বইয়ের ফেরিওয়ালাদের ভবিষ্যৎ কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে জেলাজুড়ে বেশ কিছু পাঠাগারের কার্যক্রম চালু আছে। বই বিতরণ ও পাঠের পাশাপাশি পাঠচক্রের আয়োজনও দেখা যায় সেখানে
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরের বাসিন্দা জয়নুল আবেদীন। অষ্টম শ্রেণির পর আর পড়া হয়নি। নিজের কয়েক শতক জমিতে গড়েছেন সাতভিটা গ্রন্থনীড়। মোটামুটি কয়েক হাজার বইয়ের সংগ্রহ। কুড়িগ্রামের পাঠচক্রগুলোর নিয়মিত সদস্যও তিনি। তাঁর পাঠাগারটিকে নানান বয়সীরাও আপন করে নিয়েছেন। গাঁয়ের কেউ কেউ তাঁকে বলেন, ‘খায়া কাম নাই ত, ওইগলে বই পইড়বে।’ তিনি বলেন, ‘বইয়ের অভাব কাকে বলে আমি জানি।’

রাজারহাটের তিস্তাপাড়ে গ্রন্থকুটির পাঠাগার। যার উদ্যোক্তা আবু সায়ীদ মোল্লা লালমনিরহাট-কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় একটি কোম্পানির মার্কেটিংয়ের কাজ করেন। সারা দিনের ক্লান্তি শেষে রাতে বই নিয়ে বসেন। নিজের ছোট্ট বাড়ির এক পাশে একটি ঘরে গড়েছেন পাঠাগার। জায়গা হচ্ছিল না। তাই সামান্য বেতন থেকে টাকা বাঁচিয়ে পাশের জমিতে আরেকটি ঘর নির্মাণ করেন। স্ত্রী সেই পাঠাগার পরিচালনা করেন আর তিনি বই জোগান। গ্রন্থিক, ডাকঘর ও ঐতিহ্যের মতো কয়েকটি প্রকাশনা এখানে বই উপহার দিয়েছে।

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ বাজারের ‘আমার পড়ার ঘর’। উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় শিক্ষিত মামুন উর রশিদ আগে রংপুর শহরের একটি বিখ্যাত ব্র্যান্ডের শোরুমের প্রধান ছিলেন। বিধবা মায়ের সঙ্গে থাকবেন বলে চাকরি ছেড়েছেন। কৃষিকাজ করেন। পাঠাগারটি গড়েছেন স্থানীয় তরুণদের নিয়ে। এ ছাড়া বন্যা, শীত নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান। নিয়মিত পাঠচক্রও হয়ে থাকে। সংগৃহীত বইয়ের মানও ভালো।

সদরের যতিনের হাটের সারথি গণপাঠাগারও বেশ চলছে। এর সংগঠকেরা একটি স্কুল চালাচ্ছেন, যাঁদের অনেকে লেখালেখিতে যুক্ত। এ ছাড়া কুড়িগ্রাম সদরের ওরাকল লাইব্রেরি, উলিপুরের থেতরাইয়ের ’৭১ পাঠাগার, চিলমারীর সবুজপাড়া পাঠাগারসহ বেশ কয়েকটি পাঠাগার জেলাজুড়ে আছে। পাঠাগারগুলোকে কেন্দ্র করে শিক্ষা-সংস্কৃতির চর্চাও হচ্ছে। জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে দুই–তিন বছর পরপর কয়েক হাজার টাকার বইও দেওয়া হচ্ছে।

গ্রন্থকেন্দ্রের মহাপরিচালক মিনার মনসুরের সঙ্গে একবার কথা হলে তিনি জানিয়েছিলেন, স্থানীয়ভাবে লাইব্রেরিয়ানদের মাসিক ভাতা দেওয়ার কথা ভাবা হচ্ছে। আমরা সেই ভাবনার প্রতিফলনের অপেক্ষায় থাকলাম।

আজকের পশ্চিমা বিশ্ব আকাশচুম্বী ভবনের পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরিও নির্মাণ করেছে। আর বিপ্লবের পর তো রাশিয়া নিজেকে পড়ুয়া জাতি বলে প্রতিষ্ঠিত করেছে। চীনও বিশাল বিশাল গ্রন্থাগার গড়ে তুলেছে। এমনকি মালয়েশিয়াতেও বিশাল বিশাল পাঠাগার ও বই বিপণনকেন্দ্র আছে। তারা বুঝতে পেরেছে, রাষ্ট্র হিসেবে দাঁড়াতে গেলে শুধু এমপি–থ্রি পড়ুয়া জাতি দিয়ে হবে না।

২.

কোন সমাজে কার দাপট বেশি, এ প্রসঙ্গে জোসেফ ক্যাম্পবেল তাঁর ‘মিথের শক্তি’তে বলেছিলেন, কোন সময় কোন ভবনগুলো উঁচু, তা দিয়ে বোঝা যায় দাপট। মধ্যযুগে সবচেয়ে উঁচু ভবন ছিল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। আর পুঁজিবাদের যুগে টুইন টাওয়ার। বাংলাদেশে ব্যাংকগুলো।

সুলতানি ও মোগল আমলেও গ্রন্থাগারগুলোর দাপট কম ছিল না। গ্রিক আমলেও আলেক্সান্দ্রিয়া পাঠাগারের নাম আমরা জানি। পারস্য সাম্রাজ্য যখন তার মধ্যগগনে, তখন তারাও বিশাল বিশাল গ্রন্থাগার গড়েছে। বাবর থেকে আওরঙ্গজেব—প্রত্যেক মোগল বংশধর পড়াশোনার প্রতি নিবিষ্ট ছিলেন। আকবরের শাসনামলে কোনো প্রাসাদই গ্রন্থাগারবিহীন ছিল না। তাঁর সম্পর্কে আবুল ফজল বলছেন, মহামহিমের গ্রন্থাগার নানান অংশে বিভক্ত ছিল।... তিনি রোজ একটি করে বইয়ের আদ্যোপান্ত পড়তেন।...তাঁর সময়ে রচিত প্রায় প্রতিটি প্রখ্যাত বই-ই তিনি পড়েছেন। অতীতের কোনো ঐতিহাসিক সত্য বা বিজ্ঞানের সূত্র বা দর্শনের আত্মকথা তাঁর অজানা ছিল না।...বহু প্রাচীন বই তাঁর আমৃত্যু সঙ্গী ছিল।

টিপু সুলতান শহীদ হওয়ার পর তাঁর বিশাল গ্রন্থাগার ব্রিটিশরা লুট করে। বিপুল পুস্তকরাশি লুট হয়ে লন্ডনে, কলকাতার এশিয়াটিক সোসাইটি ও ফোর্ট উইলিয়াম লাইব্রেরিতে ভাগ হয়ে যায়। লুট হওয়ার পরও পড়ে থাকা বইয়ের তালিকা তার ১০ বছর পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ছাপায়। তার মধ্যে সুফি সাহিত্যের ওপরই আরবি, ফারসি ও হিন্দিতে লেখা ছিল দুই হাজার ভলিউম। এ ছাড়া গণিত, জ্যামিতি, চিকিৎসাশাস্ত্র, মহাকাশবিদ্যা ও প্রযুক্তিচর্চারও বিপুল সংগ্রহ ছিল। গ্রিক থেকে অনুবাদ করা বইও ছিল।

আজকের পশ্চিমা বিশ্ব আকাশচুম্বী ভবনের পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরিও নির্মাণ করেছে। আর বিপ্লবের পর তো রাশিয়া নিজেকে পড়ুয়া জাতি বলে প্রতিষ্ঠিত করেছে। চীনও বিশাল বিশাল গ্রন্থাগার গড়ে তুলেছে। এমনকি মালয়েশিয়াতেও বিশাল বিশাল পাঠাগার ও বই বিপণনকেন্দ্র আছে। তারা বুঝতে পেরেছে, রাষ্ট্র হিসেবে দাঁড়াতে গেলে শুধু এমপি–থ্রি পড়ুয়া জাতি দিয়ে হবে না।

আরও পড়ুন

৩.

স্থানীয় পাঠাগারগুলোর লাইব্রেরিয়ানরা নিজ অঞ্চলের শিল্প ও জ্ঞানচর্চার বিকাশ ঘটান। তাঁরা তরুণ-কিশোরদের বাঁশিওয়ালা। টাঙ্গাইলের আবদুল ছাত্তার খান কিংবা রংপুরের বিশ্বসাহিত্য কেন্দ্রের আরিফুল ইসলামরা সেই বাঁশিওয়ালা। যে তরুণেরা ভাষা আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটান, তাঁরাই সালাম-বরকত, তাঁরাই আসাদ-নূর হোসেন। বিশ্ববিদ্যালয়গুলোতে শিল্প-সংস্কৃতিতে নেতৃত্ব দেন আর নিরাপদ সড়ক আন্দোলনে পথ দেখান যাঁরা, তাঁরা এই পাঠাগারগুলোরই সন্তান। ফুলবাড়ী আন্দোলনে যেমন ‘প্রচেষ্টা পাঠাগার’, তেমনি শামসুন্নাহার হল আন্দোলনে আজিজ মার্কেটের ‘বিজ্ঞানচেতনার অফিস’। পাঠাগারগুলো সেই স্বপ্নের আঁতুড়ঘর। লাইব্রেরিয়ানরা একেকজন স্বপ্নদ্রষ্টা। পাড়ার কিশোরদের কাছে এই কল্পনার নায়কও বটে।

যে পাঠাগারের গুরুত্ব স্কুল-কলেজের চেয়ে কম নয়, যেগুলোকে মানস গঠন কেন্দ্র বলা হয়, সেই পাঠাগারগুলোর ভবিষ্যৎ কী? লাইব্রেরিয়ানরা কেমন জীবন যাপন করেন? প্রযুক্তির এই বিশ্বায়নে এসব প্রশ্ন রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠুক, এটিই আমাদের কাম্য।

  • নাহিদ হাসান লেখক ও অধিকারকর্মী

    [email protected]