ফিরে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যু অবধারিত। তবু মনের গোপন অলিন্দে রক্তক্ষরণ হতেই থাকে। আমি বলব, নাহ্, অসময়েই সে চলে গেল। তার তো কোনো অসুখ ছিল না। ছিল না নাগরিক অসুস্থতা—মাথাব্যথা, ডায়াবেটিস, প্রেশার ইত্যাদি ইত্যাদি। তার পরও ৬৮ বছরের একটি প্রৌঢ় মানুষকে দেখলে মনে হতো, বেশি হলেও বছর পঞ্চাশেক। ইউনাইটেড হাসপাতালে অসুস্থ অবস্থায় তাকে দেখে ফরহাদ ভাই বলছিলেন, ‘ভাবি, এই কয়দিন আগেও আমি বলছিলাম, আলতাফ, তুই কি বুড়া হবি না?’ ধানমন্ডি লেক থেকে হেঁটে এসে আমাকেও মধ্যে মধ্যে বলত, ‘জানো, আমার বন্ধুরাই আমাকে মেরে ফেলবে, সারাক্ষণ স্বাস্থ্য আর সৌন্দর্যের প্রশংসা।’ শুনে বুকটা আমার কেঁপে উঠত। সমস্ত বুকজুড়ে এক অকল্পনীয় কষ্টে, কী এক অব্যক্ত বেদনায় মনটা অস্থির হয়ে আছে, হয়ে আছে বিক্ষিপ্ত। কোথায় গেলে, কার কাছে গেলে এ বেদনার লাঘব হবে! যার কাছে আমার সবচেয়ে বড় প্রশ্ন, সে তো আমার ডাকে সাড়া দেবে না। আলতাফ হোসেন চলে গেল গত বছর আগস্টের এক তারিখে। কী এমন তার ক্ষতি হতো যদি আর কিছুদিন বেঁচে থাকত! সেই কবে ১৯৭৪ সালের দিকে এক অনিন্দ্যকান্তি, সুদর্শন, সুপুরুষ যুবককে আমি দেখেছিলাম। পরবর্তী সময়ে কাছে আসার সুবাদে বলতাম, বিধাতা তোমাকে নিজে গড়েছেন, কোথায়ও এতটুকু খুঁত রাখেননি। হাসত। তবে একটা জায়গায় খুঁত রেখেছেন তোমার, বদমেজাজ। তখনো হাসত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে ইতিহাস বিভাগ অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে ভর্তি নিয়ে নিল। মনে হলো বিভাগ বিরাট একটা কিছু পেয়েছে। বিভাগের সে মর্যাদা সে রেখেছেও, দুবার ‘ইউনিভার্সিটি ব্লু’ হয়েছে। ভর্তি হওয়ার আগেই অ্যাথলেট হিসেবে বেশ নাম হয়েছে। জাতীয় পর্যায়ে অংশ নিতে কয়েকবারই তৎকালীন পশ্চিম পাকিস্তানে গেছে। একটার পর একটা রেকর্ড করে চলেছে। জাতীয় পর্যায়ে নাম হয়ে গেছে। তার জার্মান প্রশিক্ষক পরবর্তী সময়ে তাকে দেশের বাইরে নিতে চেয়েছেন। কিন্তু না, দেশ ছেড়ে কোথাও নয়। খেলা দেখতে বসলে, খেলার কথা উঠলে সব ভুলে যেত। ছিল জাত খেলোয়াড়। দীর্ঘদেহী, পেটানো স্বাস্থ্য, দুধে-আলতা গায়ের রং, অপরূপ রূপবান আলতাফ। আমার বিয়ের কথা শুনে মুক্তিযুদ্ধের ক্যাম্প থেকে রুস্তম আমাকে একটি চিঠিতে (এক মুক্তিযোদ্ধার কাছে পাঠিয়েছিল) লিখেছিল, ‘আমি ভীষণ খুশি হয়েছি, সত্যিকারের এক পুরুষ সিংহের সঙ্গে তোমার বিয়ে হয়েছে।’ ‘জীবনেরে কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে।’ দীর্ঘ সংসারজীবনের প্রতিটি ক্ষেত্রে দেখেছি, কোথায়ও, কখনো কারও অন্যায়ের কাছে মাথা নত করেনি, কারও কাছে একটু অনুগ্রহের প্রত্যাশী ছিল না। ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু অনন্ত, তবু আনন্দ জাগে’। বহুদিন এনএসসির সঙ্গে যুক্ত হয়ে নানা দায়িত্ব পালন করেছে। কিন্তু টাকা-পয়সার ব্যাপারে সব সময় নিজেকে দূরে সরিয়ে রেখেছে। বলেছে, ‘ও নিয়ে অপবাদ রটলে আমি সহ্য করতে পারব না।’বিবাহিত জীবনের পুরো সময়টা ছিল কত পরিশ্রম, ব্যস্ততা, ছেলেমেয়েদের মানুষ করার প্রচেষ্টা, আরও কত কী। ২০০৮ সালে আমি অবসরে যাওয়ার পর ভাবলাম, এবার দুজনে মিলে সংসার করব। শুরুও করেছিলাম। আমার সহকর্মীরা যখন প্রশ্ন করতেন অবসরে কষ্ট হয় কি না? সত্যি বলছি আমার কোনো কষ্ট হতো না। বরং কোথা দিয়ে কেমন করে যে সময় চলে যেত টেরই পেতাম না। সারাক্ষণ খুব যে কাছাকাছি থাকতাম যেমন—‘দুহু ক্রোড়ে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া’—তা নয়। সে তার রুমে খেলা দেখছে, আমি অন্য রুমে গান শুনছি। ভেবেছিলাম এমনি আনন্দেই দিন কেটে যাবে। কারণ, আমার জীবনে তো কোনো চাহিদা ছিল না। শুধু একটাই সাধ ছিল, তার কাছাকাছি থাকা। ‘আমি এখন সময় করেছি, তোমার এবার কখন সময় হবে।’ কিন্তু যখন আমি সময় করলাম, তার সময় ফুরিয়ে গেল। এক্কেবারে জীবন থেকেই হারিয়ে গেল। ২০১১ সালের ২৬ এপ্রিল প্রথম যেদিন অসুখ ধরা পড়ল, এ নিয়ে আমার কোনো চিন্তাই হলো না। ভাবলাম, কী আর এমন হবে, অসুখে ভুগবে। আমি আছি শুশ্রূষার জন্য। দুই মাস, চার মাস, ছয় মাস, এক বছর। তারপর ইনশাল্লাহ ভালো হবে। এমনকি হাসপাতালে যখন মৃত্যুশয্যায়, তখনো আমার মনে হয়েছে ‘ভালো হয়ে যাবে।’ আজ ভাবি, আমি কী বোকা! কত বয়স হয়েছে আমার, কিন্তু পরিণত হতে পারিনি। তা না হলে কেন বুঝলাম না, তাকে তো আমি কোনো কথা বলতে দিইনি। আরব সাগরের তীরে ‘হসপিটাল রাহেজা’র বড় বড় ডাক্তার যখন বলতেন, ‘আপনি ভালো হয়ে যাবেন।’ বুকটা আনন্দে ভর উঠত। সেও বিশ্বাস করত। তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য ডাক্তারের সব নির্দেশ সঠিকভাবে পালন করত। রাতের বেলা চাঁদের আলোতে জানালা দিয়ে আরব সাগরের ঢেউ যখন আমি দেখতাম, একটু তাকিয়েই চোখ ফিরিয়ে নিত। দেখতে চাইত না। তার কথা হলো, কবে ভালো হব, কবে দেশে যাব, কবে এনএসসির মাঠে খেলা সম্বন্ধীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কবে যাব ধানমন্ডি লেকে সকাল-বিকাল। জীবনের একেবারে শেষের দিকে এসে জাতীয় পুরস্কার পেল। কিন্তু কেমন যেন দুঃখ ভারাক্রান্ত মনে বলত, ‘এখন আর এর তেমন কোনো মূল্য নেই। এখন হরদম সবাই পাচ্ছে।’ তবু বলতাম ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’-এর মূল্যই আলাদা। নাই বা পেলাম হীরা-জহরত, বিরাট পদাধিকার, গাড়ি, বাড়ি। কিন্তু এমন একজনকে পেয়েছিলাম যে আমার জীবনে হৈমন্তীর মতো সম্পত্তি নয়—সম্পদ। তাহমিনা হোসেন সাবেক অধ্যক্ষ, ইডেন কলেজ, ঢাকা