সেদিন যশোর শিক্ষা বোর্ডে সহকারী লাইব্রেরিয়ানদের নিয়ে একটা প্রশিক্ষণ ওয়ার্কশপ হলো। যশোর বোর্ডের ১০ জেলার সহকারী লাইব্রেরিয়ান ও লাইব্রেরির দায়িত্বে নিয়োজিত সহকারী শিক্ষকেরা এই কর্মশালায় যোগ দেন। পরে আরেকটি কর্মশালা হলো সাতক্ষীরায়। অংশগ্রহণকারীদের কাছ থেকে জানা গেল আমাদের স্কুল-কলেজে লাইব্রেরির হালহকিকত। অধিকাংশ স্কুল-কলেজে লাইব্রেরি আছে নামকাওয়াস্তে। সেখানে না আছে গ্রন্থ সংগ্রহের কোনো নিয়মনীতি, না চলে লাইব্রেরি। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেতে লাইব্রেরি থাকতে হয়; কিন্তু সেই লাইব্রেরি সচল নয় প্রায় অধিকাংশ স্কুল-কলেজে।
আমি অজপাড়াগাঁয়ে লেখাপড়া করেছি। গ্রামের প্রাইমারি স্কুলে একটা আলমারিতে কিছু বই থাকত, আমাদের নুরুল ইসলাম স্যার সেখান থেকে বই দিয়ে পড়তে উৎসাহিত করতেন। চতুর্থ শ্রেণিতে থাকতেই আমরা পড়ে ফেলি নিউটনের জীবনী, ডা. লুৎফর রহমানের উন্নত জীবন। কী মজা পেতাম সিন্দাবাদ আর আলীবাবার গল্প পড়তে। আর ছিল পরীর রাজ্য দেখে এলাম কিংবা ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর গল্প। সেই সঙ্গে যুক্ত হলো রকেটে করে মহাকাশ অভিযানের রোমাঞ্চকর গল্প। স্কুলে শচীন সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটক মঞ্চস্থ করার সুবাদে পুরো বই তো মুখস্থ হয়ে গিয়েছিল। তখনই রবীন্দ্রনাথের ‘দুই বিঘা জমি’, নজরুলের ‘বিদ্রোহী’, জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা আমাদের মুখে মুখে ফিরত। স্যারের হাতে দেখেছি বঙ্কিমের উপন্যাস, মধুসূদনের মহাকাব্য মেঘনাদবধকাব্য, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, নজরুলের সঞ্চিতা...।
চৌগাছা শাহাদৎ হাইস্কুলে পড়তে এসে আমার সামনে খুলে গেল বইয়ের এক বিশাল জগৎ। বড় একটা লাইব্রেরি ছিল চৌগাছা স্কুলে। আবুল হোসেন স্যার আমাদের হাতে তুলে দিতেন বাংলা সাহিত্যের সেরা সব রচনা। বিজ্ঞানের বিচিত্র আবিষ্কার, আলেকজান্ডার বা নেপোলিয়ানের বীরত্বপূর্ণ জীবনী আমরা পাঠ করেছি ক্লাস সেভেনেই। শরৎচন্দ্রের উপন্যাস তো আমরা গোগ্রাসে গিলতাম। বিমলমিত্র, তারাশঙ্করও ছিল আমাদের পাঠের তালিকায়। আর ছিল রহস্য উপন্যাস। আমাদের কালে দস্যু বনহুর পড়েনি এমন কিশোর পাওয়াই যেত না। স্কুলে থাকতেই আমাদের বিজ্ঞান সাময়িকীর মতো পত্রিকার গ্রাহক করে দিয়েছিলেন আমাদের আবুল হোসেন স্যার।
চৌগাছা তখন প্রায় যোগাযোগহীন এক জনপদ। যে কপোতাক্ষ ছিল যোগাযোগের বহু পুরোনো নৌপথ, র্যাডক্লিপের কলমের খোঁচায় জন্মদুশমন ভারত-পাকিস্তানের সীমান্ত রেখা হয়ে তাতে তত দিনে নৌচলাচল বন্ধ হয়ে গেছে। যশোরের সঙ্গে আধা পাকা রাস্তায় মুড়ির টিনের মতো ক’খানা বাস চলত। সাইকেলই তখন একমাত্র বাহন। আমাদের স্কুলে তখন নিয়মিত আসত দৈনিক আজাদ, দৈনিক বাংলা, ডন, পাকিস্তান অবজারভার, সাপ্তাহিক ওয়েভ। আসত মাহে নও পত্রিকা। ইত্তেফাক তখন আইয়ুবি হুকুমে বন্ধ। আমরা বাংলা পত্রিকাই পড়তাম, স্যারেরা পড়তেন বাংলা, ইংরেজি দুটোই। তবে ইংরেজি চর্চায় অবজারভার, ডন-এর শিশুপৃষ্ঠায় বা সাপ্তাহিক ওয়েভ পত্রিকায় ছিল আমাদের পুরো অধিকার।
সেদিন লাইব্রেরিয়ানদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেল, তার সঙ্গে আমার কিশোর বয়সের অভিজ্ঞতার দুস্তর ফারাক। সেই ১৯৬০-এর দশকে আমাদের গ্রামীণ স্কুলে সিলেবাসবহির্ভূত বইপত্র বা পত্রিকা পড়ার যে সুযোগ ছিল, তার লেশমাত্র এখন নেই; এমনকি শহরেও। অথচ গত চার দশকে আমাদের অর্থবিত্তের বিস্তর উন্নতি হয়েছে, মানুষের ভোগের ক্ষমতা বেড়েছে কয়েক গুণ। মানুষের জীবনযাত্রায়, জীবনাচরণে ঘটেছে ব্যাপক পরিবর্তন। বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ বেড়েছে, সহজ হয়েছে। কিন্তু চিত্ত বিকাশের সব দরজা যেন আমরা রুদ্ধ করে দিয়েছি।
১৯৯৫ সালে প্রতিটি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষকের মর্যাদায় একজন সহকারী লাইব্রেরিয়ানের পদ সৃষ্টি করা হয়। যেকোনো গ্র্যাজুয়েট লাইব্রেরি সায়েন্সে ছয় মাসের ডিপ্লোমা কোর্স করে এ পদে যোগ দিতে পারেন। স্কুলে ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সরকারের এই সাধু উদ্যোগ। লাইব্রেরিয়ানরা জানালেন, স্কুলে তাঁদের লাইব্রেরির কোনো কাজ নেই। বইপত্র কেনার পাট নেই বললেই চলে। দৈবাৎ যদি কোনো বই কিনতে হয়, তাঁদের মতামত গ্রহণ করা হয় না। কোন দোকানি কত বেশি কমিশন দেবেন, তার ওপরই নির্ভর করে বই নির্বাচন। সেখানে থাকে বিনা পয়সায় পাওয়া নিষিদ্ধ নোট আর গাইড বই। তা-ও এত অগোছালো যে তাকে লাইব্রেরি বলেই মনে হয় না। সেই বই কেউ ছঁুয়ে দেখে না—না-শিক্ষক, না-ছাত্র। তাই লাইব্রেরি–সংক্রান্ত কোনো কাজ তাঁদের করতে হয় না। তাহলে তাঁদের কাজ কী? তাঁরা জানালেন, তাঁদের পাঠানো হয় ক্লাসে, নিয়মিত ক্লাস নিতে। তাতে তাঁদের আপত্তি নেই। বরং, তাঁরা খুশি এই ভেবে যে শিক্ষার্থীর সঙ্গে তাঁদের প্রত্যক্ষ যোগাযোগ ঘটে, তাঁদের মেধা–মনন সম্পর্কে জানতে পারেন। কিন্তু যেটি তাঁরা মানতে পারেন না, তা হলো লাইব্রেরিয়ান হিসেবে তাঁদের কোনো মর্যাদা নেই, পেশাগত দক্ষতা ক্রমেই হ্রাস পাচ্ছে; এমনকি তাঁরা যা শিখেছিলেন, তা-ও ভুলে যাচ্ছেন।
মাধ্যমিক স্তরে বিষয় বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে শিক্ষক নিয়োগের ব্যবস্থা হয়নি। বিশেষ করে বাংলা, ইংরেজি ও সামাজিক বিজ্ঞান শিক্ষকের পদসংখ্যা নির্দিষ্ট নয়। প্রতি শ্রেণি বা শাখার বিপরীতে দেড়জন শিক্ষক নিয়োগের ব্যবস্থা আছে। ক্লাসের বোঝা আগেই বেশি ছিল। তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে শরীরচর্চা, চারুকারু এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। শরীরচর্চা শিক্ষকের পদ আছে, শিক্ষকও আছেন। তবে তাঁদের খেলার মাঠে নয়, পাওয়া যায় শ্রেণিকক্ষে৷ বিষয়ভিত্তিক জনবলকাঠামো পুনর্বিন্যাস করা জরুরি। ধনী স্কুলগুলো অতিরিক্ত শিক্ষক দিয়ে সমস্যার সমাধান করতে পারে, কিন্তু গ্রামের ৯০ শতাংশ স্কুলের সেই সামর্থ্য নেই। সেখানে সমস্যা গভীরতর হচ্ছে।
যশোর বোর্ড গড়ে তুলেছে নিজস্ব বড়সড় আধুনিক খোলা তাক লাইব্রেরি। তৈরি করেছে একটি লাইব্রেরি সফটওয়্যার। যেটি অনলাইনে www.jessoreboard.gov.bd/Digital Library এই বোর্ডের অধীনে তিন হাজার ৩০০ স্কুল-কলেজ সহজেই তাদের সংগৃহীত আনুমানিক ৩০ লাখ বই–পুস্তক অ্যাকসেশন অ্যান্ড ক্যাটালগ করতে পারবে। যশোর বোর্ডে সংগৃহীত পুস্তকের শ্রেণীকরণও যেকোনো স্কুল-কলেজ সহজে তাদের গ্রন্থ শ্রেণীকরণে অনলাইনে ব্যবহার করতে পারবে। সব তথ্য জমা হবে যশোর বোর্ডের সার্ভারে। গড়ে উঠবে বিনিময়যোগ্য একটি ইউনিয়ন ক্যাটালগ। ফলে আন্তস্কুল-কলেজ গ্রন্থতথ্য বিনিময় সহজ হবে।
এই বোর্ডে কীভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে, তাই নিয়ে এক দিনের দুটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে, প্রথমটি যশোর শিক্ষা বোর্ডে, অন্যটি সাতক্ষীরায়। অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এই কর্মশালায়। আরও কর্মশালা করে বাছাই করা হবে অন্তত ১০০ মাস্টার ট্রেইনার। তারা যশোর বোর্ডের সব স্কুল-কলেজ লাইব্রেরিয়ানকে আধুনিক লাইব্রেরি পরিচালনায় দক্ষ করে তুলবে।
আশা করা হচ্ছে, প্রকল্পটি সফল হলে স্কুল-কলেজে আবার লাইব্রেরি সচল হবে, ছেলেমেয়রা সুযোগ পাবে বই পড়ার। গুমোট জীবন থেকে তারা হয়তো ফিরে যেতে পারবে বই পড়ার আনন্দভুবনে।
আমিরুল আলম খান: শিক্ষাবিদ।
[email protected]