ফারাক্কা, নিতীশ কুমার, মমতা ও তিস্তার ন্যায্য হিস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ফারাক্কা ও তিস্তা নিয়ে সম্প্রতি তিনটি খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হলেও তার উৎস ও সূত্র ভারত। এর মধ্যে সবচেয়ে চমকে দেওয়া খবর হলো ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের গঙ্গা নদীর ওপর দেওয়া ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার দাবি। তা-ও কোনো সভা-সমাবেশে মেঠো বক্তৃতায় নয়; সম্প্রতি দিল্লিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তিনি বলেছেন, ‘বাঁধটি সরিয়ে ফেলুন।’
বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিতীশ বলেছেন, ‘আগে যেসব পলি নদীর প্রবাহে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ত, এখন ফারাক্কার কারণে সেসব নদীর বুকে জমা হয়ে বন্যা ডেকে আনছে। তাই আমি ১০ বছর ধরে বলে আসছি, এই পলির ব্যবস্থাপনা না করলে বিহার কিছুতেই বন্যা থেকে পরিত্রাণ পাবে না।’
এই খবরের ফলোআপ হিসেবে আমরা গণমাধ্যমে নতুন খবর পেলাম, ভারত ফারাক্কা বাঁধের ১০৪টি স্লুইস গেটের মধ্যে ১০০টি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে পদ্মার পানি অসম্ভব বেড়ে গেছে এবং কুষ্টিয়ার বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, ভয়ের কিছু নেই। আশ্বস্ত করেছেন পানিবিশেষজ্ঞ ড. আইনুন নিশাতও। তিনি বলেছেন, ফারাক্কার সব কটি গেট খুলে দিলেও এই মুহূর্তে বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কা নেই।
কিন্তু বাংলাদেশের আসল ভয়টা সামনে। কিছুদিনের মধ্যে বর্ষা শেষ হবে এবং শুকনো মৌসুমে পানির প্রবাহ কমতে থাকবে।
এ বিষয়ে বিস্তারিত আলোচনার আগে দ্বিতীয় খবরটি সম্পর্কে পাঠকের মনোযোগ আকর্ষণ করা যেতে পারে। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, যিনি পশ্চিমবঙ্গের বিজেপির ডাকসাইটে নেতা ছিলেন, গত ২৭ আগস্ট ত্রিপুরা ইনফোর এক সেমিনারে বলেছেন, বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্য হিস্যা দেওয়া উচিত। তাঁর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হওয়ার পরও যদি ‘শত্রু’ পাকিস্তান সিন্ধুসহ যৌথ নদীগুলোর পানি পেতে পারে, তাহলে বন্ধু বাংলাদেশ কেন পাবে না? প্রশ্নটি তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে করলেও ইঙ্গিত আছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের প্রতিই।
তথাগত রায় আরও বলেছেন, ভাটির দেশ হিসেবে বাংলাদেশের যৌথ নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পাওয়ার অধিকার আছে। তিনি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে অথবা একটি সালিসের মাধ্যমে বাংলাদেশের কত পানি পাওয়া উচিত, সেটি যত দ্রুত সম্ভব নির্ধারণ করার জন্য যৌথ নদী কমিশনকে পরামর্শ দিয়েছেন। গত মাসে মেঘালয়ের রাজধানী শিলংয়ে নদী উৎসবেও রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তিস্তার পানিবণ্টন চুক্তির ওপর জোর দিয়েছিলেন। বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পাক, এটি চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সায় না থাকায় ভারতের কেন্দ্রীয় সরকার দু-দুবার তিস্তার পানিবণ্টন চুক্তির উদ্যোগ নিয়েও সফল হয়নি; একবার ২০১১ সালে, আরেকবার ২০১৫ সালে। দুজন চৌকস প্রধানমন্ত্রীকে তিনি ‘বোকা’ বানিয়েছেন।
নিতীশ কুমারের প্রস্তাব নিয়ে বাংলাদেশের নীতিনির্ধারক মহলে তেমন কথাবার্তা না হলেও ভারতের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞ মহলে জোরদার বিতর্ক চলছে। দক্ষিণ এশীয় বাঁধ নির্মাণ, নদী ও জনগণবিষয়ক নেটওয়ার্কের সমন্বয়কারী হিমাংশু থাকার বলেছেন, নিতীশের ফারাক্কা বাঁধ তুলে নেওয়ার প্রস্তাব এ কারণে সঠিক যে তাতে গঙ্গার অবাধ পানিপ্রবাহের সঙ্গে পলিও নিচে চলে যাবে। ফারাক্কা বাঁধ দেওয়ার উদ্দেশ্য ছিল হুগলীতে পানিপ্রবাহ বাড়ানো, তা-ও খুব কমই কার্যকর হয়েছে। তিনি বলেছেন, যখন বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়, তখন পানির সঙ্গে প্রচুর পলিও নদীতে জমে থাকে। সেটি যথাযথভাবে খনন করতে না পারলে বাঁধের সব স্লুইস গেট খুলে দিলেও বন্যা ঠেকানো যাবে না। হিমাংশু থাকার মনে করেন, দুটি বাঁধের কারণে বিহারে নজিরবিহীন বন্যা হয়েছে। এর একটি হলো মধ্যপ্রদেশের বনসাগর বাঁধ ও অপরটি ফারাক্কা বাঁধ। নিতীশ কুমারের প্রস্তাব সমর্থন করে এই পরিবেশবিদ বলেছেন, বিহারের মুখ্যমন্ত্রী এর আগেও ফারাক্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু কেন্দ্র আমলে নেয়নি। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে পলি-ব্যবস্থাপনা নীতি প্রণয়নেরও দাবি জানান।
তৃতীয় খবরটিও কৌতূহলোদ্দীপক। ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের নয়জন নাগরিক একটি রিট করেছেন, যাঁদের মধ্যে মৎস্যজীবী ও পরিবেশবিদও রয়েছেন। ২০১৪ সালের ডিসেম্বরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে পেশ করা এই আবেদনে বলা হয়, ফারাক্কার কারণে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিক ও পরিবেশগত ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। গঙ্গা অববাহিকার অর্ধশত কোটি মানুষের জীবন ও জীবিকা এই নদীর ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। বাঁধের কারণে জেলেসহ গঙ্গাতীরের বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলকাতাভিত্তিক অভ্যন্তরীণ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রণীত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিট আবেদনে বলা হয়, যেখানে বছরে নিম্ন অববাহিকার প্রতি হেক্টরে ২০০ কেজি মৎস্য উৎপাদনের সক্ষমতা ছিল, সেখানে এখন হচ্ছে ৩০ কেজি। আদালত গেল জানুয়ারিতে মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন।
ন্যাশনাল অ্যালায়েন্স অব পিপলস মুভমেন্টের মধুরেশ কুমারও বিহারের মুখ্যমন্ত্রীর প্রস্তাব সমর্থন করে বলেছেন, যেকোনো বাঁধের নির্দিষ্ট আয়ু আছে এবং পলি জমে গেলে বাঁধের কার্যকারিতা আর তেমন থাকে না। যেকোনো বাঁধ সরিয়ে ফেললে পানির প্রবাহ অবাধ হবে। ফারাক্কা বাঁধ রেখে নদী পলিমুক্ত করা সম্ভব নয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম নেত্রী ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফারাক্কার কারণে যদি উজানের দেশ ভারত সমস্যায় পড়ে থাকে, তাহলে ভাটির দেশের সমস্যাটি যে কত বেশি, তা সহজেই অনুমেয়।
এদিকে নিতীশ কুমারের বাঁধ ভেঙে দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সেচ দপ্তর এ বিষয় নিয়ে শ্বেতপত্র ধাঁচের একটি ‘ডসিয়ের’ তৈরির কাজ শুরু করেছে, যাতে ফারাক্কা নিয়ে পশ্চিমবঙ্গের বক্তব্য সেখানে তুলে ধরা হবে। নিতীশের দাবি প্রসঙ্গে নদীবিশেষজ্ঞ কল্যাণ রুদ্র আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘আমি একসময় ফারাক্কা বাঁধের সমালোচনা করেছি। কিন্তু ১৯৭৫ সাল থেকে বাঁধটি চালু আছে। এর ফলে ফারাক্কা থেকে মোহনা পর্যন্ত পরিবেশ বদলে গেছে। একধরনের ইকোলজি তৈরি হয়েছে। বাঁধ ভেঙে দেওয়া হলে তার মারাত্মক প্রভাব পড়বে পরিবেশের ওপর।’
ভারত ১৯৬১ সালে বাংলাদেশ সীমান্ত থেকে ১৬ কিলোমিটার উজানে গঙ্গা নদীর ওপর ২২৪০ মিটার দৈর্ঘ্য ফারাক্কা বাঁধ নির্মাণকাজ শুরু করে এবং ১৯৭৫ সালে তা শেষ হয়। ওই বছরের ২১ এপ্রিল বাঁধটি পরীক্ষামূলক চালু করার আগে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হয়, যাতে শুকনো মৌসুমে বাংলাদেশকে ৪৪ হাজার কিউসেক পানি দেওয়ার কথা ছিল। পরবর্তীকালে চুক্তি রক্ষিত না হওয়ায় বাংলাদেশ জাতিসংঘের দ্বারস্থ হলেও খুব লাভ হয়নি। ১৯৭৭ সালের ৫ নভেম্বর দুই দেশ গঙ্গার পানিবণ্টন নিয়ে পাঁচ বছর মেয়াদি (১৯৭৮-৮২) চুক্তি করে; আশির দশকে সেই চুক্তির মেয়াদ তিন দফা বাড়ানো হলেও গঙ্গার পানিবণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন চলতে থাকে। খালেদা জিয়ার আমলে কোনো চুক্তিই ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে গঙ্গার পানিবণ্টনে ৩০ বছর মেয়াদি চুক্তি হয়, যার মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও শুধু গঙ্গার পানিবণ্টন নিয়ে দুই দেশ মতৈক্যে পৌঁছাতে পেরেছে। গত সাত বছরে ট্রানজিটসহ অনেক বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র বাড়লেও নদীর পানিবণ্টনে অগ্রগতি নেই। গত ছয় বছরে যৌথ নদী কমিশনের কোনো বৈঠক হয়নি।
ফারাক্কা বাঁধ যেমন সীমান্তের এ–পারে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার ওপর আঘাত হেনেছে, তেমনি এ জন্য ভারতেরও বিপুলসংখ্যক জনগোষ্ঠী নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানিপ্রবাহ কমে যাওয়ায় প্রচুর পলি ও বালু জমে নদী নাব্যতা হারাচ্ছে। পানির অভাবে বাংলাদেশে শুষ্ক মৌসুমে ৩২০ কিলোমিটারের বেশি প্রধান ও মধ্যম নৌপথ বন্ধ রাখতে হয়। গঙ্গানির্ভর এলাকায় ভূগর্ভস্থ পানি অধিকাংশ স্থানে ৩ মিটারের বেশি নেমে গেছে। চলতি বছর বিহারে বন্যায় ১০ লাখের বেশি মানুষ ও ২ লাখ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপ-আঞ্চলিক জোটের আওতায় সড়ক ও রেলের পাশাপাশি যে চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) নৌযোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, গঙ্গায় পানিপ্রবাহ না বাড়িয়ে তা-ও বাস্তবায়ন করা সম্ভব নয়।
মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বর্ষা মৌসুমে বিহারের ক্ষতির কথা বললেও শুকনো মৌসুম সম্পর্কে কিছু বলেননি। শুকনো মৌসুমে ভাটির দেশ হিসেবে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সমাধান কী। কয়েক বছর আগে পানি সমস্যা নিয়ে ভারতের একজন জ্যেষ্ঠ কূটনীতিকের সঙ্গে কথা হয়েছিল, যিনি বিহারের বাসিন্দা। তিনি বলেছেন, পানির সমস্যা যেমন বাংলাদেশের, তেমনি ভারতেরও। বিষয়টি দেখতে হবে সংকীর্ণ জাতীয়তাবাদী মনোভাবের ঊর্ধ্বে উঠে। আইনুন নিশাতও মনে করেন, ব্রহ্মপুত্র ও গঙ্গার উজানে জলাধার নির্মাণ করেই পানি সমস্যার সমাধান খুঁজতে হবে। ভারত এত দিন অববাহিকাভিত্তিক নদী–ব্যবস্থাপনায় আপত্তি জানালেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। ২০১১ সালে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্বের যে চুক্তি হয়, তার ২ নম্বর ধারায় বলা হয়, নদীর ক্ষেত্রে দুই দেশ নদীভিত্তিক এবং অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুলবে। কিন্তু গত পাঁচ বছরে এ ব্যাপারে দৃশ্যত অগ্রগতি নেই।
ভারতের নীতিনির্ধারকেরা বিহারের বন্যা কিংবা খরা মৌসুমে ফারাক্কার নিচের ১৬ কিলোমিটার এলাকার মানুষের সমস্যার দিকে তাকালে বাংলাদেশের সমস্যার গভীরতা বুঝতে পারবেন। পানি সমস্যার স্থায়ী সমাধান পেতে হলে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকার সব দেশকে নিয়ে যৌথ নদী ব্যবস্থাপনার বিকল্প নেই। এমন পদক্ষেপ নিতে হবে, যাতে এ অঞ্চলের নদীও বাঁচে, মানুষও বাঁচে।
ত্রিপুরার সেমিনারে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা, উপমহাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ভূমিকা, ভারতের প্রতিবেশী দেশগুলোতে চীনের রাজনৈতিক স্বার্থ ইত্যাদি নিয়ে ঢের কথাবার্তা হয়েছে। পরবর্তী লেখায় সেসব বিষয়ে আলোকপাত করার ইচ্ছা আছে।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]