোনো চিকিৎসা নেই। সাধারণত দুই থেকে তিন দিনের (কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ১০ দিন) মধ্যেই আপনাআপনি এই রোগ সেরে যায়। তবে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এই রোগের জীবাণু শরীরে থাকে। চিকুনগুনিয়া রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে আজীবনের জন্য প্রতিরোধক্ষমতা তৈরি হয়, যা পরবর্তী সময়ে এই রোগ সৃষ্টিতে বাধা দেয়। তবে কোনো কারণে প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়লে ফের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

গবেষণায় দেখা যায়, চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর রক্তে ইন্টারলিউকিন-১৭ নামক একধরনের প্রদাহ সৃষ্টিকারী পদার্থ তৈরি হয়, যা হাড়ে বা অস্থিসন্ধিতে প্রদাহ সৃষ্টি করে। ইন্টারলিউকিন-৬ ও গ্রান্যুলোসাইট-ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর নামক পদার্থের উপস্থিতি রোগীকে দীর্ঘদিন অস্থিসন্ধির ব্যথায় আক্রান্ত করে রাখে। এ ছাড়া ভাইরাস দ্বারা সৃষ্ট একধরনের বিষ অস্থিসন্ধির তরুণাস্থিতে প্রদাহ সৃষ্টি করে, যার কারণে রোগী তীব্র যন্ত্রণা অনুভব করেন।  এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা বাজারে নেই, তবে আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি চিকুনগুনিয়ার টিকা আবিষ্কার করেছেন, যা এই ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধক্ষমতা তৈরি করে। এই ভাইরাসের কার্যকরী কোনো ওষুধ বাজারে নেই, তবে ইন্টারফেরন আলফাটুবি, রিবাভিরিন, ৬-এজিউরিডিন এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করে বলে গবেষণায় পাওয়া গেছে।

চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত রোগীর রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। রোগের লক্ষণ প্রকাশের এক সপ্তাহের মধ্যে ‘আরটি-পিসিআর’ পদ্ধতি ব্যবহার করে ভাইরাস শনাক্ত করা যায়। এ ছাড়া রোগের লক্ষণ প্রকাশের তিন থেকে আট সপ্তাহের মধ্যে ‘ইলাইজা’ পদ্ধতির মাধ্যমে রক্তে আইজিএম ও আইজিজি অ্যান্টি চিকুনগুনিয়া অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয় করেও এ রোগ নিশ্চিত করা যায়।

যেহেতু চিকুনগুনিয়ার বিস্তার মূলত এডিস মশা দ্বারা হয়, তাই এই মশার নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট এলাকায় এডিস মশা চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ওই এলাকার জনগোষ্ঠীতে এই রোগ দ্রুত ছড়ায়। তাই আক্রান্ত এলাকায় মশার উপস্থিতি যত কমবে, রোগের বিস্তার ততই কমবে। ডেঙ্গু ও জিকা ভাইরাস একই মশা দ্বারা বিস্তার লাভ করে।

 এডিস মশা স্থির পানিতে ডিম পাড়ে। তাই বালতি, ফুলের টব, গাড়ির টায়ার প্রভৃতি স্থানে যেন পানি জমতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প পরিমাণ জমে থাকা পানিও এদের ডিম পরিস্ফুটনের জন্য যথেষ্ট। শুষ্ক ও আর্দ্র উভয় মৌসুমে এডিস মশা সক্রিয় থাকে, তবে বর্ষার সময় এদের আধিক্য দেখা যায়। তাই বর্ষার আগে জনসচেতনতা শুরু করা এবং মশা নিধনে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। মশার উপস্থিতি পর্যবেক্ষণ করে আবাসস্থল নষ্ট করে দেওয়া ও মশার লার্ভাকে  কীটনাশক বা অন্য উপায়ে ধ্বংস করে দিতে হবে। দেশজুড়ে মশার বিস্তারের একটি মানচিত্র তৈরি করতে হবে। কোন এলাকায় কোন জাতের মশা পাওয়া যায়, তার একটি পরিষ্কার চিত্র থাকা প্রয়োজন। মশা ও অন্য রোগবাহী কীট নিয়ন্ত্রণে প্রতিটি জেলায় স্থানীয় ইউনিট তৈরি করে সমন্বয়ের মাধ্যমে সারা বছর কার্যক্রম পরিচালনা করতে হবে।

সরকারি, আধা সরকারি ও বেসরকারি উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সংকট কাটিয়ে উঠতে হবে। চিকুনগুনিয়া প্রতিরোধে কীটতত্ত্ববিদ (এন্টোমোলজিস্ট), পরিবেশবিদ, মেডিকেল ও ভেটেরিনারি পেশার এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ও গবেষক নিয়ে গঠিত কমিটির মতামত গ্রহণ এবং তা বাস্তবায়ন করার জন্য স্বাস্থ্যকর্মী, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ, গ্রহণযোগ্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের অংশগ্রহণ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে মশা মারতে প্রয়োজনীয় কীটনাশক আক্রান্ত এলাকাগুলোয় মোটরযানে বা হেলিকপ্টারে করে ছিটানো জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার, জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজনন সময়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়ার পরিবর্তন সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চিকুনগুনিয়া মানুষ ছাড়াও বানর, বাদুড়, ইঁদুর ও পাখির হতে পারে এবং এসব প্রাণী থেকে মানুষে এ রোগের সংক্রমণ হতে পারে। এ ছাড়া মানুষ থেকে মানুষেও এ রোগের সংক্রমণ হওয়ার সুযোগ রয়েছে। কোনো অন্তঃসত্ত্বা মা চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে তাঁর গর্ভের সন্তানও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এ ছাড়া শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে এ ভাইরাস সংক্রমণের প্রমাণও মিলেছে গবেষণাগারে। তাই চিকুনগুনিয়ার ফলপ্রদ নিয়ন্ত্রণে মশা ও মানুষের পাশাপাশি অন্য উৎসগুলোও খতিয়ে দেখতে হবে। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে ভাইরাস শনাক্তকরণের পদ্ধতি বের করতে হবে, যাতে মহামারির সময় দ্রুত চিকুনগুনিয়া রোগ নির্ণয় করা যায়।

চিকুনগুনিয়া একটি জাতীয় সমস্যা। তাই এর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলেই চলবে না। আশপাশের জায়গাটুকু যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেদিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

মো. সহিদুজ্জামান: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্যারাসাইটোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।