
বইমেলা, বই প্রকাশ ও কেনাবেচা—এসব মিলিয়ে ভাষার মাস ফেব্রুয়ারি বহু বছর ধরে বই উৎসবেরও মাস। এমন একটি সময়ে পুলিশের ‘বই পড়ার’ ঘোষণায় সবার খুশি হওয়ারই কথা। কিন্তু উল্টো অস্বস্তি আর উদ্বেগ লক্ষ করছি লেখক, প্রকাশকসহ অনেকের মধ্যে। কেন? এই বাহিনীর সঙ্গে কি লেখাপড়ার যোগাযোগ নেই? পড়াশোনা করে, বিসিএস বা নানা পরীক্ষায় পাস করেই একজন পুলিশ বাহিনীতে ঢোকেন। একাডেমিক লেখাপড়ার বাইরে ‘বই পড়া’ বলতে যা বোঝায় সে অভ্যাস পুলিশ বাহিনীর অনেক সদস্যেরই আছে। লেখালেখি বা ‘সাহিত্যসেবা’ করেন এমন অনেক পুলিশ সদস্যকে আমরা নানা সময়ে পেয়েছি। সাংবাদিক থেকে পুলিশ, চিত্রশিল্পী বা অভিনয়শিল্পী অথবা আইনজীবী থেকে রাজনীতিবিদ—পাঠের অভ্যাস তো সব পেশার লোকজনের জন্যই উপকারী! পুলিশের ‘বই পড়া’ তবে দোষের কেন?
সব পাঠকের বোঝার জন্য পেছনের ঘটনাটি আবার বলছি। বইমেলা শুরুর আগে এর নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে এক বৈঠক হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বিতর্কিত বই প্রকাশ হওয়ার আগেই তা রোধ করতে পুলিশ ও গোয়েন্দারা কাজ করবে। মানে পুলিশ ও গোয়েন্দারা বই পড়ে দেখবে ও প্রয়োজনে কোনো বইয়ের প্রকাশ তারা ‘রোধ’ করবে। কীভাবে এই কাজটি তারা করবে তার একটি ব্যাখ্যা প্রথম আলোকে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা। বলেছেন, বাংলা একাডেমি থেকে একটি প্যানেল হবে। আর পুলিশের বিশেষ শাখা একটি দল তৈরি করবে। এই দলটি ‘বিশেষ ঘরানার’ কিছু লেখকের বই পড়ে সিদ্ধান্ত জানাবে। এর সরল অর্থ হচ্ছে বই বাজারে আসা বা না আসার বিষয়টি পুলিশের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
বইমেলায় বই আসার আগে পুলিশের এই ‘বই পড়া’ নিয়েই যত আপত্তি ও উদ্বেগ। প্রকাশকেরা মনে করেন তাঁরা নিজেরা যথেষ্ট দায়িত্বশীল। এ নিয়ে পুলিশের ‘নজরদারি’ তাঁদের পছন্দ নয়। প্রকাশকদের কাছ থেকে এ নিয়ে যেসব মন্তব্য শোনা গেছে তাতে বোঝা যায় একধরনের অস্বস্তির মধ্যে পড়েছেন তঁারা। লেখকদের পক্ষেও এমন একটি সিদ্ধান্ত হজম করা কঠিন। অধ্যাপক মুনতাসীর মামুন বিবিসিকে বলেছেন, ‘পুলিশের কাজ তো বই পড়ে ধর্মীয় অবমাননা চিহ্নিত করা নয়। পুলিশের কাজ হচ্ছে অন্যান্য বিপদ-আপদ থেকে আমাদের রক্ষা করা। যার যে কাজ তাকে সেটা করতে দেওয়াই ভালো।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের গোয়েন্দারা সব দেশেই নানা কায়দায় নানা কিছু নজরদারি করে। জনগণ তার অনেক কিছুই জানে না, টেরও পায় না। আবার কিছু কিছু আমরা টের পেয়ে যাই। অনেক অনুষ্ঠানে গিয়ে দেখেছি, সেখানে কারা কারা আসছেন তার তালিকা করছেন কোনো কোনো গোয়েন্দা সংস্থার লোকজন। এটা একটা রুটিন কাজ। এসব তালিকা শেষ পর্যন্ত কী কাজে আসে কে জানে! কিন্তু তঁারা নিয়মিত তা করেন, কাজে না লাগলে নিশ্চয়ই তা করা হতো না। এ ধরনের আরও অনেক রুটিন কাজই তাঁরা করেন। খোঁজ নিয়ে জেনেছি, পুলিশের বিশেষ বাহিনী (এসবি) তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে বই বা প্রকাশনার ব্যাপারে খোঁজখবর রাখে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকাশনা বা বই তারা পড়ে দেখে। এটা তাদের নিয়মিত কাজ।
তাহলে ব্যাপারটি দাঁড়াল কী! পুলিশ ও গোয়েন্দাদের প্রকাশনার ওপর নজরদারি বা বই পড়া নতুন কিছু নয়। দরকারমতো তারা বই পড়ে এবং কখন, কোথায় ও কী বের হচ্ছে তার এক ধরনের খোঁজখবর রাখে। বিভিন্ন সময়ে দেশে অনেক বই বা প্রকাশনা নানা কারণে বাজার থেকে উঠিয়ে নেওয়া বা নিষিদ্ধ করা হয়েছে। অনুমান করি, এর পেছনে গোয়েন্দাদের প্রতিবেদনের ভূমিকা রয়েছে। পুলিশের এবারের বই পড়া
নিয়ে তবে বাড়তি সমস্যাটি কী? সমস্যাটি আসলে বই পড়া নিয়ে নয়, বরং এ নিয়ে দেওয়া আনুষ্ঠানিক ঘোষণাটি। আর এমন একটি ঘোষণার পেছনে যে কারণটি থাকতে পারে বলে ধারণ করি তা আরও ভয়াবহ।
বইমেলায় কোন বই আসতে পারবে বা পারবে না তা ঠিক করার আনুষ্ঠানিক দায়িত্ব তবে এখন পুলিশের! এবং সভা করেই এই সিদ্ধান্ত হয়েছে! তবে বিস্ময়কর হচ্ছে বই ও বইমেলার নিরাপত্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বই যাতে মেলায় ঢুকতে না পারে তা নিয়ে সভা অথচ সেখানে প্রকাশকদের কোনো প্রতিনিধির ডাক পড়েনি। প্রশ্ন জাগে, পুলিশকে এই দায়িত্ব কাদের তরফ থেকে দেওয়া হলো? এটা কি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত, নাকি ডিএমপি নিজেই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে? সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে যদি তা হয়ে থাকে তবে ধরে নিতে হয় লেখালেখির মতো সৃজনশীল কাজের ওপরও তারা আর সবকিছুর মতোই পুলিশি নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। আমাদের লেখক ও প্রকাশকদের জন্য এটা সত্যিই বড় দুর্ভাগ্য ও অপমানের। এর মধ্য দিয়ে যে বার্তাটি পাওয়া গেল তা বড়ই বিপজ্জনক।
লেখক ও পুস্তক প্রকাশকেরা গত বছরগুলোতে জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠীর আক্রমণ ও হামলার শিকার হয়েছেন, প্রাণ দিয়েছেন। যঁারা লেখালেখি করেন, বই প্রকাশ করেন ও মুক্তচিন্তার চর্চা করতে চান, তঁারা এমনিতেই ভীতির মধ্যে রয়েছেন। সেলফ সেন্সরশিপ চেপে বসেছে অনেকের মধ্যে। এমন অবস্থায় পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে লেখক ও প্রকাশকেরা যাতে আস্থা ফিরে পান এমন পরিবেশ তৈরির চেষ্টা করা। তাঁদের ভীতি দূর করার উদ্যোগ নেওয়া। সেদিকে পুলিশের খুব নজর আছে বলে মনে হয় না। তাদের নেওয়া উদ্যোগে বরং এটা মনে হওয়া স্বাভাবিক যে লেখক ও প্রকাশকদের ভয়ভীতির মধ্যে রাখাই তাদের লক্ষ্য। বইমেলার বই যাচাই-বাছাইয়ের প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক উদ্যোগ নিয়ে পুলিশ আসলে ভয়ের পরিবেশকে আরও গভীর করল।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে বই-পুস্তক ও প্রকাশনা নিয়ে নিয়মিত গোয়েন্দা তৎপরতার বাইরে তাদের এই বই পড়া বা বইয়ের ওপর নজরদারির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বিষয়টি কেন জরুরি হয়ে পড়েছিল? এর পেছনের কারণটি কী? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই ঘোষণা দিয়ে সরকার কি কোনো গোষ্ঠীকে আশ্বস্ত করতে চায়? এটা কি সেই গোষ্ঠী, যাদের চাপে সরকার পাঠ্যপুস্তক পাল্টে ফেলে?
বোঝা যায়, আমাদের সামনে এমন আরও অনেক বিপদ অপেক্ষা করছে।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।