বইয়ে কাটুক বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইয়ের প্রতি যৎকিঞ্চিৎ প্রেম অনুভব করেন এমন মানুষের সংখ্যাও যে নেহাত কম নয়, তা বোঝা গেল হেমন্তের বইমেলায় এসে। ১৫ নভেম্বর থেকে ঢাকার পাবলিক লাইব্রেরি চত্ব্বরে পঞ্চমবারের মতো বসেছে এই মেলা। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।বলাই বাহুল্য, একুশে বইমেলার মতো উপচে পড়া জনস্রোত নেই এই মেলায়। তবু পাবলিক লাইব্রেরির ছোট্ট এ চত্বর প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা অব্দি যে বিপুলসংখ্যক বইপ্রেমীর পদভারে ন্যুব্জ থাকছে, সেটাই বা কম কিসে? বইকে ঘিরে সাধারণ মানুষের এই সানন্দ আগ্রহ দেখেই বোধ করি আশাবাদ ঝরে পড়ল শুদ্ধস্বর প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি জাফিরুল ইসলামের কণ্ঠে, ‘একদিন হেমন্তের এই বইমেলা একুশে বইমেলার মতোই জনপ্রিয় হয়ে উঠবে, জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে।’ জাফিরুলের আশাবাদী চোখেমুখে খেলা করে হেমন্তের শেষ বিকেলের সোনা রোদ। সেই রোদ গায়ে মাখতে মাখতে আমরা ঘুরে দেখি পুরো মেলার চত্ব্বর।প্রথমা প্রকাশনের স্টলের সামনে দাঁড়িয়ে হুমায়ূন আহমেদের বসন্ত বিলাপ বইটি নেড়েচেড়ে দেখছিলেন পাভেল আলম। ‘আপনি বুঝি হুমায়ূন স্যারের লেখার ভক্ত?’হেসে ফেললেন পাভেল। ‘আমি আসলে অনেক লেখকেরই ভক্ত। বিশেষভাবে যেসব লেখক খুব সহজে পাঠককে হাসাতে পারেন, আবার কাঁদাতে পারেন, তাঁদের লেখাই বেশি পছন্দ করি।’ দাম চুকিয়ে দিয়ে প্যাকেটবদ্ধ বইটি বগলদাবা করলেন পাভেল। ‘জ্যাক হ্যান্ডির একটা বই খুঁজছি, দেখি পাই কি না’ বলেই হাঁটা শুরু করলেন তিনি।আমরা গদ্য-পদ্যর স্টলের সামনে এসে দেখা পেলাম মেহেদী হাসান নামের আরেক তরুণের। প্রিয় বন্ধুর জন্মদিনে উপহার দেবেন বলে খুঁজছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা। ‘বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে প্রিয় মানুষদের বিভিন্ন কিছু উপহার দিতেই হয়। তবে আমার উপহারে যা-ই থাকুক না কেন, তার সঙ্গে অবধারিতভাবে একটি বই থাকেই। কারণ, আমি মনে করি, সবকিছু পুরোনো হলেও বই কখনো পুরোনো হয় না।’অমোঘ যুক্তি মেহেদী হাসানের। না মেনে উপায় নেই। এ যেন ওমর খৈয়ামের সেই বিখ্যাত উক্তির প্রতিধ্বনি, ‘রুটি ও মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বই অনন্তযৌবনা হয়ে পাশে থাকবে।’সেই অনন্তযৌবনাদের পসরা সাজিয়ে বসেছে এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান। আমরা পায়ে পায়ে এসে দাঁড়াই প্যাপিরাসের স্টলের সামনে। এখানে জটলা বাঁধিয়ে বই দেখছেন স্নিগ্ধা, আনু, মিলু, রিতু ও ফেরদৌসী। পাঁচ বন্ধু একসঙ্গে ঘুরে ঘুরে বই কিনছেন। প্রত্যেকের হাতেই একাধিক বইয়ের ব্যাগ।‘এত্তো বই কিনে ফেলেছেন?’ আমাদের গলায় বিস্ময়!স্নিগ্ধার হাতে তখন আলবার্তো মোরাভিয়ার টু উইমেন। ‘বইটা প্যাক করে দিন, প্লিজ’, দোকানিকে এই কথা বলে আমাদের দিকে মুখ ফেরালেন স্নিগ্ধা। ‘একুশে বইমেলায় এত ভিড় থাকে যে শান্তিমতো বই দেখতে পারি না। সেই তুলনায় এই মেলায় বই কিনে স্বস্তি পাচ্ছি। বই নিয়ে এ রকম মেলা আরও বেশি হওয়া উচিত। এতে পাঠকেরা সারা বছরই বইয়ের সান্নিধ্যে থাকতে পারবে।’এসব তরুণ-তরুণীর পাশাপাশি প্রবীণ পাঠকদেরও দেখা মিলল বিস্তর। মোস্তাফিজুর রহমান তেমনই একজন। রবীন্দ্রনাথের চিত্রকলার ওপর গবেষণাধর্মী বই খুঁজছেন অবসর জীবনযাপনকারী এই শিক্ষক। ‘সেই কিশোরবেলা থেকে রবীন্দ্রনাথের প্রেমে পড়ে আছি। আজও মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ পড়ি। কিন্তু এই শেষ বয়সে এসে কেন জানি রবিঠাকুরের চিত্রকর্মের প্রেমে পড়লাম। তাই তাঁর চিত্রকর্মের আদ্যোপান্ত জানার আগ্রহ থেকেই বই খুঁজছি।’ বার কয়েক দম নিয়ে নিয়ে কথাগুলো বললেন তিনি।এসেছিল শিশুরাও। বাবার হাত ধরে ঠাকুমার ঝুলি কিনতে এসেছে অন্তু। তৃতীয় শ্রেণীতে পড়ছে সে। ‘কী বই কিনতে চাও’ এমন প্রশ্ন করতেই ঝটপট অন্তুর জবাব, ‘রূপকথার গল্প পড়তে আমার সবচেয়ে ভালো লাগে। বাবা বলেছে, আমাকে রূপকথার বই কিনে দেবে।’সন্তানকে বই কিনে দিতে এসে যেন নিজেই শিশু বনে গেছেন নরেন্দ্রনাথ মিত্র। ঠাকুমার ঝুলির পাতা ওল্টাতে ওল্টাতে ফিরে গেলেন নিজের শৈশবে, ‘ছোটবেলায় মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতাম আর মা রূপকথার বই থেকে মজার মজার গল্প পড়ে শোনাতেন! কী যে আনন্দের ছিল সেসব দিন! আমি চেষ্টা করি আমার সন্তানকে সেই আনন্দের কিছুটা ভাগ দিতে। তাই ছোটদের উপযোগী গল্পের বই কিনতে এসেছি।’এভাবে অনেকেরই বইয়ে বইয়ে কাটছে বেলা। যদি আপনিও অবসর কাটাতে চান বইয়ের সঙ্গে, তবে এক দণ্ড সময় নিয়ে ঘুরে যেতে পারেন হেমন্তের বইমেলা থেকে। মারুফ ইসলাম