
ঈদ উপলক্ষে একটা নতুন কিছু লিখতে ইচ্ছা করল। প্রিয় পাঠক, ঠিক কলাম লিখলাম না, কিন্তু জীবনের গল্পই লিখলাম। বানিয়ে লিখিনি, অভিজ্ঞতা থেকে লিখেছি।
আমি বইমেলায় যাই। কোনো একটা স্টলে শিকড় গাড়ি। সময় প্রকাশনী। প্রথমা। মাথা নিচু করে বই পড়ি। মেলার ছয়-সাত দিন চলে গেলে এক সন্ধ্যায় বাচ্চাগুলো আসে। একটার নাম ববিতা, একটার নাম নিপা। বয়স আট-নয় বছর। স্যার, আপনার জন্য ফুল।
ফুল। তোমার ফুলের দাম কত?
আপনের লাইগা দাম লাগব না। গিফট দিতাছি। ববিতা হাসে। নিপা হাসে।
এত দিন পর এলে, ব্যাপার কী?
স্যার, পুলিশে ঢুকতে দেয় না। আইজকা বেড়া ডিঙায়া আইছি।
খানিকক্ষণ পর আবার আসে। নেন, আরেকটা ফুল নেন। যাইতাছি।
না, আর ফুল নেব না।
তাইলে যাই?
যাও।
যামু গা। দেন।
তুমি না আমাকে ফুল এমনি দিয়েছ?
হ। ট্যাকা লাগব না তো।
পকেট থেকে এক শ-দুই শ একটা কিছু বের করি। একটাকে দিই। আরেকটা দাঁড়িয়ে থাকে। তাকেও দিই।
ওরা দৌড় ধরে। হাসতে হাসতে যায়।
নীপাটার গায়ের রং শ্যামলা। মুখমণ্ডল লম্বাটে। চোখ সাংঘাতিক। ববিতা ফরসা। ওর নাকমুখ তীক্ষ্ণ নয়। ময়লা জামা, ময়লা চুল। খালি পা। কিন্তু ভারি মিষ্টি মেয়েগুলো। আমার নিজের মেয়ের কথা মনে পড়ে কি? নিজের একটা মেয়ে জন্মানোর পর পৃথিবীর সব বাচ্চাকেই নিজের বাচ্চা বলে মনে হতে শুরু করল। রাস্তায় কোনো বাচ্চাকে রোদে দেখলে বুক কাঁপত। কোনো বাচ্চার পা স্কুটারের বাইরে বের করা, আমি চিৎকার করে উঠতাম আতঙ্কে।
এই বাচ্চাগুলো সন্ধ্যার পরও বইমেলায় আসে। সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে ঘোরাফেরা করে। কী ভয়ংকর ব্যাপার। চারদিকে সব দানব ঘুরে বেড়ায়।
তার মধ্যে...
আবারও আসে ওরা। এই নীপা, তোদের বাসা কোথায়?
পরীবাগ বস্তি।
মা-বাবা আছে?
বাবা নাই। মা আছে।
মা কী করে?
বাসাবাড়ি কাম করে।
স্কুলে যাও?
যাই।
ফুল বিক্রি করো কেন?
ফুল বিক্রি না করলে সংসার চলব?
ফুল বিক্রি করে কত পাও?
দুই শ-তিন শ...একেক দিন একেক রকম...
আমি হিসাব কষি। তিন শ হলে মাসে নয় হাজার। এত সহজ ইনকাম মায়ের জন্য, মা তো ঠেলে দেবেনই তাদের ফুল হাতে...
ববিতা? কী অবস্থা? মা-বাবা আছে?
আছে।
বাবা কী করে?
স্যার, বাবা চাকরি করে।
তাহলে তুমি ফুল বিক্রি করো কেন?
চাকরি কইরা যত পায়, আমি তার চায়া বেশি পাই।
মানে কী?
আমার বাপে সিকিউরিটি গার্ড। সাড়ে চার হাজার টাকা বেতন। দুইটা চাকরি করে...
তার মানে বাচ্চাগুলো বেশি আয় করতে পারে। কারণ, কেউ কেউ আছে হঠাৎ হঠাৎ বেশি টাকাও দিয়ে দিতে পারে। আবার কেউ কেউ টাকা কেড়েও নিতে পারে...
রাত আটটায় বইমেলা বন্ধ হয়ে যাবে। আমি হেঁটে হেঁটে যাই টিএসসি পর্যন্ত। সঙ্গে গোটা দুয়েক বন্ধু, একজন প্রকাশক, একজন দোকানের লোক। মাথার ওপর সোডিয়াম বাতি। লোকজন সব সার বেঁধে বেরোচ্ছে। কেউ অটোগ্রাফ চায়, কেউবা ছবি তোলে।
ফুল বিক্রি করা বাচ্চারা সব আমার সঙ্গে হাঁটে, মিছিলের মতো করে। দুইটা ছেলে, আরও দুইটা মেয়ে। সবার মুখে হাসি। এইটা আমার সবচেয়ে আশ্চর্য লাগে।
এভাবে প্রতিবছর দেখা হয়।
সময় প্রকাশনীর মালিক ফরিদ আহমেদ মাঝেমধ্যে বলেন, এইবার আপনার বাচ্চারা এল না?
তাই তো। এবার মনে হয় সিকিউরিটি বেশি কড়া।
সেবার বিকেলে রাস্তায় দেখা হলো নীপার সঙ্গে। তোমরা আর আসো না যে?
স্যার, পুলিশে মারে।
আসো আমার সঙ্গে।
নীপাকে নিয়ে ঢুকি। নীপা বলে, আপনে যান। বই বেচেন। আমি যাই। ফুল বেচি।
এসো আবার।
সন্ধ্যার পর নীপা আসে।
স্যার...
কী?
দুইটা ফুল আপনার লাইগা...
ইশ্। মরা ফুল।
না, মরা না।
তুমি শুকায়া গেছ কেন?
নীপা হাসে।
ভিড়টা আজ কম। টিভিতে বোধ হয় খেলা দেখাচ্ছে।
নীপা বলে, স্যার, আপনে বই বেচেন, আমি ফুল বেচি। ভালো না?
আমি বলি, ভালো। তো তুমি আমাকে ফুল দিয়ো, আমি তোমাকে বই দেব। ঠিক আছে?
না।
কেন?
বই পড়তে ভালো লাগে না।
গল্প শুনতে ভালো লাগে?
লাগে।
বইয়ে তো গল্পই থাকে।
তাইলেও কে পড়ে? আপনি গল্প কন। আমি শুনি।
আহা, আমার মন কেমন করে। নীপার বাবা নাই। আমার মেয়েটা পড়তে গেছে ইন্ডিয়ায়। ওকে রেখে আসার সময় প্রতিবার কাঁদি। সেবার তো কলকাতা থেকে যখন প্লেন ছাড়ছে, কিংফিশার ছিল এয়ারলাইনস, আমি এমন কাঁদতে শুরু করলাম যে এয়ারহোস্টেসরা দৌড়ে এসেছিলেন। আপনার
কী হয়েছে?
আমি আমার একমাত্র মেয়েকে রেখে যাচ্ছি, ও হোস্টেলে থাকবে, পুনেতে, ওকে রেখে পুনে থেকে এসেছি। এখন কলকাতা থেকে ঢাকায় যাচ্ছি...
ওঁরা টিস্যু পেপার দেন। পানির বোতল দেন। বলেন, আমরা আপনার কষ্ট বুঝতে পারছি।
নীপা, তুমি আমাদের বাসায় থাকবে?
না।
কেন?
বন্দী থাকতে ভালো লাগে না।
তাই তো। তুমি তো আবার স্বাধীন।
স্যার গল্প বলেন।
কী গল্প শুনবে?
যেইটা পারেন, সেইটা বলেন।
আমি বলি, এক ছিল রাজা, এক ছিল রানি...
নীপা হাসে। বলে, আপনে কি রাজা-রানির গল্প লেখেন?
লিখেছি একটা-দুইটা...
স্যার, যাই...
যাও...
যাও না কেন? ও, তোমার টাকা তো দেওয়া হয় নাই...
না স্যার, টাকা নিব না।
ক্যান নিবা না?
আপনে তো গল্প শুনাইছেন...
কই আর শোনালাম?
আমি তো আপনেরে মরা ফুল দিছি, হি হি হি!
এবার আবারও বইমেলা বসেছে। যথারীতি আমি বই বেচতে গেছি মেলায়। সময় প্রকাশনে নয়, এবার বসি প্রথমার স্টলে। একদিন দেখি, নীপা হাজির।
স্যার...!
তাকিয়ে দেখি, নীপা। বয়স ১২-১৩ হয়ে গেছে। হাতে যথারীতি ফুল। আমার বুকটা কেঁপে ওঠে।
এই নীপা?
স্যার।
ফুল না বেচলে হয় না?
ক্যান স্যার?
তুমি যে বড় হয়ে যাচ্ছ!
স্যার, আপনে আর বই বেইচেন না।
ক্যান?
আপনে বুড়া হয়া যাইতাছেন।
আমি বুড়া হলে কী সমস্যা?
সমস্যা আছে না। বুড়া বয়সে এই ধুলাবালুর মাঝখানে ক্যান আইবেন?
তুমি চালাক হয়ে গেছ...
মনে হলো নীপাকে জিজ্ঞেস করি, এই রাতের বেলা সোহরাওয়ার্দী উদ্যানে যে আসে, তার কোনো বিপদ-আপদ হয় না? কিন্তু কীভাবে জিজ্ঞেস করব। এই কথা তো বলাও যায় না।
স্যার, আপনে প্রতিবার মেলায় আসেন ক্যান?
নেশা। সবাই আসে। দেখা হয়। ভালো লাগে।
আমারও স্যার নেশা। ঘরে থাকতে পারি না...
বসন্ত এসে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে অন্যপ্রকাশের কার্জন হল আকৃতির স্টলের ওপর চাঁদ উঠেছে। কোনো একটা গাছে বোধ হয় কোকিলও ডাকছে। আমি প্রথমার স্টলে বসে আকাশের চাঁদের ছবি তুলি মুঠোফোনে। ফেসবুক চেক করি। দেখি, একজন লিখেছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।
না। ফুলও তো ফুটেছে। মেয়েরা সব হলুদ শাড়ি পরেছেন। তাঁদের মাথায় ফুলের মুকুট। কী যে ভালো লাগছে।
নীপা আসে। ওর হাতে ফুলের মুকুট।
আমি বলি, নীপা, তোমার ফুলের মুকুটের দাম কত?
এক শ টাকা।
নাও। একটা তুমি পরো. . এই নাও টাকা...
লাগব না স্যার।
পরো।
না স্যার।
কেন?
আপনের বই আপনি পড়েন?
হা হা হা! তুমি বেশি চালাক।...
স্যার, সামনের বছরও আইবেন মেলায়...
বাঁইচা থাকলে আসব। তুমি আসবে?
না।
কেন?
আপনি কইছেন না বড় হয়া গেছি।
আসবে না কী করবে?
নীপা চুপ করে থাকে।
কী করবে? বিয়ে করবে না তো? ১৮ বছরের আগে বিয়ে না...
নীপা লজ্জা পায়। নীপা মাথা নিচু করে বইমেলার মাটিতে পায়ের আঙুল বসায়। বোঝাই যাচ্ছে, ওর মা ওকে বিয়ে দিয়ে দেবেন।
কী?
স্যার। ছোট দুইটা ভাই স্কুল যায়। আমি ফুল না বেচলে সংসার চলব না। মায়ে আর কামে যাইতে পারে না...
পাতাকুড়ানির মেয়ে তুমি কী কুড়াও? ছায়া কুড়াই-আবুল হাসানের প্যারোডি করে বিড়বিড় করি-
ফুলকুড়ানির মেয়ে তুমি কী কুড়াও? দুঃখ কুড়াই, দুঃখ।
ঈদ ওদের জীবনেও আসবে। ওরাও নতুন জামা পরে ঈদের দিন সেমাই খাবে, পোলাও খাবে। আর শিশুপার্কে গিয়ে বিনে পয়সায় দোল খাবে দোলনায়।
আনিসুল হক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক