বইমেলা এবং মেলার জন্য বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে গ্রন্থমেলা মাত্রই শেষ হলো। মাসব্যাপী এই মেলার সময় প্রতিদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেল মেলা উপলক্ষে প্রকাশিত বই নিয়ে অনুষ্ঠান প্রচার করেছে, আমি যার নিয়মিত দর্শক ছিলাম। একটি অনুষ্ঠানে একজন প্রথিতযশা লেখক তাঁর সদ্য প্রকাশিত বই দেখিয়ে বলেন, ‘এবারের মেলার জন্য আমি এই বইটি লিখেছি।’ মেলার জন্য বই কেউ লিখতেই পারেন। কয়েক সপ্তাহ পরই আসবে বৈশাখী মেলা, যার জন্য বাতাসা-কদমা থেকে শুরু করে অনেক কিছুই বানিয়ে বিক্রেতারা যাবেন বিভিন্ন মেলায়। বই কি তেমনি একটি পণ্য, যা আমি মেলার জন্য প্রস্তুত করব আর মেলা শেষ হলেই তার বিক্রিও শেষ?
কিছুদিন আগে গিয়েছিলাম ঢাকার নিউমার্কেটে। সেখানে আমার প্রিয় প্রবেশপথ আজিমপুরের দিকের গেটের বাঁ দিকে গেলেই দেখা যেত সারি সারি বইয়ের দোকান। এখন সেসব দোকানের অল্প কয়েকটি রয়েছে, বাকিগুলোর জায়গায় এসেছে মোবাইল ফোনের দোকান থেকে শুরু করে ঘড়ি, চশমা, খেলনা ইত্যাদির দোকান। মুষ্টিমেয় যে কটি বইয়ের দোকান রয়ে গেছে, তারা বিক্রি করছে মূলত বিদেশি বই, পাঠ্যপুস্তক, সরকারি প্রকাশনা ইত্যাদির মতো বিশেষায়িত বই। এককালের মননশীল বইয়ের দোকান নলেজ হোম অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে পাওয়া যেত বিভিন্ন ধরনের সাময়িকী, লিটল ম্যাগাজিন। এবার ঝাঁপ বন্ধ দেখলাম বড় দোকান আইডিয়াল লাইব্রেরির। একটি দোকানে ঢুকে বই নাড়াচাড়া করতে করতে কথা বললাম একজন কর্মচারীর সঙ্গে। তিনি সেখানে কাজ করছেন ১৫ বছরের বেশি। সুতরাং তাঁর কাছ থেকে বাজারের হালচাল সম্পর্কে মোটামুটি নির্ভরযোগ্য চিত্র পাওয়া গেল। চিত্রটি মোটেই উজ্জ্বল কিছু নয়।
পাঠক হয়তো বলবেন, বইয়ের বাজার এখন সম্প্রসারিত হয়েছে শাহবাগ অঞ্চল পর্যন্ত—আজিজ সুপার মার্কেট, কাঁটাবন এসব এলাকায়। সুতরাং স্মৃতিবিধুর না হয়ে আপনি যান সেসব বাজারে। তা তো করাই যায়; তবে প্রকাশকের অফিসের সঙ্গের ‘শোরুম’ আর বইয়ের দোকান, যেখানে এক ছাদের তলায় বিভিন্ন প্রকাশকের বই পাওয়া যায়। তা ছাড়া নিউমার্কেটের খোলামেলা পরিবেশে বিভিন্ন দোকান ঘুরে বই দেখা এবং কেনার অভিজ্ঞতা কি আর কোথাও পাওয়া যায়?
আসলে যেটা হয়েছে তা হলো এই: বইয়ের প্রকাশনা, বিক্রয় এবং বই নিয়ে নাড়াচাড়া এখন প্রায় সম্পূর্ণভাবে মেলাকেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু বই কি অন্যান্য পণ্যের মতো কোনো জিনিস? বিশুদ্ধ বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে অবস্থাটি হয়তো তেমন হতাশাব্যঞ্জক নয়। কারণ, মেলায় ব্যবসা ভালো হলে সারা বছরের প্রয়োজনীয় আয় এক মাসেই করা সম্ভব হতে পারে। (জানা গেল, এবারের মেলায় ৬৫ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে।) পাঠকেরা একসঙ্গে কিছু বই কিনে রেখে দিতে পারেন এবং সারা বছর ধরে সেগুলো পড়তে পারেন। আর লেখকেরাও সারা বছর ধরে কিছু কিছু করে লিখে মেলার কাছাকাছি সময় প্রকাশকদের কাছে পৌঁছে দিতে পারেন তাঁদের লেখা। কিন্তু শুধু মেলার সময় (বা মেলার জন্য) পুস্তক প্রকাশ এবং বিক্রি হবে, তা নিশ্চয় সুস্থ জ্ঞানচর্চার লক্ষণ নয়।
আর তা ছাড়া বাস্তবে কি এভাবে বইমেলায় প্রকাশিত বইগুলোর প্রস্তুতি সারা বছর ধরে চলে? হয়তো হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই লেখকেরা মেলার কাছাকাছি সময় (বা শুরুর পর) তাড়াতাড়ি তাঁদের লেখা শেষ করেন আর প্রকাশকেরা ক্যালেন্ডার আর ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে সেগুলো প্রকাশ করেন। বইমেলা সামনে রেখে যেভাবে বই ছাপা হয়, তাতে এর গুণগত মানের ওপরও প্রভাব পড়ে বৈকি। একদিকে লেখা সম্পাদনার এবং সার্বিক উৎকর্ষ নিশ্চিত করার কাজটি সঠিকভাবে হয় না, আর অন্যদিকে প্রুফ সংশোধনের কাজেও সময় দেওয়া হয় অতি অল্প। ফলে বইয়ে থেকে যায় ভাষাগত সমস্যা এবং মুদ্রণপ্রমাদ। তবে তাতে বইয়ের সংখ্যার ওপর নেতিবাচক প্রভাব খুব একটা পড়ে বলে মনে হয় না। কারণ, প্রতিবছর সাড়ে তিন হাজারের বেশি বই আসে মেলায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। একটি টেলিভিশন অনুষ্ঠানে দুজন সাংবাদিক—যাঁরা মাসব্যাপী মেলা থেকে সংবাদ সংগ্রহ এবং সরবরাহ করেছেন—মত দিলেন যে মানসম্মত বইয়ের সংখ্যা দশের বেশি হবে না। তাঁদের বিচারের মানদণ্ড হয়তো একটু কঠিন। কিন্তু আমারও মনে হয় না যে সে রকম বইয়ের সংখ্যা প্রতি কুড়িটিতে একটির বেশি হবে। মেলার আয়োজক থেকে শুরু করে লেখক, প্রকাশক সবারই বোধ হয় এ ব্যাপারে কিছু করণীয় রয়েছে।
প্রতিবারের মতো এবারও লক্ষ করেছি, কিছু কিছু প্রকাশকের স্টলে প্রচণ্ড ভিড় আর কোনো কোনো স্টল খেলার মাঠে একা পড়ে যাওয়া কিশোরের মতো; কেউ আসবে তারই প্রতীক্ষায়। গুটি কয়েক নামকরা প্রকাশক প্রকাশ করেছেন নামীদামি লেখকের বই; আর তাঁদের খোঁজে পাঠক ভিড় জমাচ্ছেন তাঁদের স্টলে। অন্যদিকে অপেক্ষাকৃত কম পরিচিত প্রকাশকেরা ভালো কোনো বই ছাপলেও তা থেকে যাচ্ছে পাঠকের অগোচরে। তারকা লেখকদের বই ছাপতে হলে তাঁদের অগ্রিম সম্মানী দিতে হয়, যা হয়তো তাঁদের সাধ্যের বাইরে। বইয়ের বিজ্ঞাপন করা ব্যয়সাপেক্ষ বলে তাঁরা সেটাও করেন না। যার ফলে সৃষ্টি হয় কম বিনিয়োগ, স্বল্প পরিচিত লেখকদের বই, কম লাভ এবং কম বিনিয়োগের এক দুষ্টচক্র।
মেলায় আসা দর্শনার্থী, বইয়ের ক্রেতা ও পাঠক কারা? প্রথম যে কথাটা সহজেই বলা যায় তা হচ্ছে, দর্শনার্থীর বয়স সম্পর্কে। মেলায় আসছেন মূলত তরুণেরা। তাঁদের সবাই যদি বই কিনতেন, তাহলে সব বই এক দিনেই শেষ হয়ে যেত। বাংলাদেশে তরুণদের সংখ্যা এক বিরাট শক্তি। এর ক্ষুদ্র অংশও যদি বই কেনে, তাহলেও মোটামুটি ধরনের বাজার সৃষ্টি হয়। অন্যদিকে কোনো কোনো প্রকাশককে বলতে শুনেছি যে তারকা লেখকদের বই বাদ দিলে অন্যান্য বই আড়াই শ থেকে তিন শ কপির বেশি বিক্রি হয় না। এই পরিমাণ বই বিক্রি হলে প্রকাশক হয়তো ছাপার খরচটিই উঠিয়ে আনতে পারছেন। মেলায় এত ভিড় হওয়া সত্ত্বেও বইয়ের অর্থনীতি তেমন শক্তিশালী নয়। দর্শনার্থীদের আরও একটু বড় অংশ যদি বই কেনে এবং পাঠকদের রুচি যদি একটু বহুমুখী হয়, অর্থাৎ তাঁরা যদি তারকা লেখকদের বাইরে অন্য লেখকদের সৃষ্টির দিকেও দৃষ্টি দেন, তাহলে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।
আর লেখকেরা কী করতে পারেন? লেখার উৎকর্ষসাধনে আরও মনোযোগী হওয়া। সংখ্যার বদলে (কাউকে কাউকে বলতে শুনেছি, এবার মেলায় আমার চারটি বা ছয়টি বই বের হয়েছে) তাঁরা যদি গুণের দিকে বেশি নজর দেন, তাহলে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি।

রিজওয়ানুল ইসলাম: অর্থনীতিবিদ, ছড়াকার ও গল্পকার।