কৃষিমন্ত্রীর নিজের জেলার কৃষকেরা নিরুপায় হয়ে আবেদনপত্র পাঠিয়েছেন মন্ত্রীর কাছে। ফসলি জমির মাটি কীভাবে ইটভাটায় চলে যাচ্ছে, তার বিস্তারিত বর্ণনা আছে সেখানে। আবেদন গেছে জেলা প্রশাসকসহ সব স্তরের কর্মকর্তাদের কাছে।
ফসলি জমির মাটি লুটপাট এখন সারা দেশেই চলছে। ফসলের মাঠে মাঠে এখন খননযন্ত্রের বিকট আওয়াজ। শুকনা খেতে এত যন্ত্রের চলাফেরা মানুষ পাঁচ বছর আগেও দেখেনি। কেউ বলছে বড় বড় সেতু আর চার লেনের রাস্তা বানাতে বিনা শুল্কে আনা খননযন্ত্রের উচ্ছিষ্ট এগুলো। ঠিকাদারদের হাত গলে এখন কৃষিজমিতে। ফসলি জমি ‘জবাইয়ের’ এ রকম কত যন্ত্র এখন জমি বধে ব্যস্ত, তার হিসাব কারও কাছে নেই।
মাটি কাটলে ক্ষতি কী
কৃষিবিজ্ঞান বলছে, যেকোনো ফলনযোগ্য জমির উৎপাদন শক্তি জমা থাকে মাটির ৬ থেকে ১৮ ইঞ্চি গভীরতায়। এটাই টপ সয়েল বা প্রাণমাটি; এলাকাভেদে জৈবিক প্রক্রিয়ায় টপ সয়েল তৈরিতে ১০০ থেকে ৫০০ বছর সময় লেগে যায়। মাটির এই অংশেই ফসল বেড়ে ওঠার গুণাগুণ সুরক্ষিত থাকে। বীজ প্রয়োজনীয় জীবনীশক্তি বা বাঁচার ও বিকাশের উপাদান গ্রহণ করে টপ সয়েল থেকে। এই অংশ একবার কেটে নিলে জমিতে মৃত্তিকা প্রাণ থাকে না। জমি পঙ্গু হয়ে যায়। এমন একটা মূল্যবান মাটির স্তর আমরা শেষ করে দিচ্ছি। দেশের সব কৃষিবিদ–কৃষি কর্মকর্তা বিষয়টি জানেন।
টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিকে যেমন বলেছিলেন, ‘ফসলি জমির উপরিভাগের ছয় থেকে আট ইঞ্চির মধ্যে মাটির জৈব উপাদান থাকে। সেই মাটি কাটা হলে জমির জৈব উপাদান চলে যায়। এতে জমির স্থায়ী ক্ষতি হয়। ফসলি জমির মাটি কাটা তাই বেআইনি। এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত উপজেলা প্রশাসনের।’ টাঙ্গাইল জেলার অন্যান্য উপজেলার চেয়ে সখীপুরে ইটভাটার সংখ্যা তুলনামূলক কম হলেও এখানে নেই নেই করে প্রায় ১২টি ভাটা আছে। সখীপুরের মাটি দিয়ে শুধু সখীপুরের ইট হচ্ছে না। কালিহাতীর ৫৫টি ও ঘাটাইলের ৬৮টি ইটভাটায় ট্রাক ট্রাক মাটি যাচ্ছে সখীপুর থেকে।
মানুষ কেন বেচে দেয় প্রাণমাটি
বেশির ভাগ জমির মালিক এখন শহরে বা বিদেশে থাকেন, একসনা লিজ দেন কৃষকের কাছে। বর্গা বা তেভাগার দিন শেষ। আগাম টাকা দিয়ে লিজ নিতে হয়। সব থেকে ভালো জমির জন্য লিজ থেকে মেলে হাজার পাঁচেক টাকা মাত্র। টাঙ্গাইলে এখন এক বিঘা জমি থেকে দেড়–দুই ফুট মাটি ভাটায় দিতে রাজি হলেই মেলে নগদ ৩০-৪০ হাজার টাকা। ফসলি জমির মাটি বেচাকেনার কাজে একশ্রেণির ব্যবসায়ী গড়ে উঠেছে জেলায় জেলায়। তাঁরা বছরের বিভিন্ন সময় (অফ সিজন) কম দামে একর বা বিঘা চুক্তিতে জমির মাটি কিনে রাখেন। ইটভাটার মৌসুমে জমি থেকে মাটি কেটে বেশি দামে ইটভাটায় সরবরাহ করেন। কোনো কোনো জমির মালিক সরাসরি ভাটার মালিকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে মাটি বিক্রি করেন। প্রথম বছর এক–দুই ফুট মাটি নেওয়ার পর পরের বছর আবার মাটি নেওয়া হলে ক্রমে জমিগুলো খাদে পরিণত হয়। যেমন ঘটেছে বগুড়ায়, শাজাহানপুর উপজেলার অধীন বগুড়া-ঢাকা মহাসড়কের পশ্চিমে কৃষিজমির মাটি এতটাই গভীর করেই কাটা হয়েছে যে পাশের জমিগুলো ভেঙে গেছে।
এভাবেই পাশের জমির কৃষক নিরুপায় হয়ে তঁার জমিও দিতে বাধ্য হচ্ছেন। দামুড়হুদার এক নিরুপায় কৃষক জানালেন, ‘পাশের জমিতে মাটি কাটায় আমার জমির পাড় ভেঙে যায়। জমিতে সেচের পানি আটকে রাখা যাচ্ছে না। জমিতে ফসল ফলবে না।’ মাটির দাম সব জায়গায় এক নয়। দিনাজপুরের থেকে টাঙ্গাইলে বেশি আবার টাঙ্গাইলকে ছাড়িয়ে গেছে কুমিল্লা অঞ্চল। সোনার দামে মাটি বেচেছেন ব্রাহ্মণবাড়িয়ার একজন আজগর আলী। তিনি তাঁর সাড়ে ১২ কানি জমির (১ কানিতে ৩০ শতক) মাটি ১৮ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন। জমি থেকে পাঁচ ফুট করে মাটি কেটে নেওয়া হয়েছে। শুধু বগুড়া জেলাতেই গত ১০ বছরে ‘টপ সয়েল’ কাটায় ১ হাজার ১৫২ হেক্টর কৃষিজমি এখন খানাখন্দ।
ফসলি জমির মাটি লুটপাট এখন সারা দেশেই চলছে। ফসলের মাঠে মাঠে এখন খননযন্ত্রের বিকট আওয়াজ। শুকনা খেতে এত যন্ত্রের চলাফেরা মানুষ পাঁচ বছর আগেও দেখেনি। কেউ বলছে বড় বড় সেতু আর চার লেনের রাস্তা বানাতে বিনা শুল্কে আনা খননযন্ত্রের উচ্ছিষ্ট এগুলো। ঠিকাদারদের হাত গলে এখন কৃষিজমিতে। ফসলি জমি ‘জবাইয়ের’ এ রকম কত যন্ত্র এখন জমি বধে ব্যস্ত, তার হিসাব কারও কাছে নেই।
আইনকানুন কী বলছে
কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইনের অনুপস্থিতিতে মাঠপর্যায়ের আইন প্রয়োগকারীরা অনেকটাই নিরুপায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩–এর আওতায় মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা ছাড়া করার কিছুই নেই। বর্ণিত আইনে বলা আছে, ইট প্রস্তুতের জন্য ইটভাটার মালিকেরা কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না। যদি কোনো ব্যক্তি ৫–এ উপধারা (১)–এ বিধান লঙ্ঘন করে ইটভাটা প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করেন, তাহলে তিনি অনধিক ২ (দুই) বছরের কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু ভাটায় ব্যবহার না করে কেউ যদি টাইলস বানানোর কাজে লাগান, তাহলে কী বিধান হবে!
অথচ কৃষিজমি সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছার কথা বারবার বলা হয়েছে।
প্রধানমন্ত্রী জাতীয় ভূমি ব্যবহার কমিটির প্রথম বৈঠকে (২৫ ফেব্রুয়ারি ২০১৫) ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা তদারকির লক্ষ্যে একটি পৃথক সংস্থা গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী পরিষ্কার করেই বলেছিলেন (নভেম্বর ২০১৯) ‘কৃষিজমি নষ্ট করে যত্রতত্র শিল্পকারখানা করতে দেওয়া হবে না। আমাদের কৃষিজমি বাঁচাতে হবে; ১৬ কোটি মানুষকে খাওয়াতে হবে।’
অনেকগুলো বছর কেটে গেলেও এখনো চূড়ান্ত হয়নি কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন। জমির সিএস, আরএস বা বিআরএসে কোথাও উল্লেখ নেই যে জমিটি কৃষিজমি না অন্য কোনো জমি। জমির ধরনে যেটা উল্লেখ থাকে সেটি হলো নামা, বিল, উঁচু বা কান্দা, বাড়ি ইত্যাদি। জমির সর্বশেষ বিআরএস নামে যে মাঠপর্চা সরকার তৈরি করেছে, সেখানেও জমিকে ভূমির গঠন অনুযায়ী শ্রেণীকরণ করা হয়েছে, জমির উপযোগিতা বিবেচনা করে নয়। এতে যেকোনো উদ্দেশ্যে কৃষিজমি ক্রয়ের ক্ষেত্রে বাধা নেই। এমন অবস্থায় প্রাণমাটি রক্ষা হবে না।
● গওহার নঈম ওয়ারা লেখক ও গবেষক