ফয়সালা আদালতে হওয়াই কাম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের করা কোনো আইনকে বাতিল ঘোষণা কার সহ্য হয়, বলুন? সুতরাং ষোড়শ সংশোধনীকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অসাংবিধানিক ঘোষণা করলে ওই সব সাংসদ যে ক্ষুব্ধ হবেন, সেটাই তো স্বাভাবিক। ৫ মে জাতীয় সংসদে যে উত্তাপ তৈরি হলো, তাকে অস্বাভাবিক ভাবা কারও উচিত হবে না। বরং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতার প্রশংসা করতে হয়। কেননা, তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশের পথে যাননি তিনি, যেমনটা তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্যদের অনেকেই করেছেন।

এ ক্ষেত্রে আইনমন্ত্রীও কিছুটা ধন্যবাদ পেতেই পারেন। কেননা, বিচারপতিদের বেতন-ভাতা বৃদ্ধিবিষয়ক বিলটি উত্থাপনের সময় সাংসদদের বিরোধিতা এবং আধা সরকারি, আধা বিরোধী দলের ওয়াকআউটের মুখেও তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমরা অবিবেচক হতে পারি না।’ তিনি বিলটি সংসদে উত্থাপন করেছেন।

সংসদে বিচারপতিদের বেতন-ভাতার বিলটি অবশ্য পাস হয়নি এবং অন্তত তিন মাসের জন্য ঝুলে গেছে। তা কমিটিতে গেছে এবং কমিটি তার রিপোর্ট দেওয়ার জন্য ৯০ দিন সময় পেয়েছে। অতএব, ধরে নেওয়া যায়, আরও মাস তিন-চার বিচারপতিদের অনিশ্চয়তার দোলাচলে দুলতে হবে। কমিটিতে পাঠানো বিষয়টা হয়তো যৌক্তিক। কিন্তু ওই একই অধিবেশনে সাংসদদের নিজেদের বেতন-ভাতা দ্বিগুণ করার বিলটি পাস করাটা কতটা শোভন, তা বোধ হয় সংসদবিষয়ক মন্ত্রীর ভেবে দেখা দরকার ছিল। জনগণের করের টাকায় আলাদাভাবে প্রতিষ্ঠিত সংসদ টিভি ও বেতারে সরাসরি সম্প্রচারিত অধিবেশনে সাংসদদের যেসব বক্তব্য শোনা গেছে, তাতে কিন্তু এমন ধারণা হওয়াই স্বাভাবিক। সাবেক মন্ত্রী ও একজন জ্যেষ্ঠ সাংসদ বিচারপতিদের উদ্দেশে বলেছেন, ‘বিচারপতিদের বেতন-ভাতা বাড়ানোর আইন যদি আমরা পাস না করি, তাহলে তাঁরা কি এ আইন পাস করতে পারবেন?...পারলে তাঁরা তাঁদের বেতন বাড়িয়ে নিন।’ একই ধরনের কথা বলেছেন জাতীয় পার্টির একাধিক নেতা। আওয়ামী লীগের আরেকজন প্রবীণ নেতা ও জ্যেষ্ঠ মন্ত্রী বলেছেন, ‘এসব বিচারপতিকে আমরা চিনি। আমরা ক্ষমতায় বলেই তাঁরা বিচারক হয়েছেন।’

আইনমন্ত্রীর আরও যে কারণে ধন্যবাদ প্রাপ্য তা হলো, তিনি বলেছেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি। এখনো বিশ্বাস করি, বিচার বিভাগ স্বাধীন। সে কারণে এই রায়ের বিরুদ্ধে আগামী রবি-সোমবারের মধ্যে আপিল করব। আইনি পথেই যাব।’ আইনি পথে গেলে বিষয়টি নিয়ে আপিল বিভাগে যে যুক্তি-তর্কের লড়াই হবে, তা থেকে আমরা উপকৃত হব। তাঁর পূর্বসূরি সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদও বলেছেন যে বিষয়টি এখন নিষ্পত্তি হবে আপিল বিভাগে। দেশের সর্বোচ্চ আদালতের প্রতি এই বিশ্বাসটুকু না থাকলে বিচার বিভাগের অস্তিত্ব ও প্রয়োজনীয়তাই প্রশ্নবিদ্ধ হবে। তবে আইনমন্ত্রী একই সঙ্গে বলেছেন, ‘গণতন্ত্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করব না।’ তাঁর এই শেষের মন্তব্যটুকু অবশ্য কিছুটা খটকার জন্ম দেয়। আদালতের রায়, বিশেষ করে একটি বর্ধিত বেঞ্চের রায়েও ষড়যন্ত্রের গন্ধ খোঁজার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আদালতের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ও অনুসৃত নীতি দেখে অনেক সময়ই মনে হয় যে তাদের অবস্থানটা হচ্ছে, ‘সালিস মানি কিন্তু তালগাছটা আমার’। যে কারণে সরকারের পক্ষে যাওয়া রায়গুলো নিয়ে তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ায় উৎসাহের কোনো ঘাটতি দেখা যায় না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিষয়ে তারা সব সময়ই ওই ব্যাখ্যাটি দিয়ে এসেছে, যদিও আদালতের রায়ে অন্তত আরও দুই মেয়াদে ব্যবস্থাটি চালু রাখার পক্ষে মত দেওয়া হয়েছিল। বিপরীতে যেসব রায় সরকারের বিপক্ষে গেছে, সেগুলো প্রতিপালনে অনীহা ও অজুহাতের কোনো অভাব নেই। তা না হলে দুজন মন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করার অভিযোগ ওঠা এবং আদালত অবমাননার জন্য আপিল বিভাগে দণ্ডিত হওয়ার পরও তাঁরা নিজ দায়িত্বে অবলীলায় বহাল থাকতেন না। এসব দৃষ্টান্তে স্পষ্টতই ইঙ্গিত মেলে যে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের দ্বন্দ্ব শুধু বিচারকদের বেতন-ভাতা বা সুযোগ-সুবিধার প্রশ্নেই সীমাবদ্ধ, তা নয়।

যে রায় নিয়ে সাংসদদের এত ক্ষোভ, সেই রায়ে আসলে কী বলা হয়েছে? আদালত তাঁর রায়ে বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও সংবিধান পরিপন্থী। হাইকোর্ট বলেছেন, সংসদের মাধ্যমে বিচারপতি অপসারণের পদ্ধতি ইতিহাসের দুর্ঘটনামাত্র। এটা বিশ্বের কোনো কোনো দেশে বিদ্যমান থাকলেও বাংলাদেশের জন্য কেন তা উপযুক্ত নয়, তার ব্যাখ্যায় আদালত বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সাংসদদের হাত-পা বেঁধে দিয়েছে। সংসদে দলীয় অবস্থানের বিষয়ে প্রশ্ন করার স্বাধীনতা তাঁদের নেই। এমনকি যদি দলীয় সিদ্ধান্ত ভুলও হয়, তাহলেও না। তাঁরা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। প্রকৃতপক্ষে সাংসদেরা তাঁদের রাজনৈতিক দলের নীতিনির্ধারকদের কাছে জিম্মি। আদালতের সমালোচনার আগে আমাদের সাংসদেরা ৭০ ধারার বন্ধন ছিঁড়তে সক্ষম কি না, সেই পরীক্ষাটা কি দেবেন? তাঁরা কি এ কথাটিও স্বীকার করবেন যে ৭২-এর সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে আওয়ামী লীগই কেড়ে নিয়েছিল? চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা শুধু রাষ্ট্রপতির হাতে এককভাবে সঁপে দেওয়া ভুল ছিল?

৪৪ বছর আগে দেশের জন্য যে ব্যবস্থাকে আমাদের পূর্বসূরিরা উপযুক্ত মনে করেছিলেন, সেটি যে আজও যথার্থ হবে, এমন ভাবনা যে প্রগতিশীলতা নয়, সেটি আমাদের মানতে হবে। দেশে দেশে তাহলে আর আইনের কোনো সংস্কার হতো না। বিচার বিভাগের স্বাধীনতার মৌল নীতিগুলো জাতিসংঘে গৃহীত হয়েছে মাত্র ৩১ বছর আগে, ১৯৮৫ সালে। ২৯ নভেম্বর ১৯৮৫ এবং ওই একই বছরের ১৩ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ যথাক্রমে প্রস্তাব নং ৪০/৩২ এবং ৪০/১৪৬ গ্রহণ করে ওই মৌল নীতিগুলো অনুমোদন করে। তারপর বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এগুলোর আরও বিশদ ব্যাখ্যা ও নির্দেশনা গৃহীত হয়েছে, যেগুলোর আলোকে বিভিন্ন দেশ তাদের আইনকানুনের সংস্কার করেছে। কমনওয়েলথের ল্যাটিমার হাউস প্রিন্সিপলস সে রকমই একটি নির্দেশনা, যাতে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আদর্শ চর্চা কী হওয়া উচিত, তার সুপারিশ রয়েছে। হাইকোর্টের রায় তার থেকে আলাদা কিছু বলেছে কি?

আবার বিচারপতিদের বেতন-ভাতার প্রশ্নে দীর্ঘসূত্রতাকে কি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করা সম্ভব? সাম্প্রতিক ঘটনাক্রম তা বলে না। এ ক্ষেত্রে দু-একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। অধস্তন আদালতের বিচারকেরা নানা ধরনের দাপ্তরিক প্রয়োজনে সভা-সেমিনার-প্রশিক্ষণে অংশ নিতে তাঁদের কর্মস্থলের বাইরে কোথাও গেলে আইন মন্ত্রণালয়ের পূর্বানুমতি না নিলে তাঁদের বিল আটকে দেওয়া হচ্ছিল। জারি করা হয়েছিল প্রজ্ঞাপন যে পূর্বানুমতি ছাড়া তাঁরা এমনটি করতে পারবেন না। বাধ্য হয়ে সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতি নির্দেশনা জারি করে বলেছেন, আইন মন্ত্রণালয় এমন নির্দেশনা দিতে পারে না (‍সুপ্রিম কোর্টের আদেশ পালনে নির্বাহী ও বিচার বিভাগকে নির্দেশ, ইত্তেফাক, ৩০ এপ্রিল ২০১৬)। নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে আইন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা নাকচের বিষয়ে সরকারের একটি রিভিউ পিটিশন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন গত বুধবার, ৪ মে। এর আগে খবর বের হয় যে নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশের অনেকটাই মানা হয়নি।

আদালত বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে জনমনে বিরূপ ধারণা তৈরির কথাও বলেছেন। তাঁরা বলেছেন, মানুষের ধারণা হচ্ছে, যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, তবে তারা টিকে থাকতে পারবে না। এই ধারণাকে গুরুত্ব না দিলে বিচার বিভাগ শুধু নয়, রাষ্ট্রই সংকটের মুখে পড়বে। সুতরাং আদালত ও সংসদের মধ্যে বৈরিতার আবহ যাতে তৈরি না হয়, সবার বোধ হয় সেদিকেই নজর দেওয়া উচিত। আইনের শাসন চাইলে বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে। সাংসদেরা শুধুই আইন করবেন, তাঁদের বিচারকের ভূমিকায় কেউ দেখতে চায় না। গণতন্ত্রের শর্ত আইনের শাসন, সাংসদের শাসন নয়।


 আরও পড়ুন: