
কর্মক্লান্ত দিন শেষে বাসায় ফিরছি। যথারীতি আটকে গেছি ট্রাফিক জ্যামে। চোখ রাখলাম ফেসবুকের ওয়ালে। সঙ্গে সঙ্গে বড় ধরনের ধাক্কা খেলাম। এ কী দেখছি আমি! একজন পরিচিত ফেসবুক ব্যবহারকারী বিছানার ওপরে দামি ব্র্যান্ডের ১০ জোড়া জুতা ও স্যান্ডেল সযতনে সাজিয়ে রেখে তার ছবি তুলে পোস্ট করেছেন। জুতা-স্যান্ডেল প্রদর্শনীর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন তাঁর স্বামীর সাম্প্রতিক বিদেশযাত্রার কথা। এই জুতা-স্যান্ডেলগুলো নাকি তাঁর স্বামী ভালোবাসার নিদর্শনস্বরূপ স্ত্রীকে উপহার দিয়েছেন। ভালোবাসার বার্তা প্রকাশে জুতা-স্যান্ডেল প্রদর্শনীর এই আয়োজন দেখে হতবাক হয়ে গেলাম।
এর কিছুদিন আগেও একটি পোস্টে লক্ষ করেছিলাম আরেকজনকে তাঁর ১৮০ জোড়া জুতার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের
দৃশ্য তুলে ধরতে। নিশ্চিতভাবেই তাঁরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে থাকা জনগোষ্ঠীকেই প্রতিনিধিত্ব করেন। কিন্তু ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে তাঁদের দায়িত্বশীলতার লেশমাত্র পরিচয় পাইনি এই পোস্টগুলোতে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পোস্ট প্রায়ই অনেককে বিচলিত ও বিব্রত করে।
পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। হুটসুইট নামের এক সংস্থার পরিচালিত এক জরিপে দেখা গেছে, ঢাকা এখন বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর নগরী। প্রথম স্থানে আছে ব্যাংকক। এই তথ্যটি আমাদের আশাবাদী করে এই জন্য যে ফেসবুকের ব্যাপক ব্যবহার ও জনপ্রিয়তা অনেক ইতিবাচক বার্তার ইঙ্গিত দেয়; যেমন: শিক্ষার প্রসার, প্রযুক্তির সহজলভ্যতা ও তা ব্যবহারের সক্ষমতা, অর্থনৈতিক সামর্থ্য ও সক্ষমতা ইত্যাদি। কিন্তু অন্যদিকে ফেসবুকের দায়িত্বশীল ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা না গেলে তা হিতে বিপরীত হতে উঠতে পারে। বেশ কিছু সাম্প্রতিক ঘটনায় সেটি প্রমাণিত হয়েছে অনেকবার। তবে ফেসবুক ব্যবহার করা থেকে বিরত থাকা কখনোই এই সমস্যার সমাধান হতে পারে না। তাই প্রয়োজন ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ।
সব শ্রেণি ও পেশার মানুষের কাছ থেকে হয়তো এতটা প্রত্যাশা করা ঠিক হবে না। কিন্তু শিক্ষিত জনগোষ্ঠী কোনোভাবেই ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে তাদের দায়িত্বশীল আচরণকে এড়িয়ে যেতে পারে না। শিক্ষিত সচেতন শ্রেণির মধ্যেই একটি গোষ্ঠী রয়েছে, যারা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে দ্বিমত পোষণ করে এবং এড়িয়ে চলে ফেসবুককে। তারা মনে করে, ফেসবুক তাদের একান্ত ব্যক্তিগত জগতের প্রতি হুমকিস্বরূপ। আবার অনেকের কাছে ফেসবুকের ব্যবহার মানে সময়ের অপচয়। আমার নিজের বোধোদয় হচ্ছে, অবাধ তথ্যপ্রবাহের এই যুগে চিন্তা, তথ্য, আবেগ, অনুভূতি প্রকাশের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক থেকে দূরে থাকার বা মুখ ফিরিয়ে নেওয়ার কোনো কারণ নেই। এই মাধ্যম যেকোনো বার্তা যত দ্রুত সর্বস্তরে ছড়িয়ে দিতে পারে, অন্য কোনো মাধ্যমে তা সম্ভব নয়। এটা ফেসবুকের এক বড় শক্তি।
ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে তাই এই শক্তি ও ক্ষমতাকে মাথায় রাখতে হবে। ফেসবুকে বার্তা আদান-প্রদানে হতে হবে অনেক বেশি সচেতন ও কৌশলী। যেকোনো বার্তা প্রচার–প্রচারণার আগে ভেবে দেখা প্রয়োজন বার্তাটির সত্যতা, জেন্ডার সংবেদনশীলতা কিংবা সাম্প্রদায়িকতার মতো স্পর্শকাতর বিষয়গুলো। মাঝে মাঝেই জনমনে আতঙ্ক ছড়ায় এ ধরনের বিভ্রান্তিকর তথ্য, ছবি কিংবা ভিডিওর উপস্থিতি ভাবিয়ে তোলে আমাদের। অনেক ক্ষেত্রেই এ ধরনের পোস্ট অপরাধ সম্পর্কে জনমনে সচেতনতা সৃষ্টির পরিবর্তে উল্টো উসকে দেয় অপরাধপ্রবণতা। তাই এই মাধ্যমে এমন কোনো বার্তা বা ছবি সংযোজন করা ঠিক নয়, যা অন্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে। বার্তা আদান-প্রদানে এবং মন্তব্য প্রদানে ব্যবহারকারীর উদাসীনতা অনেক ক্ষেত্রে ব্যক্তির ব্যক্তিত্বকেও করে তুলতে পারে বিতর্কিত।
সত্যিকার অর্থে ফেসবুকের সু বা কুপ্রভাব সম্পূর্ণভাবেই নির্ভর করে এর নিয়ন্ত্রিত ও সচেতন ব্যবহারের ওপর। এ জন্য শুধু শুধু ফেসবুককে দোষারোপ করা নির্বুদ্ধিতারই শামিল। ফেসবুকের ব্যক্তিগত ওয়ালের নিয়ন্ত্রণ, মন্তব্য প্রদান, বন্ধু নির্বাচন ও বর্জন প্রতিটি ক্ষেত্রেই রয়েছে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ ও স্বাধীনতা। তাই যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য ফেসবুককে দোষারোপ করা ব্যবহারকারীর অজ্ঞতারই পরিচয় বহন করে। সত্যিকার অর্থে ফেসবুক এক বিশাল সম্ভাবনাময় ভার্চ্যুয়াল জগৎ। এই জগৎ সম্পর্কের নৈকট্য স্থাপনের, তথ্য আদান-প্রদানের এবং বিনোদনেরও বটে।
এ ছাড়া যেকোনো ব্যক্তি সম্পর্কে এক নিমেষে ধারণা দিতে পারে তার ফেসবুকের ব্যক্তিগত ওয়াল; কেননা এই ওয়ালে একজন ব্যক্তির রুচি, পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা প্রতিফলিত হয়। অনেক ক্ষেত্রেই ফেসবুক ওয়াল একজন ব্যক্তির ব্যক্তিত্বকে এমন নিপুণভাবে প্রকাশ করতে সক্ষম, যা অনেক বছরের সম্পর্কও প্রকাশ করতে অক্ষম। ফেসবুকের ব্যক্তিগত ওয়ালকে একজন ব্যক্তির আয়না কিংবা প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা যেতে পারে। আয়নায় যেমন আমরা আমাদের নিজেদের প্রতিচ্ছবি পরিপাটি ও সুন্দর দেখতে ভালোবাসি, অনুরূপভাবে আমরা অনায়াসে ফেসবুকের নিজস্ব ওয়ালটিকে যত্ন করে সুন্দরভাবে সাজিয়ে-গুছিয়ে নিতে পারি।
এ ক্ষেত্রে অসচেতনতা ব্যক্তির ব্যক্তিত্বকে অনেক ক্ষেত্রে ভয়ংকরভাবে হুমকির সম্মুখীন করে তুলতে পারে। আবার ওয়াল সাজানোর এই বিষয়টি বাস্তবতাবর্জিত হলে তা আবার হয়ে উঠতে পারে নাটকীয় ও হাস্যকর। মাঝরাতে প্রস্তুতিবিহীন জন্মদিন পালনের স্ট্যাটাসের বিপরীতে পরিপূর্ণ মেকআপে তোলা ছবি যেমন সবার হাসির খোরাক জোগায়, অনুরূপভাবে নিজের প্রভাব-প্রতিপত্তি কিংবা বিত্তবৈভবের প্রদর্শনী হিসেবে ফেসবুকের ব্যবহার ব্যক্তির দুর্বল ব্যক্তিত্বকেই সবার সামনে তুলে ধরে। অন্যদিকে ফেসবুকে পোস্ট করার অভিপ্রায়ে ক্যামেরার অনিয়ন্ত্রিত সীমারেখাও অনেক ক্ষেত্রে হয়ে উঠতে পারে কুরুচিপূর্ণ। ফেসবুকে পোস্ট করা ছবি যখন ব্যক্তির বেডরুমের
সীমানা ছাড়িয়ে বাথরুমের দরজায় গিয়ে পৌঁছায়, তখন তা ব্যক্তির রুচিবোধকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে।
ফেসবুক অর্থ শুধু ব্যক্তির সেলফি, ছবি কিংবা লোক দেখানো প্রতিযোগিতা নয়, নয় এটি নারী কিংবা শিশুর অসহায়ত্ব কিংবা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর কোনো মঞ্চ। বরং ফেসবুক হলো নিজের ব্যক্তিত্ব ও ভাবমূর্তি অন্যের সামনে তুলে ধরার অবারিত খোলা জানালা। এই জানালা নিয়ন্ত্রণের ভার সম্পূর্ণই আমাদের। এই জানালা মাঘের শীতের ভয়ে অবরুদ্ধ থাকবে, তা দিয়ে মনের ঘরে দখিনা বাতাসের প্রবেশ ঘটবে নাকি তা বৈশাখী ঝোড়ো হাওয়ার তাণ্ডবে সবকিছু তছনছ করে দেবে, তা স্থির করতে হবে আমাদেরই।
নিশাত সুলতানা: কর্মসূচি সমন্বয়ক, জেন্ডার জাস্টিস ডাইভারসিটি প্রোগ্রাম, ব্র্যাক।
[email protected]