বঙ্গবন্ধু ও একটি কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেবেছিলাম তোমাকে নিয়ে
একটি কবিতা লিখি, বঙ্গবন্ধু;
কিন্তু আবার যে ভাবি, তা,
কি আদৌ সাজে?
আমাদের অনাদিকালের
কবিতার পঙ্ক্তিতে
তুমি নিজেই যে
সর্বশ্রেষ্ঠ কবিতা।
শুধু কি তাই?

আমাদের ইতিহাসের
অবিস্মরণীয় সেই অপরাহ্ণে,
সুবিশাল জনসমুদ্রের
মুখোমুখি দাঁড়িয়ে, বজ্রকণ্ঠে
স্বাধীনতা আর মুক্তির
যে মহাকাব্যের সূচনা
তুমি করে গেলে
তার নামই তো বাংলাদেশ।

আর তুমি নিজেই যে
তার সার্থক মহাকবি।
তাই তোমাকে নিয়ে
সাধারণ একটি কবিতা
কি আদৌ সাজে?

বঙ্গবন্ধু, তুমি আছ
আমাদের প্রতিটি সূর্যোদয়ের
উজ্জ্বল আশ্বাসে,
রক্তিম সূর্যাস্তের
প্রসন্ন তৃপ্তিতে;
উদার ধানখেতের
সবুজ ঢেউয়ে,
নীল আকাশের
নিস্তব্ধ অনন্তে।

তুমি আছ বঙ্গবন্ধু,
বাংলাদেশের প্রতিটি নিঃশ্বাসে।
তুমি আছ, স্বাধীনতার সিঁড়ি বেয়ে
মুক্তির পথ চলার
প্রতিটি দুর্গম বাঁকে।
তাই তোমাকে নিয়ে
একটি সাধারণ কবিতা
কি আদৌ সাজে?