মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে আমাদের প্রবাসী সরকার বা অন্যরা যা ভূমিকা রাখার দরকার ছিল, তার সবগুলো ঠিকঠাকভাবে করেছেন বলেই আজ আমরা স্বাধীন। ফলে সে বিষয়ে কোনো প্রশ্ন কিংবা বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে যোগাযোগের শিক্ষার্থী হিসেবে একটু কল্পনা করতে চাই, এই ফেসবুকের যুগে মুক্তিযুদ্ধ হলে আমরা কীভাবে জনমত তৈরি করতাম। বা কীভাবে ফেসবুককে ব্যবহার করতাম?
সেই চিন্তা থেকেই আমার মনে হয়, মহান মুক্তিযুদ্ধের সময় ফেসবুকে অন্তত পাকিস্তানের তরুণ প্রজন্ম আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ‘ষড়যন্ত্র’ বলে গালি দিতে পারত না। তাদের পূর্বপুরুষেরা আমাদের সঙ্গে কী করেছে, সেটাও জানতে পারত, মুখোশটাও খুলে যেত। বিশ্বজুড়ে আরও শক্তভাবে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করতে পারতাম।
ফেসবুক তথা সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনে অন্য রকম একটা আবেদন সৃষ্টি করেছে। ইতিবাচক-নেতিবাচক দুটি দিকই রয়েছে। কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ‘সিটিজেন জার্নালিজম’ ব্যাপারটা কী, কতটা শক্তিশালী এবং মানুষের জীবনে কতটুকু প্রভাব ফেলতে পারে। এ নিয়ে নজিরের অন্ত নেই। পুলিশ যে রহস্য উদ্ঘাটন করতে দীর্ঘদিন ধরে হাঁসফাঁস খাচ্ছে, সেই জিনিস ফেসবুকের কল্যাণে কয়েক ঘণ্টার মধ্যে প্রমাণসহ চলে আসছে।
একটুখানি পেছনের দিকে তাকালেই দেখা যাবে, অনেক হত্যাকাণ্ডের বিচারও হয়েছে এই সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। যেখানে মিলেছে প্রমাণ, অপরাধীও ধরা পড়েছে। কীভাবে ‘ট্র্যাক’ করতে হয়, সেটাও দেখিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। রাজন হত্যা কিংবা সর্বশেষ খাদিজার ওপর হামলার ঘটনা; ফেসবুকে উঠে আসা ভিডিও, ছবি, তথ্য দিয়ে সত্য উদ্ঘাটন সহজ হয়েছে পুলিশের কিংবা মিডিয়ার।
শুরুটা ‘ইতিবাচক’ করলাম। তাতে পড়তে ভালো লাগবে। এবার একটু শক্ত কথায় আসি। সব খবর কি আসছে ফেসবুকে? না। কিংবা এই সামাজিক যোগাযোগমাধ্যম কি আমাদের খুব বেশি স্পর্শকাতর বানিয়ে ফেলছে না? আমাদের কি একটা ফ্যান্টাসির মধ্যে ফেলে রাখছে না?
এ নিয়ে উদাহরণ দিতে গেলে বছর ফুরিয়ে যাবে। খুব অল্প কথায় দুটি ঘটনার কথা বলতে চাই। আমি আর আমার বন্ধু খেতে গিয়েছি রেস্টুরেন্টে। প্রায় দেড় ঘণ্টা সেখানে ছিলাম। খুব আক্ষেপ নিয়ে লক্ষ করলাম, আমি আর আমার বন্ধু যে কথাগুলো বলছি, তার সবকিছুর সঙ্গেই কোনো না কোনোভাবে চলে আসছে ফেসবুক তথা সামাজিক যোগাযোগমাধ্যম। শুধু তা–ই নয়, রেস্টুরেন্টে আমার দৃষ্টিসীমার মধ্যে ছিল মোট সাতটা টেবিল, যেখানে বসে ছিল সব মিলিয়ে ১৮ জন। তাদের সবাই প্রতি মিনিটে কয়েকবার করে নিজের ফোনে ঢুঁ মারছিল। তাদের একটা বড় অংশই যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট চেক করছিল, সেটা বুঝতে হলে আজকাল জ্যোতিষ হওয়া লাগে না। অর্থাৎ প্রিয়জনের সঙ্গে আড্ডা দিতে এসে কিংবা একটু ভালো সময় কাটাতে এসেও ফেসবুকের মায়া ত্যাগ করতে পারছে না ব্যবহারকারীরা।
আরেক দিনের কথা। ক্যাম্পাসে দুই বড় ভাই উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। কেউ কাউকে ছাড় দেওয়া তো দূরে থাক, পারলে এখনই একজন আরেকজনের ওপর চড়ে বসেন। অনেক বলেকয়ে থামানো গেল। এত কিছু হওয়ার কারণ হিসেবে যা জানলাম, তারপর এই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজের মনকে আরও দূরে সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। ঘটনার সারমর্ম হলো, একজন আরেকজনের সঙ্গে ঝগড়ার সূত্রপাত ফেসবুক থেকে। খুব সাধারণ ব্যাপার নিয়ে কথা-কাটাকাটি, একজন আরেকজনের ছবিতে গিয়ে আক্রমণাত্মক মন্তব্য আর সবশেষে তা গিয়ে ঠেকেছে সরাসরি আক্রমণে! সে ক্ষেত্রে আপনি বলতেই পারেন, নতুন নতুন শত্রু তৈরির জন্য ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর চেয়ে বড় ও শক্তিশালী জায়গা আর হতে পারে না।
তবে এর সবচেয়ে নিকৃষ্ট দিকটির নাম গুজব। ফেসবুকের মতো সহজ আর নির্ভুলভাবে কোথাও গুজব ছড়ানো যায় বলে শুনিনি। যখন যেটা ছড়িয়ে দিচ্ছে, দারুণভাবে আক্রান্ত করছে সবাইকে, এ নিয়ে পক্ষ-বিপক্ষের রেষারেষি চলছে সমানতালে। কিন্তু কেউ একবারও ভাবার চেষ্টা করছে না, বিষয়টি নিছক ‘গুজব’! ফলাফল, একটি স্বার্থান্বেষী মহল ঠিকই নিজেদের সুবিধাটা নিয়ে নিচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ সাম্প্রদায়িক হামলা–নির্যাতনের ঘটনা। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করাটা তাদেরই সাজে, যারা কারোরই ভালো চায় না।
‘সোশ্যাল মার্কেটিং’-এর অন্যতম প্ল্যাটফর্ম ফেসবুক মতবাদের বাড়াবাড়ির জন্যও সেরা ‘প্ল্যাটফর্ম’ হয়ে গেছে। কিন্তু হায়, আমরা নিজেদের মধ্যেই বিরোধে ব্যস্ত। আমাদের উদ্ধার করবে কে! তার চেয়ে আমাদের ব্যবহার করে স্বার্থ হাসিল করাটাই যে সহজ কাজ!
সামিউল ইসলাম: শিক্ষার্থী, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।