ফুল ফুটবে না, ফুল ফুটবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের এই প্রোনয়া বা মঙ্গলবাদে বিশ্বাসের পক্ষে হাতের কাছে থাকা গান-কবিতাগুলোকে রেডিমেড সাক্ষী মানা যায়। যেমন ‘আনন্দধারা বহিছে ভুবনে,/ দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে’। বা ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।/ তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।’

কিন্তু একটা গান মাথার মধ্যে গুনগুন করে বেজে চলেছে, যার অর্থ আমি ধরতে পারছিলাম না।

তোমার মোহন রূপে কে রয় ভুলে।

জানি না কি মরণ নাচে, নাচে গো ওই চরণমূলে॥

শরৎ-আলোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে,

ঝড় এনেছ এলোচুলে॥

শরৎ একটা স্নিগ্ধ ঋতু, রবীন্দ্রনাথের শরৎবন্দনা অনেক আছে। যে রবীন্দ্রনাথ বলেছেন, শরতে বঙ্গজননী অপরূপ রূপে বের হন, সেই রবীন্দ্রনাথ শরতের মোহন রূপে ভুলতে চাইছেন না! বলছেন, তার চরণমূলে মরণ নাচছে। আর শরতের এলোচুলই বা আসবে কোত্থেকে, সেখানে ঝড়ের কথাই বা আসছে কেন!

এই ধাঁধার জবাব পেলাম গৌতম চৌধুরীর লেখা ‘কে রয় ভুলে তোমার মোহন রূপে’ নামের একটা প্রবন্ধে। পরস্পর ডটকম নামের একটা অনলাইন পত্রিকায় গৌতম চৌধুরীর এই অসম্ভব সুন্দর লেখাটা প্রকাশিত হয়েছে গত শরতে। তাতে তিনি লিখেছেন, ‘১০১ বছর আগে শরত্কালের কিছু আগে হইতেই অবশ্য ইউরোপ জুড়িয়া মরণ নাচিয়া উঠিয়াছিল। জার্মানি ইং ১৯১৪ সালের আগস্ট মাসের ২ তারিখে রাশিয়া, আর ৩ তারিখে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিল। বেলজিয়ামের নিরপেক্ষতা–সংক্রান্ত চুক্তি অগ্রাহ্য করিয়া সে-দেশে ফৌজ ঢুকাইয়া দিল। ৪ আগস্ট ব্রিটেন পাল্টা যুদ্ধ ঘোষণা করিল জার্মানি-অস্ট্রিয়ার বিরুদ্ধে। ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতীয় বাহিনীও যুদ্ধে জড়াইয়া পড়িল। শুরু হইয়া গেল ১ম বিশ্বযুদ্ধ। শান্তিনিকেতনের মন্দিরে উপাসনা শেষে রবীন্দ্রনাথ তাহার পরদিন বলিলেন, “সমস্ত ইউরোপ জুড়ে আজ এক মহাযুদ্ধের ঝড় উঠেছে। কত দিন ধরে গোপনে গোপনে এই ঝড়ের আয়োজন চলছিল। কোনো রাজমন্ত্রী কূট-কৌশলজাল বিস্তার করে যে সে আগুন নেভাতে পারবে তা নয়; মার খেতে হবে, মানুষকে মার খেতেই হবে।”’ (মা মা হিংসী, ৫ আগস্ট ১৯১৪, ২০ শ্রাবণ ১৩২১)।

গৌতম চৌধুরীর ওই প্রবন্ধেই বলা হচ্ছে, ওই সময় রবীন্দ্রনাথ নিউরোলজিয়া নামের একটা অসুখে ভুগছিলেন, বাঁ কানে আর মাথায় তাঁর সহ্যাতীত যন্ত্রণা হতো। তখন তিনি আত্মহত্যা করার কথা ভাবছিলেন। ১৯১৫ সালে পুত্র রথীন্দ্রনাথকে তিনি চিঠিতে লেখেন:

‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করেছে। মনে হয়েছে আমার দ্বারা কিছুই হয়নি এবং হবে না, আমার জীবনটা যেন আগাগোড়া ব্যর্থ,...কাল সন্ধ্যার সময়ে ক্ষণকালের জন্য এই অন্ধকারের ভেতর দিয়ে একটা আলোর আবির্ভাব দেখতে পেয়েছি। আমার বিশ্বাস এইবার থেকে আমি এই ভয়ংকর মোহজাল থেকে নিষ্কৃতি লাভ করে আবার আমার প্রকৃতি ফিরে পাব। আমি deliberately suicide করতেই বসেছিলুম—জীবনে আমার লেশমাত্র তৃপ্তি ছিল না। যা কিছু স্পর্শ করছিলুম সমস্তই যেন ছুড়ে ফেলছিলুম। এ রকম একেবারে উল্টোমানুষ যে কি রকম করে হতে পারে এ আমার একটা নতুন experience—সমস্তই একেবারে দুঃস্বপ্নের ঘনজাল। তোদের ভয় নেই এ আমি ছিন্ন করব—ওষুধ আমার অন্তরেই আছে। মৃত্যুর যে গুহার দিকে নেবে যাচ্ছিলুম তার থেকে আবার আলোকে উঠে আসব কোনো সন্দেহ নেই।’

আনিসুজ্জামানের তাঁর সৃষ্টির পথ বইয়ে (বেঙ্গল পাবলিকেশনস) ‘নানা রবীন্দ্রনাথের মেলা’ প্রবন্ধেও এই চিঠি এবং এই আত্মহত্যা-ইচ্ছার কথা বিশেষভাবে বলা আছে। আনিসুজ্জামান বলেছেন, কবি চলে এলেন শিলাইদহে এবং আবার আলোকের সন্ধান লাভ করলেন।

কিন্তু গৌতম চৌধুরী মরণনাচা শরতের আরও বিবরণ আমাদের সামনে পেশ করেছেন। বাংলা ভাগ হবে, ভারত ভাগ হবে, আর আসবে কৃষ্ণ আগস্ট, লাখ লাখ মানুষ মারা যাবে—

‘কিন্তু আমরা কি শরত্কালের সেই গানটির মরণের নাচ হইতে অনেক দূরে সরিয়া আসিলাম? তাহা হইলে আসুন, সেই গানের রচনাদিন হইতে ঠিক ৩২ বছর পরে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে আসিয়া পৌঁছাই। ২৮ আগস্ট ১৯৪৬-এর সেই প্রতিবেদনে দেওয়া হইতেছে কিছু নিস্পৃহ সংখ্যা, মৃত ৪,৪০০, আহত ১৬,০০০ আর গৃহহীন ১০,০০০। এগুলি ১৬-১৯ আগস্ট-এর মধ্যে কলিকাতা শহরের বুকে ঘটিয়া যাওয়া সেই নৃশংস গৃহযুদ্ধ, যাহা the great Calcutta killing নামে কুখ্যাত, তাহার খতিয়ান। সেও এক শরত্কালের শুরু! বাংলার ১৩৫৩ সাল। সেই শরতেই, কোজাগরী পূর্ণিমার রাত্রি হইতে শুরু হইল নোয়াখালীর বীভত্সতম দাঙ্গা। ১০ অক্টোবর হইতে যাহা চলিল অন্তত সপ্তাহকাল ধরিয়া। হত্যা ধর্ষণ গৃহদাহ ধর্মান্তরকরণের ধারাবাহিক নারকীয়তা। মৃতের
সংখ্যা ৩০০, গৃহহীন ৩,০০০, সম্পত্তিনাশ কোটি কোটি টাকার। বাংলাদেশের বাহিরে হইলেও ইহার পরেই বিহারের দাঙ্গার
উল্লেখ না করিলে অধর্ম হইবে। কারণ সে-দাঙ্গা শুরু হইয়াছিল নোয়াখালী দিবস পালনের নাম করিয়া, অর্থাৎ প্রতিশোধস্পৃহা হইতে। ২৫ অক্টোবর হইতে শুরু হওয়া সেই মৃত্যু-উৎসবের বলি অন্তত ৭,০০০।’

গৌতম চৌধুরীর এই নিস্পৃহ সংখ্যাগুলোর সঙ্গে যদি মীজানুর রহমানের বই কৃষ্ণ ষোলই মিলিয়ে নিই, কিংবা উর্দু লেখকদের ছোটগল্পগুলো স্মরণ করি—‘পেশোয়ার এক্সপ্রেস’—কৃষণ চন্দর, কিংবা সাদত হাসান মান্টো—‘তখন রক্ত হিম হয়ে আসে’। মনটা বিকল হয়ে যায়।

গৌতম চৌধুরী বলেছেন, ‘ইহার পর আর বলিবার বিশেষ কিছু থাকে না। আমার জীবনে, আমাদের জীবনে, হয়তো কতগুলি তারিখের সমাপতন না-ঘটিলে এই বেদনাগাথাটি রচিত হইত না। কিন্তু মুখের কথা আর ছুঁড়িয়া দেওয়া তির যেমন ফিরানো যায় না, তেমনই ঘটিয়া যাওয়া ঘটনার কালক্রমও বদলানো যায় না। আর তাহারই সূত্র ধরিয়া শরৎকাল আসিলে, অন্তত আমার কেবলই
মনে হইতে থাকে—জানি না কি মরণ নাচে, নাচে গো ওই চরণমূলে! মনে হইতে থাকে, কোনো নিখিল অশ্রুসমুদ্রের তটরেখায় দাঁড়াইয়া আরও কত হাহারবের ভিতর দিয়া আমাদের শরতের পূজা সাঙ্গ হইবে, কে জানে?’

এরপরও আমাদের বলার অনেক কিছু থাকে। তা হলো, প্রথম বিশ্বযুদ্ধের পায়ের আওয়াজ পেয়ে এক শরতে রবীন্দ্রনাথ তাঁর পায়ের নিচে মরণনৃত্য দেখেছিলেন, আরেক আগস্টে, ৬ আগস্ট, ৯ আগস্ট, ১৯৪৫-এ হিরোশিমা আর নাগাসাকিতে অ্যাটম বোমা ছোড়া হবে। কিংবা বাংলাদেশের আগস্টগুলোয় রচিত হবে কালো কালো দিন: ১৫ আগস্ট, ২১ আগস্ট...

কবি আবুল হাসান লিখেছেন:

আমার চোয়ালে রক্ত হে অর্জুন আমি জানতাম, আমি ঠিকই জানতাম

আমি শিশু হত্যা থামাতে পারব না, যুবতী হত্যাও নয়!

ভ্রূণহত্যা! সে তো আরও সাংঘাতিক, আমি জানতাম হে অর্জুন

মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব!...

ভাই পলায়নে যাবে বোন তার বাসনা হারাবে আমি জানতাম

ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো

ফুটবে না!

আসলেই আমরা কি কিছু পারছি! রবীন্দ্রনাথ ১০২ বছর আগের শরতে মরণনৃত্য দেখেছিলেন। তারপর কত শরৎ এল-গেল, মানুষ কি যুদ্ধবিগ্রহ থামাল? যুদ্ধ হয়েই চলেছে, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, ইরাকে, আফগানিস্তানে, সিরিয়ায়।

আমরা দেশে দেশে যুদ্ধ থামাতে পারছি না। আমরা মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ থামাতে পারছি না। আমরা দেখছি, রাষ্ট্রগুলো আরও প্রতিক্রিয়াশীল হচ্ছে, ব্রিটিশরা ব্রেক্সিটের পক্ষে ভোট দিল, আমেরিকানরা নির্বাচিত করল ডোনাল্ড ট্রাম্পকে। আমরা আমাদের দেশটাকেই তো মানবিক, গণতান্ত্রিক, মানবাধিকার–সুন্দর করে তুলতে পারলাম না। মানুষ সম্প্রীতির নয়, বিভেদের সূত্রগুলো খুঁজছে, আর তার প্রচার করে চলেছে। বাক্স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, নাগরিকদের চলাচলের অধিকার দিন দিন সংকুচিত হচ্ছে। তা কেবল আমাদের দেশে নয়, ক্ষুণ্ন হচ্ছে প্রথম বিশ্ব বলে গণ্য দেশগুলোতেও। আমেরিকার মতো দেশে প্রেসিডেন্ট প্রতিনিয়ত গালিগালাজ করছেন সাংবাদিকদের, আর হোয়াইট হাউসে কোনো কোনো সংবাদমাধ্যমকে তিনি নিষিদ্ধ করে দিচ্ছেন। এটা কি প্রেসিডেন্ট টমাস জেফারসন (১৭৪৩-১৮২৬) ভাবতেও পেরেছিলেন, যিনি বলেছিলেন, সরকারবিহীন সংবাদপত্র, আর সংবাদপত্রবিহীন সরকার, এই দুটোর যেকোনো একটাকে বেছে নিতে হলে আমি অবশ্যই প্রথমটা বেছে নেব!

এ অবস্থায় আমরা কী করব? নাগরিকেরা প্রতিবাদ করতে পারি, কিন্তু নাগরিকদের প্রতিবাদে কি ফল হয়? ইরাক যুদ্ধের বিরুদ্ধে আমেরিকায় প্রচণ্ড বিক্ষোভ হয়েছিল, অগণন মানুষ পথে বেরিয়ে এসেছিল, তাতে কী ফল হয়েছে? নোয়াম চমস্কিকে জিজ্ঞেস করা হয়েছিল, যাঁরা প্রতিবাদ করেছিলেন, তাঁরা তো এখন হতাশায় ভোগেন, এ বিষয়ে আপনি কী বলবেন?

চমস্কি জবাব দিয়েছিলেন, ‘আমি এটাই বলব যে তাদের বাস্তববাদী হওয়া উচিত। দাসপ্রথাবিরোধী আন্দোলনের কথাই ধরুন, এই আন্দোলন সফলতার জন্য কত দীর্ঘ সময়ের সংগ্রাম চালাতে হয়েছিল। তাৎক্ষণিক ফলাফল পেতে ব্যর্থ হয়ে আপনি যদি প্রতিবারই আপনার প্রচেষ্টার হাল ছেড়ে দেন, তবে আপনাকে মনে রাখতে হবে আরও ভয়ংকর কিছু ঘটতে যাচ্ছে। এগুলো হচ্ছে দীর্ঘ সময়সাপেক্ষ সংগ্রাম।’

তিনি বলেছেন, ‘নাছোড়বান্দা হওয়া ছাড়া এ–যাবৎ কোনো আন্দোলনই সফলতার আলোর মুখ দেখেনি।’ (নোয়াম চমস্কির সাম্রাজ্যবাদীদের উচ্চাভিলাষ। অনুবাদ রফিকুল রনি। প্রকাশক নাগরী)।

আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।