ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কেঁদেছেন। বক্তৃতা দিতে গিয়ে তিনি কেঁদেছেন। ‘প্রতিদিন ক্রসফায়ার-একটা, দুটা, তিনটা, চারটা চলছে। যতজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, একটা লোক বেঁচে আছে? সবাইকে ক্রসফায়ার, গান ব্যাটলের অদ্ভুত সব গল্প, অলীক গল্প তৈরি করে মেরে ফেলা হয়েছে। সিগন্যালে থামে গাড়ি, হকার ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে সব আসে। দেখে বলে যে স্যার, আমি বিএনপি করতাম লক্ষ্মীপুরে। এত মামলা, পালিয়ে চলে এসেছি। এখন হকারি করছি। রিকশা চালায় আমাদের ছেলেপেলে।’ পত্রিকার খবরে আমরা জেনেছি, এরপরই গলা ধরে আসে মির্জা ফখরুলের। একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, ‘এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না।’ পরে নিজেকে সামলে নিয়ে ফখরুল বলেন, ‘আমি দুঃখিত। ...আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি।’
মির্জা ফখরুলকে বলি, কান্না নিয়ে দুঃখিত হওয়ার কিছু নেই। ‘আবেগপ্রবণ’ হওয়ার মধ্যেও কোনো দোষ নেই। এগুলো সবই মানবিক ব্যাপার। আজকের দিনে আমাদের সম্ভবত মানবিক হয়ে ওঠাই সবচেয়ে বেশি জরুরি। আপনি যা বলেছেন তার মধ্যে বাস্তবতা আছে। দেশে গুম-খুন আছে, এবং ঘটেই চলছে। এর যারা শিকার তাদের পরিবারগুলোর কান্না-হাহাকার শুধু আপনি নন, অনেকেই শোনেন। আপনার দলের লোকজনের ওপর দমন-পীড়নের বিষয়টিও অসত্য নয়। এসব নিয়ে আপনার মনে কষ্ট জাগবে, এটাই স্বাভাবিক। গুমরে কান্নাও আসতে পারে। আপনি কেঁদেছেন, আপনার প্রতি সহানুভূতি জানাই।
এখন কিছু প্রশ্ন তুলতে চাই। আমাদের দেশের রাজনীতিটাই তো এমন, যাঁরা ক্ষমতায় থাকবেন, তাঁরা বিরোধী দল ও তাঁদের লোকজনকে কাঁদাবেন। যেই রাজনীতির দায় আপনার ও আপনার দলেরও রয়েছে। আজ আপনি কাঁদছেন, কারণ আপনি আজ ক্ষমতার বাইরে। যখন ক্ষমতায় ছিলেন, তখন এই একই কাজটি কি আপনারা করেননি? এই পাল্টাপাল্টিই তো চলছে। প্রথম আলোর অনলাইন সংস্করণে খবরের নিচে পাঠকেরা মন্তব্য করেন। শাহিদুল ইসলাম নামের এক পাঠক কী মন্তব্য করেছেন পড়ুন, ‘আপনি এলেন, ভাষণ দিলেন এবং কাঁদলেন। আমরা দেখলাম। এখন কেমন লাগছে। এবার স্মরণ করেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধী দলের কাউকে কি আপনার দল বাড়িতে থাকতে দিয়েছিল? আমারই এক আত্মীয়ের বয়স ছিল ৭২। শুধু বিরোধী রাজনীতির কারণে তিনি পর্যন্ত এই পাঁচ বছর বাড়িতে এক দিনের জন্য আসতে পারেননি। এমন এক দিন যায়নি, যেদিন পুলিশ তাঁর বাড়ি রেইড দেয়নি। এগুলো আপনারাই তো আওয়ামী লীগকে শিখিয়েছেন।’
আরেক পাঠক মেহেদী হাসান লিখেছেন, ‘আপনারাই বা কেন তাদের গ্রেনেড মারলেন? তারপর গ্রেনেড মারার পর আপনারা কত নাটক মঞ্চস্থ করলেন! ইট যখন ছুড়েছিলেন এখন পাটকেল তো খেতেই হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের জীবনও দুর্বিষহ করেছেন।’
পাঠকদের এসব মন্তব্যের মধ্যে কঠোরতা রয়েছে, কিন্তু একে খণ্ডন করা কি মির্জা ফখরুলের পক্ষে সম্ভব? তাঁরা যা বলেছেন তাঁর মধ্যে কি বাস্তবতা নেই? বিএনপি যা ‘শিখিয়েছে’ সেই পথে আওয়ামী লীগ চলছে অথবা বিএনপি ঢিল মেরে এখন ‘পাটকেল’ খাচ্ছে। আমাদের রাজনীতির চাকা কি ঠিক এভাবেই ঘুরছে না? বিরোধী দল মানেই তো কান্না। এখন থেকে ঠিক এক যুগ আগে ২১ আগস্টে গ্রেনেড হামলা করে ‘বিরোধী দলকে’ উপড়ে ফেলার চেষ্টা হয়েছে। এ ঘটনার পর অনেক পরিবার কেঁদেছে, এখনো কাঁদছে। সেই ‘বিরোধী দলের’ প্রধান অল্পের জন্য বেঁচে গেছেন! এবং সেই কান্নার মধ্যেই তখন তাদের শুনতে হয়েছিল, এই হামলা তারা নিজেরাই করছে, নিজেরাই নিজেদের মারতে চেয়েছে!
স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে হত্যা-ষড়যন্ত্র এবং বিরোধী দল ও রাজনৈতিক শক্তির ওপর দমন-নিপীড়ন নতুন নয়। এসবের কান্না-হাহাকার সব সময়েই আমাদের কানে বেজে চলেছে। তবে দেশের সাম্প্রতিক রাজনীতিতে প্রতিহিংসার যে মনোভাব জায়গা করে নিয়েছে, এর সূচনা পরিষ্কারভাবেই ঘটিয়েছে ২১ আগস্টের গ্রেনেড হামলা। আমরা বলতে পারি, নব্বইয়ের পর বাংলাদেশের রাজনীতির যে একটি নতুন সূচনা হয়েছিল, তা বদলে দিয়েছে এই ঘটনা। বিএনপির মহাসচিব সেদিন ২১ আগস্টের ঘটনাকে দেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কময় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু এই ‘পাপের’ দায় বিএনপি এড়াবে কীভাবে? এর প্রায়শ্চিত্তই বা হবে কীভাবে? এই পথটিই এখন বিএনপিকে খুঁজতে হবে।
রাজনৈতিক ষড়যন্ত্র-হত্যার কারণে নিজের স্বজন হারানো, নিজে হামলার শিকার হওয়া, পেট্রলবোমায় পুড়ে মরা, গুম-ক্রসফায়ারের শিকার হওয়া বা নিজ দলের লোকজনকে নির্যাতিত ও খুন হতে দেখা—এসবই চোখে পানি আনার বিষয়। কিন্তু আমাদের রাজনীতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে, যেখানে কান্নার মধ্যে যেন হিসাব-নিকাশ চলে। আমাদের ঠিক করতে হয়, আমরা কিসে কাঁদব আর কিসে কাঁদব না!
সরকারি দলে থাকলে কাঁদাব আর বিরোধী দলে গিয়ে কাঁদব—আমাদের দেশে রাজনীতির চাকা কি তবে এভাবে ঘুরতে থাকবে? আওয়ামী লীগ কেঁদেছে, এখন সে কাঁদাচ্ছে। বিএনপি এখন কাঁদছে, কোনো দিন ক্ষমতায় গেলে তা কি দলটির মনে থাকবে? নাকি আজকের আওয়ামী লীগ থেকে ‘শিখে’ তারাও একই কাজ করবে? আওয়ামী লীগ এখন ক্ষমতায়, যারা ক্ষমতায় থাকে তারা শোনার মতো অবস্থায় থাকে না। তবু বলি, বিএনপি-জামায়াত জোট কী কী অপকর্ম করেছে, সেই দোহাই যদি সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, তবে তো বিরোধীদের দমন, প্রতিপক্ষ নির্মূল—এসবই রাজনীতির স্থায়ী নিয়ম হয়ে দাঁড়াবে। রাজনীতির চাকা এখন যেভাবে ঘুরছে, তা বদলের দায়টি তো এখন যারা ক্ষমতায় আছে তাদেরই বেশি।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]