জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বসতি স্থাপনের নীতির নিন্দা করে ভোট হয়েছে। ব্যাপারটাকে স্বাগত জানানো যায়, কিন্তু এটা খুব কাজে দেবে না। প্রতিদিন ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে যে লড়াই-সংঘাত হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এটা অপ্রাসঙ্গিক। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রতিবছর নিরাপত্তা পরিষদের নাটক মঞ্চায়িত হয় এবং তার জন্য যে পাণ্ডুলিপি লেখা হয়, তাতে জাতিসংঘের ভূমিকাকে সবচেয়ে উজ্জ্বল হিসেবে দেখানো হয়।
সেই ১৯৬৭ সালে ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখল করে বসতি স্থাপন করেছিল, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় গত ৫০ বছরে এ ব্যাপারে তেমন কিছু করেনি। ইসরায়েলের ভূমি ক্ষুধা রোধ করতে তারা বড় ভূমিকা পালন করেনি। দেখা গেল, তারা এবার আরও এক দফা অনেক কষ্টের সঙ্গে বিরোধিতার কথা জানান দিল। তারা সতর্ক করে দিল, বিরাজমান পরিস্থিতির লঙ্ঘন করলে পরিণাম ভোগ করতে হবে, কিন্তু তারা এই ব্যাপারটা নিষিদ্ধ করল না।
এ ধরনের ফুৎকার আমাদের আবারও দুঃখের সঙ্গে স্মরণ করিয়ে দেয়, আজ এত বছর পর এ ধরনের নখদন্তহীন একটি বিবৃতির কারণে জাতিসংঘ নিজেকে অভিনন্দিত করছে। ফলে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের ভয়ের কিছু নেই। তবে এ ঘটনায় দুর্ভাগা সেনেগালের ভীত হওয়ার কারণ আছে, তাদের তাৎক্ষণিকভাবে বস্তুগত ক্ষতির আশঙ্কা আছে। কারণ, তারাই এ প্রস্তাবটি পেশ করেছিল। ফলে ইসরায়েলও সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে, তারা সেনেগালকে আর আর্থিক সহায়তা দেবে না। ওদিকে ফিলিস্তিনিরা জানে, তাদের শুধু উচ্ছিষ্ট দেওয়া হয়েছে।
সিকি শতক আগে আইজ্যাক রবিনের স্বীকৃতি পাওয়ার পর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ও তার ক্লান্ত প্রতিনিধিরা কূটনীতিতে বড় কিছু অর্জন করতে পারেননি। কথা হচ্ছে, ইসরায়েল যে ফিলিস্তিনের ভূমি থেকে সেনা ও বসতি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তা কিন্তু জাতিসংঘ, ওয়াশিংটন বা পিএলওর কারণে হয়নি, হয়েছিল হামাসের কারণে। তারা একদম পুরোনো কায়দায় অর্থাৎ বোমা ও গুলি মেরে ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছিল, এত আঘাত সহ্য করে গাজায় বসে থাকার মানে হয় না।
ফিলিস্তিনিদের কাছে এ প্রস্তাব পাসের ব্যাপারটা মরীচিকার মতো, যেটা তাদের হতাশ করতে বাধ্য। আন্তর্জাতিক সম্প্রদায়ও বড় পদক্ষেপ নেবে না। অন্যদিকে ইসরায়েলও জানে, নিরাপত্তা পরিষদের তৎপরতা ছাড়া তার দখলদারির বিরোধিতাকারীদের পক্ষে তেমন কিছু করা সম্ভব নয়, তারা এতটাই দুর্বল।
>জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই ২৩৩৪ নম্বর প্রস্তাবটি আরও দশটা ভুলে যাওয়া প্রচেষ্টার মধ্যে একটি, যার মাধ্যমে দখলদারি ও বসতি স্থাপন বন্ধ করার চেষ্টা হয়েছে
পৃথিবীতে আন্তর্জাতিক বিষয়াদিতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু এবার তারা নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ভোটাভুটিতে তারা অংশ নেয়নি। ওবামা প্রশাসনেরও একক ব্যর্থতার নজির আছে। ১৯৬৭ সালের পর তারাই একমাত্র মার্কিন প্রশাসন, যারা এই দখলদারির অবসান ঘটানোর লক্ষ্যে কিছু করতে পারেনি। গত আট বছরে তারা অনেক কষ্ট করেও ইসরায়েলকে পিএলওর সঙ্গে সরাসরি আলোচনায় বসাতে চায়নি, অধিকৃত ভূমি থেকে তাদের সরিয়ে আনা তো দূরস্থান।
এখন যখন ওবামার বিদায় আসন্ন, তখনো তাকে আরেকবার পেছন থেকে টেনে ধরা হলো। ভাবখানা এমন, ভোটে অংশ না নিয়ে তাদের তৃপ্তি হচ্ছে। ফলে ওয়াশিংটনের অবস্থান ইতিহাসের ডান দিকেই নির্ধারিত হয়ে গেল, যদিও তারা ভোট দিলে পরিস্থিতি যে বদলে যেত, তা নয়।
সম্ভবত যাঁরা ফার্স্ট অ্যাভিনিউয়ে বিজয় উদ্যাপন করছেন না, তাঁরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কুশীলব। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি ওবামার শেষ ও নখদন্তহীন পদক্ষেপ নাকচ করে দেবেন। তিনি আবারও জাতিসংঘকে হাস্যস্পদ করে তুলবেন, কারণ তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যে নতুনত্ব নিয়ে আসছেন, তাতে পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলের সম্প্রসারণ বৈধ হিসেবে গণ্য হবে।
এ ক্ষেত্রে ট্রাম্পের প্রধান মিত্র যে নেতানিয়াহু হবেন, তাতে বিস্ময়ের কিছু নেই। হোয়াইট হাউসে ট্রাম্পের আগমন নেতানিয়াহুর কাছে স্বপ্নপূরণের মতো ব্যাপার। এটা খুব একটা দৃশ্যমান না হলেও সত্য যে মিসরের আবদেল ফাত্তাহ আল–সিসিও ট্রাম্পের আগমনে আনন্দিত হবেন। সিসিই প্রথমে উল্লিখিত প্রস্তাবের খসড়া প্রণয়ন করেছিলেন. কিন্তু নতুন প্রশাসনের সহযোগিতা লাভের ভিত শক্ত করতে পরবর্তীকালে তিনি তা প্রত্যাহার করার অঙ্গীকার করেন (ট্রাম্পের ফোন পাওয়ার পর তিনি এ কাজ করেছেন, তারপর সেনেগাল এই প্রস্তাব পেশ করে—অনুবাদক)। এতে তাঁর আম ও ছালা দুটোই থাকবে। কারণ, সিনাই ও গাজায় ইসরায়েলের সঙ্গে তাঁর যে ব্যয়বহুল নিরাপত্তা ঐক্য রয়েছে, এ কারণে সেটাও টিকে যাবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই ২৩৩৪ নম্বর প্রস্তাবটি আরও দশটা ভুলে যাওয়া প্রচেষ্টার মধ্যে একটি, যার মাধ্যমে দখলদারি ও বসতি স্থাপন বন্ধ করার চেষ্টা হয়েছে। আরও বৃহৎ পরিসরে বলা যায়, এই প্রস্তাবটি ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি এবং এই অঞ্চলে ইসরায়েলের অবস্থানকে গ্রহণযোগ্য করার চেষ্টায় পেশ করা হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায় হুক্কাহুয়া করেই যাচ্ছে। এতে কিছু এসে-যাবে না, কারণ ইসরায়েলের বসতি স্থাপনকারীদের মনে এই বোধ হবে না যে এই প্রক্রিয়া এবার থামানো প্রয়োজন।
অনুবাদ: প্রতীক বর্ধন, আল-জাজিরা থেকে নেওয়া।
জিওফ্রে অ্যারনসন: মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ।