
রবীন্দ্রনাথ লিখেছিলেন বটগাছের পূর্ণ রূপ দেখতে হলে দূর থেকেই দেখতে হয়। বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের বটবৃক্ষ, মহানায়ক। সে কি কেবল মুখের কথা? আমরা কি তাঁর বিশালত্ব বুঝতে পারি, সবাই?
বঙ্গবন্ধু রাজনীতিতে নেতা হয়ে আসেননি, আজকাল যেমন হচ্ছে। আগেও অধিকাংশ রাজনীতিবিদ ছোট নেতা থেকে বড় নেতা হয়েছেন। নেতৃত্বে নিজের অবস্থান নিয়ে সমস্যা হলে তাঁরা কখনো আপস করেছেন, দল পাল্টেছেন, কখনো বা সরে দাঁড়িয়েছেন। আজকাল এটা প্রায় একচেটিয়া হয়ে দাঁড়িয়েছে। এর কারণ তাঁরা নেতার আসন ছাড়া অন্য কোনোভাবে নিজেদের ভাবতে পারেন না।
আমরা সবাই জানি বঙ্গবন্ধু একজন সাধারণ ছাত্রকর্মী থেকে রাজনৈতিক কর্মী হয়েছেন এবং তার পরে দলের ছোট নেতার ভূমিকা পালন করে ক্রমে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। আর একসময় জাতির নেতা, ইতিহাসের মহানায়ক এবং জাতীয় জীবনের অমর ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
মুসলিম লীগে নেতা ছিলেন অনেক, কর্মীও ছিল অনেক। কিন্তু কর্মী থেকে নেতা হয়ে ওঠার সুযোগ ছিল না। কারণ, কর্মী ক্রমে নেতৃত্বে উঠে আসেন আন্দোলন-সংগ্রামের ভেতর দিয়ে। মুসলিম লীগ সংগঠন হিসেবে পাকিস্তান আন্দোলন করেছিল বটে, কিন্তু সেটা ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের সঙ্গে সমঝোতার ভেতর দিয়েই চলেছিল। সংগঠন এমন কোনো সংগ্রাম দাঁড় করাতে পারেনি বা চায়নি, যাÿ ক্ষমতাসীন সরকারের সঙ্গে টক্কর দেওয়ার পর্যায়ে যাবে। মুসলিম লীগের প্রত্যক্ষ রাজনৈতিক কাজ একদিকে সাম্প্রদায়িক রূপ নেয় সহজেই, অন্যদিকে ক্ষমতা কবজা করার দিকে মনোযোগী হয়। ফলে কর্মীরা সাম্প্রদায়িক উসকানিমূলক কাজে জড়িয়েছে আর নেতারা ক্ষমতা আঁকড়ে ধরতে গিয়ে কর্মীদের বাড়তে দেননি, পরিণামে সংগঠনের বিকাশও রুদ্ধ করেছেন। সংগঠন জড়িয়ে পড়েছে ক্ষমতার প্রাসাদ ষড়যন্ত্রে।
বঙ্গবন্ধু তাঁর দলকে ক্রমেই একের পর এক আন্দোলনে জড়িয়েছেন, সর্বস্তরের কর্মীদের বরাবর সংগ্রামে ব্যস্ত থাকতে হয়েছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, এবং তার অংশ হিসেবে রাজনৈতিক আদর্শের কারণে নির্যাতন সহ্য করতে হয়েছে। আর এভাবে লাগাতার সংগ্রামে শরিক থেকে সংগঠন শক্ত জমির ওপর দাঁড়িয়েছে, বিপুল কর্মী দল হয়ে উঠেছিল সংগঠনের প্রাণ। একসময় এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে বঙ্গবন্ধু যেমন আপামর মানুষের নেতা হয়ে উঠলেন, তেমনি আওয়ামী লীগও হয়ে উঠেছিল গণমানুষের দল। এ দলের এমন শক্ত ভিত্তি ছিল বলে পঁচাত্তরের পরে এত দমনপীড়ন এবং লোভ-প্রলোভন সত্ত্বেও আওয়ামী লীগ দুর্বল হয়নি। এটি নেতা হিসেবে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদান। আওয়ামী লীগ টিকে না থাকলে, সংগ্রামী প্রতিরোধের নেতৃত্ব না দিলে পঁচাত্তরের পটপরিবর্তনের পরে যেভাবে দুই সামরিক শাসক জিয়া এবং এরশাদ দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিলেন, মৌলবাদী ধর্মান্ধ শক্তির উত্থানে সহায়তা দিয়েছেন এবং এরপরে বেগম জিয়া যেভাবে জঙ্গিবাদ-মৌলবাদকে লালন করেছেন, তাতে বাংলাদেশের পক্ষে ফের বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করাও হতো কঠিন।
বঙ্গবন্ধু তাঁর মূল কাজ স্বাধীনতার লক্ষ্য পূরণ করেছিলেন একাত্তরেই। কিন্তু এ লক্ষ্য পূরণে বাংলাদেশকে অভূতপূর্ব ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যার ফলে দেশ পুনর্গঠন এবং স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন কঠিন কাজে পরিণত হয়। এর মধ্যেও সংবিধান প্রণয়ন, শিক্ষানীতি প্রণয়ন, অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের মতো মৌলিক কাজ সম্পন্ন হয়েছিল। তাঁর নেতৃত্বেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় বাংলাদেশ সদস্যপদ পেয়েছিল। তখনো বাকি ছিল অর্থনৈতিকভাবে দেশকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো বা দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন। জনপ্রশাসনকে গণমুখী ও দক্ষ ভিত্তিদান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা ও স্থানীয় পর্যায় পর্যন্ত এগুলোর বিস্তৃতি ঘটানোর কাজও আরব্ধ ছিল। বঙ্গবন্ধু তাঁর স্বাধীনতা-পরবর্তী দেশ গঠনের কাজ অসমাপ্ত রেখে নিহত হলেন।
তারপর দীর্ঘ কুড়ি বছরের বৈরী শাসন সত্ত্বেও বাংলাদেশ যে আবার ঘুরে দাঁড়িয়েছে, সত্যিকারের বাংলাদেশ হয়ে ওঠার স্বপ্ন দেখছে, এর কারণ এত বাধাবিপত্তি, নির্যাতন-বিপর্যয় সত্ত্বেও বঙ্গবন্ধুর রাজনৈতিক দল আওয়ামী লীগ সংগ্রামের হাল ছাড়েনি। একসময় শক্ত হাতে হাল ধরেছেন তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধুর বড় অবদান হলো ছয় দফা–পরবর্তী সময়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা এবং স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করা। এ কাজ করতে গিয়ে তাঁকে তো নির্ভর করতে হয়েছে সংগঠনের ওপর এবং এভাবে আওয়ামী লীগও গড়ে উঠেছে এক শক্তিশালী সংগঠন হিসেবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি যে নিঃশেষ: শেষ হয়নি তার কারণ বঙ্গবন্ধুর হাতে গড়ে তোলা সংগঠন—বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর দেশব্যাপী ছড়ানো কর্মী বাহিনী। ফলে বঙ্গবন্ধুর দ্বিতীয় বড় অবদান হলো দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন রেখে যাওয়া।
মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বাধীনতার মূল স্থপতি, বহু মানুষের স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছিলেন একদিন। কিন্তু সে পাকিস্তান দুই যুগের মধ্যে দ্বিখণ্ডিত হয়েছে, আর তাঁর দল বহুধাবিভক্ত হয়েছে, অন্তত একটি খণ্ড সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে একচল্লিশ বছর অতিবাহিত হয়েছে, তাঁর নেতৃত্বে স্বাধীন হওয়া বাংলাদেশ টিকে আছে, উন্নতির পথে এগিয়ে চলেছে, তাঁর দল টিকে আছে, শক্তিশালীভাবেই টিকে আছে।
দলটির টিকে থাকার পেছনে কর্মীদের আনুগত্য, অঙ্গীকার এবং দলের প্রতি ভালোবাসাই মুখ্য। ফলে তাঁদের ত্যাগ ও ভালোবাসাকেও মূল্য দিতে হবে। তাঁরা এ প্রেরণা নিশ্চয় পেয়েছেন বঙ্গবন্ধুর কাছ থেকে—তিনি একচল্লিশ বছর ধরে অনুপস্থিত থাকলেও; এত বছর ধরে তিনি প্রেরণা হয়েই টিকে আছেন, ইতিহাস হয়ে আলোচনায় আছেন, নানা উপলক্ষে বারবার স্মরণ করা হয়েছে তাঁকে। বঙ্গবন্ধু এভাবে আমাদের ইতিহাসেরও গতিপথকে যেন পথনির্দেশনা দিয়ে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর অবদান ও স্মৃতি অম্লান রাখার দায়িত্ব ইতিহাস দিয়েছে তাঁর কন্যার কাঁধে। তাঁরও রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় কেটেছে ক্ষমতার বাইরে বৈরী শাসকের বিরুদ্ধে সংগ্রামের ভেতর দিয়ে। সংগ্রাম ও সংগঠন পরিচালনার অভিজ্ঞতা তাঁকেও নেত্রী হিসেবে তৈরি করেছে।
এখন একদিকে পুরোনো আদর্শ ও স্বপ্নের অবসান হয়েছে, বাজার অর্থনীতির দাপটে নতুন এক ভোগবাদী সমাজের উত্থান হয়েছে, ত্যাগী কর্মী ও নেতার সংখ্যা দারুণভাবে কমে গেছে, প্রতিপক্ষের সঙ্গে টেক্কা দেওয়ার কৌশলও পাল্টেছে। তার মধ্যে দীর্ঘদিন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িকতার চর্চা হওয়ায় সমাজে গণতান্ত্রিক ঔদার্য ও সহিষ্ণুতার পরিবেশ নেই। নতুনভাবে দেখা দিয়েছে ধর্মীয় জঙ্গিবাদের উৎপাত, যা বাঙালি সমাজের জন্য একেবারেই নতুন উপাদান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে তা মোকাবিলার কাজ করছেন। মানুষের আস্থাও তিনি পাচ্ছেন। তবে নিরাপত্তা যখন প্রধান ইস্যু হয়ে ওঠে, তখনই মানুষের স্বাধীনতা ক্ষুণ্ন হয়, যার অর্থ গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়া। ফলে এ পর্যায়টি যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। আমাদের ফিরে আসতে হবে সহনশীল মানবিক গণতান্ত্রিক সমাজব্যবস্থায়। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ কায়েম করা সম্ভব হবে। এখানেই আজকের নেতৃত্বের মূল পরীক্ষা। এই লক্ষ্য পূরণে বর্তমান নেতৃত্ব কত দ্রুত কতটা সফল হন তার ওপর নির্ভর করবে সরকারের সাফল্য ও ব্যর্থতা।
আজকেও অতীতের মতোই জাতীয় ঐক্য প্রয়োজন; যা সৃষ্টি করে বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন করেছিলেন। আজ জঙ্গিমুক্ত গণতান্ত্রিক উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আবারও চাই জনগণের স্বতঃস্ফূর্ত ঐক্য। এটিই আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর দল ক্ষমতাসীন আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশার কথা, এ ইস্যুতে জনগণের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। জঙ্গি ও জঙ্গিদের সমর্থক পৃষ্ঠপোষকেরা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলেই আমাদের ধারণা। শেখ হাসিনাও দ্রুত গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে আনায় যত্নশীল হবেন—সেটাও আমাদের প্রত্যাশা।
আজকের দিনে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আমাদের জঙ্গিবাদবিরোধী সংগ্রামের শপথ নিতে হবে এবং যথার্থ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
- আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।