
ফারাজ হোসেনকে চিনি-জানি অনেক দিন। তার বড় ভাই যারেফ হোসেনকে একই রকমভাবে জানি। প্রায় দুই দশক ধরে অনেকটা আমাদের চোখের সামনে তারা ধীরে ধীরে বড় হয়েছে। যারেফ স্কুল শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইমোরি বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে যায়। এর দুই বছর পর ফারাজ স্কুল শেষ করে একই বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। যারেফ পড়াশোনা শেষ করে এসে এ বছরের জুনের শুরুতে নানা লতিফুর রহমানের ট্রান্সকম গ্রুপে যোগ দেয়।
ফারাজ ছুটিতে বাড়ি আসে। ঈদের ছুটিতে পরিবারের সবাই মিলে মালয়েশিয়ায় যাওয়ার কথা। নানা লতিফুর রহমান ও নানি শাহনাজ রহমান, তাঁদের ছোট মেয়ে শেজি ও জামাই আরশাদ এবং তাঁদের দুই পুত্রসন্তান নিয়ে চলে যান। যারেফের ভিসার বিলম্বের জন্য ফারাজও যায়নি। ফারাজের মা সিমিন বলেছিলেন, ‘তুমি নানার সঙ্গে চলে যাও।’ আগে এ রকম হলেও এবার ফারাজ যেতে চায়নি। মা আর ভাইয়ের সঙ্গে রোববার যাবে বলে থেকে যায়। পরের দিন শুক্রবার (১ জুলাই) রাতেই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে খেতে গিয়ে ভয়ংকর জঙ্গি হামলার নির্মম শিকার হয়ে মৃত্যুবরণ করে। আকস্মিক অবিশ্বাস্য এই মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। তবু অসীম দুঃখ-কষ্টের পরও এমন দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডও মেনে নিতে হয়।
বিশ্বখ্যাত নিউইয়র্ক টাইমস তথ্য প্রকাশ করেছে যে, ফারাজ হোসেনকে চলে যেতে বললেও তার দুই বন্ধু অবিন্তা কবীর ও তারিশি জৈনকে ছেড়ে চলে যেতে চায়নি। জঙ্গি সন্ত্রাসীরা ফারাজকে বাংলাদেশি মুসলিম বলে চলে যেতে বললেও সে যায়নি। অবিন্তা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং তারিশি ভারতীয় নাগরিক বলে তাদের বর্বরোচিতভাবে হত্যা করে জঙ্গিরা। ফারাজও তাদের সঙ্গে নৃশংসতার শিকার হয়।
এখন এই তরুণ ফারাজ বন্ধুদের প্রতি তার ভালোবাসা, অসীম সাহস আর মানবিক গুণাবলির জন্য দেশে ও বিদেশে নানাভাবে প্রশংসিত হচ্ছে। আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর ছাত্ররা যৌথভাবে ফারাজ ও অবিন্তার স্মরণে বড় অনুষ্ঠান করেছে। তারা দুজনই তাদের নিজ নিজ ক্লাসের স্টুডেস্টস অ্যাকটিভিটিস কমিটির (এসএসি) প্রধান ছিল। অবিন্তা ও তারিশি ঢাকার আমেরিকান স্কুলে ফারাজের এক ক্লাস নিচে পড়ত। স্কুলে পড়ার সময়ই ফারাজ ক্লাসের মধ্যে ও স্কুলে খেলাধুলাসহ অন্যান্য বিষয়ে এগিয়ে ছিল।
গত মে মাসের শেষ দিনগুলো ও জুনের শুরুতে মোট ৮-৯ দিন ট্রান্সকম গ্রুপের ৫০ জন সিনিয়র কর্মকর্তার সঙ্গে রাশিয়ার রাজধানী মস্কো ও সেন্ট পিটার্সবুর্গ সফরে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন সিমিন ও তাঁর দুই সন্তান যারেফ ও ফারাজ। খুব আনন্দে সময় কেটেছিল আমাদের। সে দিনগুলোতে শুধু তাদের নানা-নানু নয়, প্রবীণ বা বয়স্কদের জন্য এই দুই ভাই ছিল বিশেষ সহায়তাকারী। যেকোনো সময়ে ছোট-বড় কাজ যা-ই হোক তারা দৌড়ে এসে পাশে দাঁড়িয়েছে। একটু সাহায্য করতে চেয়েছে। আমরা সবাই তাদের আন্তরিক সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
ফারাজের মা সিমিন হোসেনের সঙ্গে আমাদের পরিচয় এখন প্রায় দুই দশক হতে চলেছে। সেই প্রথম আলোর সূচনালগ্ন থেকেই। যত দিন সময় গেছে নানা কাজের মধ্য দিয়ে সিমিনের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা বেড়েছে। পরস্পরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসাও বেড়েছে। সিমিন ২৬ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শিক্ষাজীবন শেষ করে ট্রান্সকম গ্রুপে প্রথমে একজন কর্মী হিসেবে যোগ দেন। আর দীর্ঘ সময় ধরে নিজের সব যোগ্যতা ও দক্ষতা নিয়ে এখন ট্রান্সকম গ্রুপের তিনটি বড় কোম্পানির সফল ব্যবস্থাপনা পরিচালক। এর মধ্যে রয়েছে দ্রুত অগ্রসরমাণ ওষুধ কোম্পানি এসকেএফ। সিমিনের নেতৃত্বাধীন তিনটি কোম্পানির মোট কর্মচারী ও কর্মকর্তার সংখ্যা সাড়ে সাত হাজার। বাংলাদেশের কোনো নারী প্রধান ব্যবস্থাপক হিসেবে এত বড় তিনটি প্রতিষ্ঠান পরিচালনা করেন বলে আমাদের জানা নেই। এই তিনটি কোম্পানির ছোট-বড় এবং দেশে-বিদেশে সব কার্যক্রম পরিচালিত হয় তাঁর নেতৃত্বে। এ সবকিছুর পরও সিমিনের শেষ ঠিকানা হলো তাঁর একান্ত নিভৃত ঘরবাড়ি আর দুই সন্তান। যারেফ আর ফারাজকে নিয়ে সিমিনের প্রতি সকাল আর সন্ধ্যা-রাত কেটেছে। সবকিছুর পর দুই সন্তানই তাঁর জন্য শেষ কথা।
এখন সিমিনের ফারাজ নেই। তবে ফারাজ আছে সিমিনের সকল ভাবনায়, সকল সময়ের জন্য। সিমিন সর্বত্র দেখেন ফারাজকে। আগামী দিনে সিমিন যত দিন বেঁচে থাকবেন, তত দিনই কোনো সময়ের জন্য ফারাজকে ভুলে থাকা সম্ভব হবে না। এটা সিমিনের জন্য যেমন এক বাস্তব সত্য, বিশ্বের সকল মায়ের জন্যই তা সত্য।
এখানেই আরেক বাস্তব সত্যের মুখোমুখি হই আমরা। আঠারো বছর আগে, সিমিনের মা শাহনাজ রহমানও এ রকম এক ভয়ংকর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। সেদিন রাতে তাঁদেরই বাড়িতে কর্মরত কতিপয় কর্মচারী ও গৃহভৃত্যের চক্রান্তে তাঁর কনিষ্ঠ কন্যাসন্তান শাজনীনকে নৃশংসভাবে নিহত হতে হয়েছিল। সে এক দুঃসময় ছিল তাঁদের সবার জন্য। শাজনীনের বাবা লতিফুর রহমানের জন্য এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা জীবনে আর ছিল না।
আঠারো বছর ধরে মা শাহনাজ রহমান আর বাবা লতিফুর রহমান এক দিনের জন্য বা কোনো সময়ের জন্যই শাজনীনের শোক ভুলতে পারেননি। আবার এই আঠারো বছর ধরেই শাজনীন হত্যার বিচার নিয়ে বাবা আর মাকে ঢাকার নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘোরাঘুরির অন্ত নেই। কোর্টের নিচ থেকে ওপরে আবার ওপর থেকে নিচে পর্যন্ত বিচার কার্যক্রম চলছে। বিচার স্থগিত হচ্ছে, আবার বিচার চলেছে। আবার থেমে যাচ্ছে আর শুরু হচ্ছে। এ রকমই প্রক্রিয়ায় আশা-নিরাশার দোলাচলে লতিফুর রহমান দম্পতি নিরাশ হয়ে পড়ছেন। তাঁদের এই বেদনার শেষ কোথায়?
অনেকের প্রশ্ন, লতিফুর রহমান সাহেব যদি তাঁর সন্তান হত্যার বিচার না পান, তাহলে আর কে বিচার পাবে? কোথায় বিচার হবে! তাহলে এখন আল্লাহর দরবারেই শেষ বিচারের অপেক্ষায় থাকতে হবে তাঁদের।
লতিফুর রহমান দম্পতির জীবনে শাজনীনের পর সিমিনের সন্তান হারানোর বেদনা এক গভীর স্থায়ী ক্ষত হয়ে রইল।
বড় বোন সিমিনের সঙ্গে ছোট বোন শাজনীন ঘুমাত। বলতে গেলে সিমিনই ছিল তার একরকম অভিভাবক। সিমিনের শাজনীন নেই অনেক দিন হলো। সিমিনের বিশ বছরের সন্তান ফারাজও চলে গেল। এখন তো সিমিনের সামনে শূন্যতার এক বিশাল পাথার। ১ জুলাই গুলশানের সেই রেস্তোরাঁয় আক্রমণ হওয়ার পর থেকেই সারা রাত ধরে সেখানে দাঁড়িয়ে থেকেছেন। কতজনের সঙ্গেই না কথা বলেছেন, কতজনকেই না আকুতি-মিনতি করেছেন কোনো একটা সংবাদ পাওয়ার জন্য। কত সাংবাদিক, পুলিশ-র্যাব কর্মকর্তাকে ধরেছেন। আমাদের সারা রাত ধরে একের পর এক ফোন করেছেন। বিদেশে মা-বাবার সঙ্গে কথা বলেছেন। সবশেষে গুলশান রেস্তোরাঁর সব ঘটনায় যখন সব শেষ, তখন সিএমএইচে গিয়ে ফারাজকে আর ফিরে না পাওয়ার সংবাদ শুনে বাসায় ফিরেছেন এক কঠিন কঠোর চেহারা নিয়ে। তারপর থেকে আট দিন ধরে সিমিনকে যত দেখি তত বিস্মিত হই। মাঝে মাঝেই ভেঙে পড়েন। আবার শক্ত হয়ে দাঁড়ান। কখনো কখনো শোকে-আবেগে দুই চোখ থেকে অশ্রু বেয়ে বেয়ে পড়ে। আবার অতিথির সঙ্গে কথা বলেন, ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে জড়িয়ে ধরে আন্তরিক স্নেহ-ভালোবাসা গ্রহণ করেন। ছেলের বন্ধুদের মায়েরা তাঁকে কতভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন। ফারাজের বন্ধুদের কাছ থেকে ফারাজকে নিয়ে নানা কথা শোনেন। একটা সান্ত্বনা পাওয়ার অবিরাম চেষ্টা করেন।
তাঁদের সবার কাছ থেকে ফারাজের কথা শুনে সিমিন গর্বিত হন। ফারাজ তার স্কুলের সবকিছুতে, বিশ্ববিদ্যালয়ে সব ক্ষেত্রে সেরা ছিল—এই সবই সত্য। আবার এই সবই এখন সিমিনের কাছে ব্যক্তিজীবনের বেদনার ইতিহাস। তবে সবকিছু ছাপিয়ে সিমিনের কাছে যেটা সবচেয়ে বড় সুখের আর আনন্দের বিষয় এখন, তা হলো জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে ফারাজ বন্ধুত্বকে সম্মান দিয়েছে। সাহসের সঙ্গে জীবনের মানবিক আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরেছে। সে জন্যই ফারাজ আজ তরুণ প্রজন্মের কাছে সাহসের এক প্রতীক হয়ে উঠেছে। দেশের গৌরব বৃদ্ধি করেছে। সিমিন বলেন, ফারাজ সম্প্রতি দৃঢ়ভাবে মাকে বলেছিল, সে মায়ের নামে পরিচিত হতে চায়নি। সে নানার গভীর অনুরক্ত অনুসরণকারী হলেও তাঁর নামে বড় হতে চায় না। সে বলেছিল, ‘মা-মা, আমি এমন কিছু করব, করে দেখাব যে, সারা দেশ আর বিশ্ব চমকে যাবে।’ আসলেই তরুণ ফারাজ আমাদের সবাইকে চমকে দিয়েছে। বিস্মিত করেছে। এখন তো সিমিনের জন্য এটা এক বড় পাওয়া যে, তাঁর ফারাজ কথা রেখেছে। ফারাজ বন্ধুদের ছেড়ে চলে আসেনি। ফারাজ সাহস আর প্রকৃত মানুষের পরিচয় দিয়েছে। এখানেই সিমিনের সবচেয়ে বড় সান্ত্বনা। সবচেয়ে বড় আশ্রয়।
আজ সিমিনের জন্য কোনো শোকগাথা নয়। আমরা আশা করব, সিমিন তাঁর সব দুঃখ-বেদনা আর অসহনীয় কান্না ও শোক কাটিয়ে ফারাজের সব স্মৃতিকে বহন করে শক্তভাবে উঠে দাঁড়াবেন। সন্তান যারেফ আর স্বামী ওয়াকারের প্রতি দায়বদ্ধ থেকে পরিবারকে সামনে থেকে পরিচালনা করবেন, শত সহস্র কর্মী-বন্ধুকে নিয়ে নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও সফল করে তুলবেন। সিমিন, আপনি আরও শক্তি সঞ্চয় করবেন, শক্তভাবে উঠে দাঁড়াবেন, এটাই আমাদের একান্ত চাওয়া।
আর একটি বিষয় আমাদের অনেকের জন্যই অনুপ্রেরণার যে লতিফুর রহমান ও শাহনাজ রহমানের সব শিল্প-কলকারখানা, ব্যবসা-বাণিজ্য দেশে। দেশের বাইরে কোনো বিনিয়োগ নেই। দ্বিতীয় কোনো পাসপোর্টও নেই। তাঁদের তিন সন্তানের সব এই দেশে। ভবিষ্যৎও এই দেশেই। তাঁদের বর্তমান তিন নাতির সব স্বপ্ন বাংলাদেশকে ঘিরেই। তাঁদের সবার কাছে বাংলাদেশ প্রথম। বাংলাদেশই শেষ কথা।
মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।
আরও পড়ুন: