বঙ্গবন্ধু সম্পর্কে তির্যক মন্তব্য করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি এম খায়রুল হক ।  ছবি: হাসান রাজা
এ বি এম খায়রুল হক । ছবি: হাসান রাজা

আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বর্তমান প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধু সম্পর্কে তির্যক মন্তব্য করা হয়েছে। এ ধরনের ‘আলগা’ কথা বলার কোনো মানে হয় না। 

আজ বৃহস্পতিবার প্রথম আলোসহ চারটি গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিচারপতি খায়রুল হক এসব কথা বলেন। একই সঙ্গে তিনি সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়সহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আজ দুপুরে আইন কমিশনের কার্যালয়ে তিনি এই সাক্ষাৎকার দেন।
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় ১ আগস্ট প্রকাশিত হয়। এরপর থেকেই এ নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গন সরগরম হয়ে ওঠে।
দেশ ও জাতির স্বাধীনতায় একক নেতৃত্ব-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিচারপতি খায়রুল হক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মময় জীবন ও নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, ধাপে ধাপে এক এক করে তিনি স্বাধীনতার কাছে নিয়ে গেলেন। সবাই মিলে কী বলেছিল, এই প্রদেশের নাম হবে বাংলাদেশ? এটা কি এক হাজার লোক বলেছিল? এটা কি সিনহা সাহেব বলেছিলেন? এটা কি অন্য কেউ বলেছিলেন? এটা তো একজনই বলেছিলেন। কাজেই নেতৃত্ব এককই থাকে। তাঁর সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত থাকে।...বঙ্গবন্ধুই নেতা। এখানে একটি তির্যক মন্তব্য না করলেই চলত। রায়ের জন্য কি এই মন্তব্যের প্রয়োজন ছিল? কে কী বলল না বলল তাতে ইতিহাসের গতি মোটেই বদলাবে না। বঙ্গবন্ধু অবিস্মরণীয় নেতা ছিলেন এবং তিনি তা-ই থাকবেন। তিনি সর্বশ্রেষ্ঠ বাঙালি ছিলেন, আছেন এবং থাকবেন। সভা-সেমিনারে একটি কথা বললে তার তেমন গুরুত্ব বহন করে না। কিন্তু যখন রায়ের মধ্যে বলেন, তখন সেটা আইনের অংশ হয়ে যায়। এটা আইনি দলিলের অংশ, এখানেই সমস্যা।
এর আগে দেওয়া ‘জনগণের নয় বিচারকদের প্রজাতন্ত্রে বাস করছেন’ বলে যে বক্তব্য দিয়েছিলেন, সেটি তিনি আক্ষেপ করে বলেছিলেন বলে জানান। তিনি বলেন, সুপ্রিম কোর্ট যদি ভুল করে, তাহলে তাঁরা যাবেন কোথায়?
আইন কমিশনের চেয়ারম্যানের মতো লাভজনক পদে থেকে রায় নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারেন কি না, এমন প্রশ্নের বিচারপতি খায়রুল হক বলেন, তিনি সরকারি কর্মকর্তা নন। তিনি আছেন চুক্তি ভিত্তিতে। এর আগেও তাঁরা সংবাদ সম্মেলন করেছেন। সেখানেও বিভিন্ন আইন নিয়ে কথা বলেছেন। আইনের একটি উৎস হলো রায়। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যেসব রায় দেন, সেগুলো একধরনের আইন। ষোড়শ সংশোধনী যেহেতু একটি আইন, তাই সেটা নিয়ে কথা বলা তাঁদের অধিকার ও দায়িত্ব বলে তিনি মনে করেন এবং এটা আইনসংগতভাবেই করেছেন।
এই পদে থেকে বক্তব্য দেওয়ায় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁর পদত্যাগ দাবি করার বিষয়ে তিনি বলেন, তাদের মতপ্রকাশের স্বাধীনতা আছে, আবার তাঁরও স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে।