
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর একটা কলামের একটা অংশ আমার প্রায় মুখস্থের মতো হয়ে গেছে। বহু আগে তিনি এক কলাম লিখেছিলেন যশোরের মধুমেলা নিয়ে। প্রতিবছর যশোরে মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে মধুমেলা হতো বেসরকারি উদ্যোগে। ভালোভাবেই হতো। তারপর সরকার তার দায়িত্ব নিল। এক বছর দুই বছর পরেই সেই মেলা বন্ধ হয়ে গেল। তখন তিনি লিখেছিলেন, সরকার এমন একটা জিনিস, যখন তা শত ফুল ফোটাতে চায়, তখন সব ফুল শুকিয়ে ঝরে পড়ে।
বাংলাদেশের মানুষের প্রধান শক্তি এর হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। দুই হাজার বছরেরও আগে আমাদের পুণ্ড্রবর্ধনে ছিল বিশ্ববিদ্যালয় (মহাস্থানগড়ের কাছে বেহুলার বাসরঘর), প্রায় দেড় হাজার বছর আগে পাহাড়পুরে ছিল বিশ্ববিদ্যালয় (সোমপুর বৌদ্ধবিহার)। চর্যাপদ থেকে শুরু করে আজকের কবির লেখা কবিতা, আমাদের জারি-সারি-ভাটিয়ালি-মুর্শিদি-পালাগান-কীর্তন—আমাদের ভাবসম্পদ বড়ই ঋদ্ধ। আমরা যে এখন তৈরি পোশাকশিল্পে এত ভালো করছি, তার পেছনে তো আছে হাজার বছরের ঐতিহ্য, আমরা বয়নশিল্পে সেই মসলিনের যুগ থেকেই বিশ্ববিখ্যাত। পুরোনো নকশিকাঁথায় যে মিহি কারুকাজ দেখতে পাই, তা থেকে বোঝা যায়, সুচিকর্মে নিপুণারা এই দেশে শত বছর ধরেই আছেন। আমাদের এক গৌরবের ধন, আর মমতার ধন আমাদের ভাষা। এই ভাষাই দিয়েছে আমাদের আত্মপরিচয়, সেই সূত্র ধরেই আমরা স্বাধীন হয়েছি।
এখানে আমি গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের নোবেল পুরস্কার ভাষণ থেকে উদ্ধৃতি দেব। মার্কেস বলেছিলেন, ‘মানুষের পরাজয় নেই, তা এ জন্য নয় যে তার ভাষা আছে, তা এ জন্য যে তার আত্মা আছে।’ বাংলাদেশের মানুষেরও পরাজয় নেই, তা শুধু এ জন্য নয় যে, তাদের ভাষা আছে, তা এ জন্য যে তাদের আত্মা আছে।
এই আত্মার প্রবল উপস্থিতি দেখতে পাই একুশে ফেব্রুয়ারিতে, লাখ লাখ মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন, হাঁটেন, শহীদ মিনারে যান, বইমেলায় যান। বাংলাদেশের মানুষের অবিনশ্বর আত্মাকে আমরা দেখতে পাই পয়লা বৈশাখে। লাখ লাখ মানুষ ঢাকা শহরের পথে, প্রান্তরে, পার্কে বেরিয়ে আসেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গার্মেন্টসের মেয়েরা ছুটির দিনটি পেয়ে সুন্দর শাড়ি পরে দিনভর ঘুরে বেড়িয়েছেন, ধানমন্ডি লেকের দুধারে কত অনুষ্ঠান, আর মেলা, তা না হলে চলে গেছেন হাতিরঝিলে, রাতের বেলায়ও সেখানে কত নারী-পুরুষ। একদিন গ্রাম এসে দখল করেছিল রাজধানীকে। পয়লা বৈশাখ আর চৈত্রসংক্রান্তি তো আমাদের গ্রামের মানুষের নিজস্ব অকৃত্রিম জীবনাচরণেরই অংশ ছিল।
হালখাতা এই জনপদে শত শত বছর ধরে হয়ে আসছে। আর আমরা চৈত্রের শেষ দিনটিতে চড়কের মেলায় ছুটে গেছি, ঘুড়ির উৎসবে যোগ দিয়েছি, বারুণির মেলায় গেছি গরুর গাড়ি নিয়ে, সঙ্গে নিয়ে গেছি তরমুজ আর রসুন, বিক্রি করা হবে বলে, আর মিঠাই-মন্ডা জিলাপি খেয়ে শোলার তৈরি রঙিন ফুল, পাখি, খেলনা কিনে নিয়ে ক্লান্ত হয়ে ফিরে এসেছি আমাদের দাদার বাড়িতে। আমাদের জেঠাইমা যে গোলাঘরের হাঁড়ি থেকে বা শিকেয় তোলা কলসি থেকে বীজধান বের করে দিতেন, তা তো সেই পকেট পঞ্জিকা দেখেই, তাঁদের তো কোনো গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছিল না, বৈশাখ মাসের আজ কত তারিখ, অঘ্রানের আজ কত, সেটা দেখেই তো চলেছে আমাদের কৃষিপ্রধান বাংলাদেশ, বহুকাল। বোধ হয় সেই সম্রাট আকবরের প্রবর্তন করা ফসলি সনের আমল থেকেই। সেই চিরকালের বাংলা পঞ্জিকা, পয়লা বৈশাখ গ্রাম থেকে ঢাকায় এসেছে প্রধানত প্রতিবাদ থেকে। আইয়ুব খান যখন রবীন্দ্র শতবর্ষ উদ্যাপনে বাধা দিল, যখন উর্দু বা আরবি হরফে বাংলা লেখা যায় কি না সেই ভাবনা থেকে শুরু করে ‘তোমরা রবীন্দ্রসংগীত লিখতে পারো না’ পর্যন্ত বলা হলো, তখন আয়োজন করে পয়লা বৈশাখ পালিত হতে শুরু করল ঢাকা শহরে। ছায়ানট রমনার অশ্বত্থমূলে ভোরবেলা বসাতে লাগল নববর্ষ বরণের সংগীতের আসর। আরও পরে বিসিক ঢাকা শহরে বৈশাখী মেলার আয়োজন করে লোকশিল্প ও লোকপণ্যের পসরা বসাল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইয়ে পাচ্ছি, ১৯৬৭ সালের পয়লা বৈশাখে তিনি ছিলেন ঢাকার কারাগারে। তিনি তাঁর ডায়েরিতে লিখেছেন, ‘আজ বাংলা নববর্ষ, ১৫ই এপ্রিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নূরে আলম সিদ্দিকী, নূরুল ইসলাম আরও কয়েকজন রাজবন্দী ফুল নিয়ে ২০ সেল ছেড়ে আমার দেওয়ানীতে হাজির। আমাকে কয়েকটা গোলাপ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাল।’
আর মিজানুর রহমান চৌধুরী তো সেদিন বঙ্গবন্ধুকে কবিতা লিখে পাঠিয়েছিলেন—
‘আজিকের নূতন প্রভাতে নূতন বরষের আগমনে
—মুজিব ভাইকে’
‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেউ রও,
ক্ষমা কর আজিকার মত,
পুরাতন বরষের সাথে,
পুরাতন অপরাধ হতে।’
[এটা রবীন্দ্রনাথের কবিতা (চিত্রা/নববর্ষে)। পুরাতন অপরাধ ‘হতে’ না হয়ে অপরাধ ‘যত’ হবে, ‘মত’র সঙ্গে মিলটা খেয়াল করলেই তা বোঝা যায়। হাতের লেখা থেকে কপি করতে এই ভুলটা কোথাও হয়ে গেছে। বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করছি।]
গ্রামের নববর্ষ ষাটের দশকে ঢাকাকে দখল করল। যেমন যশোরে প্রথম বের করা বৈশাখী শোভাযাত্রার অনুসরণে ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে বের হতে লাগল আনন্দ শোভাযাত্রা। তেমনি আবার ঢাকার অনুষঙ্গগুলো ছড়িয়ে পড়তে লাগল সারা দেশে। আমার মনে আছে, গত শতকের আশির দশকের শুরুর দিকে, রংপুর শহরে অভিযাত্রিক নামের সাহিত্য সংগঠনটি রংপুর জিলা স্কুলের বটতলায় ভোরবেলা গান ও কবিতার আসর বসিয়েছিল। বেশ বোঝা যাচ্ছে, এটার অনুপ্রেরণা তারা পেয়েছিল ছায়ানটের অশ্বত্থমূলের ধারণা থেকে।
এ বছর প্রায় প্রতিটা জেলা শহরে, উপজেলা শহরে নাগরিক বৈশাখী আয়োজন সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম কিংবা পাবনা কিংবা বগুড়ার আয়োজনগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করাও হয়েছে। এর বাইরে হয়েছে হাজার হাজার অনুষ্ঠান। আবার গ্রামগঞ্জে আদিরূপের হালখাতা কিংবা নৌকাবাইচ বা ঘোড়দৌড় কিংবা চড়কের মেলা বা চৈত্রসংক্রান্তির আয়োজন যে কত কত হয়েছে, তার হিসাব মেলানো সত্যিই ভার।
অন্যদিকে প্রথম আলোর খবরে বলা হয়েছে, ঢাকার কেন্দ্রীয় আয়োজনগুলোতে ছিল নিরাপত্তার কড়াকড়ি, কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়াবাড়ি। তাতে মানুষের উচ্ছ্বাসটা একটু দমে গেছে। বাইরের দিক থেকে এটা সত্য হতে পারে, আমাকে একজন অংশগ্রহণকারী বলেছেন, স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে গাড়ি থেকে এত দূরে নামিয়ে দিয়েছে, আর এতটা পথ হাঁটতে হয়েছে যে রমনার অশ্বত্থমূল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই দম গেছে ফুরিয়ে। কিন্তু বাইরের দিক থেকে এই কথা যেমন সত্য, তেমনি তিনিই আরেকটা কথা বলেছেন, যেহেতু বাধা আসছে, কাজেই আমরা ঠিক করেছি, প্রতিবছর বেশি বেশি করে ছায়ানটের অনুষ্ঠানে যাব। তাঁর এই বিবৃতি কেবল যে কথার কথা নয়, রমনার আয়োজনে নৃশংস বোমা হামলার পরেও যে সেখানে লোকসমাগম বন্ধ হয়নি, তা থেকেই তা প্রমাণিত।
মঙ্গল শোভাযাত্রা ইউনেসকোর স্বীকৃতি পেয়ে হয়তো প্রতিক্রিয়াশীল নেতাদের চক্ষুশূল হয়েছে বেশি। সম্ভবত মঙ্গল শব্দটাতেও তাদের আপত্তি আছে। তাহলে কি আমরা বলব আমাদের সপ্তাহে সাতটি বার হলো: শুক্র, শনি, রবি, সোম, বলতে মানা, বুধ, বৃহস্পতি। মঙ্গল গ্রহের নাম বদলে দেব? মঙ্গল মানে ভালো। এতটুকুন পর্যন্ত ভাবলেই তো হয়। বেশি ভাবার দরকার কী!
এবারের আয়োজনগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল, আর তা যে বাস্তব, তা তো অস্বীকার করা যাবে না। তাই সবার আগে জোরেশোরে আমাদের কৃতিত্ব দিতে হবে, প্রশংসা করতে হবে প্রশাসনের, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর, সরকারের, উদ্যোক্তাদের এবং অভিনন্দন জানাতে হবে সারা দেশের সব মানুষকে যে এত বড় একটা আয়োজন পালিত হয়েছে নির্বিঘ্নে। কোনো দুর্ঘটনা সেদিন ঘটেনি। অভিনন্দন, বাংলাদেশ!
আর প্রাণের উচ্ছ্বাস! ঈদের পরে এটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব, প্রচুর নতুন কাপড়চোপড় বিক্রি হয়, আগের দিনগুলোয় বাজার গমগম করতে থাকে, ভালো খাবারের আয়োজন করা হয় প্রায় প্রতিটা বাড়িতে, সাধ্যমতো। আর মানুষ বেরিয়ে পড়ে নিজের ঘরটি থেকে। কেন? মিলিত হতে। দেখা-সাক্ষাৎ করতে। শুভেচ্ছা বিনিময় করতে। মেলা মানে তো তা-ই। মিলিত হওয়া। উৎসব মানে তো তা-ই। প্রাণের সঙ্গে প্রাণের যোগ। সেটা কিন্তু এখন শহর থেকে গ্রামে আর গ্রাম থেকে শহরে, সমতল থেকে পাহাড়ে আর পাহাড় থেকে সমতলে ছড়িয়ে পড়ছে—উৎসবের ঢেউ, মিলনের বার্তা।
কিন্তু শুরুতে যে কথাটা পাড়লাম, কবি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর। সরকার যখন শত ফুল ফোটাতে চায়, তখন সব ফুল শুকিয়ে ঝরে পড়ে। ফুলগাছের যত্ন যাতে মালি নিতে পারে, সে যেন পানিটা পায়, সারটা পায়, তার ফুলবাগানে যেন মত্ত হস্তীর অনুপ্রবেশ না ঘটে, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু ফুল ফোটানোর কাজটা? ওটা যার কাজ তাকেই করতে হবে। সংস্কৃতির চর্চা আর তার বিকাশের কাজটা হতে হবে সমাজের নিজস্ব শক্তিতে, রাষ্ট্র তাকে সুরক্ষা দেবে, কিন্তু রাষ্ট্র তাতে যত কম হস্তক্ষেপ করে, ততই মঙ্গল। সরকারি বাধ্যবাধকতার মধ্যে যেন আমাদের স্বতঃস্ফূর্ততা চাপা পড়ে না যায়, হাঁসফাঁস না করে। সরকার অবশ্য একটা দারুণ কাজ করেছে, বৈশাখী বোনাসের ব্যবস্থা করেছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি নববর্ষের বোনাসটা দিত, তাহলে এই লেখাটায় আমি আরেকটু রসের সঞ্চার করতে পারতাম বৈকি!
কালিপ্রসন্ন সিংহের বিদ্যোৎসাহিনী সভা বহু সাহিত্যিক প্রতিভার পৃষ্ঠপোষকতা করত। এমনি এক সংবর্ধনা সভায় মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন, ‘বিদ্যা বিষয়ে উৎসাহ প্রদান করা ক্ষেত্রে জলসেচনের ন্যায়।’
সরকার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যা বিষয়ে এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দেবে, জলসিঞ্চন করবে। কিন্তু ফুলকে যেন সরকারি প্রজ্ঞাপন জারি করে আদেশ না করা হয়, প্রস্ফুটিত হও। ১৪ এপ্রিল পয়লা বৈশাখে তোমাকে ফুটিতেই হইবে।
আমরা জানি, আমাদের মুক্ত সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বাধা আছে। বাধা আছে এবং আক্রমণ আছে। তা সত্ত্বেও সরকার বা রাষ্ট্রের শক্তি নয়, আমরা আমাদের সমাজের শক্তি এবং আমাদের সংস্কৃতির নিজস্ব শক্তির ওপরেই আস্থা রাখতে পারি। বাংলাদেশের মানুষের পরাজয় নেই, কারণ তার সংস্কৃতি আছে।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।