ফল নিয়ে পশ্চিমবঙ্গে আশা-নিরাশার দোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের নির্বাচনে ভোট গ্রহণ। ৪ এপ্রিল থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে ৫ মে পর্যন্ত। ১৯ মে ঘোষণা করা হবে ফলাফল। কিন্তু কী ফলাফল হবে এবারের এই নির্বাচনে? তাই নিয়ে জল্পনাকল্পনা আর বিতর্কের শেষ নেই। এবারের নির্বাচনে মূল লড়াই হয়েছে দুই দল বা গোষ্ঠীর মধ্যে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে বাম-কংগ্রেস জোট। ৪ এপ্রিল প্রথম দফার প্রথম পর্বের নির্বাচনের পরপরই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জোরের সঙ্গে ঘোষণা দিয়েছিলেন, কংগ্রেস-বাম জোট প্রথম পর্বেই ছক্কা মেরেছে। পরবর্তী সময়েও তারা ছক্কা মেরেই যাবে। বলেছিলেন, ১৮ আসনের অন্তত ১২টি তাঁদের দলের ঝুলিতে আসবে।
পাল্টাও দিয়েছিল তৃণমূল। বলেছিল, ওরা একটাও নয়, ১৮টি আসনেই গোল করে দিয়েছে তৃণমূল। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও তৃণমূল তাদের দাবি থেকে এখনো একচুল সরে আসেনি। বলেছে, তৃণমূলই সরকার গড়ছে, গড়বে। মমতাই হচ্ছেন দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যদিও বাম-কংগ্রেস জোট এই দাবিকে চ্যালেঞ্জ করে ঘোষণা দিয়েছে, আগে ফলাফল বের হোক। তারপর বলুক ওরা। ক্ষমতায় আসছে বাম-কংগ্রেস জোটই।
বসে নেই এই রাজ্যের তৃতীয় শক্তি বিজেপিও। তারা বলেছে, তারাই এবার পশ্চিমবঙ্গের সরকার গড়ার নির্ণায়ক শক্তি হতে চলেছে। হতে চলেছে সরকার গড়ার কারিগর। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, এবার বিজেপি এই রাজ্যে কম করে ১০টি আসন পাবে। বিজেপিই হবে এই রাজ্যে সরকার গড়ার নির্ণায়ক শক্তি। ভোটের ফলাফলে তৃণমূল বা বাম-কংগ্রেস জোট সরকার গড়ার মতো আসন না পেলে তারা এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাবে। দাবি জানাতে পারে পুনর্নির্বাচনেরও। এসব নিয়ে এখন মুখরিত পশ্চিমবঙ্গের রাজনীতি। নির্বাচনের এই উত্তাপে এখন কাঁপছে রাজধানী কলকাতা।
সত্যি কথা হলো কোনো দলই নিশ্চিতভাবে বলতে পারছে না সত্যিই তারা জিতছে কি না? সবই বলছে তারা নিজস্ব দলের নেতাদের পেশ করা রিপোর্টের ওপর ভিত্তি করে। কারণ, এখনো কোনো সংবাদ সংস্থা বা সংবাদমাধ্যম থেকে নিশ্চিত করা যায়নি কারা আসছে পশ্চিমবঙ্গের ক্ষমতায়? কারা বেশি আসন পাচ্ছে? বা কোন দল এগিয়ে বা কোন দল পিছিয়ে আছে। ফলে আশা-নিরাশার দোলাচলে একদিকে এখন দুলছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বাম-কংগ্রেস জোট।
ভারতের নির্বাচন কমিশন আগেই নির্দেশ দিয়েছে ১৬ মে সন্ধ্যা সাড়ে ছয়টার আগে কোনো বুথফেরত বা জনমত সমীক্ষা প্রকাশ করতে পারবে না কোনো সংবাদমাধ্যম বা সংবাদ সংস্থা। ফলে পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে গেলেও কারা ক্ষমতায় আসছে বা কার ভাগ্যে কতটি আসন জুটছে, তা এখনো প্রকাশ করতে পারেনি কোনো সংবাদ সংস্থা বা সংবাদমাধ্যম।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের পাঁচ দফায় ২৬৯টি আসনের নির্বাচনের পর ভারতের গোয়েন্দা সংস্থা ইনটেলিজেন্স ব্যুরো বা আইবির নির্বাচন–সংক্রান্ত এক রিপোর্টে বলা হয়েছিল, ভোটের হাওয়া এখন তৃণমূলের অনুকূল নয়। তাদের গোপন হিসাবে বলা হয়েছিল, তৃণমূল কংগ্রেস এই ২৯৪টি আসনের মধ্যে ১২২ থেকে ১৩৫টি আসন পেতে পারে। তবে সরকার গড়ার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। এরপর ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নির্বাচন সম্পন্ন হওয়ার পর অন্য একটি রিপোর্টে বলেছে, ১৫৮ আসন নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল।
এ সময় কলকাতার একটি দৈনিকে অন্য একটি রিপোর্টে এই ইঙ্গিত দিয়েছিল, এবারের এই নির্বাচনে হেরে যেতে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, তৃণমূলের আবদুর রেজ্জাক মোল্লা, তৃণমূল নেত্রী ও বিধানসভার ডেপুটি মেয়র সোনালি গুহ, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া, অভিনেত্রী দেবশ্রী রায়, মন্ত্রী মণীশ গুপ্ত, বিজেপি নেত্রী চিত্রতারকা লকেট চট্টোপাধ্যায়, মন্ত্রী পূর্ণেন্দু বসু, সিদ্দিকুল্লা চৌধুরী প্রমুখ। যদিও তৃণমূলের অভ্যন্তরীণ হিসাবে এ সময় বলা হয়, কম করে তারা ১৬৫ আসন পেয়ে সরকার গড়তে চলেছে। আবার তৃণমূলের কারও কারও হিসাবে বলা হয়েছে এই সংখ্যা ২০০ ছাড়াতেও পারে। তবে তারা এটা নিশ্চিত করে বলেছে, দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
আবার সিপিএমের তরফ থেকে বলা হয়েছে, তাদের জোট ১৭০টি আসন পাচ্ছেই। সর্বাধিক এই আসনসংখ্যা হতে পারে ১৮০ পর্যন্ত। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ওরা এখনো মানুষের জোট মানতে পারছে না। মানুষের এই জোট ২০০ আসন অতিক্রম করবে। তিনি জোর দিয়ে বলেন, এবারের সরকার গঠন করবে বাম-কংগ্রেস জোট। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরীও বলেছেন, কংগ্রেস-বাম জোটই সরকার গড়ছে। অন্যদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সরকার মমতাই গড়ছেন।
তাই বলতে হয় এখন শুধু অপেক্ষার পালা। ১৯ মে পর্যন্ত। ওই দিন প্রকাশ পেয়ে যাবে কারা আসছে ক্ষমতায়? কারা জিতছে, আর কারা হারছে? কারা গড়ছে পশ্চিমবঙ্গের সরকার। তবে তৃণমূল সরকার গড়লে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আশ্চর্য হওয়ার ঘটনা ঘটবে যদি বাম-কংগ্রেস জোট সরকার গড়ে। বাম-কংগ্রেস জোট আসন কম পেলে আশ্চর্য হওয়ার কারণ থাকবে না। আশ্চর্য হওয়ার কারণ থাকবে যদি তৃণমূল আসন কম পায় বা তাদের ভোটের হার কমে। আবার আশ্চর্য হওয়ার কারণ থাকবে না, যদি বিজেপি আসন কম পায়। আশ্চর্য হওয়ার কারণ থাকবে যদি বিজেপি সাত-আটটি আসন পেয়ে যায়। কারণ, বর্তমান এই বিদায়ী বিধানসভায় বিজেপির আসন রয়েছে মাত্র একটি। তৃণমূলের ১৮৪টি। বাম দলের ৬২টি আর কংগ্রেসের ৪২টি।
অমর সাহা: প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।