
বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের মেয়েরা এএফসি কাপের বাছাইপর্বে ইরানের সঙ্গে জিতেছে ৩-০ গোলে, সিঙ্গাপুরের সঙ্গে ৫-০ গোলে, আর গত পরশু তারা কিরগিজস্তানকে দিয়েছে ১০ গোল। তাদের এই বিজয়ের পেছনে আছে কঠোর অনুশীলন। প্রথমেই প্রশংসা করতে হবে সরকারের একটা উদ্যোগের। সরকার বছর কয়েক আগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা কাপ টুর্নামেন্ট প্রচলন করে। প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা এই টুর্নামেন্টে অংশ নেয়। আজকে যে মেয়েরা অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে খেলছে, তারা এসেছে ওই প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্ট থেকেই। এবারের ১৮ জনের দলে নয়জন আছে কলসিন্দুর স্কুলের, প্রথমে তারা খেলত কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ে, এখন তারা পড়ে কলসিন্দুর স্কুল ও কলেজে।
গত রমজান মাসে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের সঙ্গে দেখা। সানজিদা, মারিয়া, তহুরা প্রমুখ। দেখা হয়েছে আবার গণভবনে, প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে। ওদের দেখেই এগিয়ে গেলাম। ওদের নিয়ে প্রথম আলো একটা প্রামাণ্য ছবি বানিয়েছিল গত বছর—অদম্য মেয়েরা। প্রথম আলো কলসিন্দুরের ফুটবলার মেয়েদের নিয়মিত একটা বৃত্তি দেয়। ওদের গ্রামে বিদ্যুৎ গেছে, সেই সময় ওই গ্রামে আমিও গিয়েছিলাম। যা-ই হোক, ওরা জানাল, ওরা ঢাকায় আছে। তাদের ট্রেনিং ক্যাম্পে। ফুটবলের প্রশিক্ষণ চলছে। ঈদে তাদের ছুটি নেই। ঈদেও বাড়ি যাবে না বাচ্চা মেয়েগুলো? আমার কণ্ঠে বিস্ময়। তখন ওদের সঙ্গের শিক্ষক বা প্রশিক্ষক আমাকে বললেন, ওদের কেন বাড়ি যেতে দেওয়া হবে না জানেন? ওরা বাড়ি গেলে ফিটনেস নষ্ট করে ফিরবে।
আমি বললাম, ঈদে বাবা-মা ওদের বেশি করে খাওয়াবেন?
প্রশিক্ষক বললেন, না উল্টোটা। ওরা না খেয়ে না খেয়ে ফিটনেস নষ্ট করে ফিরবে।
আমি সেই কথাটা ভুলতে পারি না। এসব কথা হয়তো বলাও উচিত নয়। কিন্তু না বলে পারছি না বলে ক্ষমাপ্রার্থী। যে বাচ্চারা গত বছর এএফসি কাপের আঞ্চলিক টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৪) কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের অনেকেই ছিল কলসিন্দুর স্কুলের। প্রথম আলোর পক্ষ থেকে পরিচালক রেদোয়ান রনি ওই গ্রামে গিয়েছিলেন প্রামাণ্যচিত্রের শুটিং করতে। বাচ্চারা ক্যামেরার সামনে কষ্ট করছে, ওদের কী দেওয়া যায়। প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজের সঙ্গে আমাদের কথা হচ্ছে।
বাচ্চারা কী চায়?
কামরান পারভেজ: ওরা একবেলা ভালো করে খেতে চায়।
: আরও বেশি কিছু চাইতে বলেন। আরেকটু বড় কিছু।
কামরান পারভেজ আরও খোঁজখবর নিয়ে বললেন, ওরা বলেছে ওদের বেশি করে খাবার দিয়ে দিতে। ওরা বাড়িতে গিয়ে পরিবারের অন্যদের সঙ্গে মিলে ভালো করে খেতে চায়।
অথচ এই মেয়েগুলো যে কী সপ্রতিভ। কী চালাক-চতুর। কী প্রাণবন্ত। আর কত ভালো ফুটবল খেলে। ঢাকায় প্রথম আলো ওদের নিয়ে এল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। পাঁচতারা হোটেলের জমজমাট চত্বরের আলো ঝলমল অনুষ্ঠানে। প্রথম আলো থেকে উপহার দেওয়া লাল রঙের সালোয়ার-কামিজ পরে মেয়েগুলো গোলাপ ফুলের মতো হাঁটছিল। তখনই ওরা আমাকে বলেছিল, ‘আপনারা যে আমাদের নিয়ে সিনেমা বানাইছেন, আমাদের গ্রামে তো কারেন্ট নাই। আমরা তো টিভি দেখি না।’
আমি বলি, যাও, এক বছরের মধ্যে তোমাদের গ্রামে কারেন্ট যাবে।
‘না না, ছয় মাসের মধ্যে কারেন্ট চাই।’
আমি ধন্যবাদ জানাই বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে, এক মাসের মধ্যে ওই গ্রামের ৮০০ বাড়িতে বিদ্যুৎ গেছে বলে।
বাচ্চাগুলো নায়ক শাকিব খানকে দেখতে চেয়েছিল। এই ইচ্ছাটা ওই দিন পূরণ করতে পারিনি। তবে আসাদুজ্জামান নূর ও নায়ক ফেরদৌসকে দেখে ওরা খুশিই হয়েছিল।
এখন এই মেয়েদের ফুটবল ফেডারেশন যত্ন করে প্রশিক্ষণ দিয়েছে। তারাও কষ্ট করেছে। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। অনূর্ধ্ব-১৬ বয়সের মেয়েরা বাবা-মা ছেড়ে ঢাকায় পড়ে আছে সেই কত দিন হলো। একসঙ্গে থেকেছে। একসঙ্গে খেয়েছে। একসঙ্গে ঈদ করেছে। একসঙ্গে খেলেছে। আজকে তার সুফল আমরা পাচ্ছি।
বাংলাদেশ প্রতিভার খনি। গণ্ডগ্রামের মেয়েরা একটু সুযোগ, একটু প্রশিক্ষণ, একটু শিক্ষা পেয়ে সোনার মেয়ে উঠছে। কিরগিজস্তানের বিরুদ্ধে মারিয়ার একটা গোল আমার চোখে লেগে আছে। মারিয়ার মাকে আমি চিনি। কলসিন্দুরে বিদ্যুৎ উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এসেছিলেন। এনোতা মান্দা। তাঁর বাড়ির ছবি আপনারা প্রথম আলোর ভিডিওটাতে দেখে নিতে পারেন (তাঁরা ওই ভিডিওতে খুব সুন্দর অভিনয়ও করেছেন। এনোতা মান্দার ক্লোজ শট এত পরিপক্ব হয়েছে যে, তা কেবল স্মিতা পাতিল বা শাবানা আজমির কাছ থেকে আশা করা যায়)। দেখলেই বুঝবেন, সংগ্রামশীল পরিবার।
তো সেই পরিবারের মেয়েগুলো শিক্ষা পেয়ে, প্রশিক্ষণ পেয়ে কী কাণ্ডটাই না ঘটাচ্ছে।
সারা বাংলাদেশে ৯৮ শতাংশের বেশি ছেলেমেয়ে স্কুলে যায়। গ্রামে-গঞ্জে বহু ছাত্রছাত্রী আছে এ রকম পরিবার বা এর চেয়েও নিম্নবিত্ত পরিবার থেকে আসা। এখন আমার প্রশ্ন হলো, এ রকম পরিবারের একটা মেয়েকে ক্লাস এইটের পরীক্ষায় কেন ২৮০ টাকা ফি দিতে হবে?
হ্যাঁ। আমি চাঁদপুরের সাথী আক্তারের কথাই বলছি। চাঁদপুর বাগাদি গণি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাথী আক্তারকে স্কুলের বেতন আর পরীক্ষার ফি মিলিয়ে ৪০০ টাকা দিতে হবে। সে ৩২০ টাকা দিতে পেরেছিল। ৮০ টাকা বাকি। স্কুলে যাওয়ার আগে সেই টাকা মা-বাবার কাছ থেকে চেয়ে সে পায়নি। এ জন্য স্কুলের সহকারী প্রধান শিক্ষক তাঁকেসহ আরও কয়েকজনকে রোদের মধ্যে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। পরদিন সাথী মায়ের কাছে ৮০ টাকা চায়। মা টাকা জোগাড় করতে বেরিয়েও ছিলেন। এরই ফাঁকে সাথী আত্মহত্যা করে। আত্মহত্যার খবরকে মহিমা দান করতে নিষেধ করেছে আত্মহত্যা প্রতিরোধকারী স্বেচ্ছাসেবী সংস্থা। আমিও বলব, সাথী, তুমি ঠিক করোনি। টাকাটা জোগাড় হতোই। না হলে একদিন স্কুলে না হয় না-ই যেতে। তুমি ভালো কাজ করোনি। আমি সবাইকে বলি, অপমানকর, বিব্রতকর, লজ্জাকর, দুঃখজনক পরিস্থিতি সবার জীবনেই আসে। আবার সেই খারাপ সময় চলেও যায়। জীবন প্রত্যেকের জন্য সোনার মেডেল রেখে দিয়েছে। জীবনটা শেষ পর্যন্ত যাপন করে গেলে সেই সোনার মেডেল পাওয়াই যায়।
তারপর বলি, মাননীয় শিক্ষামন্ত্রী, বাংলাদেশের একটা গ্রামে অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থীকে কেন ২৮০ টাকা পরীক্ষার ফি দিতে হবে? আর সরকারি স্কুল ও বেসরকারি স্কুলের বৈষম্য কবে কমবে? কেন অষ্টম শ্রেণিতে পরা একটা বাচ্চাকে মাসে ১৪০ টাকা বেতন দিতে হবে। যারা দিতে পারে, সক্ষম, সচ্ছল, তারা দিক। একজন ছাত্র মাসে লাখ টাকাও বেতন দেয়, এমন স্কুল ঢাকা শহরে অনেক আছে। কিন্তু কলসিন্দুর গ্রামের মারিয়ার মা এনাতো মান্দার তো সামর্থ্য নেই মাসে ১৪০ টাকা মেয়ের স্কুলের বেতনের জন্য খরচ করবেন। এ রকম বহু পরিবার আছে, যারা তাদের ছেলেমেয়েকে স্কুলে পাঠায়, পাঠাতে চায়, কিন্তু তাদের জন্য এক শ টাকা বাড়তি খরচ করাও মুশকিল।
আজকের বাংলাদেশ দ্রুত গড়ে উঠছে, উন্নতি করছে, নিম্ন–মধ্য আয়ের দেশ হয়েছে। কৃষকের ঘরে, শ্রমিকের ঘরেও স্বপ্ন ছড়িয়ে পড়েছে যে লেখাপড়া করলে দিন বদল করা যায়, ভাগ্য বদল করা যায়। সেই কৃষকের ছেলের পাশে, শ্রমিকের মেয়ের পাশে রাষ্ট্রকে তো দাঁড়াতে হবে। এখন একটা ছেলেকে মাধ্যমিক পরীক্ষার ফি যদি হাজার হাজার টাকা দিতে হয়, সে কোত্থেকে দেবে। আমার প্রস্তাব হলো, এ ধরনের পাবলিক পরীক্ষার ফি তুলে দেওয়া হোক, এটা রাষ্ট্রকে তার বার্ষিক বাজেট থেকে দিতে পারতে হবে। আর আপাতত, নির্ধারিত সরকারি ফির বেশি এক পয়সাও যেন কোনো স্কুল শিক্ষার্থীর কাছ থেকে আদায় করতে না পারে, এটা নিশ্চিত করতে হবে।
মূল্যবোধের অবক্ষয় সর্বস্তরে। তার সংক্রমণ ঘটেছে সর্বত্র, সাংবাদিকতায়, শিক্ষকতায়, চিকিৎসাসেবার মধ্যেও। সবাই নিশ্চয়ই না, কেউ কেউ বা অনেকেই। প্র্যাকটিক্যাল পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য এক্সটারনাল পরীক্ষকের জন্য কি এখনো চাঁদা তুলতে হয়?
আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের দুর্দশা দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বলতে হয়, ‘মা সরস্বতী বর দিবেন কি, কোথায় মুখ লুকাইয়া বাঁচিবেন, ভাবিয়া পান না।’ প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা পরীক্ষা। তার জন্য আলাদা আলাদা ফি। বুয়েটের জন্য আলাদা, চুয়েটের জন্য আলাদা, কুয়েটের জন্য আলাদা। মেডিকেলই শুধু অভিন্ন ভর্তি পরীক্ষার ব্যবস্থাটা করতে পেরেছে। তাতেও সমস্যা, প্রশ্নপত্র ফাঁস হয়। অভিযোগ আছে, বিশ্ববিদ্যালয়গুলো এবং প্রণম্য শিক্ষকগণ পরীক্ষার ফি থেকে একটা বড় তহবিল সঞ্চয়ের এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না।
আমাদের শিক্ষার মান, জিপিএ-৫-এর মান, শিক্ষার্থীদের পরীক্ষার্থী বানিয়ে ফেলে তাদের জীবনকে দুর্বিষহ করে তোলা নিয়ে এই লেখায় কিছু বলছি না। আজ আমার বলার কথা একটাই, আমাদের গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে নিম্ন আয়ের শিশু-কিশোরেরা যেন অর্থনৈতিক কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা দেখার দায়িত্ব রাষ্ট্রের। প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার উদ্যোগকে স্বাগত জানাই। অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা যেন অবৈতনিক হয়। বৃত্তি ও উপবৃত্তির পরিসর যতটা পারেন, বাড়িয়ে দিন। মনে রাখতে হবে, শিক্ষার পেছনে বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। এই বিনিয়োগ বহু গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আপনার কাছেই ফিরে আসবে।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।