বিশ্বনেতাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত নিজের মানুষের কল্যাণসাধন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে এই ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কারণ, তাঁর উদ্বেগের মধ্যে গাজায় অবরুদ্ধ মানুষেরাও আছে। হামাসনিয়ন্ত্রিত গাজায় জটিল পরিস্থিতির কারণে আব্বাসের পক্ষে অগ্রাধিকার নির্ধারণ কঠিন হয়ে যাচ্ছে। ফলে ফিলিস্তিনের জাতীয় স্বার্থ নিরূপণে অভ্যন্তরীণ রাজনীতি কখনো কখনো প্রভাব ফেলছে।
গাজা দখল করা কঠিন। কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন হওয়ায় আব্বাসের সামনে এক বিরল সুযোগ এসেছে। তিনি এখন গাজায় তাঁর প্রভাব বৃদ্ধি করতে পারেন। মনে হচ্ছে আব্বাস এই সুযোগ গ্রহণ করেছেন এবং নাটকীয় ফল লাভের জন্য হামাসের ওপর চাপ দিয়েছেন। গত রোববার হামাস প্রতিপক্ষ ফাতাহর সঙ্গে আলোচনায় রাজি হয়েছে। এমনকি তারা ফিলিস্তিনে সাধারণ নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হয়েছে। এরা দীর্ঘদিন রামাল্লাভিত্তিক প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অথরিটিকে (পিএ) গাজায় জায়গা দিতে চায়নি।
সিরিয়া, ইরান, কাতার ও মিসর এই গোষ্ঠীকে সমর্থন দিয়েছে। ফলে গাজার নিয়ন্ত্রণ তারা ধরে রাখতে পেরেছে। এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে হামাস কঠিন অবস্থায় পড়ে গেছে। বিদেশে অবস্থানরত হামাস নেতারা সিরিয়ার ব্যাপারে উচ্চাশা ত্যাগ করতে বাধ্য হয়েছেন। মিসরে ব্রাদারহুডবিরোধী আবদেল ফাত্তাহ আল-সিসির উত্থানের কারণে রাফা সীমান্ত বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামাসকে সমর্থন দেওয়া বন্ধ করতে কাতারের ওপর ব্যাপক চাপ দিয়ে যাচ্ছে। এসব কারণে হামাস দুর্বল হয়ে গেছে। আর আব্বাস সিদ্ধান্ত নিয়েছেন, চাপ দিয়ে এদের হাত থেকে গাজার নিয়ন্ত্রণ নিতে হবে।
আব্বাস সুনির্দিষ্টভাবে ফিলিস্তিনি নাগরিকদের ওপর সহিংসতা বন্ধ করতে চান, তাই প্রথম পদক্ষেপ হিসেবে তিনি গাজার জ্বালানির খরচ দেওয়া বন্ধ করেছেন। এই আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় হামাস রাজনৈতিক সমস্যায় পড়েছে ঠিকই, কিন্তু এতে আব্বাস তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট বিজয় লাভ করেননি; বরং রামাল্লা যে চাপ প্রয়োগ করেছে তাতে নবনির্বাচিত হামাস নেতৃত্বের এক অদ্ভুত সঙ্গী জুটেছে, তিনি হচ্ছেন মোহাম্মদ দাহলান।
২০০৭ সালে দাহলান নবনির্বাচিত হামাস সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। পরিণামে তিনি গাজা ছাড়তে বাধ্য হন। গাজার স্থানীয় অধিবাসীরা যাঁরা বিগত কয়েক বছরে আরব আমিরাত নেতৃত্বের ভালোবাসাধন্য অনুসারী হয়েছিলেন, তাঁরা সম্প্রতি গাজায় দাহলানের সাবেক শত্রুকে সহায়তা করতে রাজি হয়েছেন। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মাহমুদ আব্বাস তাঁকে ফাতাহ আন্দোলন থেকে বাইরে ছুড়ে ফেলেছিলেন। দাহলানের খুবই আশা ছিল, তিনি ফাতাহর নেতৃত্বে আসীন হবেন।
হামাস যে দাহলানের সঙ্গে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, এর সঙ্গে সম্ভবত তার আরেকটি ইচ্ছার সম্পর্ক আছে। সেটি হলোতারাগাজার আর্থিক সমস্যার সমাধান এবং সরকারের পৃষ্ঠপোষকতা চায়। মনে হচ্ছে এই পরিকল্পনা কাজে এসেছে। কারণ, কায়রোর নেতৃত্বের সঙ্গে দাহলানের সম্পর্ক ভালো। তারা সেটা করতে রাজি হয়েছে এবং এই প্রক্রিয়ায় তারা সক্রিয় ভূমিকা পালন করেছে, যার কারণে গত রোববারের এই সিদ্ধান্ত গৃহীত হলো।
হামাস এক দশকেরও বেশি সময় নিয়ে গাজা শাসন করছে, কিন্তু রামাল্লাভিত্তিক পিএ গাজার সরকারি কর্মকর্তাদের বেতন পরিশোধ করে যাচ্ছে, তার সঙ্গে সরকারি পরিষেবা যেমন—বিদ্যুৎ ও পানির ব্যয়ও তারা নির্বাহ করছে। অন্যদিকে ফিলিস্তিনি শহীদ ও কারাবন্দীদের পরিবারদের মাসোহারাও দিয়ে যাচ্ছে তারা, সেই তারা গাজা বা পশ্চিম তীর যেখানেই থাকুক না কেন। আইনগতভাবে রামাল্লার ফিলিস্তিন সরকার গাজার অধিবাসীদের কর মওকুফ করেছে, যদিও ক্ষমতাসীনেরা এখনো কিছু কর আদায় করে যাচ্ছে।
ইসরায়েল গাজার আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংস করা ছাড়াও তার ওপর ভূমি ও সমুদ্র অবরোধ আরোপ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই অবরোধ নিরসনে অনেক চেষ্টা করলেও মানবিক পর্যায়ে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায়নি।
আমিরাতের পৃষ্ঠপোষকদের কল্যাণে দাহলান গাজায় ভালো পরিমাণ মানবিক সহায়তা দেওয়ার মতো জায়গায় আছেন। এ কারণে হামাস নেতৃত্বের পক্ষে ইসরায়েলি অবরোধে বেঁচে থাকা এবং আর্থিক সহায়তা হ্রাসে আব্বাসের সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে। তা সত্ত্বেও দাহলানের গাজায় ফেরত আসার মধ্য দিয়ে এই অবরুদ্ধ স্থানের মৌলিক সমস্যার সমাধান হবে না। এতে হামাস ও পিএর ধ্বংসাত্মক বিরোধের অবসান ঘটবে না।
দ্বন্দ্ব নিরসনে এখন পর্যন্ত বহু উদ্যোগ নেওয়া হয়েছে, এতে ফিলিস্তিনে দ্বৈত নেতৃত্বের সৃষ্টি হয়েছে। কিন্তু গাজার সরু জায়গায় যে ২০ লাখ ফিলিস্তিন আটকা পড়ে আছে, এসব উদ্যোগের কারণে তাদের জীবনমানের তেমন উন্নতি হয়নি। সমঝোতার অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু তার কোনোটি বাস্তবায়িত হয়নি। ফলে গাজার মানুষ হতাশ হয়েছে।
সম্প্রতি মনে হচ্ছে মিসরীয়রা আপসের সূত্র খুঁজে পেয়েছে। কিন্তু এতে দীর্ঘমেয়াদি সমাধান আসবে কি না, তা নিয়ে সন্দেহ আছে; যদি সেখানে নির্বাচনের নিশ্চয়তা এবং একক বিজয়ী দলের পক্ষে গাজা ও পশ্চিম তীর শাসনের ব্যবস্থা না থাকে।
অতীতের বন্দোবস্তে গাজার উত্তর ও দক্ষিণ অংশে পিএর প্রেসিডেনশিয়াল রক্ষীদের ফেরত যাওয়ার বন্দোবস্ত ছিল। এর সঙ্গে সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত গাজায় ঐকমত্যের সরকারের শাসন এবং পিএলওকে এমনভাবে সংস্কার করা, যাতে হামাস ফিলিস্তিনের সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে—এসবও আগের বন্দোবস্তে ছিল। হামাস কাগজে-কলমে সব নীতির সঙ্গে একমত হলেও এই ধরনের চুক্তির বাস্তবায়ন অতীতে বেশ দুরূহ ব্যাপার ছিল। এ ছাড়া গাজা ও মিসরের মধ্যকার আন্তর্জাতিক সীমান্ত নিয়ে বিরোধ তো ছিলই।
যাহোক হামাস নির্বাচন করতে রাজি হয়েছে। নির্বাচন হয়ে গেলে পিএলও সংস্কার করে হামাস ও ইসলামিক জিহাদকে তার মধ্যে আনতে হবে। সংস্কারের পর ঐক্যবদ্ধ পিএলও প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিল সেশন আয়োজন করতে পারে। এর পক্ষে ঐকমত্যের জাতীয় কৌশল প্রণয়ন এবং আব্বাস-পরবর্তী যুগের মশালবাহীদের নির্বাচন করা সম্ভব।
সে কারণে হামাসের উল্লিখিত সংবাদ বিজ্ঞপ্তি সব দলের জন্য সন্তোষজনক হয়েছে। এখন প্রশ্ন একটাই, এরা কি অঙ্গীকার বা প্রতিশ্রুতি মেনে চলবে?
আল-জাজিরা অনলাইন থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
দাউদ কুতুব: ফিলিস্তিনি সাংবাদিক।