খুশির বিষয় যে বর্তমান সরকারের যিনি সংস্কৃতিমন্ত্রী, তিনি নিজেও একজন সংস্কৃতিকর্মী ছিলেন। দীর্ঘদিন থিয়েটারসহ সংস্কৃতির নানা রকম কাজের সঙ্গে জড়িত থেকেছেন। আমাদেরই একজন। এ রকম একজন মানুষ দেশের সংস্কৃতিমন্ত্রী হওয়ায় তাঁর কাছে আমাদের প্রত্যাশাও স্বাভাবিক কারণেই বেশি।
ভবিষ্যতে একজন মন্ত্রীর মেয়াদের আমলটাকে মূল্যায়ন করা হবে তিনি কতগুলো প্রদর্শনী উদ্বোধন করেছেন সেই রুটিন কাজ দিয়ে নয়, তাঁর আমলে তিনি কতগুলো বা কোনো ভালো প্রতিষ্ঠান গড়ে যেতে পেরেছেন কি না, তা দিয়ে। এখন প্রতিষ্ঠান গড়ার ব্যাপারে আমাদের তেমন সুনাম নেই। ইটের পরে ইট গেঁথে ধৈর্যের সঙ্গে কোনো প্রতিষ্ঠান গড়তে আমরা তেমন জানি না, যেটা হয়তো জার্মানরা ভালো পারে। আমরা বাঙালিরা যেটা পারি, তা হচ্ছে নানা রকম সংগঠন গড়া। এবং পরে নানা কোন্দলে জড়িয়ে সেই সংগঠনকে ভেঙেও ফেলা! আরেকটা কাজেও বাঙালি খুব উৎসাহ পায়। তা হচ্ছে উৎসব। নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসব, সংগীত উৎসব। কয়েকটা দিন খুব হুল্লোড়। কিন্তু ওই কয়েকটা দিনই মাত্র! এসব উৎসবের তেমন দীর্ঘমেয়াদি সুফল নেই।
কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় একটা সুদীর্ঘ ভবিষ্যৎ মাথায় রেখে। সেই ১৯৫৮ সালে বঙ্গবন্ধু ও ওঁর সহকর্মীরা একদিন এফডিসি প্রতিষ্ঠানটি গড়েছিলেন। এ দেশের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট মানুষেরা আজও তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অবশ্য এফডিসির আজকের দুরবস্থা দেখলে তঁারা অতটা কষ্ট করতেন কি না, সে ভিন্ন প্রশ্ন! আসলে কোনো প্রতিষ্ঠান কেবল গড়া নয়, মান বজায় রেখে তাকে সুচারুরূপে চালাতে পারাও এক দক্ষতা, যা আমাদের বাঙালিদের আবার কিছুটা কম আছে।
বাংলাদেশ এক নবীন রাষ্ট্র। এ দেশে আমাদের আরও অনেক অনেক প্রতিষ্ঠান গড়তে হবে, যেসব নিজস্ব প্রতিষ্ঠান স্বাধীন একটা দেশের থাকা কাম্য। ঢাকা শহর আজ একটা স্বাধীন দেশের গর্বিত রাজধানী। এ রাজধানী শহরে জাতীয় পর্যায়ের নানা প্রতিষ্ঠানই ধীরে ধীরে গড়ে তোলাটা জরুরি। সাংস্কৃতিক প্রতিষ্ঠানও। আন্তরিকতার সঙ্গে একটা প্রতিষ্ঠান গড়ে তুললে ও চালালে তা যে সংস্কৃতির ক্ষেত্রে কত বড় অবদান রাখতে পারে, তার প্রমাণ তো রয়েছেই—‘ছায়ানট’।
সংস্কৃতিমন্ত্রীকে আমি অনুরোধ জানাব, দেশে দুটি প্রতিষ্ঠান গড়ে তুলুন। একটা হচ্ছে লন্ডনের টেমসের পারের ‘ন্যাশনাল ফিল্ম সেন্টার’ বা কলকাতার ‘নন্দন’-এর মতো ঢাকায় একটা ন্যাশনাল ফিল্ম সেন্টার গড়ে তোলা। ন্যাশনাল ফিল্ম সেন্টারটি হবে একাধিক ছোট-বড় মিলনায়তনসহ একটা তিনতলা বড় বাড়ি, যেখানে দেশি-বিদেশি শিল্পসম্মত চলচ্চিত্র নিয়মিত দেখানো হবে, সেমিনার-ওয়ার্কশপ হবে, জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এ ধরনের একটি ফিল্ম সেন্টার এ দেশের দর্শক-রুচি বাড়াতে এবং চলচ্চিত্র-সংস্কৃতিতে সুদূরপ্রসারী ও ইতিবাচক একটা বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
আমি জানি, সিনেমা ঠিক সংস্কৃতি মন্ত্রণালয়ের বিষয় নয়, তথ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে সংস্কৃতিকে অত বিভক্ত করে দেখার কোনো প্রয়োজন আছে কি? শেষ বিচারে সিনেমা তো সংস্কৃতিই। আর আমার এ প্রস্তাব তথ্যমন্ত্রীর কাছেও। ঢাকা শহরে কলকাতার ‘নন্দন’-এর মতো একটা ‘ন্যাশনাল ফিল্ম সেন্টার’ গড়ে তুলুন। বাংলাদেশের সুস্থ ধারায় চলচ্চিত্র-সংস্কৃতি তার ফলে একটা বিশাল গতিবেগ পাবে।
আর দ্বিতীয়টি হচ্ছে, দেশে একটা থিয়েটার ইনস্টিটিউট গড়ে তুলুন। দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার মতো। স্বাধীনতার পর বাংলাদেশের নাট্য আন্দোলন একটা গতিবেগ অর্জন করলেও এখন তা খানিকটা স্থবির হয়ে পড়েছে। সব কাজেই প্রশিক্ষণ লাগে। নাট্যচর্চায়ও। নতুন তরুণ-তরুণীরা মঞ্চে অভিনয় করা, নাটক রচনার কলাকৌশল, নাটক পরিচালনা, আলো প্রেরণের নানা ব্যবস্থা—এসব শিখবে কোথা থেকে? এটা আনন্দের সংবাদ যে দেশে রাষ্ট্রীয়ভাবে একটা ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এখন একটা থিয়েটার ইনস্টিটিউট না হওয়ার কারণ নেই। আমার ধারণা, প্রতিবছর থিয়েটার ইনস্টিটিউট থেকে বিশ-তিরিশজন প্রশিক্ষিত ছেলেমেয়ে বের হয়ে এলে তা এ দেশের নাট্য-আন্দোলনকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে।
আর সরকারকে বলব, সংস্কৃতিতে বিনিয়োগ করুন। কেবল সুস্থ সংস্কৃতিচর্চাই পারে সামাজিক পশ্চাৎপদতা, ধর্মান্ধতা, কুসংস্কার থেকে দেশকে মুক্ত করতে। একটা আধুনিক বাংলাদেশ গড়তে চাইলে সংস্কৃতিতে বিনিয়োগের বিকল্প নেই। কিন্তু এবারের বাজেটে দেখলাম সংস্কৃতির ক্ষেত্রে বিনিয়োগ বেশ কম। বাংলাদেশের দুর্ভাগ্য যে আমাদের রাজনীতিবিদেরা কেবল রাষ্ট্রক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্রক্ষমতা ধরে রাখার সংগ্রামে ব্যস্ত। কিন্তু সমাজটা ছেড়ে দিয়েছেন কূপমণ্ডুকদের হাতে। তাদের হাত থেকে সমাজের সুস্থ মানবিক ধারাটাকে বাঁচাতে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি, কেবল সংস্কৃতিই পারে বাংলাদেশের সমাজকে আজ ধর্মান্ধতা ও উগ্রতার হাত থেকে বাঁচিয়ে একটা আধুনিক ও গণতান্ত্রিক সমাজে পরিণত করতে।
আশা করি সংস্কৃতিমন্ত্রী এ দুটি প্রতিষ্ঠানের ব্যাপারে আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন। এ দুটি প্রতিষ্ঠান গড়া হলে তার সুফল পেতে হয়তো ১০ বছর লেগে যাবে। আর বাংলাদেশকে নিয়ে তো আমরা শত বছরের স্বপ্ন দেখি।
তানভীর মোকাম্মেল: চলচ্চিত্র নির্মাতা।